স্থাবর
পার্থ রায়
ডোরবেল বাজার শব্দটা শুনেছিল সম্পূর্ণা কিন্তু উঠতে ইচ্ছে করছিল না। মে মাসের দুপুর। ঘরে বিনবিন করে এসি চলছে। মিতুন চাদর মুড়ি দিয়ে গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে। বাবা-মা বোধহয় নিজেদের ঘরে। বউদি অফিসে গেছে। দাদাকে আর্জেন্ট মিটিং-এ যেতে হল বেঙ্গালুরু। তাহলে কি ভাইপো শাক্য কোচিং থেকে ফিরে এল? কিন্তু ওর তো সন্ধ্যা সাতটায় ফেরার কথা। আজ কি জলদি ছুটি হয়ে গেল নাকি? এইসব ভাবনার মধ্যে বেলটা থেমে গেল। বোধহয় কোনও উটকো লোক বা অ্যাডভারটাইজিং এজেন্সির ছেলেমেয়ে। তারা ছাড়া আর কেই-বা এই পিচগলা রাস্তায় পথে বের হবে!
পাশ ফিরে শুল সম্পূর্ণা। মিতুনের নিষ্পাপ মুখ ঘুমের মধ্যে একটু হেসে উঠল। কোনও স্বপ্ন দেখছে বোধহয়। পা-টা চাদর থেকে বের হয়ে গেছে। আবার সেটাকে ঢেকে দিল সম্পূর্ণা। সর্দির ধাত— কখন ঠান্ডা লেগে যাবে কেউ বলতে পারবে না। বাচ্চাদের এগজামের কপিগুলো দেখা বাকি আছে। কীরকম একটা গড়িমসি ভাব। কিছু করতে যেন ইচ্ছেই হয় না আজকাল। গত ছ-মাসে জীবনের সংজ্ঞা যেন একেবারে বদলে গেছে।
দুর্বার বলেছিল সে তিনদিনের জন্য কনফারেন্স অ্যাটেন্ড করতে পাটনা যাচ্ছে। বুধবারে সন্ধে নাগাদ ফিরে আসবে। সম্পূর্ণা সেই মতো স্কুল থেকে ফিরে শীতকাল থেকে জমিয়ে রাখা নলেন গুড়ের পায়েস বানাতে বসেছিল। আদা-রসুন, কাঁচালঙ্কা আর দই দিয়ে বানানো চিকেনটাকে ফ্রিজের বাইরে রেখেছিল। সঙ্গে রুমালি রুটির অর্ডারও দিয়েছিল জোম্যাটোতে। এইসব টুকিটাকি কাজ করতে করতেই মিতুনের হোমটাস্কটাও কমপ্লিট করাচ্ছিল সম্পূর্ণা। ভাবতে ভারী অবাক লাগে কত সহজেই সে এই জীবনে অভ্যস্ত হয়ে গেছে। কত সহজে সে আজকাল বন্ধুদের সঙ্গে মেয়ের খুনসুটি, দস্যিপনা আর সো-কল্ড পাকামোর কথা বলে। কত অক্লেশে প্রিন্সিপাল ম্যাডামের হিটলারি মতবাদের সমালোচনা করে।
এই সময়ে ধৃতির ফোন এল। ধৃতিরা জলদাপাড়া বেড়াতে গেছিল। আজ সন্ধ্যায় ফেরার কথা। সেই মতো কথাও শুরু করেছিল সম্পূর্ণা, “কী রে, কেমন ঘুরলি?”
“ভালো। এখন কোথায়?”
“বাড়িতে, মানে রাজারহাটে।”
“থ্যাংক গড! মিতুন কোথায়?”
“এই তো হোমটাস্ক করাচ্ছি—”
“ওকে, একবার স্টার নিউজ চ্যানেলটা খোল— লাইভ হচ্ছে—”
“কেন?”
“একবার খোল— আমি আসছি—” ফোন কেটে দিল ধৃতি। কী এমন খবর লাইভ হচ্ছে আর সেটার জন্য জিডি ব্লক থেকে ধৃতিকে পড়িমরি করে ছুটে আসতে হবে না বুঝেই টিভি চ্যানেলটা খুলেছিল সম্পূর্ণা। আর ওই লাইভ দেখতে দেখতে পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছিল ওর। মন্দারমণি না কোথাকার এক হোটেলে যৌনচক্রের আসর বসেছিল। হঠাৎ পুলিশ রেইড করে তাদের ধরে ফেলে। কমপক্ষে বারো-তেরোজনের গ্রুপ। চ্যানেলে পরিষ্কার দেখাচ্ছিল— মুখে ওড়না বেঁধে মেয়েগুলো পুলিশের ভ্যানে উঠছে। সঙ্গে ঘরগুলোর রেকর্ডিং। ওর মধ্যে একটা ঘরে যতই মুখ ঢাকার চেষ্টা করুক না কেন— কোনওরকমে টাওয়েল জড়ানো দুর্বারকে ঠিকই চিনতে পারা যায়।
অথচ দুর্বার সকাল দশটায় ফোন করেছিল। সম্পূর্ণা জাস্ট ক্লাস সেভেন বি থেকে বেরিয়েছে। প্রিন্সিপাল ম্যাডাম তাকে স্কুলের অ্যানুয়াল ডে সেলিব্রেশনের ব্যাপারে কথা বলতে ডেকেছিলেন। বেশি কথা বলার সময় ছিল না। ওরই মধ্যে দুর্বার বলেছিল পাটনা থেকে এগারোটা দশ মিনিটে ওর ট্রেন— আটটা নাগাদ হাওড়া পৌঁছে যাবে। বাড়িতে এসে ডিনার করবে… তার মানে ও পাটনা যায়নি!
ধৃতির কথার কোনও উত্তর ছিল না সম্পূর্ণার কাছে। পরিষ্কার বোঝা যাচ্ছে যে দুর্বার মিথ্যা বলেছে আর শুধু তা-ই নয়, সেটাকে সে কন্টিনিউ করে গেছে। কতগুলো বাজারি মহিলার সঙ্গে দুর্বার গত দু-তিনদিন ধরে ছিল। আজও ফিরে আসবার আগে সে জন্মদিনের পোশাকে তাদের সঙ্গে এনজয় করছিল।
এমনটা করতে পারে একটা লোক! “ধৃতি, তুই তো জানিস কী পরিস্থিতির সঙ্গে লড়ে ওকে আমি বিয়ে করেছিলাম। আমার পরিবারের কারও মত ছিল না। আর সেসব ছাড়, ওদের শান্তিপুরের বাড়িতে কী অপমান যে আমাকে শুনতে হত! ওর মা আমার সঙ্গে এমন ব্যবহার করত যেন আমি একজন অজ্ঞাতকুলশীল, অশিক্ষিত। আমার আট হাজার টাকা মাইনে শুনে এমন হেসেছিল যেন মনে হত উনি বিশ লাখের প্যাকেজ নিয়ে বসে আছেন।”
“তুই একটু শান্ত হ—”
“আমি তো শান্তই আছি। দেখলি না মেয়ের সঙ্গে কেমন সুন্দর করে কথা বললাম— ওকে খাওয়ালাম— স্কুলের ব্যাগ গুছিয়ে দিলাম। আমি কি কোনও ওভাররিঅ্যাকশন করছি…”
“আমি বুঝতে পারছি সুপু— কিন্তু খবরটা দেখার পর তোকে না জানিয়ে পারলাম না।”
“ভালোই তো করেছিস ধৃতি— অন্য কারও মুখ থেকে শুনতেই তো হত— এখন আমি লোকের কাছে কী করে মুখ দেখাব বলতে পারিস?”
“ও খবর সবাই দেখেছে নাকি? আর দেখলেই বা কতজন নজর করেছে ওটা দুর্বার কি না?”
“ঘটনাটা কোন সময়ের?”
“মোটামুটি বেলা বারোটা হবে।”
“বারোটা—”
“তাহলে দ্যাখ— টেলিকাস্ট নিশ্চয়ই দুপুর থেকে হচ্ছে— কিন্তু আমি ছাড়া তোকে আর কেউ ফোন করেনি। তার মানে আমাদের চেনা-পরিচিতদের মধ্যে কেউ ব্যাপারটা লক্ষই করেনি। এখন তুই কিছু খেয়ে নে,” ধৃতি বলল।
“কী খাব— কী করে খাব?”
“অসুস্থ হয়ে পড়বি সুপু। এখন অনেক বোঝাপড়া বাকি।”
“বোঝাপড়া?— কীসের বোঝাপড়া— পারভার্ট মানুষ একটা। অন্য মহিলার সঙ্গে শুতে যায়। এমন দিনও আমাকে দেখতে হচ্ছে! বিশ্বাস, ভালোবাসা— কিছুরই কি কোনও মূল্য নেই…”
ধৃতি একটু চুপ করে থাকল। বলল, “আমি কি একটা ফোন করব?”
“কাকে?”
একটু থেমে ধৃতি বলল, “দুর্বারকে—”
“কেন?”
“মানে ও কোথায় আছে? জেল কাস্টডিতে তো নিশ্চয়ই। কিন্তু কোথাকার জেল?”
“জানবার কোনও দরকার আছে কি? তার ঘরে ফেরার কথা নটায়। এখন বাজে এগারোটা। সে কি ফোন করে বলেছে কেন তার দেরি হচ্ছে? কারণ সে জানে সে ধরা পড়েছে।”
“তমোঘ্নকে জিজ্ঞেস করব? ও নিশ্চয়ই জানবে। তাছাড়া উকিল-টুকিল তো জোগাড় করতে হবে।”
“সে কাজ কি ওরা করেনি? নিশ্চয়ই করেছে। যে বাজারি মেয়েদের সঙ্গে শুতে পারে— সে সবকিছু করতে পারে ধৃতি। তুই আমাকে ভাগ্যের হাতে ছেড়ে দে— আর পারলে আজ আমার এখানে থেকে যা—”
এইসব ঘটনার কোনও ব্যাখ্যা হয় না। মানুষ কোনও একটা অদ্ভুত কারণে আর একজনের সঙ্গে থাকার সিদ্ধান্ত নেয়। তারা সেই মতো প্রথমে একটা আর্থিক স্থিতি খোঁজে— তারপর আবাসনের। তারা ঘরটাকে নানা দরকারি-অদরকারি জিনিসে সাজায়। তারা ঝগড়া করে, তর্ক করে। এভাবে একটা একসঙ্গে থাকার অভ্যেস তৈরি হয়। মানুষ ধীরে ধীরে সেই প্রাথমিক মুগ্ধতা ভুলে যায় কিন্তু একত্র বাস চলতে থাকে। গড়পড়তা মানুষের জীবনে এটাই ঘটে এবং সবাই এটাই চায়। এর বাইরে কিছু ঘটলে সেটা কথা চালাচালির জন্ম দেয়। কিছু বাইরের লোকের মনোরঞ্জন হয়।
এইসব এলোমেলো ভাবনার মধ্যে দু-চোখের পাতা এঁটে গেছিল সম্পূর্ণার— মায়ের ডাকে ঘুম ভেঙে গেল, “একটু নিচে আসবি সুপু?”
মায়ের এই ডাক আজকাল বড়ো ভয়ংকর লাগে। সম্পূর্ণাকে নিচে আসতে বলার অর্থ কেউ দেখা করতে এসেছে। এই দর্শনাভিলাষী মাসি, কাকিমা অথবা দূর সম্পর্কের বউদি— যারা কেউ বেহালা থেকে আসেন তো কেউ বালি থেকে। এদের সামনে গিয়ে দাঁড়ানো মানে নিজের যোগ্যতাকে দাঁড়িপাল্লায় চড়ানো। প্রথমত তারা ‘শরীর কেমন আছে’ দিয়ে শুরু করেন— তারপর দুর্বারকে হাজারো গালাগাল। তারপর দুর্বারের কোনও এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার ছিল কিনা সেটা জানার চেষ্টা। বদসঙ্গে গিয়ে বিগড়ানোর আরও দু-তিনটে উদাহরণ দেওয়া— মিতুনের ভবিষ্যতের ব্যাপারে দুশ্চিন্তা করা— মোটামুটি এভাবেই এক ঘণ্টা টাইমপাস। মেজো জায়ের দেওরের সাথে তখন বিয়েটা হলে এই দিনটা দেখতে হত না— এমন আফসোস অথবা ‘এমন কি আর বয়স— আর একবার’— জাতীয় উপদেশও দু-একবার সম্পূর্ণার শোনা হয়ে গেছে। শুধু পালপাড়ার বড়ো বউদি বলেছিল, “গ্যামাক্সিন ছড়ালে সেই রাস্তায় চলা যায় না সুপু। পড়াশোনা জানি না— আমাদের উপায় নেই, কিন্তু তোমার তো চাকরি আছে— আমার শাশুড়িকে তো আর এসব কথা বলা যায় না। উনি বলবেন বরকে ঘরে বেঁধে রাখতে পারিনি— সেটাও তো একটা বড়ো কাজ…”
“একটু নিচে চল মা—”
“আজ আবার কে এল?”
মা দরজার মুখ থেকে ফিরে বললেন, “তোর শাশুড়ি— দুর্বারের মা—”
দুর্বারের মা। এই নামটাই ওঁর আসল পরিচয়। মানুষ যে অর্থে শাশুড়ি হয়ে ওঠে উনি তা হননি। ওঁর ইচ্ছে ছিল নিজে দেখেশুনে একমাত্র ছেলের বিয়ে দেবেন। বাস্তবে সেটা হয়নি। ছেলে এমন এক মেয়ে বিয়ে করে আনল যে আবার ঠিকঠাক শাড়িও পরতে জানে না— হোঁচট খায়, কুঁচির জায়গাটা বেঢপ উঁচু হয়ে থাকে।
মনটা একেবারে তিক্ত হয়ে উঠল সম্পূর্ণার। এই মহিলা এখানে কেন? এতদিন পর? মধ্যে তো ফোনও আসেনি। শেষ ফোন এসেছিল দুর্বার ওর সো-কল্ড পাটনা যাবার আগের দিন। মিতুনের সঙ্গে কথাও বলেছিলেন সেদিন। তার মানে উনি জানতে পেরেছিলেন সবকিছু। তার মানে কি দুর্বার ওকে ফোন করেছিল— সব বলেছিল—
কিন্তু রহস্যটা হল এই বাড়ি উনি চিনে এলেন কী করে? উনি তো কোনওদিন বেহালার বাপের বাড়িতে আসেননি। তাহলে সঙ্গে করে কে নিয়ে এল? তার মানে দুর্বার কাছাকাছিই আছে— সুযোগ পেলে মেয়েকে দেখবার বাহানায় ঢুকে আসবে। যে চেষ্টাটা সে গত তিনমাস ধরে করে আসছে— সেটা সফল হবে। সম্পূর্ণার মনে হল ওঁর সঙ্গে তার দেখা করবার কোনও দরকার নেই। একজন গ্রাম্য, অশিক্ষিত মহিলা— কথা বলার ধরন জানেন না— লোককে সম্মান দিতে জানেন না— এইসব লোকের সঙ্গে সম্পূর্ণার সম্পর্ক তো দূর, কোনও যোগাযোগই থাকতে পারে না।
সোফার এককোণে উনি বসে ছিলেন। সামনে বাবা। মা দাঁড়িয়ে আছেন সিঁড়ির সামনে। হঠাৎ দেখলে চিনতে পারা যায় না। অনেকটা রোগা হয়ে গেছেন। চুলগুলো অনেক সাদা। চোখে যেন শ্রান্তির ছাপ।
“এসো বউমা— বসো।”
সম্পূর্ণা সোফার উলটো দিকে বসল। নাইটির ওপর একটা ওড়না চাপিয়ে এসেছে সে। শাড়ি তো দূর— একটা কুর্তি পরারও ইচ্ছে হয়নি। প্রথম দিকে শান্তিপুরে যাওয়ার সময়ে শাড়ি পরে যেতে বাধ্য করত দুর্বার— মা নাকি শাড়ি পছন্দ করেন—
“অসময়ে তোমাদের বিরক্ত করলাম।”
“না না—”
“এদিকে কোনওদিন আসিনি— তাই ভাবলাম যদি দেরি হয়ে যায়— দেখি অনেক আগেই পৌঁছে গেছি।”
“ঠিকানা পেলেন কোথায়? ফোন করলে আমি নিয়ে আসতাম—”
“কেন— জামাই দিতে পারে না—”
“না—” মায়ের মুখের কথা কেটে নিলেন উনি, “তার সঙ্গে কথা হয়নি।” একটু কি শক্ত হল মুখের পেশি? কম আলোয় বোঝা গেল না।
“তোমাদের বিয়ের কার্ডে ঠিকানাটা লেখা ছিল— ওটা দেখে চলে এলাম।”
“কখন পৌঁছেছেন?”
“দুটো নাগাদ— বেল বাজালাম— কেউ খুলল না দেখে ভাবলাম সবাই ঘুমোচ্ছে— তাই চলে গেলাম ওই দিকে।”
“ওই দিকে— মানে কোথায়?”
“ওই তো একটা মন্দির আছে না— ওখানে গিয়ে বসলাম। বেশ গাছপালা আছে— ভালোই কেটে গেল সময়—”
লজ্জায় মাটির সঙ্গে মিশে যেতে ইচ্ছে করছিল সম্পূর্ণার। এই প্রচণ্ড গরমে দু-ঘণ্টা উনি রাস্তায় রাস্তায় ফিরেছেন। অথচ ফোন করেননি। এবার যেন একটু নাড়া খেল সম্পূর্ণা— বলতে বাধ্য হল, “আপনি ওপরে চলুন না— মেয়ে ঘুমোচ্ছে— এসি-ও আছে।”
“আমার আবার অত ঠান্ডা সহ্য হবে না বউমা— জানোই তো ঠান্ডার ধাত। একা থাকি— অসুখবিসুখ না হওয়াই ভালো।”
“দিদি, একটু শরবত আনি— ঠান্ডা জলের না— এমনি যে জল আমরা খাই—”
কী মনে হতে উনি হ্যাঁ বললেন। মায়ের ইশারায় বাবা ‘একটু আসছি’ বলে উঠে চলে গেল। মনে হল এই একান্তটা ওঁরও প্রয়োজন ছিল।
আজ অনেক বছর পর ওঁকে দেখল সম্পূর্ণা। তা প্রায় বছর তিন তো হবেই। শেষ দেখা হয়েছিল দুর্বারের বাবা মারা যাবার সময়। সেই সময় চার দিন শান্তিপুরে থাকতে হয়েছিল। মিতুন তখন খুব ছোটো— হঠাৎ জ্বরে পড়ল ও। ওকে নিয়ে তাড়াতাড়ি কলকাতায় ফিরে এসেছিল সম্পূর্ণা। ফিরে এসে যেন হাঁফ ছেড়ে বেঁচেছিল। তখনও চোখে অবজ্ঞা ছিল। শান্তিপুরেও ভালো ডাক্তার আছে— এমন তির্যক বাক্যও ছিল। কিন্তু কেন কে জানে বিশেষ জোর দিয়ে কিছু বলেননি। তবু আজকে যিনি সামনে বসে আছেন— সে মানুষটা যেন অনেক আলাদা।
এখন ঘরে উনি আর সম্পূর্ণা। নীরবতা। উনি এসেছেন, কাজেই যা বলার ওঁকেই বলতে হবে। সম্পূর্ণা চুপ করে বসে ছিল।
— আমি বেশি লেখাপড়া জানি না বউমা, ভালো করে কথা কইতে পারি না। আমার কথায় কিছু মনে কোরো না। আমার ছেলে যা করেছে তার জন্য আমি ক্ষমা চাইতেও আসিনি, তাকে গালাগালি করতেও আসিনি। দুর্বারের সঙ্গে তোমার কী করা উচিত সেটা তোমার নিজস্ব ব্যাপার। কাজেই ওই বিষয় নিয়ে আমি কথা বলব না। যদি তুমি কিছু বলতে চাও, বলতে পারো। কিন্তু সেক্ষেত্রে আমি শুধু শুনব। আমি বুঝি, একজন মেয়েছেলে হয়ে বুঝি, বুকে অনেক কথা জমেছে— যার নিষ্পত্তি হয়নি। যেহেতু আমি ছেলের মা তাই যদি আমাকে দু-কথা শুনিয়ে তোমার মনের ভার একটু হালকা হয় তাহলে শোনাও। আমি কিছু মনে করব না।
সম্পূর্ণা চুপ করে বসে ছিল। উনি তাহলে, যেমন বলছেন, ছেলের হয়ে সাফাই দিতে আসেননি— তাঁর হয়ে ক্ষমা চাইতেও আসেননি। ছেলেকে তাঁর শ্বশুরবাড়ির ঠিকানাও জিজ্ঞেস করেননি। তাহলে উনি এই ভরদুপুরে কেন এসেছেন?
— আমি আজ তোমার সঙ্গে কিছু নিজের কথা বলতে এসেছি।
— নিজের কথা?
— হ্যাঁ, নিজের কথা। কেন আমার কি নিজের কথা বলে কিছু থাকতে পারে না?
— কেন থাকবে না।
“আমি—” হঠাৎ কাশি পেল ওঁর। জলের বোতল বের করে একটু জল খেলেন। বুকের ওপর হাত বোলালেন, “এই এক উপসর্গ হয়েছে— কথায় কথায় কাশি।”
— ডাক্তার দেখাচ্ছেন না?
— দেখাচ্ছি, ওষুধও খাচ্ছি…
— কলকাতার কাউকে?
“সে পরে হবে, আগে আমার কথা বলি।” কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছিল। আঁচল দিয়ে মুছে নিলেন। ওপরে ফুল স্পিডে ফ্যান চলছে তবু উনি ঘামছেন। “আমি তোমাদের বিয়েটা তখন মেনে নিইনি, হয়তো আজও মানতে পারি না। এইজন্যে নয় যে তুমি খারাপ, তুমি আমার ছেলেকে বশ করেছ— এইজন্যে যে সে আমার কথা ভাবেনি।”
— মানে?
— আমি আমার ছোটোবেলার বন্ধুকে বলেছিলাম, তার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দেব।
এই কথা সম্পূর্ণার অজানা নয়। দুর্বার সম্পূর্ণাকে এসব বলেছিল।
— আমি কিন্তু আমার বন্ধুকে কথা দিইনি, শুধু বলেছিলাম। ওর মেয়েটাকে আমার পছন্দ ছিল। আমি আমার বন্ধুকে কথা দেবার আগে বহুবার দুর্বারকে জিজ্ঞেস করেছিলাম এই বিয়েতে তার মত আছে কি না। সে বলেছিল— আছে।
— তাই?
— হ্যাঁ বউমা, সে বলেছিল আছে। পাকা দেখার দিনও ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু তার আগেই তার সঙ্গে তোমার বিয়ে হল।
এটা সম্পূর্ণার অজানা। দুর্বার এসব তাকে বলেনি। কিন্তু তাও যদি হয়, সেক্ষেত্রে অপরাধ তো দুর্বার করেছে, তার সাজা সম্পূর্ণাকে নিতে হবে কেন?
মা শরবত নিয়ে এলেন। বললেন, “দেখুন, শুধু লেবু দিয়ে বানিয়েছি। চিনিও বেশি দিইনি।”
উনি শরবতে চুমুক দিলেন, “আহা!”
— একটু লুচি বানাই দিদি? কতক্ষণ কিছু খাননি। প্রথম এলেন—
উনি হাসলেন, “পরেরবার নিশ্চয়ই খাব। আজকাল কিছুই সহ্য হয় না, অম্বল হয়ে যায়।”
— তাহলে একটু সন্দেশ আনাই? একটু…
কী মনে হল কে জানে, উনি হ্যাঁ বললেন। মা তড়িঘড়ি বাবাকে ডাকতে চলে গেলেন। সম্পূর্ণার মনে হল ওঁর আরও কিছু বলবার আছে।
“আমাদের পুরোনো দিনের ধ্যানধারণা বউমা। ছেলেকে সাজা দিতে পারিনি, তাকে দুটো কথা শোনাতে পারিনি আর তার ওপরের রাগ তোমার ওপর মিটিয়েছি, অপদস্থ করেছি। আমরা ছোটোবেলা থেকে শাড়ি পরতে শিখেছি, তাই ভেবেছি ওটাই দস্তুর। এখনই তো দেখি সবাই সালোয়ার কামিজ পরছে, তাতে তো পৃথিবী বদলে যাচ্ছে না…” বলতে বলতে আবার কাশি পেল ওঁর। এবার একটু লম্বা। মুখটা লাল হয়ে গেল। একটু যেন শ্বাস নিতে কষ্ট হচ্ছে ওঁর।
— একটা লবঙ্গ খাবেন? কাশিটা কম হবে।
— দাও।
— ওখানকার ডাক্তার ঠিক ওষুধ দিচ্ছে না, আপনি কলকাতায় কাউকে দেখান।
— কে ওসব করবে!
— কেন, আপনার ছেলে।
— আমি তার সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করেছি সম্পূর্ণা।
— মানে?
— মানে আমি তাকে বলেছি, সে যেন কোনোদিন আমাকে ফোন না করে। এমনকী শান্তিপুরে আমার কাছে না আসে।
— কী বলছেন আপনি!
— আমি তাকে বলে দিয়েছি, সে আমার চোখে মরে গেছে।
— কী বলছেন এসব!
— ঠিক বলছি। আমি জানি না তোমাদের ডিভোর্স হয়ে গেছে কি না। সে তুমি যেটা ভালো বুঝবে, সেটা করবে। যদি আমার কথা বলো তাহলে বলব ভাঙা আয়নাকে জোড়া না দেওয়াই ভালো।
সম্পূর্ণা অবাক হয়ে ওঁর কথা শুনছিল। এ কোন মানুষ কথা বলছে! এত দিন ধরে পুত্রগর্বিনী মা, দজ্জাল শাশুড়ি কথা বলতেন, আজ তিনি কোথায়? এই মানুষটা ওই মানুষের বুকে কোথায় লুকিয়ে বসে ছিলেন? কীভাবে একজন আর একজনকে খুঁজে পায়!
— যদি বিশ্বাস না বাঁচে, তাহলে সম্পর্ক বাঁচে না। আমি সারাজীবন দিয়ে এটা বুঝতে পেরেছি। এখন আমার মনে কোনও দ্বিধা নেই।
ঘরে ফ্যানটা ঘুরে যাচ্ছে। বাইরে সূর্য হেলে যাচ্ছে পশ্চিমে। উনি বললেন, “সম্পূর্ণা, আমি তোমাকে কিছু দিতে চাই।”
— কী?
“লোকে নাতিকে দেয়, নাতনিকে দেয়, বলে ভগবানের আশীর্বাদ তোমাকে দীর্ঘজীবী করুক— আমি ওসব বলতে চাই না। আমি সহজ কথা সহজে বলতে চাই।” বলতে বলতে উনি একটা কাগজ বের করলেন, বললেন, “আমি তো সেভাবে কিছু সঞ্চয় করতে পারিনি, শুধু ওই শান্তিপুরের বাড়ি আর আমার বিয়ের সময়কার কিছু গয়না। ওসব তুমি নাও…”
— কী বলছেন কী! ওতে আমার কী অধিকার!
— যতদিন অধিকার ছিল ততদিন তো দিইনি। আজ যখন অধিকার নেই তখন দিতে চাই। দেখছ না আমি তোমাকে বউমা নয়, সম্পূর্ণা বলে ডাকছি! তবে এখন পাবে না। আমি যতদিন বেঁচে আছি ততদিন তুমি ওসব পাবে না। আমি মরে যাবার পর ওখানে যেও। আমার অবর্তমানেই তুমি আমাকে ভালো বুঝতে পারবে।
— মাম্মা!
মিতুনের ঘুম ভেঙে গেছে। নতুন লোককে দেখে সে অবাক হয়ে চেয়ে আছে।
“কী মিতুনরানি, ভালো আছ?” উনি দু-হাত বাড়িয়ে দিয়েছিলেন, তারপর কী মনে হতে নামিয়ে নিলেন।
— ভালো, তুমি কে?
— আমি? আমি তোমার মায়ের বন্ধু। সুপুর বন্ধু।
— দূর! তুমি কত বড়ো!
— কেন, বয়সে বড়ো হলে বুঝি বন্ধু হয় না?
সম্পূর্ণার মনে হচ্ছিল শরীরের ব্যাপারে উনি কিছু লুকিয়ে যাচ্ছেন। বড়ো ক্লান্ত লাগছে ওঁকে, “আপনার ঠিক কী হয়েছে? ডাক্তারে বলেছে কিছু?”
— না, কেন! আসলে বয়স হয়ে গেল তো…
— আপনি সত্যি বলছেন?
উনি হাসলেন— ম্লান হাসি। তাহলে কি দুরারোগ্য কিছু হল ওঁর? অনারোগ্য?
— তেমন দরকার মনে হলে তোমাকে জানাব।
বাবা সন্দেশ নিয়ে এসেছে। উনি একটা খেলেন, তারপর বললেন, “আজ তবে উঠি।”
— কিন্তু আপনার এইসব গয়না, বাড়ি— এসব আমি নিতে পারব না।
— তাহলে কে নেবে?
— এতে যার অধিকার, সে নেবে।
— তার কোনও অধিকার নেই সুপু। তোমরা কেউ জানো না, এই বাড়ি আমার। আমার বাবা এই বাড়ি আমাকে দিয়ে গিয়েছিলেন। এটা তার পৈতৃক নয়, আমার পৈতৃক। আমি ঠিক করব কাকে দিয়ে যাব।
— কিন্তু…
— কোনও কিন্তু নেই সুপু। আমি কোনোদিন তোমাকে ভালোবেসে কিছু দিইনি। ওই যে বললাম, দিতে পারিনি। আজ দিচ্ছি। তুমি নিলে আমার পাপবোধ কিছু কম হবে। আর আমি তাকেও উকিল মারফত এসব জানিয়ে দিয়েছি। তার বন্ধুবান্ধব, আমাদের শান্তিপুরের লোকজন, আত্মীয়স্বজন— সবাইকে জানিয়ে দিয়েছি, আমি মরে যাবার পর এই বাড়ির মালিক হবে সম্পূর্ণা। আমি একজন মেয়েছেলে হয়ে আর একজন ম্যাডামের পাশে দাঁড়িয়েছি। এতে তো কোনও ভাবাভাবির কিছু নেই।
উনি উঠে দাঁড়ালেন। সেই তেজ আর নেই। কিন্তু অবশিষ্টের ছিটেফোঁটা গাছের পাতার ফাঁক দিয়ে পড়ন্ত আলোর মতো গলে পড়ছে। পুরোনো দেবালয়ে যেমন অহংকার প্রদীপের মতো জ্বলে। এখন, কেন জানে না, আর অন্যের সঙ্গে বিতর্কে যেতে ইচ্ছে করছিল না।
সম্পূর্ণা প্রণাম করতে যাচ্ছিল। উনি সরে গেলেন, “না না, প্রণাম কিসের! ভালো থেকো।”
রাস্তায় পৌঁছে উনি একটু দাঁড়ালেন। সূর্য পশ্চিমে হেলে গেছে। সম্পূর্ণার ছায়া ওঁর পায়ের ওপর। সম্পূর্ণা জানে, ভবিষ্যতে ওঁর স্থাবর গ্রহণ না করলেও— এই ছায়া আজীবন প্রণত থাকবে।