বুড়ো
অরিন্দম গঙ্গোপাধ্যায়

— অ্যাই, ওদিকে কে রে? সামনে এসে দাঁড়া বলছি! 

শালা কমল মিত্তিরের মতো গলা পুরো। নইলে লোকটাকে আগেই মেপে নিয়েছিল রতন। শুড্ডা বুড়ো একটা, মাথার পাতলা চুল ইস্পাতের মতো শাদা, হিলহিলে। শরীরটাও, যেন সব মেদ কাবাড়িওলা ডেকে সের দরে বেচে এসেছে। মানুষটা সপ্তাহে এক-দুবার একটা থলি হাতে বের হয়, মদনের দোকান অব্দি টুকটুক করে হেঁটে যায়, মদন খাতির করে বসায়, জিনিসপত্র থলেয় ভরে সঙ্গে লোক দিয়ে পাঠায়। মদনের মতো মান্যমান ব্যবসায়ী, হাওলাতদার খাতির করে মানে শাঁসালো পার্টি। যতই পুরনো পোড়ো বাড়ির একটেরে পড়ে থাকুক। কিন্তু এমন মেঘের মতো গলার আওয়াজ রতন আগে শোনেনি কখনও। 

— কী হল? বলছি না সামনে আসতে? 

এই শালার কমল মিত্তিরই যত নষ্টের গোড়া। যে কনফিডেন্স নিয়ে চুরি করতে ঢুকেছিল, এখন তার রতি-খানেকও পড়ে আছে কি না সন্দেহ। অবশ্য ঠিক স্বেচ্ছায় চুরির মতলবে এসেছে তাও না। অজানা ফোন নম্বরটা থেকে শাসিয়ে যাচ্ছে গত কদিন ধরে। সেই কোভিডের সময় একটা দোকান ভেঙে ক্যাশ হাতিয়েছিল। সে একা নয়, কলের মিস্তিরি গৌরহরিও ছিল, প্ল্যানটা তারই। কী করে জানি সেইসব সিসিটিভির ছবি-ছাবা লোকটার কাছে পৌঁছে গেছে। তার কাজ করে না দিলে সমূহ বিপদ। 

— মহাদেব ওস্তাদের সেরা শাগরেদ হচ্ছ তুমি। পারব না বললে শুনছি না। আর ও ছবি-ছাবা তো রইলই। থানায় পাঠিয়ে দিলে কিছু একটা ঘটতে কতক্ষণ? 

লোকটার গলা যেন তেল মাখানো আছোলা বাঁশ একপিস। 

আপাতত কাঁপা-কাঁপা হাঁটু নিয়ে সে দরজার সামনে এসে দাঁড়াল। 

— অঃ তুই! তা অমন চোরের মতো ছোঁকছোঁক করছিলিস কেন? আপাদমস্তক তাকে জরিপ করে বুড়ো। এবার অনেক নরম তার গলা। 

রতন না বুঝেই সম্মতিসূচক মাথা নাড়ে। বুড়োটা চিনে ফেলেছে, এ তো ভারি ফ্যাসাদ হল। 

— তবে সঙের মতো দাঁড়িয়ে না থেকে দেওয়ালের কুলুঙ্গি থেকে ওই বাক্সটা নিয়ে আয় না। দেখছিস না গেঁটেবাত, গেঁটেবাতেই খেল আমারে। 

রতনের ধুকপুক বেড়ে যায়, কুলুঙ্গির বাসকো মানেই হিরে মোতি পান্না… মানে সেরকমই তো বইতে লেখা থাকে। সে তাড়াতাড়ি করে বাক্সটা নিয়ে এসে বুড়োর হাতে দিল। তারপর বুড়োর ঘাড়ের কাছে দাঁড়িয়ে পড়ল, যাতে বাসকো খুললেই ভেতরের মালপত্তর সব জরিপ করে ফেলা যায়। রতনের তো চোখেই এক্স-রে। 

বুড়ো আস্তে আস্তে বাক্সটা খুলতেই একটা ঝাঁঝালো গন্ধে ঘর ভরে গেল। রতন দেখল বাক্সভরতি ছোটো ছোটো শিশিতে তরল কিছু ভরা। বুড়োটা আতিপাঁতি করে হাত চালিয়ে একটা শিশি বের করে হাতে নিয়ে কী যেন ভাবল। তারপর বলল, 

— ভালোই হয়েছে তুই এসেছিস। তা সদরটা দিয়ে এসেছিস তো, নইলে ভুলো কুকুরটা এসে ছিষ্টি নোংরা করবে। 

— আমি, মানে…। 

— মানে আবার কী? এখন রাঁধতে পারিস? কালিয়া-পোলাও না, দুটো ভাতে-ভাত হলেই চলবে। 

রতন উদাস মনে ভাবে, সে আর পারিনে? হাত পুড়িয়ে খেতে আপত্তি করলে আমাদের চলে? কিন্তু আজকাল ঘরে তো চালও বাড়ন্ত। 

— আবার কী ভাবতে বসলি? দে না দুটো চালে-ডালে চড়িয়ে। তোর জন্যও নিস। 

ততক্ষণে আমি শালার গেঁটেবাতের ব্যবস্থা করি। বলেই সেই বদগন্ধ তেলটা পায়ে মালিশ করতে লেগেছে বুড়ো। রতন গুটি গুটি পায়ে রান্নাঘর পানে চলে। চুরি করতে এসে কী ছিদ্দত পোয়াতে হচ্ছে তা মহাদেব ওস্তাদ যদি দেখত। 

কিন্তু বুড়োটা তাকে শুধু লক্ষই করেনি, জন্মকুণ্ডলী ইস্তক পড়ে ফেলেছে। কী কুক্ষণেই যে… 

সেই বিকেল বেলায় ঘুঘুর মতো ঢুকেছিল আর এখন সন্ধে সাতটা হল। দেখা হয়ে গেছে, খালি ঘর সারি সারি, ছুঁচোর নাদিতে ভর্তি। মিথ্যেই লোকে বলে ঘোষাল বাড়ি মরা হাতি। বাড়িতে একটা আধলাও নেই। কোথায় সেই আলমারিতে রাখা কুমিরের চামড়ার ব্যাগ! অথচ অজানা নম্বর আজ সকালেও হুমকি দিয়েছে, ব্যাগ উদ্ধার করে দিতে হবে। ধুরো, কোথায় কী! 

বরং ভাতের ব্যাপারটা ইন্টারেস্টিং। বুড়ো তাকেও খেয়ে যেতে বলছে। কদিন ধরে বিকাশের গুমটিতে ধারে চা আর লেড়ো বিস্কুট খেয়ে কাটছে। আর টিউকলের জল। এ অবস্থায় ভাতে ভাত মানেও জামাই ষষ্ঠীর নেমন্তন্ন। 

কথাটা মনে হতেই ফিক করে হাসল রতন। জামাই-ই বটে, বউটা পালিয়েছে। কানাঘুষোয় শোনা যাচ্ছে কলের মিস্তিরি গৌরহরির নাম। সেও বেপাত্তা কদিন হল। কিন্তু রতন জানে, বউয়ের মানে, মিনতির আর কোনও দোষ নেই। কেবল খিদের জ্বালা সহ্য করতে পারে না। তাই নিয়ে অশান্তি। দোকান-ভাঙা টাকায় আর কদিন চলবে! তবে, একদিকে, আপদ গেছে। দুটোর বদলে একটা লেড়ো কিনলেই তার চলে যাচ্ছে। তাই বলে গৌরহরি যতই পেরোচনা দিক, চুরি-চামারি করতে তার মন সয় না আজকাল। 

মাঝে মাঝে যে মন খারাপ হয় না, তা নয়। হাজার হোক বিয়ে করা ইস্তিরি। ঘরে মেয়েরা থাকলে এট্টা লক্ষ্মীশ্রী থাকে। সেই কবে তাকে বিয়োতে গিয়ে মা মরেছে রতনের। বাপটা আর বিয়ে করেনি, তাকে পালেছে। যতদিন পেরেছে বাপ কামকাজ সেরে এসে রান্না চড়াত। বর্ষায় কাঠকুটো ভিজে থাকলে ফুঁ দিত, হাওয়া করত আঁচ বাড়ানোর জন্য, ক্লান্ত হয়ে পড়লে বলত, ও রতন, বাপ আমার, হাওয়া কর দিনি। রতন তখন থেকেই মহাদেব ওস্তাদের কাছে যাতায়াত শুরু করেছে। বাপ জানত না, জানলে অনর্থ করত। 

২ 

অনেকদিন বাদে ভরপেট খেয়ে চোখ জড়িয়ে আসছিল রতনের। এ বাড়ির রান্নাশাল অনেক দূর, আজকাল পরিত্যক্ত। বুড়োর শোওয়ার ঘর আর বাথরুমের মাঝখানে প্যাসেজে রান্নার বন্দোবস্ত। গ্যাস আছে, তবে বাকি ব্যবস্থা খুবই সাধারণ। সীতাশাল-টাল না, এমনি মিনিকিট চাল। মাটির হাঁড়িতে মুসুর ডাল, সবজি বাড়ন্ত। রতন সব দেখেশুনে বুদ্ধি করে হাঁড়ি চড়ানোর সময় ক’টা আলু ফেলে দিয়েছিল। চমৎকার ভাতে ভাত হয়ে গেল। বুড়োটা পর্যন্ত হাত চেটে খেল। এই কদিন নাকি মুড়িতে জল ঢেলে খেয়েছে। ভাত পেটে পড়তেই তার রোয়াব অন্যরকম। বলে, লুডু খেলবি নাকি এক হাত। হতভম্ব রতন মাথা নাড়ে। কুমিরের চামড়ার ব্যাগের সন্ধানে ঢুকে সে আরেক কুমিরের দাঁতে আটকা পড়েছে নাকি! ঘরে একটা আলমারি আছে বটে, কিন্তু বুড়ো না ঘুমোলে সে ছানবিন করে কীভাবে! 

— কী হল, ওই তো টেবিলে লুডুর বোর্ড। নিয়ে আয়, কোথায় আর বসবি, এই বিছানাতেই বোস। 

কী খেলা হবে তা নিয়ে আরেকপ্রস্থ টানাটানি চলল। রতনের পছন্দ চার ঘরের লুডো। বুড়োর পছন্দ সাপলুডো। বুড়োরই জয় হল। রতন বিরসমুখে পুট ফেলবার চেষ্টা করতে লাগল। বুড়ো চার-পাঁচ বার সাপের মুখে পড়ে হিহি করে হাসল। মানে কমল মিত্তিরের পক্ষে যতটা হিহি সম্ভব। খেলা তাড়াতাড়ি শেষ করার কোনও ইচ্ছেই নেই তার। সেইজন্যই সাপলুডো, খালি সাপের মুখে পড়া। 

রতন একটা ছক্কার দানে দুই ফেলে সেটাকে এক বলে চালানোর চেষ্টা করতেই বুড়ো ধরে ফেলল, ফের চোট্টামো! দ্যাখ রবি, আমার সঙ্গে তঞ্চকতা চলবে না বলে দিচ্ছি। 

তখনই বুড়োর মোবাইল বেজে উঠল। 

ইংরেজিতে ইট-মিট-ফুট শুরু করে দিল বুড়ো। অন্যধারের গলাটা কিছু বোঝাচ্ছে ব্যাকুল হয়ে। বুড়ো অচঞ্চল। কিন্তু রতন বুঝতে পারছিল বুড়োর পারা চড়ছে আস্তে আস্তে। আচ্ছা, অন্যধারের গলাটা কেমনধারা লাগে যেন। চেনা কি? 

কিন্তু সেসব নিয়ে ভাববার সময় কই! রতন এক মুহূর্ত শ্বাস বন্ধ করে ভাবে রবি তো তার বাপের নাম! তবে কি বুড়ো তাকেই পুরনো বন্ধু বলে ভুল করেছে? তাদের চেহারায় মিল আছে বটে। তবে বাপ আর এই বুড়ো পরস্পর বন্ধু ছিল! রতনের বিশ্বাস হয় না ঠিক। ফ্যালফ্যাল করে চেয়ে থাকে। আবার মনে পড়ে ছেলেবেলায় এই ঘোষালবাড়ির হাতা থেকে আম-কাঁঠাল তুলে নিয়ে গেলে বাপটা একদম তেলেবেগুনে জ্বলে উঠত। চোর কাঁহিকা বলে নিজের বেটাকেই কুষত রবি ছুতোর। 

রতন মনে মনে হাসত, সে মহাদেব ওস্তাদের কাছে যাচ্ছিল তখন। মিনতি, ওস্তাদের মেয়ে চোদ্দ-পনেরো। চাপা রঙে কাটা-কাটা মুখ-চোখ, প্রথমেই পরাণটা চুরি হয়ে গেছিল রতনের। 

তাছাড়া ঘোষাল বাড়ির জন্য বাপের এত কিসের পিরিত ঠাহর পেত না ঠিক। তা কোভিড-কালে বাপটাও চলে গেল। এখন আর জানবার কোনও উপায় নেই, রতন ভাবে। 

— তোরা আমাকে আর জ্বালাতন করিসনে। না পারলে আসিস না। ইংরেজির তুফানের মাঝখানে কাঠখোট্টা বাংলায় খেঁকিয়ে কলটা কেটে দিল বুড়ো। 

এরপর আর খেলা জমল না। বুড়ো সাত-পাঁচ কী ভাবল খানিক। তারপর বলল, তুই আর এত রাতে কোথায় যাবি। এখানেই শুয়ে পড়। 

রতন প্রায় আঁতকে ওঠে আর কি। একটা অব্যক্ত আপত্তি তার মুখে চলে আসে। বুড়ো সেটা লক্ষ করে বলে, পাশের ঘরে বালিশ, চাদর, পাটি রাখা আছে তক্তপোশে। নিয়ে এসে মেঝেতেও শুতে পারিস। থেকেই যা না রে, ক’টাদিন। আর হাত পুড়িয়ে খেতে পারছি না। 

রতনের মনে হয় বাপ বলছে, ও বাপ আমার, আর পারিনে, হাওয়া দে দিনি। আঁচ যে ধরে এল! 

বুড়োর মশারি খাটিয়ে দিল রতন, খুঁজে-পেতে মশার ধূপ জ্বালল নিজের জন্য। সত্যিই এখন পুকুর পাড় ধরে নিজের ঘরে যাওয়া বিপদ। কালাচ সাপের বড় উপদ্রব। কামড় বোঝা যায় না, গরল ফুটে বের হয় দুদিন পর। বড্ড দেরি হয়ে যায় তখন। 

সে আলো নিবিয়ে দিল। খোলা জানালার গরাদ ধরে দাঁড়াল একটু। পাকা ঘরের দোতলায় কেমন লাগে বোঝার জন্য। আজ পুন্নিমে মনে হয়, একফালি আলো বুড়োর পিঠে এসে পড়েছে। 

৩ 

— তোর ছেলেটা মানুষ হয়েছে? বাপেরে দেখে? বুড়োর প্রশ্নে কাঁচা ঘুম চটকে যায়, বিরক্ত হয় রতন। ঘুমোও না বাপু। মুখে বলে, কী কইলা, আবার কও। 

— বলছি ছেলে তোরে দেখে… এই যে বাড়ি গেলিনে, সে খোঁজ নিল? 

— নিয়েছে। সে শউরঘর গেছে। মেসেজ করেছে। রতন বাধ্য হয়ে মিথ্যে বলল, এই প্রথম। 

বুড়োর শ্বাসের শব্দ শোনা গেল। হাঁপের টান ওঠে নাকি, রতন ভয়ে ভয়ে ভাবে। 

— তোর মনে আছে রবি, আমরা জ্যোতিষ করতাম, কার বউ কত সুন্দরী হবে। 

— করতাম বুঝি? রতন মনে মনে ভেঙায় বুড়োকে। কিন্তু তক্ষুনি তার মনে পড়ে মিনতিকে দেখে এসে বাপ রতনকে বলেছিল, দু-হাতের পাতা এমনি পাশাপাশি কর তো বাপ। রতনের চোখে প্রশ্ন ছিল। কী দেখেছিল কে জানে, কিন্তু, “বাঃ, সোন্দর চাঁদের মতো রেখা” বলে একটা পরিতৃপ্তির হাসি দিয়েছিল বাপ। এই তবে জ্যোতিষ। রতনের মনে হচ্ছিল রবি মিস্ত্রির জীবনী উন্মোচিত হচ্ছে তার সামনে। সে উৎকর্ণ হয়ে থাকে। বাপটাকে এত কম জানত সে। 

রাত বেশি হয়েছিল না, আবার বুড়োর ফোন বাজল। বুড়ো ধড়মড়িয়ে উঠলেও আবার শান্তস্বরেই শুরু করলে কথাবার্তা। কিন্তু অন্যধার তার জেদ ছাড়বে না কিছুতে। বুড়ো রেগে যায়, দেখে মনে হয় টান উঠল বলে। কিন্তু তার মোবাইলের চার্জ কমে এসেছিল, একসময় বন্ধ হয়ে গেল। 

বুড়ো শান্তস্বরে বলল, তোর মোবাইলটা একবার দে তো। শেষ করে দিই। আচ্ছা থাক, এই নম্বরটা ডায়াল কর। 

রতন মন্ত্রমুগ্ধের মতো ডায়াল করে। রিং হচ্ছে দেখে বুড়োর হাতে দেয়। তারপর রান্নাঘরে গিয়ে একটা ছোটো বাটিতে সরষের তেল গরম করে। ফিরে এসে দেখে বুড়ো পাশ ফিরে শুয়ে আছে। সত্যিই হাঁপের টান উঠেছে। 

রতন বলল, তেলটা বুকে ডলে দিই একটু? 

বুড়ো চিত হয়ে শুল, আপত্তি করল না। 

রতন জিজ্ঞেস করল, কে ছিল? 

— আমার ছেলে। কমল মিত্তিরের চোখ থেকে দু-ফোঁটা জল গড়িয়ে পড়ল। 

৪ 

বুড়ো ফাইনালি ঘুমোচ্ছে। এখন অনেক রাত। আলমারিটা খুলেছিল রতন। সেখানে একটা চামড়ার ব্যাগ আছে বটে। কিন্তু সে চিজ় কুমিরের চামড়া কি না জানে না। কখনও কুমির দেখেনি রতন। চিড়িয়াখানা বা সার্কাসেও না। 

মালিশ করার জন্য বুড়োর গেঞ্জি খুলিয়েছিল। এখনও তার শাদা, রুগ্ন পিঠের দিকে তাকিয়ে ছিল রতন। হাড় ক’খানা দেখা যায়। 

বুড়োর আদেশ অনুযায়ী ডায়াল করতেই ফোনে ভেসে উঠেছিল “বস” নামটি। অজানা হুমকিদাতাকে ওই নামেই সেভ করে রেখেছিল। 

এখন ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়লেই হয়। বুড়ো জেগে উঠে আপত্তি করলে বাঁ-হাতের তর্জনী দিয়ে গলার হাড়টি… কিন্তু বাপের প্রক্সি দিতে দিতে এমন কাজ… রতন ক্যাবলার মতো দাঁড়িয়েই থাকল। 

Write a Comment

Your email address will not be published. Required fields are marked *

loading...