স্বর্গের সন্তান এবং সিল্ক রুট
সুকুমার জানা

তিরিশ বছর বয়সি ভিক্ষুক জুয়ানজাং হিন্দুকুশ পর্বত অতিক্রম করে ভারতের পথে এগিয়ে চলেছেন। ৬৩০ সালের এপ্রিল মাসের এক রৌদ্র উজ্জ্বল দিনে, তিনি বামিয়ান উপত্যকায় উপস্থিত হলেন। সুউচ্চ পর্বতশ্রেণির পাথরের ঢালে, খোদাই করা আছে ভগবান গৌতম বুদ্ধ, শ্রী বৈরোচন এবং শাক্যমুনির বিশাল মূর্তি। মূর্তিগুলির সামনে দাঁড়িয়ে বিস্মিত হলেন তিরিশ বছরের যুবক সন্ন্যাসী। তাঁর দুই চোখ আনন্দের অশ্রুতে ভিজে উঠেছে। চলার পথে বহুবার তিনি রাজপ্রহরীর দ্বারা নিগৃহীত হয়েছেন। কারণ, চীনদেশে গোক-তুর্কি নামক উগ্র যাযাবর সম্প্রদায়দের তাণ্ডব তখন চরম পর্যায়ে। সম্ভাব্য যুদ্ধের আশঙ্কায় চিন্তিত ছিলেন ‘তাং’ সাম্রাজ্যের সম্রাট ‘তাইজং’। তাই, বিনা অনুমতিতে ভ্রমণকারী সমস্ত পর্যটকদের তিনি পশ্চিমের দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন। 

কিন্তু তীর্থযাত্রী জুয়ানজাং দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন। ভগবান বুদ্ধের স্বপ্নে অনুপ্রাণিত যুবক সন্ন্যাসী, ভারত তীর্থ ভ্রমণ করে জীবনের পূর্ণতা লাভের ইচ্ছায় মগ্ন ছিলেন। সম্ভ্রান্ত কনফুসীয় পরিবারের শিক্ষিত যুবক জুয়ানজাং অনেক পরিকল্পনা সঙ্গে নিয়ে ভারত ভ্রমণের পথে পা রেখেছিলেন। তিনি মনস্থ করেছিলেন ভারতের সমস্ত বৌদ্ধ বিহারগুলি পরিদর্শন করে সেখান থেকে বুদ্ধের জ্ঞানগর্ভ বাণী লিপিবদ্ধ করবেন। তিনি মনস্থ করেছিলেন বিভিন্ন পাণ্ডুলিপি সন্ধান করবেন এবং নির্ভুলভাবে চীনা ভাষায় ‘ত্রিপিটক’ নামক ধর্মগ্রন্থকে অনুবাদ করবেন। সেকালের চীনদেশে যে প্রকার বৌদ্ধ মতবাদের প্রচার শুরু হয়েছিল তার সত্যতা সম্পর্কে তিনি খুবই উদ্বিগ্ন ছিলেন। পথের দুর্দশা এবং বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের দস্যুদের পরাস্ত করে বামিয়ান উপত্যকায় পৌঁছানোর গল্পই জুয়ানজাংকে মানসিক রূপে শক্তপোক্ত করেছিল। 

বামিয়ান উপত্যকার মোহময় সৌন্দর্য, তাঁর দীর্ঘ পথচলার ক্লান্তি ভুলিয়ে দিয়েছিল। পরবর্তীকালে খাইবার গিরিপথ অতিক্রম করতে করতে তিনি পরখ করেছিলেন বৌদ্ধ সন্ন্যাসীদের ধার্মিক অনুশাসন ও আচার; পাহাড়ের গুহায় স্থাপিত অতিথি নিবাস; পাহাড়ের গায়ে চিত্রিত বর্ণ বহুল ধর্মীয় উপাখ্যান। এককথায় বর্ণবৈচিত্র্যে ভরা ভারতবর্ষ তাঁকে বারবার অবাক করেছিল। নিজের অজান্তেই খাইবার গিরিপথ অতিক্রম করে কখন যে তিনি উত্তর ভারতে পা রেখেছিলেন সেকথা তাঁর মনে নেই। জুয়ানজাং দীর্ঘ পনেরো বছর ভারত ভ্রমণ করেছিলেন। মরু শহর, শৈল শহর, বিভিন্ন রাজার রাজধানী এবং মঠ বহুল নগরী সমস্ত কিছুই ছিল তাঁর ভ্রমণ তালিকায়। তিনি লক্ষ করেছিলেন বিভিন্ন দেশের বণিক সম্প্রদায় ব্যবসা-বাণিজ্যের সন্ধানে সিল্ক রুট পেরিয়ে ভারতে যাওয়া-আসা করতেন। আবার অন্যদিকে বহু ধর্মের মিশনারিরা ভারতীয়দের ধর্মান্তরিত করার লোভে ভারত ভ্রমণে আসতেন। ৬৪৫ সালে জুয়ানজাং ভারত ভ্রমণ শেষ করে দেশে ফিরে যান এবং বৌদ্ধ সন্ন্যাসী রূপে একটি মঠে অবসর জীবন কাটাতে শুরু করেন। অবসর জীবনের শুরুতেই তিনি ‘মহাপ্রজ্ঞাপারমিতা সূত্র’ অনুবাদ করেন এবং পরবর্তীকালে তাঁর দেশের সম্রাটের আদেশে সিল্ক রুট সহ সমগ্র ভারতবর্ষের একটি বিশদ বিবরণ রচনা করেন। ৬৬৪ সালে, মৃত্যুর আগে পর্যন্তও তিনি কল্পনা করতে পারেননি যে, ধর্মের নামে যুদ্ধের বাতাবরণ সৃষ্টি করে আরব দেশের সেনাবাহিনী সারা পৃথিবীতে হিংসা ছড়িয়ে দেবে। জুয়ানজাং আরও জানতেন না যে, এই আন্তর্জাতিক পৃথিবীটি কুষাণ নামক যে বিশেষ যাযাবর জনগোষ্ঠীর দ্বারা সৃষ্টি হয়েছে, যাদের পূর্বপুরুষরা একসময়ে তাঁর নিজের মাতৃভূমি চীনদেশের পশ্চিম সীমান্তে বসবাস করতেন। 

খ্রিস্টীয় প্রথম এবং দ্বিতীয় শতাব্দীতে, ইয়েঝি (Yuezhi) যাযাবর গোষ্ঠীর কুষাণ সম্রাটরা প্রচণ্ড শক্তিশালী হয়ে উঠেছিলেন। তাঁরা নিজেদেরকে “স্বর্গের পুত্র” হিসেবে উপস্থাপন করতেন। তাঁরা পূর্ববর্তী যে কোনও শাসকের তুলনায় সিল্ক রুটের বাণিজ্য বিস্তার এবং পূর্ব এশিয়ায় বৌদ্ধধর্মের প্রসারের জন্য অনেক বেশি বেশি কাজ করেছিলেন। প্রকৃতপক্ষে তাঁরা ছিলেন টোচারিয়ান-ভাষী যাযাবরদের বংশধর; যাঁরা চীনদেশের পশ্চিমে ‘গানসু’ নামক অঞ্চলে বসবাস করতেন এবং ব্রোঞ্জ যুগ থেকে চীনদেশের সাথে জেড-পাথর (আলংকারিক পাথর) এবং ঘোড়ার ব্যবসা করতেন। 

চীনের পশ্চিমে ‘গানসু’ অঞ্চলে যখন ইয়েঝি (Yuezhi) যাযাবর গোষ্ঠী শক্তিশালী হয়ে উঠেছিল ঠিক একই সময়ে মধ্য এশিয়ায় বিভিন্ন যাযাবর গোষ্ঠীর লোকেরা মিলেমিশে একটি মহাসংঘ তৈরি করেছিল। এই যাযাবর মহাসংঘের সেনাবাহিনী ছিল অত্যন্ত শক্তিশালী ও হিংস্র। সংঘবদ্ধ পরিবার হিসেবে তারাই পৃথিবীতে সর্বপ্রথম ও সর্ববৃহৎ যাযাবর সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল। তাদের প্রতিষ্ঠিত সর্ববৃহৎ এই যাযাবর প্রদেশের নাম ছিল জিওংনু। 

জিওংনু প্রদেশের রাজা ‘মদু চানয়ু’ ছিলেন ভয়ঙ্কর হিংস্র প্রকৃতির মানুষ। ‘গানসু’ প্রদেশের ইয়েঝি যাযাবরদের তিনি প্রতিদ্বন্দ্বী মনে করতেন। ব্যক্তিগত এই ঘৃণার ও শঙ্কার বশবর্তী হয়ে রাজা ‘মদু চানয়ু’ ইয়েঝিদের আক্রমণ করেছিলেন এবং প্রচুর সংখ্যক নিরীহ মানুষকে হত্যা করেছিলেন। ইয়েঝিদের গবাদি পশু লুটপাট করে তৎকালীন ইয়েঝি রাজার মাথার খুলি দিয়ে একটি পানপাত্র বানিয়েছিলেন। খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দীর মাঝামাঝি সময়ে রাজা ‘মদু চানয়ু’-র পুত্র লাওশাং, ইয়েঝি যাযাবর সম্প্রদায়কে তাদের পূর্বপুরুষের তৃণভূমি থেকে সম্পূর্ণরূপে বিতাড়িত করেছিলেন। সংকটময় জীবনকে পিছনে ফেলে ইয়েঝিরা প্রথমে ‘ইলি’ উপত্যকায় আশ্রয় নেন এবং পরবর্তীকালে আরও পশ্চিমদিকে সরে গিয়ে ইরান সীমান্তের কাছাকাছি ‘সোগদিয়ানা’ (চীনাদের কাছে দাইয়ুয়ান) অঞ্চলে চলে যান। সেখানে তারা ইরানি-ভাষী সাকাই নামক যাযাবরদের তাড়িয়ে দিয়ে তাদের নিজেদের নতুন বাসভূমি তৈরি করেন। 

আবার, সোগদিয়ানা থেকে বিতাড়িত হওয়ার পরে দীর্ঘ পঞ্চাশ বছর, সাকাই সমাজের লোকেদের পালিয়ে বেড়াতে হয়েছে। প্রথম দিকে তারা দক্ষিণ-পশ্চিমে পার্থিয়ান সাম্রাজ্যের দিকে পালিয়ে গিয়েছিল এবং তারপরে অভিমুখ পরিবর্তন করে পূর্বদিকে হিন্দুকুশ পর্বত অতিক্রম করে উত্তর-পশ্চিম ভারতে প্রবেশ করেছিল। এই শরণার্থী সাকাই যাযাবর গোষ্ঠীর লোকেরা গ্রিক শাসিত রাজ্যগুলিকে নিশ্চিহ্ন করে দিয়েছিল এবং পরবর্তীকালে সিন্ধু প্রদেশ ও গুজরাট রাজ্যের বিভিন্ন রাজার অধীনে প্রাদেশিক গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছিল। সাকাই সমাজের লোকেদের লড়াই করার দক্ষতা, ভারতের ব্রিটিশ শাসকদেরও প্রভাবিত করেছিল। তাই ব্রিটিশ সেনাদলেও নিয়োগের ক্ষেত্রে তাদের অগ্রাধিকার দেওয়া হত। ইদানীংকালে আমরা যাদের জাট সম্প্রদায় বলে চিহ্নিত করি তারাই মূলত এই সাকাই গোষ্ঠীর উত্তরসূরি বলেই মনে করা হয়। 

টোচারিয়ান ইয়েঝিদের একটা বড়ো অংশও শরণার্থী রূপে ভারতে প্রবেশ করেছিল। টোচারিয়ান ইয়েঝি ও ইরানি সাকাইরা মধ্য এশিয়া এবং ভারতে আলেকজান্ডার দ্য গ্রেটের রাজনৈতিক উত্তরাধিকারকে ধীরে ধীরে শেষ করে দিয়েছিল। তবে এই সকল শরণার্থীরা আলেকজান্ডারকে রাজনৈতিক ভাবে পরাজিত করলেও আলেকজান্ডারের প্রাচীন গ্রিক সংস্কৃতিকে সযত্নে লালন করেছিল। টোচারিয়ান রাজা হেরিয়াসের উত্তরসূরি ছিলেন তাঁর পুত্র, কুজুলা কাদফিসেস। কুজুলা কাদফিসেস ছিলেন কুষাণ শাসকের মধ্যে প্রথম রাজা যিনি টোচারিয়ান ইয়েঝিদের যাযাবর যোদ্ধা থেকে বিশ্বের শক্তিশালী সাম্রাজ্যের অধিকারী বানিয়েছিলেন। তিনি টোচারিয়ানদের একত্রিত করে আফগানিস্তান ও গান্ধারকে নিজের শাসনের অধীনে নিয়ে আসেন। তিনি খাইবার এবং বোলান গিরিপথের মধ্য দিয়ে ভারতের সাথে মধ্য এশিয়ার সংযুক্তকারী ক্যারাভান রুটগুলি ব্যবসা-বাণিজ্যের জন্য অত্যন্ত সুগম করে তোলেন। 

কুষাণ শাসকরা ভারতের বৈচিত্র্যময় প্রজাবর্গের মন জয় করার জন্যে বিভিন্ন প্রতীক ব্যবহার করতেন। দ্বিতীয় কুষাণ সম্রাট, ভিমা তাকতু, আলেকজান্ডার দ্য গ্রেটকে অনুকরণ করতে করতে এতটাই এগিয়ে গিয়েছিলেন যে, তিনি তাঁর মুদ্রায় গ্রিক সংস্কৃতির (হেলেনিস্টিক) আদলে রাজমুকুট পরা ছবি ব্যবহার করেছিলেন। মুদ্রার বিপরীত দিকে গ্রিক শিলালিপিতে রাজার প্রশংসা বাক্য খোদাই করা হয়েছিল এবং তাঁকে একজন অশ্বারোহী যাযাবর যোদ্ধা হিসেবে চিত্রিত করা হয়েছিল। কুষাণ সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ সম্রাট ছিলেন কণিষ্ক প্রথম। তিনি মধ্য ইউরেশিয়ান তৃণভূমি থেকে শুরু করে ট্রান্সঅক্সিয়ানা হয়ে, সমগ্র উত্তর ভারত অতিক্রম করে মধ্য গঙ্গার পাটলিপুত্র (অধুনা পাটনা) পর্যন্ত বিস্তৃত অঞ্চল শাসন করেছিলেন। সম্রাট কণিষ্ক, মৌর্য সম্রাট অশোকের সাম্রাজ্যের সাথে নিজেকে মিলিয়ে দিয়েছিলেন এবং বৌদ্ধধর্মকে অত্যন্ত সুপ্রতিষ্ঠিত করেছিলেন। কুষাণ রাজারা তাঁদের নিজস্ব ইতিহাস লেখেননি; এটাই ছিল তাঁদের সবথেকে বড়ো ঘাটতি। তবে কুষাণ সম্রাটরা সোনা ও তামার তৈরি নানাবিধ মুদ্রা প্রকাশ করেছিলেন যা থেকে তাঁদের আকাঙ্ক্ষা এবং ধার্মিকতা সম্পর্কে অনেক তথ্য আমাদের সামনে প্রকাশিত হয়েছিল। রাজা কণিষ্ক খুবই চতুর ছিলেন, তিনি একই সাথে হান সম্রাট এবং রোমান সম্রাট উভয়ের সাথেই সমানভাবে যোগাযোগ রাখতেন এবং এদের প্রত্যেকের সাথেই তাঁর একটি বাণিজ্যিক চুক্তি ছিল। কণিষ্ক তাঁর অত্যাধুনিক সোনা ও তামার মুদ্রায়, নিজেকে পারস্যের মহান রাজা এবং মৌর্য সম্রাটদের উত্তরাধিকারী হিসেবে প্রকাশ করেছিলেন। মুদ্রাগুলিতে গ্রিক লিপিতে লেখা থাকত, “কণিষ্ক দ্য গ্রেট কুষাণ”। মুদ্রা প্রকাশের জন্য সম্রাট কণিষ্ক গ্রিক লিপি ব্যবহার করলেও; রাজদরবারের রাজভাষা হিসেবে তিনি, পূর্ব ইরানের ব্যাক্ট্রিয়ান ভাষাকেই স্বীকৃতি দিয়েছিলেন। সম্ভবত সম্রাট কণিষ্ক ছিলেন এশিয়া মহাদেশের প্রথম শাসক যিনি সর্বস্তরের সংস্কৃতিকে মিলিয়ে একটি ঐক্য স্থাপন করার কাজ করেছিলেন। ১৯৯৩ সালে আফগানিস্তানের রাবাতাকে পাওয়া একটি স্মারক শিলালিপি থেকে আমরা জানতে পেরেছি যে রাজা কণিষ্ক সিল্ক রুটের উপর ইরানি দেবী ‘নানা’-র একটি মন্দির উৎসর্গ করেছিলেন এবং সেই মন্দিরে তাঁদের পূর্বপুরুষদের তালিকা এখনও খোদাই করা আছে। কণিষ্ক “ঐশো” নামক এক দেবতার উপাসনা করতেন। ‘ঐশো’ দেব ছিলেন আবেস্তানি বায়ু, গ্রিক হেরাক্লিস এবং হিন্দু শিবের সংমিশ্রণ। ঐশো দেবের চারটি বাহু রয়েছে এবং তিনি ষাঁড়ের সাথে যুক্ত রয়েছেন। আবার পাটলিপুত্রে প্রাপ্ত একটি বিরল আনুষ্ঠানিক স্বর্ণমুদ্রায় একটি দণ্ডায়মান বুদ্ধের মূর্তি চিত্রিত করা হয়েছে, যার পাশে গ্রিকো-ব্যাক্ট্রিয়ান লিপিতে কণিষ্কের নাম এবং বংশ প্রতীক আঁকা রয়েছে। কণিষ্কের তৈরি এই মুদ্রা মানব রূপে বুদ্ধের প্রাচীনতম চিত্রগুলির মধ্যে একটি। এই সমস্ত তথ্য একত্রিত করে বৌদ্ধ লেখক মহল নিশ্চিত হয়েছিলেন যে ভগবান বুদ্ধের মতবাদে আকৃষ্ট হয়ে রাজা কণিষ্ক ধর্মান্তরিত হয়েছিলেন। বৌদ্ধ পণ্ডিত মহল রাজা কণিষ্ককে সিদ্ধার্থ গৌতমের শিক্ষা গ্রহণকারী প্রথম মহান শাসক হিসেবে প্রশংসা করেছিলেন। তাঁরা মনে করেন সম্রাট অশোক যেমন তাঁর সাম্রাজ্যে বৌদ্ধধর্মকে উন্নত মর্যাদায় উন্নীত করেছিলেন; ঠিক তেমনই সম্রাট কণিষ্ক বৌদ্ধধর্মকে ভারতীয় ধর্ম থেকে বিশ্ব ধর্মে রূপান্তরিত করেছিলেন। কণিষ্ক সিল্ক রুটের উপর কৌশলগত শৃঙ্খলা আরোপ করেছিলেন। কারণ এই পথগুলি ধরেই, বৌদ্ধ ধর্মপ্রচারকরা পাটলিপুত্র রাজ্য থেকে চীনদেশ পর্যন্ত হাঁটা চলা করতেন। 

কুষাণ সম্রাটরা তাঁদের নান্দনিক রুচির দিক থেকে পরিশীলিত ছিলেন। তাঁরা হেলেনিক, মধ্য এশীয় এবং ভারতীয় চারুকলায় পারদর্শী শিল্পীদের পৃষ্ঠপোষক ছিলেন। কুষাণ সম্রাটদের সুরক্ষায় সিল্ক রোডের বাণিজ্য তুঙ্গে উঠেছিল, যা বণিক বর্ণের বহু বৈশ্য পরিবারকে সমৃদ্ধ করেছিল; ফলত তাঁরা বৌদ্ধ ধর্মের প্রতি আকৃষ্ট হয়েছিলেন। কুষাণ যুগ থেকে বৌদ্ধধর্মের জনপ্রিয় ধার্মিকতার এমন অভিব্যক্তির বহিঃপ্রকাশ দেখে জুয়ানজাং বিস্মিত হয়েছিলেন। জুয়ানজাং তাঁর ভারত ভ্রমণ কালে কনৌজের মহা দোর্দণ্ডপ্রতাপ সম্রাট হর্ষবর্ধনের সাথে সাক্ষাৎ করেছিলেন। নীতি ও দৃষ্টিভঙ্গির দিক থেকে হর্ষবর্ধন ছিলেন কুষাণ সম্রাট কণিষ্কের উত্তরাধিকারী। শিবের উপাসক সম্রাট হর্ষবর্ধন ছিলেন ভগবান বুদ্ধের অনুরাগী। তিনি একই সাথে বৌদ্ধ পণ্ডিত এবং হিন্দু সন্ন্যাসীদের পৃষ্ঠপোষকতা করতেন। কারণ তাঁর ভাই সহ রাজপরিবারের বহু সদস্য বৌদ্ধ ধর্মে বিশ্বাসী ছিলেন। রাজা হর্ষবর্ধন, তাঁর রাজদরবারে চৈনিক পর্যটক জুয়ানজাং-কে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছিলেন এবং তাঁর উপস্থিতিতে হিন্দু ও বৌদ্ধ সন্ন্যাসীদের একত্রিত করে একটি ধর্ম মহাসভার আয়োজন করেছিলেন। সেই ধর্ম সভায় আলোচনার বিষয় বস্তু ছিল ‘জীবন চক্রের মধ্য দিয়ে কীভাবে হিন্দুদের মোক্ষ ও বৌদ্ধদের নির্বাণ অর্জন করা যায়’। 

জুয়ানজাং তাঁর ভারত ভ্রমণের বিবরণে লিখেছেন, সম্রাট হর্ষবর্ধন শিবের উপাসক হলেও তিনি ছিলেন একজন ধর্মপ্রাণ বৌদ্ধ। সম্রাট গঙ্গার তীরে সকল ধর্মের তীর্থযাত্রীদের জন্য হাজার হাজার স্তূপ এবং ধর্মশালা নির্মাণ করেছিলেন। তিনি বৈদিক দেবতাদের উদ্দেশ্যে নিমিত্ত পশুবলি নামক সংস্কারকে নিষিদ্ধ করেছিলেন। কারণ এই ধরনের হিন্দু রীতিগুলি বৌদ্ধ ধর্মের মানুষের কাছে খুবই আপত্তিকর ছিল। জুয়ানজাং চেয়েছিলেন দুই সর্বশ্রেষ্ঠ সার্বভৌম সম্রাট, হর্ষবর্ধন ও তাইজংকে একত্রিত করতে; এবং তাঁদের এই একত্রীকরণের মাধ্যমে বুদ্ধের শিক্ষার সর্বজনীন গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে। কিন্তু তাঁর এই স্বপ্ন বাস্তবায়িত হয়নি। স্বদেশে ফিরে আসার পর, জুয়ানজাং চীন দেশে বৌদ্ধ ধর্মের বিশ্বাসকে এগিয়ে নিয়ে যান, কিন্তু রাজা হর্ষবর্ধনের মৃত্যুর সাথে সাথে, ভারতে বৌদ্ধধর্মের বিশেষ অবনতি ঘটে। 

বিশ্বধর্ম হিসেবে বৌদ্ধধর্মের সাফল্য এবং সিল্ক রুটের মাধ্যমে সারা পৃথিবীর বাণিজ্য বিস্তার মূলত “স্বর্গের পুত্র” কুষাণ যাযাবরদের নীতি এবং পৃষ্ঠপোষকতার উপর নির্ভর করেই গড়ে উঠেছিল। প্রায় চারশো বছর ধরে তারিম অববাহিকা, ট্রান্সঅক্সিয়ানা এবং উত্তর ভারতে সিল্ক রোড বরাবর বৌদ্ধ সম্প্রদায়ের বণিকরা ধর্মের সাথে সাথে বাণিজ্যিক বিকাশেও উন্নতি লাভ করেছিল। স্বর্গের সন্তানরা সিল্ক রুটে যে শান্তি আরোপিত করেছিল তারই ফলস্বরূপ সারা বিশ্বের মানচিত্রে ভারতের নাম বিশেষ উজ্জ্বলতা লাভ করেছিল। সড়ক পথের পাশাপাশি সমুদ্র পথেও গড়ে উঠেছিল ভারতের বাণিজ্যিক যোগাযোগ। খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীর শেষের দিকে আমাসিয়ার ভূগোলবিদ ‘স্ট্রাবো’ লিখেছিলেন যে, প্রতি বছর জুলাই মাসে, ১২০ জন বণিক রোমান বন্দর বেরেনিস বা মায়োস হরমোস থেকে ভারতের উদ্দেশ্যে রওনা হতেন। প্রায় তিন মাস সমুদ্র পথ অতিক্রম করে, জাহাজগুলি সিন্ধু নদীর মোহনায় অবস্থিত বারবারিকাম অথবা গুজরাটের বিপরীতে নর্মদা নদীর মোহনায় অবস্থিত বার্যারিগাজা বন্দরে পৌঁছত। 

আজ, আধুনিক জাতীয়তাবাদী ইতিহাসের পাতায় কুষাণরা অনুপস্থিত থাকার পিছনে নানাবিধ কারণ আছে। প্রথমত তাঁরা কখনও নিজেদের সম্পর্কে কিছু লেখেননি; দ্বিতীয়ত বৌদ্ধধর্মের প্রতি আনুগত্যের কারণে তৎকালীন ভারতের লেখক-পণ্ডিত সম্প্রদায় তাঁদের অপছন্দ করতেন; তৃতীয়ত অনুপ্রবেশকারী এই যাযাবর যোদ্ধাদের ভারতীয় বর্ণ সম্প্রদায়ের মধ্যে কখনও কোনও স্থান দেওয়া হয়নি। তবে কুষাণরা যে সকল ধর্ম ও সংস্কৃতি সম্পর্কে সহনশীল ছিলেন এবং উগ্র হিন্দু জাতীয়তাবাদীদের জন্য অত্যন্ত সরলশীল ছিলেন সেকথা জুয়ানজাং তাঁর জীবন বৃত্তান্তে লিখে গেছেন। 

আজকের মৌলবাদী মুসলমানদের কাছেও, কুষাণদের সৃষ্ট করা বৌদ্ধ ঐতিহ্য অস্থিরতার মধ্যে দিন কাটাচ্ছে। বামিয়ান উপত্যকায় বিশাল পাথরে খোদাই করা দুটি বুদ্ধ মূর্তিকে, ২০০১ সালে তালিবানদের রোষে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তালিবানরা বৌদ্ধ সংস্কৃতিকে ধ্বংস করে নতুন ইতিহাস লিখতে চাইছেন। জুয়ানজাং যে মূর্তিগুলিকে গভীর ভালোবাসার সাথে বর্ণনা করেছিলেন তা এখন টুকরো টুকরো পাথরে পরিণত হয়েছে। বিশ্বের বিদ্বান পণ্ডিত এবং সংরক্ষক মানুষজন সেগুলিকে পুনরায় একত্রিত করার জন্য দিনরাত লড়াই করে চলেছেন। ইতিহাসের পাতা থেকে “স্বর্গের পুত্র” কুষাণ যাযাবরদের বীরত্বের কাহিনি মুছে ফেলার পরেও ভারতের বাণিজ্যিক সফলতায় সিল্ক রুটের অবদান ও বিশ্বধর্ম হিসেবে বৌদ্ধধর্মের উত্তরণের ইতিহাস আজও উজ্জ্বল। 

Write a Comment

Your email address will not be published. Required fields are marked *

loading...