বাঘের কবিতা
শীর্ষা
বাঘের থাবার কাছে বসে আছি—
এক অবনত সংসার নিয়ে!
ততোধিক নতমস্তক আমাদের সংসারের হাঁড়িকাঠে
ঝুলতে ঝুলতেই ভাত চাপিয়েছি— সাংসারিক প্রদাহের আগুনে
আলোচাল ফেটে ভাত ফুটে ওঠে;
ফুট ফুট করে সুবাস ছড়ায় রাতের সুগন্ধি ফুলের মতো!
বাঘের নাকে গিয়ে ঝাপটা মারে।
আমি,
আমরা সসংকোচে দেখি—
কীভাবে সামান্য খিদের কাছে পরাজিত হচ্ছে
ভীষণ বাঘের তেজ!
লুটিয়ে পড়ছে সামান্য এক সফেদ প্রেমের পায়ে।