স্নানঘরে
অরুণ পারিয়া
স্নানঘরে ভেসে যায় জলজ প্রাণীরা —
ফুটে ওঠে টেরাকোটা মেঝের উপরে
আবাল্যের শাপলার ফুল।
খালি বালতির গা ঘেঁষে খানদানি রুই
ঘাই মারে — পৈতৃক মেনেছি তারে;
আলিবর্দি নবাবের ফরমান পেয়ে
চেটেপুটে খেয়েছিল সে সহস্র এক বঁড়শির টোপ —
তারও আবেগ, ছাই কাদা শেওলার,
মউরালার ঝাঁকে,
নতুন চলতে শেখা বাছুরের মতো
টলমল করে —
আমিও ভেসেছি এক অবুঝ জলজ জঙ্গলে,
অবিরাম ক্লোরিন-এর ঘ্রাণ নিতে নিতে
প্রখর গ্রীষ্মের এক ক্ষীণ প্রপাত যেন
লোহার ঝাঁঝরি বেয়ে
ঝরে পড়ে মাথার উপর,
ভেসে যেতে যেতে ভাবি:
এ শহরে এল বুঝি বীজ রোপণের দিন,
আলোর চকমকি দাগ লাঙ্গলের ফলায় ফলায়,
মইয়ে মিহিন কাদা, সে কাদা যে গায়ে লেগে আছে —
বিমর্ষ অতীত, শাওয়ারে স্নান হয়ে গেলে,
নদী ঘাটে গা ধুতে যাব।