প্রতিশোধ
শ্যামল ঘোষ
দশ বছর পর জেল থেকে ছাড়া পেয়ে বাইরের হাওয়ায় বুক ভরে নিঃশ্বাস নেয় টোনি ওরফে তন্ময়। তার পরিচিত শহর যেন কত পালটে গেছে। সে নিজেও কি পালটায়নি? এক দশক আগে সাতাশ বছর বয়সের যে তন্ময় দাস কাঁদতে কাঁদতে প্রথমবারের মতো জেল খাটতে ঢুকেছিল, সে এখন পোড়খাওয়া শাস্তিপ্রাপ্ত অপরাধী টোনি। তন্ময় হারিয়ে গিয়েছে চিরকালের জন্য, শুকিয়ে গিয়েছে তার চোখের জল। তার জায়গায় এক সর্বগ্রাসী প্রতিহিংসার আগুন সবসময় তার মনের মধ্যে জ্বলছে। এই দশটা বছর আপন বলতে যা কিছু ছিল, নিজের আসল নামের সঙ্গে সব এক এক করে তার জীবন থেকে মুছে গেছে।
আদালতে যখন তার মামলা চলছে তখন তার মা আসত, নিজের গয়না বিক্রি করে উকিলের ফি জোগাড় করত। সে অনেক বুঝিয়েছিল মাকে, ‘কিছু লাভ নেই মা। বৃথা টাকাপয়সা নষ্ট করছ তুমি।’
মায়ের দৃঢ় বিশ্বাস ছিল জজ সাহেব ঠিক বুঝতে পারবেন যে সে না-জেনে অপরাধ করেছে। ভালো উকিল দিয়েছিল মা, অন্তত মায়ের ধারণা ছিল উকিল খুব ভালো। কিন্তু বিধবা মহিলার সব আশায় জল ঢেলে দিয়ে একদিন তন্ময়ের সাজা হয়ে গেল। মাদক পাচার এবং আরও কিছু আনুষঙ্গিক অপরাধের জন্য দশ বছর সশ্রম কারাদণ্ড।
মায়ের আশা কি তন্ময়ের মধ্যে একটুও সংক্রামিত হয়নি? না-হলে সাজা শুনে কান্নায় ভেঙে পড়ল কেন সে। মা রায় শুনে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল। রাবেয়া খালা মুখে জলটল দিয়ে সুস্থ করে অঝোরে কাঁদতে থাকা মাকে ঘরে ফিরিয়ে নিয়ে যায়। তাদের বস্তির পাশের ঘরের রাবেয়া খালা ছিল মায়ের একমাত্র সঙ্গী প্রত্যেক শুনানির দিন। বাকি সব আত্মীয়-বন্ধু তাদের সঙ্গ ত্যাগ করেছিল সে ড্রাগ স্মাগলিংয়ের অপরাধে গ্রেপ্তার হবার সাথে সাথেই।
হারিয়ে গিয়েছিল মৌসুমিও। একই বস্তির বাসিন্দা মৌসুমিকে ঘিরে সবে তার স্বপ্নগুলো গড়ে উঠছিল। ছ-মাসের মধ্যেই তারা বিয়ে করবে ঠিক করেছিল। একটা শপিং মলের বিলিং কাউন্টারে কাজ করত মৌসুমি। ওদের প্ল্যান ছিল বছরখানেক পরে কাজটা ছেড়ে দেবে তন্ময়। মোটামুটি যা টাকাপয়সা জমেছে তাই দিয়ে একটা ছোটো দোকান দেবে মোবাইল ফোন সারানোর, সঙ্গে রিচার্জ হবে, ব্যাটারি বা কেস রাখবে, কম দামি চাইনিজ মোবাইলও রাখবে। মোবাইলের কাজ ও জানত আগেই, যখন সন্তোষদার দোকানে কাজ করত।
ওই সন্তোষদার দোকানেই তো আলাপ হয় জাহাঙ্গির শেখের সঙ্গে। ফর্সা সুদর্শন জাহাঙ্গির মাঝে মাঝে আসত সন্তোষদার শোরুমে। সে এলে সন্তোষদা সব কাজ ফেলে কাউন্টারের পেছনে ছোটো ঘরটায় জাহাঙ্গিরকে নিয়ে বসাত। কাউন্টার সামলাতে বলত বড়ো ছেলেকে। তারপর স্পেশাল চা আসত, দামি সিগারেট আসত, মোড়ের দোকান থেকে চপ-কাটলেট বা রোলও আসত। খাতিরটা কিসের জন্য তা তন্ময় জানত না, জানার চেষ্টাও করেনি। মোবাইল সেকশনে এমনিই ভিড় বেশি থাকে। মন দিয়ে কাজ করত… এদিক-ওদিক দেখবার ফুরসত হত না, আগ্রহও ছিল না। ওর এই গুণের জন্য জাহাঙ্গিরের চোখে পড়ে গেল তন্ময়। সেটা অবশ্য তখন জানতে পারেনি সে। যেদিন সন্তোষদার প্রাইভেট কেবিনের দরজা খুলে জাহাঙ্গির আর সন্তোষদা তার কাউন্টারের সামনে এসে দাঁড়াল সে একটু হকচকিয়ে গিয়েছিল। সন্তোষদা হাসিমুখে বলল, ‘তোর ভাগ্য খুলে গেল রে তন্ময়। জাহাঙ্গির ভাইয়ের ব্যবসায় একজন বিশ্বাসী লোকের দরকার ছিল, আমি তোর কথা বলেছি। জাহাঙ্গির ভাই এক কথায় রাজি হয়েছে।’
অবাক তন্ময় জিজ্ঞাসা করে, ‘কিন্তু কাজটা কী? আমি তো…’
‘আরে ঘাবড়াও মৎ। আমি সব শিখিয়ে দেব। আমার শুধু ইমানদার আদমি চাই। সমঝা?’ জাহাঙ্গির আশ্বস্ত করে তাকে।
কাজটা তন্ময়ের কাছে স্বপ্নের মতো লেগেছিল। প্রতি সপ্তাহে দু-বার করে ব্যাঙ্কক যেতে হত। মাধ্যমিক পাস, দরিদ্র, বস্তির ছেলে তন্ময় কোনোদিন বিদেশ যাবে স্বপ্নেও ভাবেনি। পাসপোর্ট হাতে দিয়ে জাহাঙ্গির ভাই আলাপ করিয়ে দিয়েছিল বিট্টুর সঙ্গে। বলেছিল প্রথমবার ও সঙ্গে যাবে, দেখিয়ে দেবে ভিসা অন অ্যারাইভাল কীভাবে করে। তারপর তাকে একাই যেতে হবে। প্রত্যেক ট্রিপে বড়ো সুটকেস, কার্ডবোর্ডের বাক্স ভর্তি করে নিয়ে আসত জামাকাপড়, সস্তা ইলেকট্রনিক জিনিস ইত্যাদি। তন্ময় বুঝেছিল কাজটা আইনসংগত নয়, সে আসলে স্মাগলিং করছে। তবে এয়ারপোর্টে সব সেটিং করা থাকত। কাস্টমসের লোকেরা কিছু তল্লাশি না-করেই ছেড়ে দিত। তন্ময় বুঝেছিল স্মাগলিং হলেও এটা বড়ো ধরনের অপরাধ নয়।
তার আয় এখন সন্তোষদার ইলেকট্রনিক জিনিসের দোকানে যা পেত তার তিন গুণ। চিরকাল অভাবের সঙ্গে যুদ্ধ করা মা এখন সুখের মুখ দেখছে। মৌসুমিকে মাল্টিপ্লেক্সে সিনেমা দেখায়, রেস্টুরেন্টে খাওয়ায় আর বিয়ের পর কী কী করবে তার জল্পনা করে। মা-ও মৌসুমিকে পছন্দ করে। অনেকবার ভেবেছে অন্য কোথাও একটু ভালো জায়গায় একটা ছোটো বাসা ভাড়া করে উঠে যাবে। কিন্তু জাহাঙ্গির ভাই বাধা দিয়েছে। বলেছে, ‘তাড়াহুড়ো করিস না। বস্তিতে থাক আর খুব বেশি বড়মানুষি দেখাস না। ওসব হবে। ভালো করে কাজ কর, আরও তরক্কি হবে।’
এ কাজে উন্নতি কী করে হবে তন্ময়ের মাথায় ঢোকে না। কিন্তু সে প্রশ্ন করেনি। খুব একটা কৌতূহল তার কোনোদিনই ছিল না। যেটুকু বলা হত সেটুকু মাথার মধ্যে গেঁথে নিত।
দু-বছর ব্যাঙ্কক, কুয়ালালামপুর যাতায়াত করতে করতে এই কাজে দক্ষ হয়ে গেল সে। তারপর একদিন জাহাঙ্গির ভাই বলল, ‘তুই আমার সাথে হংকং যাবি পরশু।’
—পরশু? ভিসা হয়ে যাবে?
—আরে বুদ্ধু, হংকংয়ে নেমে পনেরো দিনের ভিসা পাওয়া যায় এয়ারপোর্টে।
তন্ময় ঘুণাক্ষরেও বুঝতে পারেনি তার জীবন কী ভীষণভাবে বদলে যাবে এরপর। হংকং যাবার আনন্দে সে তখন উৎফুল্ল। বিধাতাপুরুষ বোধহয় একটু অনুকম্পার বাঁকা হাসি হেসেছিলেন।
হংকংয়ের ঝকঝকে রাস্তাঘাট, আকাশচুম্বী বাড়ি দেখে মুগ্ধ হয়ে গিয়েছিল তন্ময়। ব্যাঙ্ককের থেকে অনেক বেশি ভালো লেগেছিল তার। জাহাঙ্গির হোটেল থেকে বিশেষ বার হয়নি, নানা ধরনের মানুষ আসছিল তার সঙ্গে দেখা করতে। তন্ময় এদিক-ওদিক ঘুরে বেড়াচ্ছিল। শেষ দিনে ওকে নিয়ে জাহাঙ্গির স্ট্যানলি মার্কেটে থাপা নামে এক নেপালির সঙ্গে আলাপ করিয়ে দিয়েছিল। বলেছিল এরপর একলা এলে থাপার সঙ্গেই দেখা করবে তন্ময়। ফেরার সময় একটা ছোটো সুটকেস জাহাঙ্গিরকে দেয় থাপা।
দেশে পৌঁছে এয়ারপোর্টে অন্যরকম কিছু তন্ময়ের চোখে না-পড়লেও জাহাঙ্গির বুঝতে পেরেছিল আজ তল্লাশির কড়াকড়ি অন্যদিনের তুলনায় বেশি। ইউনিফর্ম-পরা লোকজন দেখা যাচ্ছে চারদিকে। কাস্টমস চেকিংয়ের ঠিক আগে জাহাঙ্গির বলল, ‘তুই সব মালপত্র নিয়ে বেরিয়ে যা গ্রিন চ্যানেল দিয়ে, আমাদের সঙ্গে তো এবার কিছু নেই। আমি ডিউটি ফ্রি শপ থেকে দুটো হুইস্কির বোতল কিনেই আসছি।’
তন্ময় বলল, ‘আর এই থাপার সুটকেসটা?’
‘আরে ওটাতে কিছু নেই, থাপার এক বোন থাকে এখানে, তার জন্য কিছু জামাকাপড়, পারফিউম আর চকোলেট আছে,’ বলে জাহাঙ্গির চলে গেল।
নিশ্চিন্ত হয়ে তন্ময় চলে যাচ্ছিল, শেষ মুহূর্তে দুজন অফিসার আর একজন সশস্ত্র পুলিশ তার পথ আটকাল। এই অফিসাররা তার মুখচেনাদের মধ্যে কেউ নয়।
তাকে ডেকে একটা ছোটো ঘরে নিয়ে গিয়ে সমস্ত মালপত্র বার করে কিছু সন্দেহজনক পাওয়া গেল না। থাপার সুটকেসটাতে, জাহাঙ্গির যেমন বলেছিল, জামাকাপড়, পারফিউম আর দুটো চকোলেট পাওয়া গেল। তখন একজন অফিসার একটা ছুরি দিয়ে সুটকেসের নিচের অংশটা কাটার পর দেখা গেল নিচে একটা ফাঁপা জায়গা, তার মধ্যে ছোটো ছোটো পাতলা প্লাস্টিকের ব্যাগে সাদা গুঁড়োর মতো কিছু।
এতক্ষণ বিশেষ ঘাবড়ায়নি তন্ময়, কিন্তু এবার তার হৃৎপিণ্ড এক লহমার জন্য যেন থেমে গেল। একটা প্লাস্টিকের প্যাকেটে ছুরি দিয়ে খোঁচা মারল একজন অফিসার। ছুরির ডগায় লাগা সাদা পাউডারের মতো জিনিসটা একটু শুঁকে বলল, ‘হাই কোয়ালিটি কোকেন।’
চারদিকে তাকিয়েও জাহাঙ্গিরকে কোথাও দেখতে পেল না তন্ময়।
দশ বছর জেলে নানা ধরনের দাগি অপরাধীদের সঙ্গে মেলামেশা করতে করতে মানুষের ওপর বিশ্বাস ব্যাপারটা যে নিতান্তই নির্বুদ্ধিতা সেটা তন্ময়ের কাছে পরিষ্কার হয়ে গিয়েছিল। বিপদ দেখে জাহাঙ্গির তাকে বলির পাঁঠা বানিয়েছে সেটা বুঝেছিল সে। মামলা চলাকালীন জাহাঙ্গির বা দলের কারোর দেখা পাওয়া যায়নি, আর্থিক সাহায্যও করেনি। বস্তুত ওর সমস্ত সংস্রব সযত্নে পরিহার করে চলেছে তারা। ওর জেল হবার দু-বছরের মধ্যে মা চলে গেল সব দুঃখকষ্টের ওপারে। রাবেয়া খালার মুখে খবরটা শুনেছিল ভাবলেশহীন মুখে। চেষ্টা করলে হয়তো মায়ের মুখাগ্নি করার জন্য প্যারোলে ছাড়া পেত। কিন্তু সে কোনও চেষ্টা করেনি। রাবেয়া খালা আর তার দুই ছেলে হাশেম আর ফরিদ হিন্দু সৎকার সমিতিকে খবর দিয়ে যা করার করেছিল।
মৌসুমির বিয়ের খবরটাও পেয়েছিল রাবেয়া খালার মুখে। বন্ধুবান্ধব আত্মীয়স্বজনদের কেউ কখনও দেখা করতে আসেনি… আসত শুধু রাবেয়া খালা, দু-তিন মাসে একবার। জন্ম থেকে দেখেছে ওকে, নিজের ছেলের মতোই স্নেহ করত সে। মা যাবার তিন বছর পর রাবেয়া খালাও ক্যানসার হয়ে মারা গেল। ফরিদ ওর সঙ্গে স্কুলে পড়ত, ওই প্রথম ও শেষবারের মতো ওর সঙ্গে জেলে দেখা করতে এসে তার আম্মুর ইন্তেকাল হবার খবর জানিয়ে গেল। এরপর তন্ময় এই বিরাট পৃথিবীতে একেবারে একা।
না, একা নয়… ওর সর্বক্ষণের সঙ্গী এখন এক সর্বগ্রাসী প্রতিহিংসার আগুন। কবে সে ছাড়া পাবে, আর কীভাবে নিজে হাতে জাহাঙ্গির শেখকে খুন করবে এই চিন্তা ছাড়া তার মাথায় আর কিছু নেই। ওই লোকটার জন্য সে সবকিছু হারিয়েছে, তাকে সে পৃথিবীতে থাকতে দেবে না। বহুবার জেল খাটা অনেক অপরাধীর সঙ্গে তার পরিচয় এখন। সেই কৌতূহলহীন সাদাসিধে তন্ময়ের কবেই মৃত্যু হয়েছে, তার জায়গায় জন্ম নিয়েছে সদা সতর্ক, সর্বদা সন্দিগ্ধ টোনি। নামটা দিয়েছিল জেমস নামে এক লাইফার। ভাড়াটে খুনি জেমস ওকে মানুষ খুন করার বিভিন্ন কলাকৌশল বুঝিয়ে দিত। তন্ময় ওকে ওর সবকিছু খুলে বলেছিল। ওর থেকে অন্তত দশ বছরের বড়ো যাবজ্জীবন সাজা পাওয়া জেমসের ওর ওপর মায়া পড়ে গিয়েছিল সম্ভবত। জেমসই ওকে বলেছিল জেল থেকে বেরিয়ে কোথায় গেলে ও অস্ত্র পাবে, সাহায্যও পাবে। সেই কথামতো জেমসের দলের লোকেরা ওকে আশ্রয় দেয়। কীভাবে রিভলবার চালাতে হবে তার তালিমও দেয়। তারপর এক লুকোনো জায়গা থেকে জেমসের একটা পুরোনো ছ-ঘরা রিভলবার দেয়, সঙ্গে এক ডজন গুলি। অবশ্য জেমসকে কথা দিতে হয়েছিল যে ওর দলে যোগ দেবে তন্ময়।
যেখানে জাহাঙ্গিরের দোতলা বাড়ি ছিল সেখানে গিয়ে দেখল একটা আটতলা ফ্ল্যাটবাড়ি উঠেছে। খোঁজখবর নিয়ে জানা গেল জাহাঙ্গির শেখের তো ব্যবসায় খুব রমরমা হয়েছিল, ছড়িয়ে পড়েছিল দেশের অনেক জায়গায়। তাই এখানকার পাট উঠিয়ে সে মুম্বাই চলে গেছে। যে খবর দিল তার কথা অনুযায়ী জাহাঙ্গির এখন দুবাইয়ের ভাইদের সঙ্গে ওঠাবসা করে।
প্রতিপক্ষ শক্তিশালী হয়ে উঠেছে শুনেও ভাবান্তর হল না টোনির। যেখানেই থাকুক জাহাঙ্গির সে পৌঁছে যাবেই, নিজে বেঁচে ফিরতে না-পারলেও চলবে, কিন্তু আগে তাকে মারতে হবেই।
যে খবর দিল তার কাছে জানা গেল গত দু-বছর সে আর কোনও খবর পায়নি জাহাঙ্গির ভাইয়ের। এমনও হতে পারে সে মুম্বাইয়ে নেই, দুবাই চলে গেছে।
জেলের সঙ্গীদের একজন ছাড়া পাওয়ার পর এখন মুম্বাইয়ে থাকে। টোনি মুম্বাইয়ে এসে তার কাছে থেকে খোঁজখবর শুরু করল। এখানে অপরাধ জগতের নেটওয়ার্ক অসম্ভব শক্তিশালী। সঠিক লোককে জানলে বা টাকাপয়সা খরচা করতে পারলে সব খবর পাওয়া সম্ভব। জানা গেল জাহাঙ্গির শেখের স্মাগলিংয়ের কারবার জমে উঠেছিল অল্প সময়ের মধ্যেই। কিন্তু এখন আর তার সম্পর্কে কিছু শোনা যাচ্ছে না, তার দলও ভেঙে গেছে।
দু-মাস টানা খোঁজাখুঁজির পর জাহাঙ্গির শেখের হদিশ পাওয়া গেল তার দলের এক প্রাক্তন মাদক পাচারকারীর কাছে। অপরাধ জগতের অলিখিত নিয়ম অনুযায়ী সে প্রথমে মুখ খোলেনি, কিন্তু টোনি যখন তার পাঁজরের নিচে একটা ছুরির ফলা আধ ইঞ্চি ঢুকিয়ে দেয় তখন সে গোঙানির মধ্যে বলে দেয় জাহাঙ্গিরকে কোথায় গেলে পাওয়া যাবে। তার গলার নলিটা কেটে দিয়ে টোনি বেরিয়ে আসে।
ঠিকানা অনুযায়ী পৌঁছে একটু অবাক হল টোনি। দুবাইয়ের সঙ্গে ব্যবসা করা ড্রাগ স্মাগলার এরকম একটা ঘিঞ্জি হতদরিদ্র বস্তিতে। ইচ্ছে করে ভুল খবর দেয়নি তো? তাহলে আবার খোঁজ শুরু করতে হবে নতুন করে।
বেশিরভাগ লোকই জাহাঙ্গির শেখের নাম শোনেনি দেখা গেল। হাল না-ছেড়ে জিজ্ঞাসা করতে করতে এক সাদা দাড়ি দর্জি পাল্টা প্রশ্ন করল, ‘তার বিবির নাম কি আয়েশা?’
মনে পড়ে গেল টোনির, একঝলক দেখেছিল জাহাঙ্গিরের বিবি সুন্দরী আয়েশা বেগমকে ওদের বাড়িতে ঈদের নিমন্ত্রণ রাখতে গিয়ে।
—হাঁ হাঁ, আয়েশা বেগম উনকো বিবিকি নাম।
দর্জি প্রচুর কথা বলে। তার কাছ থেকে জানা গেল এককালের বিশাল ধনী জাহাঙ্গির শেখের অবস্থার ফেরে খুবই খারাপ অবস্থা। কানাঘুষো শুনেছে যে সে বড়ো স্মাগলার ছিল। কিন্তু আরও বড়ো কোনও গ্যাংয়ের সঙ্গে রেষারেষিতে ওর সর্বস্ব চলে গিয়েছে। দলের অনেকে খুন হয়েছে। শিরদাঁড়ার নিচের দিকে গুলি লেগে সে নিজে এখন চলৎশক্তিরহিত। বান্দ্রার দামি ফ্ল্যাট ছেড়ে প্রথমে মীরা রোডে এক কামরার ফ্ল্যাট কেনে। তারপর সেটাও বেচে এই বস্তিতে। গোভান্ডির এই বস্তিতে বাইরের লোক কেউ ঢোকে না। জাহাঙ্গিরকে এই বস্তির কেউ দেখেনি। দরকার-অদরকারে আয়েশা বেগমই বাড়ির বাইরে আসে।
জাহাঙ্গিরের বর্তমান আস্তানা বস্তির এক প্রান্তে, একটা দুর্গন্ধময় নালার ধারে, ইট বার করা একটা জীর্ণ বাড়ির দোতলায়। নিচের তলায় সম্ভবত কেউ থাকে না। বিনা বাধায় সিঁড়ি দিয়ে ওপরে উঠে এল টোনি। ডান হাতটা পকেটে রিভলবারের ওপর।
সিঁড়ি দিয়ে উঠে একটা ছোটো ছাদ। সেখানে খাটানো দড়িতে ময়লা কিছু জামাকাপড় শুকোচ্ছে। তারপরে ঘরের দরজা খোলা দেখে ঢুকে পড়ে টোনি। সঙ্গে সঙ্গে একটা পচা দুর্গন্ধ তার নাকে এসে ধাক্কা মারে। থমকে দাঁড়িয়ে যায় টোনি। আধা অন্ধকারে চোখ সয়ে যেতে দেখা যায় একটা খাটের ওপর কঙ্কালসার কেউ শুয়ে আছে। টোনি আওয়াজ দেয়, ‘জাহাঙ্গির শেখ…’
—কওন হ্যায় উধার, নাম বোলো।
—আমি তন্ময়। চিনতে পারছ?
—কৌন তন্ময়? আয়েশা দেখো তো কওন আদমি ঘুস আয়া।
আয়েশা বেগমের কোনও সাড়াশব্দ পাওয়া যায় না। হয়তো কিছু কেনাকাটা করতে বাইরে গিয়েছে। একটু নিশ্চিন্ত হয় টোনি। থাকলে তাকেও খুন করতে হত। খুঁজে পেতে আলোর সুইচ পেয়ে যায় সে। একটা টিউবলাইট ঘরটাকে কিছুটা আলোকিত করে। জাহাঙ্গিরকে দেখে চমকে ওঠে টোনি। তিনটে বালিশে ঠেস দেওয়া আধশোয়া অবস্থায় ছেঁড়া গেঞ্জি পরা এই কঙ্কালটার কোটরগত চোখ আর নাক দেখেই কষ্টে চেনা যায় একসময়ের সিনেমার নায়কের মতো চেহারার জাহাঙ্গিরকে।
সম্ভবত জাহাঙ্গিরও চিনতে পারে তাকে। তার চোখ টোনির হাতে ধরা রিভলবারের দিকে।
—ও তুই তন্ময়। আমাকে মারতে এসেছিস। খুব ভালো করেছিস। চালা গোলি। মরতে তো আমি চাইছি… মগর শালা মৌত আমার ওপর মেহেরবান হচ্ছে কই?
টোনির চোখে পড়ে জাহাঙ্গিরের গলায়, হাতে, গায়ে দগদগে ঘা। কোমরের নিচের অংশ একটা ময়লা চাদরে ঢাকা। গায়ের ময়লা গেঞ্জিটায় পুঁজ-রক্তের দাগ। পচা দুর্গন্ধ তাহলে এই জন্য।
রিভলবার তুলে ওর মাথার দিকে তাক করে টোনি।
ট্রিগার টেপার আগের মুহূর্তে চোখ পড়ে জাহাঙ্গিরের চোখে। সে চোখে গভীর প্রশান্তি। ঠোঁটের কোণে যেন একটু হাসি আসন্ন মুক্তির দিকে তাকিয়ে। পক্ষাঘাতগ্রস্ত, সর্বশরীর গলিত ক্ষতে ভরা জাহাঙ্গির নরক-যন্ত্রণার থেকে মৃত্যুই কাম্য মনে করছে কি?
রিভলবার নামিয়ে নিল টোনি। কৃতকর্মের শাস্তি তো এ পাচ্ছে। খুন করলে ওর প্রতি দয়া দেখানো হবে। জাহাঙ্গিরের চোখে ভীতি, ‘কেয়া হুয়া শালা হারামি কা বাচ্চা। চালা গোলি…’
বেরিয়ে আসে টোনি। পিছনে জাহাঙ্গির অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে… নিচে নেমে এসে সামনের পচা আবর্জনা ভরা নালাতে রিভলবারটা ফেলে দেয় টোনি। বুক ভরে একটা নিঃশ্বাস নেয়… স্পষ্ট বুঝতে পারে যে আগুনটা এতদিন বুকের মধ্যে পুষে নিয়ে বেড়াচ্ছিল সেটা নিভে গেছে।
উলটো পথে হাঁটতে হাঁটতে চোখে পড়ে মুখ খোলা বোরখা পরে অকালে বুড়িয়ে যাওয়া আয়েশা বেগম একটা বাজারের ব্যাগ নিয়ে ক্লান্ত পায়ে বাড়ির দিকে যাচ্ছে।