শূন্যতার সমীকরণ
মূল গল্প: নাথিং ইকুয়েশন (Nothing Equation)
লেখক: টম গডউইন (Tom Godwin)
অনুবাদ : অর্ক জ্যোতি বসু
ক্রুজারটি আবার হাইপারস্পেসে মিলিয়ে গেল, আর সে একা রয়ে গেল পর্যবেক্ষণ গোলকের ভিতর, ছায়াপথের সুদূরতম নক্ষত্র থেকেও দশ হাজার আলোকবর্ষ দূরে। জানালা দিয়ে সে তাকিয়ে রইল চারপাশের বিশাল শূন্যতার মহাসমুদ্রের দিকে, আর ভাবতে লাগল— তার আগে যে দুজন এখানে পর্যবেক্ষকের দায়িত্বে ছিল, কী এমন বিপদ তাদের এতটা আতঙ্কিত করে তুলেছিল?
একটা ব্যাপার তো পরিষ্কার — সে জানে গোলকটার বাইরে মহাশূন্যতা ছাড়া আর কিছুই নেই। তাকে হত্যা করার জন্য ঘাপটি মেরে বসে আছে, এমন কাউকেই খুঁজে পাওয়া যাবে না। প্রথম পর্যবেক্ষক তো আত্মহত্যা করেছিল, আর দ্বিতীয়জন পৃথিবীগামী ক্রুজারে যখন ফেরত যাচ্ছিল, তখন সে বদ্ধ উন্মাদ। কিন্তু নিশ্চয়ই গোলকের ভিতরের কিছুই এর জন্য দায়ী। বাইরে তো কিছু নেই। নয়তো কে জানে! সবই হয়তো তাদের মস্তিষ্কপ্রসূত কল্পনা।
ভাবতে ভাবতে সে ছোট্ট ঘরটির এ প্রান্ত থেকে অপর প্রান্তে হেঁটে গেল, তার জুতোর চৌম্বকীয় সোল থেকে, গোলকের নীরবতা ভেঙে, পাতলা ধাতব মেঝেতে বেশ জোর আওয়াজ হল। ও পাশে একটাই চেয়ার ছিল। সে চেয়ারে বসল। কৃত্রিম, দুর্বল মাধ্যাকর্ষণের জন্য তার নিজেকে অনেকটাই হালকা লাগছিল। চেয়ারে বসে সে জানা তথ্যগুলো আবার নতুন করে ঝালিয়ে নেবার চেষ্টা করতে লাগল।
এই গোলকটি ছিল পৃথিবীর গ্যালাক্টিক অবজারভেশন ব্যুরো-র একটি প্রকল্প। ছায়াপথের ভেতরে থেকে অনেক কিছু পর্যবেক্ষণ করা সম্ভব নয়। সেসব তথ্য সংগ্রহের জন্য গোলকটিকে এত দূরে এখানে স্থাপন করা হয়েছিল। অতি সংবেদনশীল যন্ত্রগুলোকে ধাতব ভরের প্রভাব থেকে রক্ষা করার জন্য গোলকটিকে যতটা সম্ভব ছোটো আর হালকা করে বানানো হয়েছিল। সেই কারণেই এতে মাত্র একজন পর্যবেক্ষকেরই জায়গা হত।
ব্যুরো প্রথম যাকে পর্যবেক্ষক হিসেবে বেছে নেয়, তার নাম হর্ন। ক্রুজার তাকে সেখানে রেখে গিয়েছিল ছয় মাসের দায়িত্বের জন্য। যখন তার বদলি পর্যবেক্ষককে নিয়ে নির্ধারিত সময়ে ক্রুজার ফিরে এল, তখন তাকে পাওয়া গেল মৃত অবস্থায়। ঘুমের বড়ির অতিমাত্রাজনিত মৃত্যু। টেবিলের ওপর রাখা ছিল তার ডায়েরি, আর তিন মাস আগে লেখা তার শেষ এন্ট্রি:
—আমি অনেকদিন যন্ত্রগুলোর খেয়াল রাখিনি, কারণ ‘ওটা’ আমাদের অত্যন্ত অপছন্দ করে, একেবারেই চায় না আমরা এখানে থাকি। সবচেয়ে বেশি আমাকেই ঘৃণা করে, আর গোলকে ঢুকে আমাকে মারার চেষ্টা করেই যাচ্ছে। যখনই কাজ থামিয়ে কান পাতি, তখনই শুনতে পাই। আমি জানি বেশিদিন বাকি নেই। একদিন সে ঢুকে পড়বে। তাকে আমি খুব ভয় পাই। আমি চাই যখন ও আসবে তখন যেন আমি ঘুমিয়ে থাকি। কিন্তু এটা শিগগিরই করতে হবে কারণ আমার হাতে মাত্র কুড়িটা ঘুমের বড়ি বাকি আছে, আর যদি—
বাক্যটা আর শেষ হয়নি। তাপমাত্রা রেকর্ডকারী যন্ত্র অনুযায়ী, সেই রাতেই তার দেহ থেকে তাপ বিকিরণ বন্ধ হয়ে গিয়েছিল।
গোলকটি আগাগোড়া ভালো করে পরিষ্কার করা হল, জীবাণুমুক্ত করা হল। ভেতরে-বাইরে খতিয়ে দেখা হল। কোনও শত্রুভাবাপন্ন সত্তা বা শক্তির চিহ্নমাত্র পাওয়া গেল না।
হর্নের বদলি ছিল সিলভারম্যান। তারও দায়িত্ব ছয় মাসের জন্য। ছয় মাস পর যখন ক্রুজার ফিরল, সিলভারম্যানের বদলি গ্রিনকে, মানে তাকে নিয়ে, তখন সিলভারম্যান সম্পূর্ণ উন্মাদ। সে বিড়বিড় করে এমন কিছুর কথা বলছিল যা নাকি গোলকের বাইরে তাকে মারার জন্য অপেক্ষা করছিল। সে কী দেখেছিল, হাজার বার এই প্রশ্ন করার পর মোটামুটি যুক্তিসঙ্গত একটি কথাই সে বলে। তা হল:
—কিছুই না—তুমি আসলে ওকে দেখতে পাবে না। কিন্তু তুমি বুঝতে পারবে ও তোমাকে দেখছে। আর শুনতে পাবে যে ও ভেতরে ঢোকার চেষ্টা করছে। তোমাকে মারার জন্য। একবার আমি দেয়ালে ধাক্কা খেলাম আর—ভগবানের দোহাই—আমাকে তোমরা এখান থেকে নিয়ে যাও—আমাকে পৃথিবীতে ফিরিয়ে নিয়ে যাও…
তারপর সে ক্যাপ্টেনের ডেস্কের নিচে লুকানোর চেষ্টা করে। মহাকাশযানের ডাক্তার তাকে সরিয়ে নিয়ে যায়। গোলকটি আবার খুঁটিয়ে পরীক্ষা করা হল। আর ক্রুজারে যত রকম শনাক্তকরণ যন্ত্র ছিল, সব ব্যবহার করে চারপাশের মহাশূন্যে বহু আলোকবর্ষ পর্যন্ত সন্ধান চালানো হল। কিছুই পাওয়া গেল না।
সিলভারম্যানের পর যখন নতুন বদলি হিসেবে তাকে গোলকে পাঠানোর সময় এল, তখন সে ক্যাপ্টেন ম্যাকডাওয়েলের সাথে দেখা করতে গিয়েছিল।
“সব প্রস্তুত, গ্রিন,” ম্যাকডাওয়েল বললেন, “তুমিই পরবর্তী পর্যবেক্ষক।” তারপর ঝাঁকড়া ঝাঁকড়া, ধূসর ভুরু কুঁচকে বললেন, “ওরা নিজেরা বাছাই না করে যদি আমাকেই পর্যবেক্ষক বাছাই করতে দিত, তাহলে ভালো হত।”
গ্রিনের মুখে সামান্য অসন্তোষের ছাপের আভা দেখা গেল। সে বলল, “ব্যুরো আমার বুদ্ধিমত্তা আর চিন্তাশক্তিকে সন্তোষজনক মনে করেছে বলেই তো আমাকে নির্বাচন করেছে, স্যার।”
“জানি রে বাবা। কিন্তু কী, জানো? ওই গুণগুলো তোমার সেখানে একেবারেই দরকার নেই। ওদের পর্যবেক্ষক হিসেবে যা দরকার, তা হল আমার ইঞ্জিনরুমের কোনও অদক্ষ শ্রমিক গোছের কেউ, যে এতটাই অজ্ঞ যে সে ভয় পাবে না, আর এতটাই বোকা যে পাগল হবে না। তাহলে ছয় মাস পর অন্তত একটা সুস্থ রিপোর্ট পেতাম, কোনও উন্মাদের প্রলাপ নয়।”
“আমি বলি কী, স্যার,” সে শক্ত গলায় উত্তর দিল, “যতক্ষণ না সেই ছয় মাস সময় পেরোচ্ছে, ততক্ষণ আপনি সিদ্ধান্তে না পৌঁছালেই ভালো হবে।”
ব্যাস। এইটুকুই সে জানত সেই বিপদ সম্পর্কে, বাস্তব হোক বা কাল্পনিক, যা দুজন মানুষকে পাগলামির দিকে ঠেলে দিয়েছিল। উত্তর খুঁজে বের করার জন্য তার হাতে ছয় মাস সময় থাকবে। ছয় মাসের মধ্যে এতক্ষণে কেটেছে — সে ক্রোনোমিটারের দিকে তাকাল আর দেখল ক্রুজার ছেড়ে আসার পর কুড়ি মিনিট মাত্র কেটেছে। কেন যেন মনে হল অনেক বেশি সময় পেরিয়ে গেছে…
সিগারেট ধরাতে গিয়ে উঠে দাঁড়াতেই তার ধাতব জুতোর তলা থেকে আগের মতোই চমকে দেওয়া জোরালো শব্দ হল। গোলকটি এতই নীরব যে তার বহুদিন আগে পড়া একটা কবিতার একটি শব্দবন্ধ মনে পড়ল, “কবরের স্তব্ধতা।”
আকারেও এটি কবরের চেয়ে খুব একটা বড়ো ছিল না—আঠারো ফুট ব্যাসের একটি গোলক, পাতলা কোনও সংকর ধাতু বা এলয়ের শিট দিয়ে তৈরি। আর বাইরের দিকে সরু শক্তিশালী গার্ডার দিয়ে আড়াআড়িভাবে বাঁধা, যাতে ভেতরের বায়ুচাপ একে ফাটিয়ে না দেয়। যেখানে সে বসে আছে, সেই মেঝেটি গোলকের তলা থেকে ছয় ফুট উঁচুতে, আর নিচের অংশটিতে ছিল বায়ু-পুনর্জননকারী আর বর্জ্য-রূপান্তরকারী যন্ত্র, স্টোরেজ ব্যাটারি, আর খাদ্য-ক্যাবিনেট। যে প্রকোষ্ঠে সে বসেছিল, তাতে ছিল একটা চেয়ার, একটা টেবিল, একটা সরু বিছানা, বাইরের অংশে বসানো যন্ত্রগুলো পরিচালনার জন্য ডায়ালের সারি, একটা দূর-নিয়ন্ত্রণ প্যানেল, একটা মাইক্রোফিল্ম প্রজেক্টর, আর দেয়ালে লাগানো একজোড়া ব্যায়ামের স্প্রিং। এই সব।
যোগাযোগের কোনও উপায় ছিল না, কারণ হাইপারস্পেস কমিউনিকেটর থাকলে তার বিকিরণ সূক্ষ্ম যন্ত্রগুলোকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তবে প্রজেক্টরের সঙ্গে ছিল একটা ছোট্ট মাইক্রোফিল্ম লাইব্রেরি। চাইলে নানা রকম আকর্ষণীয় সিনেমা, ডকুমেন্টারি, এই সব দেখা যাওয়ার ব্যবস্থা। যাতে সময়টা মোটামুটি আনন্দে কাটানো যায়।
কিন্তু একঘেয়েমির ভয় নয়, যে আশঙ্কা তার মনে মাঝে মাঝেই মাথা চাড়া দেবার চেষ্টা করতে শুরু করেছিল তার পেছনে ছিল অন্য কিছু। একঘেয়েমি হর্নকে আত্মহত্যার দিকে ঠেলে দেয়নি, সিলভারম্যানকেও উন্মাদ করেনি—
তার পেছনে হঠাৎ কিছু একটা চড়াৎ করে শব্দ করল, ওই কবরের নীরবতায় যেন বন্দুকের গুলির আওয়াজ। সে লাফিয়ে উঠে ঘুরে দাঁড়াল।
স্পেকট্রাম অ্যানালাইজার যন্ত্র থেকে স্টোরেজ ট্রেতে একটা ধাতব রিল পড়ে গিয়েছিল। আর কিছু নয়।
তার হৃৎপিণ্ড দ্রুত ধুকপুক করছিল। নিজের এই স্নায়বিক দুর্বলতা নিয়ে একটু হাসার চেষ্টা করল সে, কিন্তু সেটা নিজের কাছেই কেমন যেন ফাঁপা আর শুষ্ক শোনাল। গোলকের ভেতরে বা বাইরে এমন কিছু ছিল যা দুজন মানুষকে আতঙ্কে পাগল করে দিয়েছিল। আর এখন যখন সে নিজেই এখানে আপাতত নির্বাসিত, তখন সে আর তাদের ভয়কে নিছক কল্পনার ফল বলে তো উড়িয়ে দিতে পারছে না! তারা দুজনেই তো যুক্তিবাদী, বুদ্ধিমান মানুষ ছিল। তার মতোই, নানা পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে অবজারভেশন ব্যুরোর সাবধানে বেছে নেওয়া পর্যবেক্ষক ছিল তারা।
সে গোলকটি খুঁটিয়ে খুঁজতে শুরু করল। কিছুই বাদ দিল না। নিচের প্রকোষ্ঠে হামাগুড়ি দিয়ে নামার সময় সে একটু ইতস্তত করছিল, তারপর ছুরির সবচেয়ে লম্বা ফলাটা খুলে নিয়ে সেই অন্ধকার কোণগুলো খুঁজতে লাগল। কিছুই পেল না সে, এমনকি একটুকরো ধুলোও না।
আবার চেয়ারে ফিরে গেল। সে প্রথমে যা ভেবেছিল – যে বাইরে কিছুই নেই – সেটা কি ঠিক? ভিতরে তো কিছুই পাওয়া গেল না। তাহলে কি সত্যিই বুদবুদের বাইরে কোনও অদৃশ্য শক্তি বা সত্তা আছে? হর্ন আর সিলভারম্যান দুজনেই বলেছিল “ওটা” তাদের মারার জন্য ভেতরে ঢোকার চেষ্টা করেছিল।
যেটা গ্রিনকে খুব ভাবিয়ে তুলল, সেটা হল যে ওই দুজনেই খুব জোর দিয়ে একথা বলেছিল।
গোলকের দেয়াল ঘিরে ছয়টা জানালা ছিল, বাইরে বসানো যন্ত্র আর ডায়ালগুলো দেখার জন্য। সে একে একে সবগুলোর কাছে গিয়ে বাইরে তাকাল, আর প্রতিটি থেকেই একই দৃশ্য। তাকে ঘিরে আছে এক নীরব, এক অসীম মহাশূন্যতা। তার ছায়াপথ—তার নিজের গ্রহ যার মধ্যে অবস্থিত—এত দূরে যে তার মধ্যের নক্ষত্রগুলো ধূলিকণার মতো দেখাচ্ছিল। অন্য দিকগুলোতে শূন্য এতটাই বিস্তৃত ছিল যে সেই সব ছায়াপথ আর ছায়াপথ-স্তবক তার দিক থেকে ক্ষুদ্র, ম্লান আলোকবিন্দুর মতো দেখাচ্ছিল।
তাকে ঘিরে ছিল এমন এক শূন্যতা যেখানে ছায়াপথগুলোও ছিল নিছক বিন্দুমাত্র…
কে জানে ওখানে কী শক্তি বা বিপদ অপেক্ষা করে আছে?
একটা আলো জ্বলে উঠল, তাকে মনে করিয়ে দিল দায়িত্ব পালনের সময় হয়েছে। কাজটা শেষ করতে এক ঘণ্টা লাগল। যখন তা শেষ হল, তখনও সে অস্থির, ক্ষুধা তেমন নেই। সে দেয়ালের ব্যায়ামের স্প্রিংগুলোর কাছে গিয়ে কিছুক্ষণ ব্যায়াম করল। ক্লান্ত হয়ে ঘেমে গেল, কিন্তু অন্তত সামান্য ক্ষুধাবোধ হল। দিন কেটে গেল, তারপর আরেকটা দিন। সে আবার গোলকের ভেতরটা খুঁজল, একই ফল। তখন সে প্রায় নিশ্চিত হয়ে গেল। গোলকের ভিতরের বিপজ্জনক কিছুই নেই।
কাজ, অবসর আর ঘুমের একটা রুটিন সে তৈরি করল। সেই রুটিন অনুযায়ী প্রথম সপ্তাহটা মোটামুটি কেটে গেল—শুধু মনের মধ্যে একটা কুরে-কুরে খাওয়া দুশ্চিন্তা ছাড়া। যে জানালার বাইরে অদৃশ্য কিছু লুকিয়ে আছে।
তারপর একদিন একটা ঘটনা ঘটল। সে অন্যমনস্ক ছিল। তার ধাতব জুতোর ডগা দিয়ে দেয়ালে একটা লাথি লেগে গেল। শব্দটা এমন হল যেন টান-টান করে বাঁধা টিনের কোনও অংশে লাথি মারা হয়েছে, আর মনে হল আঘাতের ফলে সেটা টিনের মতোই একটু ডেবে গেল। তখনই প্রথমবার সে বুঝতে পারল এটা কত পাতলা—কতটা মারাত্মকভাবে পাতলা। গোলকটির বিশদ বিবরণ তাকে আসার আগে পড়তে হয়েছিল। সেই অনুযায়ী, তার মনে পড়ল যে এই দেয়ালটা মাত্র এক ইঞ্চির ষোলো ভাগ পুরু। কার্ডবোর্ডের মতোই পাতলা।
পেন্সিল আর কাগজ নিয়ে সে বসে হিসাব করতে লাগল। গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল ১,৪৬,৫০০ বর্গ ইঞ্চি, আর ভেতরের বায়ুচাপ প্রতি বর্গইঞ্চিতে চোদ্দো পাউন্ড। অর্থাৎ পাতলা ধাতব খোলসটি মোট ২০,৫১,০০০ পাউন্ড চাপ ধরে রেখেছিল। বিশ লক্ষ পাউন্ড! মানে প্রায় সাড়ে নয় লক্ষ কেজি বায়ুচাপ!
অর্থ এই দাঁড়াচ্ছে যে, যে গোলাকার বস্তুটিতে সে বসে আছে, সেটা আসলে একটা বোমা। পাতলা ধাতুর যেকোনো অংশ দুর্বল হয়ে পড়ামাত্র বিস্ফোরিত হওয়ার জন্য তা অপেক্ষমাণ।
বলা হয়েছিল যে দেয়ালটা এমন এক সংকর ধাতু দিয়ে তৈরি যা অত্যন্ত মজবুত। তার নিরাপত্তা-গুণাঙ্ক অনেক বেশি। কিন্তু সে বিশ্বাস করতে পারছিল না। এত পাতলা কোনও ধাতু এত শক্তিশালী হতে পারে? পৃথিবীতে নিরাপদে বসে থাকা ইঞ্জিনিয়াররা উচ্চ নিরাপত্তা-গুণাঙ্কের কথা বলতেই পারে, কিন্তু তার জীবন নির্ভর করছিল সেই ভঙ্গুর দেয়ালটা ফাটবে কি না তার ওপর। অনেক তফাত ভাই, অনেক তফাত তাতে।
পরদিন তার মনে হল ব্যায়ামের স্প্রিংটা যে হুকে আটকানো, সেটা দেয়ালের ওয়েল্ড করা জায়গাটা থেকে খানিকটা ফাটল ধরে আলগা হয়ে গেছে। সে হুকের গোড়াটা খুঁটিয়ে দেখল। একটা সূক্ষ্ম চুলের মতো ফাটল দেখা যাচ্ছে না?
সে পাতলা দেয়ালটিতে কান পাতল। কোনও শোঁ-শোঁ শব্দ আছে কি? হাওয়া লিক করার? তখনও ছিল না, কিন্তু যে কোনও মুহূর্তে শুরু হতেই পারে। জানালা দিয়ে সে সেই সীমাহীন শূন্যতার দিকে তাকাল। তার গোলকে বাতাসের সরবরাহ খুবই সীমিত, সামান্য। সেই স্বল্প জোগানটুকুও শুষে নেওয়ার জন্য সেই শূন্যতা যেন লোলুপদৃষ্টিতে অপেক্ষা করে আছে। গ্রিন ভাবল সেইসব দিনের কথা যখন সে সর্বশক্তি দিয়ে স্প্রিংগুলো টেনে টেনে ব্যায়াম করেছিল আর ঝাঁকিয়েছিল। বুঝতেই পারেনি কতটা ক্ষতি সে করছে।
এটা মনে হতেই সারাদিন তার পেটের ভেতর একটা অসুস্থ অনুভূতি হতে লাগল। সে বারবার ফিরে গেল হুকের চারপাশের সেই চুলের মতো দাগটা পরীক্ষা করতে। পরদিন সে আরও গুরুতর একটা বিপদের আশঙ্কা আবিষ্কার করল। গোলকটির পাতলা খোলসটি, বাইরের অংশটি শক্তিশালী করার জন্য যে গার্ডারগুলো ছিল, তার সঙ্গে স্পট-ওয়েল্ড করা ছিল। এই ধরনের ওয়েল্ডিং প্রায়ই একটা শক্ত, ভঙ্গুর দাগ তৈরি করে যা ক্রমাগত নড়াচড়ার ফলে শীঘ্রই জমে যায়। ঘরের মধ্যে তার কাজ আর ঘুমের সময়ের মধ্যে সামান্য তাপমাত্রার পার্থক্য তো থাকত-ই। এর ফলে প্রতিদিন খোলসের সংকোচন-প্রসারণ ঘটত। বিশেষত যখন সে ছোটো রান্নার বার্নারটা ব্যবহার করত।
সে যেকোনো কাজে বার্নার ব্যবহার বন্ধ করে দিল, আর শুরু করল দেয়ালের প্রতিটি ইঞ্চি প্রতিদিন পরীক্ষা করার কাজ। যেসব ওয়েল্ডিং-স্পট দুর্বল মনে হত সেগুলো সাদা চক দিয়ে চিহ্নিত করতে লাগল। প্রতিদিন সে আরও বেশি চিহ্নিত করার মতো জায়গা খুঁজে পেতে লাগল। খুব তাড়াতাড়ি ছোটো ছোটো সাদা বৃত্তগুলো সমস্ত দেয়ালজুড়ে ছড়িয়ে পড়ল। যেদিকেই সে তাকাক না কেন, ভিতরে শুধু ছোটো ছোটো, সাদা সাদা বৃত্ত।
দেয়াল পরীক্ষা না করার সময়টুকুতে সে অনুভব করত জানালাগুলো যেন তাকে দেখছে, শীতল তাদের দৃষ্টি। যেন আত্মরক্ষার তাগিদেই সে সেগুলোর কাছে গিয়ে শূন্যতার দিকে পালটা তাকিয়ে থাকত।
এই যে মহাকাশ, সেটা এত অচেনা; এত শীতল, এত মারাত্মক, এক অদ্ভুত অচেনা জগৎ তার কাছে। সে যেন হিংস্র এক শূন্যের সমুদ্রে জীবনের ক্ষুদ্র একটি স্ফুলিঙ্গ, তাকে সাহায্য করার কেউ নেই। বাইরের শূন্য অপেক্ষা করছিল দিনরাত, দেয়ালের সামান্যতম চিড় বা ফাটলের জন্য। সেই শূন্য, যা আরম্ভহীন সময় থেকে অপেক্ষা করে আসছে, আর অপেক্ষা করবে অন্তহীন সময় পর্যন্ত।
কখনও কখনও সে দেয়ালে আঙুল ছুঁইয়ে ভাবত, মৃত্যু ওখানে, মাত্র এক ইঞ্চিরও এক ক্ষুদ্র ভগ্নাংশ দূরে। তার প্রথম দিককার আশঙ্কা এখন একটা অন্ধকার, ভয়ংকর দৃঢ়বিশ্বাসে পরিণত হল। গোলকটি আর বেশিদিন এই আক্রমণ প্রতিরোধ করতে পারবে না। যতদিন টেকা উচিত ছিল, তার চেয়ে বেশি সময় এটা ইতিমধ্যেই টিকে গেছে। বিশ লক্ষ পাউন্ড চাপ বাইরে যেতে চাইছে, আর আন্তঃছায়াপথীয় শূন্যের সমস্ত শোষণকারী শক্তি ভেতরে ঢুকতে চাইছে। আর মাঝখানে শুধু ভঙ্গুর ওয়েল্ডিং-দাগে পচে যাওয়া ধাতুর একটা পাতলা খোলস।
ওটা ভেতরে ঢুকতে চায়—শূন্য ভেতরে ঢুকতে চায়। তখন সে বুঝল, হর্ন আর সিলভারম্যান পাগল হয়নি। ওটা ভেতরে ঢুকতে চায়, আর একদিন ঢুকবেই। যখন ঢুকবে, তখন সে বিস্ফোরিত হবে, তার নাড়িভুঁড়ি আর ফুসফুস ছিঁড়ে বেরিয়ে আসবে। যতক্ষণ তা না ঘটে, যতক্ষণ না ওটা গোলকটাকে ভরে ফেলে, তার ছিন্নভিন্ন হয়ে যাওয়া বীভৎস শরীরটাকে ঘিরে না ফেলে, ততক্ষণ ওটা সন্তুষ্ট হবে না…
সে অনেক আগেই চুম্বকীয় জুতো পরা ছেড়ে দিয়েছিল, ভয় পেয়েছিল যে তার কম্পন গোলকটাকে আরও দুর্বল করে ফেলবে। এখন সে এমন কিছু জায়গা লক্ষ করতে শুরু করল যেগুলো ঠিক অবতল মনে হচ্ছিল না, যেন রোলিং মিল সেই জায়গাগুলোয় ধাতুকে চাপ দিয়ে বেশি পাতলা করে ফেলেছে, আর সেটা বেলুনের মতো বাড়তি ফুলে যাচ্ছে।
সে আর মনে করতে পারছিল না শেষ কবে যন্ত্রগুলোর দিকে খেয়াল করেছিল। তাকে ঘিরে থাকা বিপদ ছাড়া আর কিছুই জরুরি নয়। সে জানত বিপদ দ্রুত বেড়ে চলেছে, কারণ যখনই সে দেয়ালে কান পাতত, তখনই শুনতে পেত প্রায়-অশ্রুত টিকটিক আর কম্পন। গোলকের খোলসটা সংকুচিত বা প্রসারিত হত, আর শূন্য, তার শূন্য আঙুল দিয়ে টোকা দিতে দিতে হাতড়াতে থাকত। এমন কোনও ত্রুটি বা ফাটল খুঁজতে যাকে সে ছিঁড়ে একটা ছিদ্রে পরিণত করতে পারে। ব্যাস, সেটা হয়ে গেলেই এক ভয়ঙ্কর পরিসমাপ্তি!
জানালাগুলোই ছিল সবচেয়ে খারাপ, শূন্য যেখান দিয়ে দিনরাত তার দিকে তাকিয়ে থাকত। এর থেকে পালানোর কোনও উপায় ছিল না। সে পরিষ্কার বুঝতে পারত যে ওটা তাকে প্রচণ্ড বিদ্বেষী আর একইসাথে একধরনের তৃপ্ত দৃষ্টি দিয়ে একটানা দেখছে। এমনকি যখন সে হাতে চোখ ঢেকে রাখত, তখনও সেই দৃষ্টি সে অনুভব করতে পারত।
একটা সময় অবশ্যম্ভাবী ভাবেই এল একদিন। আর এই যন্ত্রণা সে সহ্য করতে পারবে না। বিছানার একটা কম্বল ছিল, সেটা আর তার বাড়তি সব পোশাক-আশাক দিয়ে সে টেবিল থেকে প্রথম যন্ত্র-প্যানেল পর্যন্ত একটা তাঁবুর মতো বানাল। তার নিচে হামাগুড়ি দিয়ে ঢুকে দেখল, আরে! একটা জানালার নিচের অর্ধেক তো এখনও তাকে দেখতে পাচ্ছে! পরনের জামাকাপড় খুলে সে জানালা ঢাকার কাজটা শেষ করল। সেই আচ্ছাদিত অন্ধকারে লুকিয়ে থেকে সে অনেকটাই ভালো বোধ করল। এখানে শূন্য তাকে দেখতে পাবে না।
উলঙ্গ থাকতে তার আপত্তি ছিল না—গোলকের তাপমাত্রা নিয়ন্ত্রক যন্ত্রের জন্য কখনওই খুব একটা ঠান্ডা লাগত না।
তারপর থেকে তার সময়ের কোনও ধারণা রইল না। শুধু প্রয়োজনে তাঁবুতে আরও খাবার আনতে সে হামাগুড়ি দিয়ে চুপিচুপি বের হত। সে তখনও শুনতে পেত বাইরের শূন্য টোকা দিয়েই চলেছে, দিয়েই চলেছে আর শুষে নেওয়ার জন্য ছিদ্র খুঁজে যাচ্ছে অনবরত, তার কাছে পৌঁছানোর জন্য। সে চেষ্টা করত তার তাঁবুর বাইরে বের হওয়াগুলো যতটা সম্ভব সংক্ষিপ্ত রাখতে, চাইত যেন তাকে একদমই বের হতে না হয়। হয়তো যদি সে অনেকদিন তাঁবুতে লুকিয়ে থাকতে পারে, কোনও শব্দ না করে, তাহলে ওটা ক্লান্ত হয়ে চলে যাবে…
কখনও কখনও সে ক্রুজারের কথা ভাবত। চাইত তারা এসে তাকে নিয়ে যাক। কিন্তু বেশিরভাগ সময় সে ভাবত সেই জিনিসটার কথা যেটা বাইরে আছে, তাকে মারার জন্য ভেতরে ঢোকার চেষ্টা করছে। যখন মানসিক চাপ খুব বেশি হয়ে যেত, তখন সে মায়ের গর্ভে যেমন অবস্থানে একদা ছিল, ঠিক সেভাবে গুটিয়ে যেত। ভান করত যেন সে কখনও পৃথিবী ছেড়ে আসেইনি। ওখানে সবকিছু কত সহজ ছিল!
কিন্তু সবসময়, তার ভাবনাপ্রবাহ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই, গোলক টিকটিক করত বা ফিসফিস করত, আর সে আতঙ্কে জমে যেত, ভাবত, এই শেষ! এবার ওটা ঢুকছে…
তারপর একদিন, হঠাৎ, দুজন লোক তার তাঁবুর নিচে উঁকি দিয়ে তাকে দেখল। তাদের একজন বলল, “হে ঈশ্বর—আবার!” সে ভাবল, আবার মানে? কী বোঝাতে চাইছে লোকটি? যাই হোক, তারা তার সঙ্গে খুবই ভালো ব্যবহার করল, তাকে জামাকাপড় পরতে সাহায্য করল। পরে, ক্রুজারে, সবকিছু ঝাপসা লাগছিল। ওরা বারবার জিজ্ঞেস করছিল সে কী নিয়ে ভয় পাচ্ছে।
—কী ছিল সেটা—তুমি কী খুঁজে পেলে?
মাথাটা তালগোল পাকিয়ে যাচ্ছে কেন? সে খুব চেষ্টা করল ভাবার, যাতে ঠিকমতো ব্যাখ্যা করতে পারে। “সেটা ছিল—সেটা ছিল শূন্য।”
“তুমি আর হর্ন আর সিলভারম্যান কী নিয়ে ভয় পেয়েছিলে—সেটা কী ছিল?” একটা কণ্ঠস্বর জোর দিয়ে জিজ্ঞেস করেই যাচ্ছিল।
“আমি তো বললাম,” সে বলল, “শূন্য, নাথিং।”
তারা তার দিকে তাকিয়ে রইল, আর ঝাপসা ভাবটা একটু কমতে সে বুঝল তারা বুঝতে পারছে না। সে চাইছিল তারা তাকে বিশ্বাস করুক, কারণ যা সে বলছিল তা তো সম্পূর্ণ সত্য।
—ওটা আমাদের মারতে চেয়েছিল। দয়া করে—আচ্ছা, আপনারা কি বিশ্বাস করতে পারছেন না? ওটা গোলকের বাইরে অপেক্ষা করছিল আমাদের মারার জন্য।
কিন্তু তারা শুধু তাকিয়েই রইল, আর সে বুঝল তারা বিশ্বাস করছে না। তারা বিশ্বাস করতেই চাইছিল না…
সবকিছু আবার ঝাপসা হয়ে গেল, আর সে কাঁদতে শুরু করল। ডাক্তার যখন তার হাত ধরে তাকে নিয়ে গেল, সে খুশিই হল…
গোলকটি ভেতরে-বাইরে খুঁটিয়ে পরীক্ষা করা হল, আর কিছুই পাওয়া গেল না। গ্রিনের বদলি লারকিনকে পাঠানোর সময় এলে লারকিন ক্যাপ্টেন ম্যাকডাওয়েলের সাথে দেখা করতে গেল।
“সব প্রস্তুত, লারকিন,” ম্যাকডাওয়েল বললেন, “এবার তোমার পালা। আমার শুধু জানতে ইচ্ছে করে বিপদটা আসলে কী।” তিনি ভুরু কুঁচকালেন। “আমি এখনও মনে করি ছয় মাস পরে তোমার কাছ থেকে যে প্রলাপ পাব, আমার ইঞ্জিনরুমের যে কোনও অদক্ষ শ্রমিক তার চেয়ে ভালো, একটা যথাযথ রিপোর্ট দিতে পারত।”
তার মুখ লাল হয়ে উঠল, শক্ত গলায় সে বলল, “আমি বলব, স্যার, যতক্ষণ না সেই সময় আসে ততক্ষণ আপনি সিদ্ধান্তে না পৌঁছালেই ভালো।”
ক্রুজারটি আবার হাইপারস্পেসে মিলিয়ে গেল, আর সে একা রয়ে গেল পর্যবেক্ষণ গোলকের ভিতর, ছায়াপথের সুদূরতম নক্ষত্র থেকেও দশ হাজার আলোকবর্ষ দূরে। জানালা দিয়ে সে তাকিয়ে রইল চারপাশের বিশাল শূন্যতার মহাসমুদ্রের দিকে, আর আবার ভাবতে লাগল—তার আগে যে তিনজন এখানে ছিল, কী এমন বিপদ তাদের এতটা আতঙ্কিত করে তুলেছিল?
একটা ব্যাপার তো পরিষ্কার — সে জানে গোলকটার বাইরে মহাশূন্যতা ছাড়া আর কিছুই নেই। তাকে হত্যা করার জন্য কিছুই সেখানে অপেক্ষা করে বসে নেই।
(অনুবাদকের টীকা: অতিশূন্য বা হাইপারস্পেস – যার ভিতর গতির কোনও উচ্চতম সীমা থাকে না, অন্যত্র যা ভৌত বিজ্ঞানের নিয়ম অনুযায়ী আলোর গতিবেগের বেশি হতে পারে না)