ঋতু বিস্তারের অজুহাতে
চয়ন ভৌমিক

১)

চাকার টাল ভেঙে গেছে।

এবার দাগ পড়ছে সোজা।

উঁচুনিচু জীবন, আঁকাবাকা রাস্তা
ছেড়ে সরলরেখায় বয়ে চলেছে
যেন শেষ বয়সের নদী।

সাইকেলটি এগিয়েছে অনেক,
ঘাট মাঠ বন্দর পেরিয়ে

এতদিনে দেখা যাচ্ছে সঠিক বাড়িটি।

২)
এদেশে ঘন ঘন নিম্নচাপ
ঝড়ের পূর্বাভাস।

তাই অর্ধেক সময়
জানলা বন্ধ।

আমরা আসলে পিঁপড়ের বন্ধু।

বৃষ্টির সংবাদে ডিম
মুখে লুকিয়ে পড়ি
অন্ধকারের অদৃশ্যে –

ঝড় দাপিয়ে বেড়ায় –

যাদের ভেঙে পড়ার,
শত সাবধানতায়ও তারা

ভেঙেই পড়ে।

৩)
সোজা উঠে যাই।

মেঘের মধ্যে দৃশ্য ও ডানা
দুইই অদৃশ্য হয়।

শূন্যের অনুভূতি জাগে।

অনেক উপরে উঠে গেলে
পাখিদের মতই
আমরাও গাছ খুঁজি তবে,
কাছে চাই পশ্চিমের ডাল।

আমাদের পালকও, হালকা খুব
ভেসে ভেসে উড়ে যায় দূরে

ঠিকানা বলে, নির্ধারিত নক্ষত্রকাল।

৪)
তার জন্য সাজিয়ে রেখেছি বুনো প্রেম
নাগরদোলার ঝুলন্ত আকাশ।

এক স্বপ্নময় সন্ধ্যায়
সে আমাকে শিখিয়েছিল, রাত্রি মানে
নিখাদ অন্ধকারের মাঝে, এক
টুকরো চাঁদের আলো।

শিখিয়েছিল স্নান ও মাখা সন্দেশের
চমৎকার স্বাদ।

আমি অচৈতন্য হওয়ার আগে,
মাত্র একটিবার ‘মা’ বলে
ডাকতে চেয়েছিলাম –

জ্বর হলে যেমন করে হাত
বুলিয়ে দিতে মাথায়, জল
বইয়ে দিতে চুলের গোড়ায়

ঠিক সে’ভাবেই কী
নেমে যাবে পারদ আজ রাতে?

অমীমাংসিত থেকে যাবে
সমস্ত ফলাফল!

৫)
ওই ঝরনার নিভ খুলে
সুলেখা নীল, ওগো,
ঝরে পড়ে কাগজের নৌকায়।

কালি লেগে থাকে তর্জনীর ডগায়
হৃদয়ের গোপন প্রকোষ্ঠে।

কতদিন পরে সেই শূন্য দোয়াত
আচমকা ভেসে ওঠে,

ফুটনোট, ফ্যারাও-এর খোদাই লিপি…

মরু- বিজয়ের আশ্চর্য কাহিনি
চাপা পড়ে থাকে অন্ধকার গহ্বরে

নিখোঁজ শিশুকাল জাগে
উড়ে আসে প্রেম, ফ্যান্টাসি।

7 Comments

  • Mandira Ganguly

    Reply November 3, 2020 |

    অপূর্ব

    • chayan

      Reply November 3, 2020 |

      আপনি পড়লেন, খুব আনন্দ পেলাম

  • Sunanda Chakraborty

    Reply November 6, 2020 |

    বাহ্। নির্মেদ, ঋজু লেখা।

    • chayan

      Reply November 6, 2020 |

      শুভেচ্ছা রইল

  • অনন্যা ব্যানার্জী

    Reply November 6, 2020 |

    অপূর্ব

  • সূর্য মণ্ডল

    Reply November 6, 2020 |

    ৫টি কবিতায় অসাধারণ

  • রুখসানা কাজল

    Reply November 7, 2020 |

    কবিতাগুলো পূর্ণতা পেয়েছে। ভাল লাগল।

Leave a Reply to Mandira Ganguly Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

loading...