বিশ্রাম নাও
অর্কজ্যোতি বোস

তার চেয়ে, এখানেই বিশ্রাম নাও।
এ দ্বীপেই, অস্থির কোলাহল কোন
পারবে না ছুঁতে আর বিহঙ্গ প্রাণ
নীল মাখা হলুদের তাজা রূপটান
মেখে নাও, মনে প্রাণে নীরবতা শোন
কেন ফিরে যাও, কেন ফিরে যেতে চাও
যে ভীষণ অরণ্য হয়ে এলে পার
কাঁটা ভরা ক্রূর পথ কুটিল আঁধার
গোলক ধাঁধায় কেন ঘুরপাক খাও?
ঘোড়ায় লাগাম দাও, রাখো বেঁধে গাছে
সামনের পথ ঘন কুয়াশায় ঢাকা
হয়তো বা উঁচু নিচু, ঘোর আঁকাবাঁকা
এখন যাবার কোন প্রয়োজন আছে?
তার চেয়ে, এখানেই বিশ্রাম নাও।
Gorachand Chakraborty
November 5, 2020 |পড়লাম। “ঘোড়ায় লাগাম দাও, রাখো বেঁধে গাছে” খুব ভালো লাগলো লাইনটা।