তিনটি কবিতা
সুব্রত মণ্ডল

আঙুলের কথা ০৯
তোমাকে লিখি না আর কিছু
তবুও প্রতিটা লেখার ভেতরে উঠে আসে তোমার শরীর
অকালে জেগে ওঠে একান্নবর্তী পুরুষের ঘুম
প্রতিটি দাহর রাতে একা হতে হতে
কপালের সিঁদুর মুছে কথা বলে বাইশবাঁকির জল
শরীরে ভেঙে যায় যাবতীয় শারীরিক চিঠি
তবুও কবিতায় প্রেম লিখি আমি
ক্ষিদে লিখতে গিয়ে ভুল করে লিখে ফেলি ভাত
সমস্ত ভুল পুরোনো হলে দেখি
বারান্দায় রঙ মাখে খানকিদের গোপন আঁতাত
আঙুলের কথা ১০
প্রতিটা ঘুমের আগে তোমাকে চিঠিতে লিখে রাখি
যেভাবে রাইফেলের ভেতরে লুকিয়ে রাখি নিবিড় আর্তনাদ
প্রতিটা মৃত্যুর আগেও এভাবে তোমাকে ছুঁয়ে বেঁচে উঠি
তুমি এসব জানো না বলেই প্রেমিক
এই যে কবিতা লেখার পরে ছিঁড়ে ফেলছি রোজ
আলো লিখতে গিয়ে অন্ধকারে ভরে নিচ্ছি ঘর
এসব তোমাকে কোনো একদিন রাইফেল বলবে
এখন ঘুমন্ত টেলিফোন আচমকা বেজে উঠলে বুঝি ভোর হয়
আঙুলের কথা ১১
তোমাকে একদিন দেশ দেখাবো
প্রান্তিক হাওয়া কল, ঘাসভর্তি মাঠ, আর
ঘাসের উপর মৃত কিছু ফড়িং
এখন আমরা হাইওয়ে ধরে চড়াই উতরাই হব
কাঁসাইয়ের পাড়, ঝুলন্ত উপত্যকা, অনন্ত গিরিখাত
সবটাই দূর থেকে দেখাবো তোমাকে
যতক্ষণ না পর্যন্ত জোয়ার আসে শুকনো চরে
যতক্ষণ না পর্যন্ত সন্ধ্যা নামে তুলসীচারার মেলায়
আর সামান্য একটু এগিয়ে এলেই তোমাকে স্বর্গ দেখাবো
অন্ধকারে জেগে ওঠা এক ভয়ঙ্কর আগ্নেয়গিরি, উত্তপ্ত ম্যাগমা
মাঝরাতে রণপা পায়ে কিভাবে বেরিয়ে আসে অদ্ভুত সুড়ঙ্গ থেকে
মানস চক্রবর্ত্তী
November 3, 2020 |খুব সুন্দর যথারীতি