‘ভয় কী বাবু আমি তো আছি’
টোটো’র পিছনে লেখা ছিল বরাভয়
চালকের মধ্যবয়স
যে ভয় আমাদের রোজ ভয় দেখায়
তাকে ছেড়ে যাওয়ার বয়সে কেন লেখা একথা বাহনে!
বাবু বলে কে ডাকত?
বাবা’রা সচরাচর ‘বাবু’ ডাকে না।
তবে কি মা?
এই কথাটুকু সম্বল করে করাল সময়ে মধ্যবয়সী ছুটে চলেছেন –
ভাংড়াপাড়া, হিজুলি, সড়কপাড়া, বড়বাজার, কোর্টমোড়
শ্মশান থেকে এস.ডি.ও বাংলো…
তাঁর ভয় নেই! তাঁকে ছোঁয় না অতিমারী
কখনো কখনো মধ্যবয়সও, খিদে পেলে
সাহস খোঁজে হারিয়ে যাওয়া মায়ের কথায়।