দুটি কবিতা
অরিন্দম গঙ্গোপাধ্যায়

১
পৃথিবীর গভীর অসুখ আমাকেও ছুঁয়ে গেছে,
ঘাম সপসপে জামা খুলে ফেলে পাঁজরে দেখেছি
পাখির আঁচড়।
অনেক রাতের দিকে… সাততলা থেকে
দেখেছি তোমাকে, হলুদ আলোয়, হেঁটে ফেরো।
ভাইরাস আমাকে ছুঁয়েছে। ভালবাসা কখনো তো ছোঁবে!
২
কী প্রগাঢ় নীল , কিন্ত কী নির্জন মৃত্যু এখানে!
চোখ থেকে মুছে নাও শুকোনো জলের দাগ।
বারান্দায় জ্বালিয়ে রেখো না অনর্থক
ম্লান আলো। ফিরবো না আর।
সন্দেহ, ঈর্ষা, বিষাদের রেখো না পাষাণভার কিছু
ঘুমিয়ে ঘুমিয়ে পাশ ফেরো, টের পাবে, হাওয়ার মতন ছুঁয়ে যাবো,
যে হাওয়ায় খোলা চুল শিরশির করে,
যে হাওয়ায় প্রিয়জন শ্বাস ফেলে যায় গ্রীবামূলে?
সে হাওয়াও কখনো কখনো
কামটের মত খাবে পাঁজর তোমার?
কী প্রগাঢ় নীল, কিন্ত কী নির্জন মৃত্যু এখন!
কিন্তু সে একটা দোর, আর কিছু নয়।
Gorachand Chakraborty
November 5, 2020 |বাঃ! সুন্দর কবিতা দুখানা। সাম্প্রতিক এবং প্রাসঙ্গিক।
অর্ক জ্যোতি বোস
November 7, 2020 |খুব ভালো লাগলো। দ্বিতীয়টি বেশি।
নিরুপম
November 8, 2020 |শ্বাস প্রশ্বাস একই বিশ্বে তোমার আমার ভুলে যায়
কবিতা তখন ছুঁয়ে যায়…
সুব্রত মণ্ডল
November 9, 2020 |মন ভালো করে দেওয়া লেখা। মুগ্ধ হয়ে গেলাম।