সাংসারিক
ঋজুরেখ চক্রবর্তী

রাতের বাতিল বাসে আড়াআড়ি দুজন খালাসি
যেভাবে ঘুমোয় শুয়ে আলগোছে পরম নিশ্চিন্তে,
সেইটুকু স্থিরচিত্র আমাদের সাংসারিক যাপনে মানায়,
তার বেশি অধিকারগত নয় যেন আর নিরপেক্ষতার।
আরামের মুদ্রাগুলি প্রতারক হতে পারে,আমরা তা মনেও রাখি না।
মনেও রাখি না কোন মৃদু শ্বাস কবে যে কখন
কোন অনিশ্চয়তার কোন এক সূক্ষ্ম তার
একাগ্র আবেগে ছুঁয়ে গিয়েছিল চুপে, অগোচরে।
সুখস্বপ্নে বিষাদের পুনর্জন্ম হয়─
আমরা রাখি না মনে তাও।
এমত বিস্মৃতি আর এহেন সুখের গূঢ় পুনর্নির্মাণ ঘিরে
বহে চলে আজীবন
আমাদের নিত্যকার ক্ষুদ্রাতিক্ষুদ্রের ভাঙাগড়া।
আমরা দর্শক থাকি, আমাদের দর্শন ঘটে না।
Mandira Ganguly
November 3, 2020 |অসাধারণ কবিতা।
মানস ঘোষ
November 3, 2020 |বাহ্!
সুব্রত মণ্ডল
November 4, 2020 |চমৎকার। মুগ্ধ হয়ে গেলাম।