বিপন্ন প্রজাতি
তনিমা হাজরা
আমিও কি এতটা নিরাপদ আছি দক্ষিণরায়
আমারও কি আশপাশে নেই হেঁতাল-জঙ্গল
প্রত্যহ দীর্ঘ দীর্ঘ দৌড়
নখের আগায় লাগা ঘাম
মাংসের কুচি, আর প্রতিদিন রক্তসমর
পায়ের তলার মাটি, পিছল ও পাঁক
আড়ালে লুকিয়ে থাকা কুহকের ডাক
আমারও কি তোমার মতন উলঙ্গ হলে
গায়ে দেখা যাবে কোনও ডোরাকাটা দাগ!
কে করেছে ব্যাঘ্রশুমার
কে জ্বালায় বলো দেখি পিদিমের বাতি
আমিও তোমার মতো বিপন্ন প্রজাতি
হে দক্ষিণরায়,
আমারও তোমার মতো
শিকার ও ভোজনের পরে বড়ো ঘুম পায়।