শিকল
অদিতি বসু রায়

তারপর যেদিন, সমস্ত অন্ধ সিন্দুক খুলে উড়ে গেল সব সারস, 

সেদিন রোদ উঠল দিকবিদিক হুল্লাট করে। হাওয়া ঘুরে গেল রাত 

থেকে লড়াইয়ের দিকে। আমরা শাঁখা ও কুমকুমে সেজে 

চললাম মিছিলে। দুনিয়া জুড়ে কলরব উঠল প্রবল। 

পলাশফুল সব ছেড়ে এল বৃক্ষশাখা—ইস্তাহারে গান লিখলাম বলে, 

তোমাদের আমোদ হল খুব। আমরা তোমাদের না-দেখে এগিয়ে গেলাম 

আরও দূরের দিকে। পথ খুলে যেতে লাগল পরপর 

আমরা দ্বীপ দেখলাম, দেখলাম সপ্তডিঙায় ভেসে-যাওয়া সংসার 

আমাদের শাড়ি থেকে উঠে গেল প্রহারের চিহ্ন 

দিগন্তরে গান বেজে উঠতে, উড়ন্ত সারসীরা এসে বসল আমাদের 

সিঁথির পাশে। 

আমরা শিকলের পাহারা ভেঙে ফেলায়, অগ্রজ পুরুষদের ভয় হল খুব, 

ফেলে-আসা লজ্জাবস্ত্র নিয়ে পুজো সাজাল তারা 

যজ্ঞের প্রলোভন দেখাল আবার 

ততক্ষণে, আমরা রাত নিয়েছি, দিন লিখেছি, ঝরনায় ঝরনায় এঁকে 

এসেছি পূর্বনারীদের স্বাক্ষর। 

—আমাদের শিকল খুলে গেছে।   

Write a Comment

Your email address will not be published. Required fields are marked *

loading...