পাঠানো বর্ণমালা
হিমিত পাল
তোমার পাঠানো SMS আমার কাছে পৌঁছলো না। যে প্রয়োজনীয় যন্ত্রাংশটি থাকলে তোমার পাঠানো বর্ণমালা ফুলের মতো ফুটে উঠতো যন্ত্রের উজ্জ্বল আলোয় ; সেই যন্ত্রাংশটি আমার নেই। এখনই, তাই আর তোমাকে কাছে পাওয়া হলো না। কিন্তু, শব্দগুলো গেল কোথায়? কোন নীহারিকায় আপন মনে ভেসে বেড়াচ্ছে শুধু প্রবেশপথ পাইনি বলে? হয়তো বা ঘুমিয়ে পড়েছে সপ্তর্ষির জিজ্ঞাসা বাঁকে শূন্য ভরা নিঃশব্দ বিছানায়। হাজার বছর পার হয়ে যায় যদি হাজার বছর, জানি ভালোবাসা ঘুমিয়ে থাকবে তোমার পাঠানো বর্ণমালায়।
হঠাৎ একদিন তাদের ঘুম ভেঙ্গে গেল। ঠিক হাজার বছর পর একটি ছেলে যে যন্ত্রটি কিনলো তার সঙ্গে পেল একটি নতুন সিমকার্ড সম্পূর্ণ বিনামূল্যে। যার সংখ্যার সঙ্গে মিলে গেল হাজার বছর আগের একটি যন্ত্রের হারানো নম্বর। বর্ণমালারা যার সন্ধানে ঘুরে বেড়াচ্ছে মহাবিশ্বে। ব্যাটারীর স্পর্শ পেতেই যন্ত্রটি কথা বলে উঠল। ফুটে উঠল একটি মেয়ের মুখ আর সেই হাজার বছরের প্রাচীন বর্ণমালা। ছেলেটি অবাক হয়ে মেয়েটিকে দেখল, মেয়েটিকে সে চেনে না।
আধুনিক যন্ত্রের ত্রিমাত্রিক ছবিটির থেকে চোখ সরাতে পারছিল না ছেলেটি। পাখির ডিমের মতো ছোট্টো মেয়েটির মুখখানি। শান্ত ডাগর দুটি চোখে দিগন্তের ছায়া। ঘন ঠোঁটরেখায় লাবণ্যর হাসি। নিশাময় তার চুলে হাজার বছরের অন্ধকার।
মুগ্ধ বিস্ময়ে কিছুক্ষণ ছেলেটি মেয়েটির ছবি আর পাঠানো বার্তার দিকে তাকিয়ে থাকল। দোকানের ভিড় ঠেলে বাইরে এসে দাঁড়ালো খোলা আকাশের নিচে। আর ছবিটির উদ্দেশ্যে বলল, আমি তোমাকে খুঁজব। খুঁজে বের করব।
বার্তার পাশে তারিখ ৪ঠা সেপ্টেম্বর, ৩০১৫, সকাল ১১টা ৪৭মিনিট।
Keka Barat
November 8, 2020 |Protyek nari k jodi ,tar premik eibhabe bhabte parto,tobe prithibi tei swarger sondhan milto,tobe Patrika r naam kano Bombay Duck deoa holo, jante ichhe roilo.Himit er lekha apurbo.
Swati
November 17, 2020 |Lekhata mag ernamer moto.ja suswadu o smriti medur.