চরাচর
পিন্টু পাল
১.
এই উঠোন সাজানো সাদা সাদা বেলিআনন্দফুল
এই উঠোন কল্পকামতরু যেন নক্ষত্রদূরবিন
কে পুঁতেছে ধাননিড়ানো জলে এত দিগন্তআকাশ?
২.
অসময়ে তাল কুড়িয়ে কী রাঁধে সখী?
এত মায়া নিয়ে কে উঠেছে প্রাচীর?
৩.
কাছারি মাঠে এই এল অশরীরী মেঘ
ওগো বৃন্দাবনদাসী, চেয়ে দ্যাখো
বনমালী ঢুকেছে উদ্বাস্তু শিবিরে
যেন ঝুঁকে পড়া মায়াবীহাঁস
কাদাপায়ে ঘোরে
হৃদকম্পে তার কাঁপাকলসি
কী সুশীল ঠোঁট!
৪.
কাকে দেখে ঝরা জামফলের মতো ছুঁয়ে রইলে মাটি?
৫.
পুকুরও তিনধারে। মাঝখানে কাতার
আলসরু রাস্তায় ছড়িয়ে দিয়েছ কেন
জলভেজা ধূসর পাটকাঠি?
৬.
রক্তজিভ, প্রতিবার কাশতে কাশতে ডেকে ওঠে ‘হে নাথ’
৭.
জন্মান্তর কি তবে খণ্ড খণ্ড সবুজ বেহুলার ভেলায়?
৮.
এলোপাথাড়ি বৃষ্টি ভাসিয়েছে ডোবা, ভিটেমাটি, খামার ও হাট…
ক্লান্ত চড়ুইপাখি আমার মতো চুপিসারে কাঁদে
ও বুকে জমিয়ে রেখেছে অথই ক্রন্দনগান
এ অথই জন্মস্বপ্নচরাচরশাখা…