প্রেম
ঋজুরেখ চক্রবর্তী

চশমা খোলার আগে চোখ দুটো বুজে নিতে হয়। 

আমি যে অন্ধের মতো কল্পনানির্ভর হতে পারব না, জানি। 

ইতিহাস যতদূর সত্য আর যতখানি কল্পনায় অনুমানে গড়া— 

প্রেম তার ভাবী রূপ, কিছু মায়া, লালসা রাসায়নিক কিছু। 

শব্দকোষে এ-সকল বিক্রিয়ার সমার্থক খুঁজে না পেলেই 

তুমি যে সিনিক হবে, অভিজ্ঞতা তার কোনও সাক্ষিসাবুদের 

আয়োজন রাখেনি ভাঁড়ারে বলে সঙ্গমের পর ঘুম আসে— 

স্বপ্নে আসে আরোহিবিহীন টাঙা ফিরে যাচ্ছে পুরানা কেল্লায়; 

সামন্ত শাসনপ্রথা ছাড়া তার অমরত্ব ব্যর্থ হবে, তাই। 

পোশাক ছাড়ার আগে নগ্নতাকে মনে মনে ঢেকে নিতে হয়। 

Write a Comment

Your email address will not be published. Required fields are marked *

loading...