শাদা
কুন্তল মুখোপাধ্যায়
শাদা পাতা তোমাকে কি সত্য কিছু বলে? বলে শূন্য
কিছু না থাকার শূন্য, শব্দ নেই রোদ নেই
উড়ে যাচ্ছ হা হা শূন্যতায়…
ওই শুভ্র পাতা থেকে এক আঁজলা জল নিয়ে
তোমার দুহাতে ধরে দেখো…
কিছুক্ষণ পরে
করপুটে অনন্ত দুপুর
তোমার আঙুলগুলি বিকেলের হাঁস