লাল মাটির কবিতা
বেবী সাউ

১
রাধাভ্রম, এই যে জলের দেশ
কোথায় লুকাই!
শীতল মেঘের পানি, বাহুডোর ভিজিয়ে চলেছে
খড়ি ওঠা দেহ এই, তার বসন ব্যসন
নিমগ্ন কদম ডালে কুহু ডেকে ওঠে
বাঁশি বাজে! বাঁশি বাজে দূরে
অভিমানী, শান্ত করো জলধারা মেঘের আড়ালে
২
কালভোস মাছটির মতো এই বৈরাগ্য আমার
পিচ্ছিল মেঘের বাঁকে পথ,
জন্ম ভেঙে, বর্ষা ভেঙে আতিথ্য গ্রহণে রাধিকারা
তার দিকে মন যায়…
ওপাশে ব্যাঙের বিয়ে
ওপাশে নিবিড় বন
ভেসে আসে কানাইয়ের জলের যাপন
ছাতারের ডাক…
মন ধায়… মন ধায়… লীলাভূমি খোঁজে
রূপোর নুপুর বেজে ওঠে কুঞ্জে
৩
ঝিঁঝিঁ আর গর্ভবতী সাপেদের স্বর
দেশটির কাছে মেঘ ডেকে আনে
ঈশানের কোণে জমে অভিমান, রাগ…
ধান আর কলমীর লতা দোলে ঝড়ের আওয়াজে
ফণীমনসার গায় আঁচড় কেটেছে হিসহিসে গান
ঝাঁপিতে নতুন জল,
মেঘ আজ খুকুপিসিদের চোখে ঢুকে পড়ে
শান্ত এবং নির্জন
সুব্রত মণ্ডল
November 10, 2020 |খুব ভালো লাগলো