কুঁড়ি বেলা
সৈকত বিশ্বাস
দুপুর আড়াইটেয় করমন্ডল এক্সপ্রেস হাওড়া ছেড়ে রওনা দিল মাদ্রাজের দিকে। আর প্রতি মুহূর্তে শিকড়ের মধ্যে একটু একটু করে লাগতে থাকলো মায়ার টান। যেন ঝুরঝুর করে আলগা হয়ে যাচ্ছে মাটি, বেড়ে যাচ্ছে দূরত্ব।
জানালার পাশে বসা সার্থকের মনে ইতস্ততঃ উঁকিঝুঁকি মারছে ফেলে আসা ক্লাসরুম, বন্ধুবান্ধব আর আত্মীয়পরিজন। বছরে একবার আসবে ঠিকই কিন্তু ইঞ্জিনিয়ারিং-এর এই চার বছর কি ওর ভালোলাগাগুলো সব একই থাকবে! না কি বদলে যাবে অনেক কিছুই!
ভালো লাগার লিস্ট দীর্ঘ হলেও সার্থকের ভালোবাসার ভাঁড়ার আজও শূন্য।
হয়তো এই ভালো লাগার মধ্যেই লুকিয়ে ছিল ভালোবাসার জন! তা না হলে কার প্রচ্ছন্ন প্রশ্রয়ে বন্ধুরা টিউশনের ঘরে দেওয়াল জুড়ে লিখে রাখত ‘সার্থক + মঞ্জুষা’!
মনটা চাকার মতনই ঘুরপাক খেতে খেতে ট্রেনের বিপরীতে ক্রমশই পেছন দিকে ছুটে চলেছে। প্রশ্রয় না দেওয়া প্রশ্নগুলো আজ আশ্রয় খুঁজতে মনের কানাগলিতে ছুটে বেড়াচ্ছে। অলস হাতে না-মোবাইল যুগের বন্ধুদের কাগজের পৃষ্ঠায় লিখে দেওয়া বিদায়ী ম্যাসেজ পড়ার জন্য ডাইরিটা খুললো সার্থক।
“ক্রিকেট টিমটা নড়বড়ে হয়ে গেলো, আমরা একজন অলরাউন্ডার হারালাম, তোকে অনেক মিস করব” – গৌতম।
“পুজোতে আসলে সবাইকে তারকনাথের মোগলাই খাওয়াবি” – পৌষালী।
“কথা কিছু কিছু বুঝে নিতে হয় সে তো মুখে বলা যায় না” – মঞ্জুষা।
না। সার্থক বুঝতেই পারেনি কখন ট্রেনটা খড়গপুর স্টেশনে এসে দাঁড়িয়েছে।
পাশেই দাঁড়িয়ে আছে হাওড়াগামী খড়গপুর-হাওড়া লোকাল।
Rudra Mandal
November 5, 2020 |Excellent.
Specially the last line.
Howrah bound Train at Kharagpur Stn .
Bhaswati Das
February 21, 2021 |Bhai,darun darun likhechhis.we are proud of you.