অব্যক্ত নদী
জয়া ঘোষ
বুকের গভীরে আমি এক দীর্ঘ নদী গোপন রেখেছি,
যার উৎস কোনও জন্ম নয়,
কোনও নাম নয়,
শুধু বুকের ভেতর থমকে থাকা জল।
তাকে আমি শিখিয়েছি
কীভাবে কাশফুলের গায়ে আঙুল ছুঁয়ে দিতে হয়,
কীভাবে কুঁড়েঘরের পাশে দাঁড়িয়ে থাকা কৃষাণী
আলো ফোটায় মাটির প্রদীপে।
তাকে শিখিয়েছি
নক্ষত্র কীভাবে আলো হয়ে ওঠে
শব্দহীন শীতল রাত কেমন লাগে চাঁদের জোছনায়।