দুটি কবিতা
রবীন বসু

নগ্ন ভারতবর্ষ
মধ্যাহ্ন দিনের থেকে যে ছায়া উঠে এলো
তার গায়ে লেগে নেই
কোন প্রাচীন তমসুক ;
ঋণ পরিশোধ না হলেও
সভ্যতা আজ বাঁকা পথ ধরেছে ;
অভব্য সৌজন্য আমাদের
মর্জিমাফিক সান্ধ্যভ্রমণ।
চৈনিক প্রাচীর থেকে যে ষড়যন্ত্র
ফিসফাস করে,
তার সঙ্গে মঙ্গলযাত্রা বা চন্দ্রাভিযানের
কোনও যোগ নেই।
এই অভিমত দিয়ে দিল তদন্ত কমিশন।
তবুও অরক্ষিত সীমান্ত প্রদেশ।
উত্তুঙ্গ হাইওয়ে দিয়ে ছুটে যাচ্ছে
সামরিক হাওয়া
ভাইরাস সংক্রমণ
আর পেটজোড়া খিদে নিয়ে নগ্ন ভারতবর্ষ !
বৃষ্টি কথা বলবে
বৃষ্টি পড়ে, এই ভয়চকিত অশেষ
আবহ আবর্ত ঘিরে মেঘ
জলদচিৎকার জোড়ে পরিত্রাহি!
বেমানান, পরিপাটি সাজানো বাগান
ভুল শব্দে উচ্চারণ রাখা
তবু কান পাতে অবশিষ্ট অনাগ্রহী
অনাগত দূর কোন সংকেতের দিকে
মুহ্যমান বাতাসেরা ফেরে
যে ভাষায় কথা বলে গুপ্ত আক্ষরিক
মন্ত্রশুদ্ধি জেনে যায় সমস্ত আগ্রহ
তাহলে বৃষ্টি কথা বলবে
অনিকেত সময় ঘিরবে প্রাত্যহিক।
রবীন বসু
November 8, 2020 |আন্তরিক ধন্যবাদ 🙏 আর অভিবাদন জানাই।
সুন্দর সংখ্যা হয়েছে। কবিতাগুলো সব দারুণ। এবার গদ্য পড়ব।