বসন্ত
মূল হিন্দি কবিতা—অনীতা প্রকাশ
অনুবাদ : পল্লব চট্টোপাধ্যায়
কাগজে ছাপে না বার্তা বসন্ত আসার
ছাপে যত উন্মত্ত দাঙ্গার খবর,
হিংসা-দ্বেষ-হানাহানি সংবাদ অসার
মৃত্যুর তাণ্ডবগাথা, সুখের কবর।
কখনও ছাপে না ছবি প্রস্ফুটিত ফুল
কোকিল-কূজিতকুঞ্জ শুধু কি স্বপন?
বিষের ধোঁয়ায় ঝরে অস্ফুট মুকুল
বিষণ্ণ বেহালা গাহে মৃত্যু-আলাপন।
বসন্তের কথা হায়, কেউ তো বলে না!
নিঃশব্দ-চরণপাতে এসে তরুমূলে,
রবে প্রতীক্ষায় কবে বর্ণহীন হেনা
ভিক্ষুবেশে দাঁড়াবে দু-বাহু অগ্রে মেলে।
রিক্ত সহকার হবে পুন মুকুলিত,
পলাশ-শিমুল বনে হবে হোলিখেলা,
বার্তাবহ মধুকর জানাবে সে কথা
আকাশের গায়ে লেখা রবে দুই বেলা।