পাতালশহর
তৃষ্ণা বসাক

১ 

‘আমি এই জায়গাটায় জন্মেছিলাম।’ লেডি ডাফরিনের দিকে আঙুল তুলে বলেছিল বিতান। 

আমি তাকালাম একবার, বাইরেটা এত নোংরা হলে কী হবে, ভেতরটা বেশ পরিষ্কার-পরিচ্ছন্ন মনে হল। কিন্তু হাজার হোক, হসপিটাল তো। আমি জোড়াসাঁকো গেছি, সেখানে একটা ঘরে বোর্ড দেওয়া আছে এই ঘরে রবীন্দ্রনাথ জন্মেছিলেন। আমার কেন জানি মনে হল পৃথিবীর সব শিশুরই ওইরকম ভাবে জন্মানো উচিত। বাড়ির কোনও একটা ঘরে, যাতে পরে দেখানো যায় লোককে—এই ঘরে অমুক জন্মেছিলেন। হসপিটালে ওইরকম প্ল্যাক লাগানো থাকলে কেই বা দেখতে আসবে? 

এই চিন্তাটা অবশ্য আমি নিজের কাছেই রেখে দিলাম। বিতান কেন, যে-কোনো লোক শুনলেই হাসবে। আমিও তো হসপিটালে জন্মেছি, এক মফস্বলের হসপিটালে। একেবারে প্রত্যন্ত গ্রাম ছাড়া কোথায় বা বাড়িতে জন্মায় কেউ এখন? 

বিতান আবার বলল, ‘আগের বারেও আমি এখানে জন্মেছিলাম। অবশ্য তখন এই হসপিটাল ছিল না। কতকগুলো খোলার ঘর আর দু-একটা বড়ো বাড়ি। শহরটা সবে তৈরি হচ্ছে।’ 

আমি অবাক হলাম না। বিতান প্রায়ই এরকম কথা বলে। ও একটু আলাদা। আলাদা বলেই তো আমার সঙ্গে আসতে রাজি হয়েছে। আমি বলেছিলাম, ‘আমার সঙ্গে যাবি একটু? কালিকা প্রেসে আমার কিছু বই পড়ে আছে, গিয়ে নিয়ে আসব।’ বি বি গাঙ্গুলি স্ট্রিট ধরে হাঁটতে হাঁটতে বসুমতী সাহিত্য মন্দির ডান হাতে ফেলে আমরা ডানদিকে বেঁকলাম। দু-ঠোঙা ডালের বড়া কিনে চিবোতে চিবোতে যাচ্ছি। হঠাৎ ওইরকম কথা বলল বিতান। 

আমাকে চুপ করে থাকতে দেখে বিতান আবার বলল, ‘এখানে একটা খাল ছিল সেইসময়। আমি সেই খালের ধারে খেলতাম। আমার এক বন্ধু ছিল পাতানি।’ 

‘আমিই তো সেই পাতানি, আর আমার হাতে ধরা এই দেখ শালপাতা…’ হেসে গড়িয়ে পড়লাম আমি, আর অমনি একটা দমকা হাওয়া এল। আমার হাত থেকে শালপাতা উড়ে গেল। বিতানের চোখেমুখে কী প্রচণ্ড ভয়! ও আমার হাত ধরে টেনে বলল, ‘পাতানি, চল সাহেবের কুঠিতে চল, ভয়ানক ঝড় আসছে, কেউ বাঁচব না।’ 

সাহেবের কুঠি! বলতে না-বলতেই ঝড় আমাদের উড়িয়ে নিয়ে যায়। 

২ 

সব শহরের নীচে আরেকটা শহর থাকে। অনেকগুলো শহর। তারা মাটির তলায় থাকে মানে এই নয় তারা মরে গেছে, হারিয়ে গেছে। তারা আসলে সুযোগ খোঁজে সঠিক মুহূর্তের, পেলেই উঠে আসে। আর এলোমেলো করে দেয় সবকিছু। 

‘এই যে রাস্তা দেখছ, দুর্গা পিথুরি লেন, এখানে নুনের গোলা ছিল। পাথুরে নুন। এর তলায় এক দৈত্য আছে। ঘুমন্ত। তাকে জাগালে কেন?’ 

৩০ সেপ্টেম্বর ১৭৩৭ দিনটা কেমন গুমোট। একটুও ভালো লাগছে না রাসেল সাহেবের। ইস্ট ইন্ডিয়া কুঠির অ্যাডভাইসার হিসেবে যত আনন্দ হবে ভেবেছিলেন, তত আনন্দ হচ্ছে না তো। এই কলকাতার আবহাওয়া তাঁকে মেরে ফেলবে একেবারে। জবের কী বুদ্ধি! আর জায়গা পেল না। এই স্যাঁতসেঁতে, গরম জায়গাটা ওর পছন্দ হল। সুতানুটি। তার সঙ্গে আস্তে আস্তে আরও দুটো গ্রাম জুড়ে গেল। গোবিন্দপুর আর কলকাতা। তিন গ্রাম মিলে হয়ে গেল কলকাতা। 

সে তো হল। কিন্তু বাসযোগ্য হতে হবে তো। গরমে প্রাণ যায়। রাসেল ভাবলেন একটা বিয়ার নিয়ে বসবেন। তাতে মিশিয়ে নেবেন হুগলি আইস। টানা বারান্দায় বসে বিয়ার খেতে খেতে একটু ভালো লাগল। পাংখাপুলার পাখা টানছে। তবু এত গরম কেন? 

তখনও পলাশির যুদ্ধ হতে বিশ বছর বাকি। বাংলার নবাব তখন সুজাউদ্দিন মহম্মদ খান। আলিবর্দি খান তাঁর বিশ্বস্ত সেনাপতি। ভাগীরথীর পূর্বপাড়ে এখন যে জায়গাটাকে বাগবাজার বলে, তখন সেখানে ছিল সুতানুটি গ্রাম। জব চার্নক ওইখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যকুঠির পত্তন করেছিলেন ১৬৯০ সালে। ১৭৩৭ সালে সুতানুটি গ্রামের আশপাশে ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির জনাকয়েক কর্তার প্রাসাদ। কয়েকজন ধনী বাঙালিও সেখানে নির্মাণ করেছিলেন পাকা বাড়ি, দেবালয়। আর ছিল গুটিকতক খোলার বস্তি। সব মিলিয়ে কলকাতার বাসিন্দা তিন হাজারেরও বেশি ছিল না। 

সে আর এক কলকাতা। চৌরঙ্গিতে তখন ঘন জঙ্গল। দিনেদুপুরে বাঘ ডাকে। কলকাতার উত্তর সীমান্তে ছিল চিৎপুর রোড। রোড নয়, তখন সে পায়ে চলা রাস্তা। সেই পথ ধরে তীর্থযাত্রীরা যেত কালীঘাটে। পথের উত্তরপ্রান্তে ছিল চিতু ডাকাতের আড্ডা। সে ডাকাতি করার আগে পুজো দিত চিত্তেশ্বরী দেবীর মন্দিরে। সেই দেবীর নামে চিৎপুর রোড। 

দিনটা ছিল ৩০ সেপ্টেম্বর। দিনভর টিপটিপ বৃষ্টি। সন্ধে থেকে ঘনিয়ে উঠল প্রলয়। অনেকে বলেন, ঝড়ের সঙ্গে ভূমিকম্পও নাকি হয়েছিল। একালের ইতিহাসবিদরা অবশ্য ভূকম্পের কথা বিশ্বাস করেন না। 

সেই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির কুঠির অ্যাডভাইসার ছিলেন স্যার ফ্রান্সিস রাসেল। তিনি ঝড়ের বর্ণনা দিয়ে গিয়েছেন। তাঁর লেখায় আছে— 

বঙ্গোপসাগর থেকে ঝড় এসেছিল। পাঁচ ঘণ্টার মধ্যে নদীর জল বেড়ে উঠল ১৫ ইঞ্চি। রাতভর মুষলধারে বৃষ্টি পড়ছিল। তার সঙ্গে বজ্রপাত। মিসেস ওয়াস্টেল নামে এক মহিলা তাঁর ছেলেমেয়ে নিয়ে আমাদের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। তিনি যে ঘরে আশ্রয় নিয়েছিলেন, তার দরজা-জানলা জোর শব্দ করে ভেঙে পড়ল। মৃত্যুর আশঙ্কা বুকে নিয়ে সেদিন রাত কাটালাম। 

পরদিন সকালে রাসেল সাহেব দেখলেন আরও ভয়ানক দৃশ্য। প্রায় বিশ হাজার জাহাজ, নৌকা, জেলে ডিঙি, বজরা ডুবে গিয়েছে। অসংখ্য গরু, মহিষ, ছাগল, ভেড়া ও অন্যান্য গৃহপালিত পশু জলে ভেসে যাচ্ছে। গঙ্গায় কয়েকটি মরা বাঘ ও গণ্ডারও ভাসছিল। 

ঝড় থামতে সাহেব ভেবেছিলেন, একটা ভাঙা জাহাজ থেকে মালপত্র উদ্ধার করবেন। এক কুলিকে জাহাজের নীচের ডেকে নামিয়ে দেওয়া হল। অনেকক্ষণ কেটে যাওয়ার পরেও সে ফিরল না। তারপরে নামল আর একজন। সেও ফিরল না। তখন সাহেবের সন্দেহ হল। একজনকে বললেন, মশাল জ্বেলে দেখ তো কী ব্যাপার। সে আলো নিয়ে উঁকি মেরে দেখে, জাহাজের ডেকে বসে আছে মস্ত বড়ো কুমির। আগের দু’জনের ভাগ্যে কী ঘটেছে, বুঝতে বাকি রইল না। 

কলকাতায় ৩ লক্ষ লোক নাকি মারা গিয়েছিল। অত লোক ছিল কলকাতায়? কে জানে! 

সেই ঝড় বদলে দিয়েছিল কলকাতার ভূগোল। আগে গঙ্গা থেকে একটা খাল সোজা চলে গিয়েছিল বিদ্যাধরী নদী অবধি। ওই পথে পণ্য পরিবহণ করা হত। কিন্তু ১৭৩৭-এর ঝড়ে সেই খালে বহু নৌকা ও বজরা ডুবে যায়। সেই জলপথ নৌকা চলাচলের অযোগ্য হয়ে পড়ে। খাল বুজিয়ে তৈরি হল রাস্তা। তার নাম ক্রিক রো। ক্রিক মানে খাল। নামের মধ্যে ধরা ১৭৩৭ সালের ঝড়ের স্মৃতি। 

‘যে প্রেসটায় আমরা যেতে চাইছিলাম কী নাম ছিল?’ 

‘কালিকা প্রেস।’ 

৩ 

সত্যি সত্যি একটা প্রেসের সামনে দাঁড়িয়ে চমকে উঠি। হাঁটতে হাঁটতে আমরা ক্রমে চিৎপুরে পৌঁছে গেছি, কখন! বড়ো রাস্তা, তারপর একটা গলি, তার পেটেও একটা গলি। গলিটার দেওয়ালে কে যেন খড়ি দিয়ে লিখে দিয়েছে প্রমদাসুন্দরী লেন। মেয়েছেলের নামে গলি! তাও মাদার টেরেসা নয়, সুচিত্রা সেন বা মিত্র নয়, কোথাকার কে প্রমদাসুন্দরী! 

ময়লার ড্রামের কাছে জটলা করছিল কটা কাক, তার মধ্যে একটা চোখ মটকে বলল, ‘ভেবেছ কি, কম চিজ ছিল নাকি এই পোমো মাগি, কত ছোঁড়ার মুণ্ডু ঘুরিয়েছে, তার ইয়ত্তা নেই। আর শহরের সবচে সরেশ সবচে রইস লোকের মুণ্ডুই নিজের বগলের তলায় চেপে রেখে দিয়েছিল।’ 

‘কে সে?’ কৌতূহল জাগে। 

‘রাজা বিদ্যাসুন্দর। হবিবপুরের জমিদার। এই যে জায়গাটায় দাঁড়িয়ে লোকে দুবেলা মোতে, সেখানে ছিল ওঁর গোশালা। রোজ রোজ ভাগলপুরি গাই দুয়ে টাটকা সন্দেশ বানাতে হত ওঁর জন্য। সকাল বিকেল সন্দেশ আর সন্ধে থেকে পোমো এই দুই ছিল ওঁর নেশা। কত টাকাকড়ি, রুপোর গোঠ, সোনার নারকেলফুল ওর পায়ে ঢেলেছেন, কত বাগানবাড়ি, ধানি জমি লিখে দিয়েছেন, তবু পোমোর একটাই গোঁ, ওর নামে একটা রাস্তা করে দিতে হবে, তাও আবার যে বাড়িতে ধর্মপত্নী ছেলেপিলে নিয়ে থাকেন, সেই বসতবাড়ির সামনের রাস্তাটাই ওর নামে হওয়া চাই।’ 

শুনতে শুনতে রোমাঞ্চ হচ্ছিল। কিন্তু দূরের একটা বাড়ি থেকে মাছের কাঁটা কটা রাস্তায় উপুড় করে গেল সেই সময়, আমাদের কথক কাকটি উড়ে গেল। বাদবাকি কথা আমরা নিজেদের সাধ্যমতো কল্পনা করে নিলুম। 

আহা কেমন না ছিলেন এই প্রমদাসুন্দরী? যাঁর নাম দেওয়ালে খড়ি দিয়ে লিখে রাখতে হয়েছে, কোনও সাইনবোর্ড জোটেনি, তার মানে এই নাম কর্পোরেশনের খাতায় ওঠেনি, হয়তো সেটা করতে চাননি বিদ্যাসুন্দর, সমাজের ভয়ে, পরিবারের চাপে, তাঁর নিজের অনিচ্ছায়। কে আর চায় বেবুশ্যেকে এত লাই দিতে? বেবুশ্যের নামে রাস্তা হবে, সেই রাস্তা দিয়ে ভদ্রলোকরা হাঁটবে, শখ কত! তবে ভালোবাসতেন পোমোকে, তাকে দুঃখ দিতেও চাননি সরাসরি না-বলে। তাই মুখে মুখে রটানোর ব্যবস্থা করেছিলেন এই রাস্তার নাম প্রমদাসুন্দরী লেন। না, কোনও চিঠি আসত না এই ঠিকানা দিলে। মানে সরকারি খাতায় নাম তো ছিল না। কিন্তু চিঠি কি সত্যিই আসত না? অন্য অনেক জায়গার থেকে তাড়াতাড়িই আসত বরং প্রমদাসুন্দরী লেনের চিঠিগুলো। আসলে লোকের মুখের শক্তিকে বিদ্যাসুন্দর বুঝতে পারেননি। সরকারি খাতায় নাম না-উঠলে কী হবে, প্রমদাসুন্দরী লেনের নাম সবাই জানত। এবং এই নাম উচ্চারণের সময় তাদের মুখে চোখে একটা গোপন আনন্দ ফুটে উঠত। সেটা লক্ষ করেছিলেন নিস্তারিণী দাসী। বিদ্যাসুন্দরের ধর্মপত্নী। তিনি ওখানে তাঁদের হবিবপুরের গৃহদেবতা রাধামাধবের যুগলমূর্তি প্রতিষ্ঠা করলেন একটি মন্দির বানিয়ে। যাতে লোকে বলে এটা রাধামাধব লেন। 

আর বিদ্যাসুন্দর প্রেস খুললে তার নাম দিতে চাইলেন রাধামাধব প্রেস। কালক্রমে যার নাম হয়ে গেল কালিকা প্রেস। 

ঝুলে পড়া সেই প্রেসের মধ্যে থেকে আঁচল লুটতে লুটতে বেরিয়ে আসে পোমো। 

‘শোনো না গো, কোত্থেকে এয়েচ, বিলেত থেকে বুজি? আমার কাচেও আসত অনেক বিলেতের সাহেব, তারা কেউ উল্কি আঁকত না তোমাদের মতো, কেউ এমন ছেঁড়া পেন্টুলুনও পরত না। উল্কি আঁকত অসভ্য বেদেরা আর ছেঁড়া পরত ভিখিরিরা, তোমরা কে গা? এমন ধারা সাজপোশাক? তবে হ্যাঁ, একটা সাহেব আসত, নাম তার লিও, তার হাতে এমন একটা উল্কি কাটা ছিল, সেখানে ইংরেজিতে তার পিরিতের মাগির নামের অক্ষর লেখা ছিল। তার জামাকাপড় ছেঁড়া থাকত, আর কাঁধে একটা মস্ত ঝোলা, তার মধ্যে অনেক রং তুলি কাগজ থাকত। শুনেছি সে সাহেব নয়, মানে রানির দেশের সাহেব নয়, সে ছিল ফরাসি, ওই ফরাসডাঙ্গা যাদের নামে গো, আমার কাছে এক বাবু আসত, সে বলত ওই সাহেবরা এদেশে রাজত্ব করলে নাকি আমাদের দেশটার এই হাল হত না। আমি অবশ্য বিশ্বাস করিনি সে কথা। কথায় বলে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। নিজেদের দেশকে বাঁচাবার মুরোদ নেই এক কড়া, অন্যদের ঘাড়ে দোষ দেয়। তোদের ক্ষমতা থাকলে দেশটা সাহেবদের হাত থেকে নে দিকি…’ 

‘সাহেবরা তো নেই আর,’ আস্তে করে বলে পত্রলেখা, অনেক বছর আগে যার নাম ছিল পাতানি। 

‘নেই কি গা? এই তো দু-বছর আমার অসুক করল, কাজকাম সব গেল, বিদ্যে বাবু পাটিয়ে দিল পাহাড়ে। তা সেখানের কতা সব ঝাপসা, কিন্তু সে আর কদিন, এই কদিনে সাহেবরা সব সুড়সুড় করে চলে গেল, আমাকে গপ্প মারচ?’ 

পাতানি আমার হাতে চিমটি কাটে লুকিয়ে। 

‘না না যাবে কোথায়? সবাই আছে।’ 

‘তাই বলো, সবাই গেলেও আমার সেই লিওসুন্দর কিচুতেই যাবে না আমাকে ফেলে। বিদ্যে বাবু আমার ধারেকাচে কাউকে ঘেঁষতে দিত নি মোটে। তবু লুকিয়ে আসত লিও। আমার ছবি আঁকত, আদুড় গায়ের ছবি। সবাই কত কী করে, কিন্তু সাহেব শুধু চাইত আমি ওর সামনে শাড়ি খুলে বসে থাকি। বলেছিল ইন্ডিয়ান মেয়েদের মতো শরীর নাকি ও দেখেনি, আর তাদের মধ্যে আমি সেরা। একটা লোক আমাকে আঁচড়াচ্ছে কামড়াচ্ছে না, শুদু দেখে দেখে ছবি আঁকছে—এ আমার আচ্চয্যি লাগত। আমি এই পেত্থম এমন একজনকে দেখলাম যে আমার খদ্দের নয়, যে একজন শিল্পী। যেমন দেখছিলাম আমার গাঁয়ে।’ 

—আচ্ছা প্রমদাসুন্দরী, এই রাস্তার নাম আপনার নামে? 

—রাস্তা? ঠোঁট উল্টোয় প্রমদাসুন্দরী। 

‘কে জানে। কার রাস্তা, কীসের রাস্তা। মরে গেলে কারও জন্য কোনও রাস্তাই থাকে না।’ 

মনে হল উনি রাস্তা নিয়ে কথা বলতে একদমই আগ্রহী নন। পত্রলেখা বিতানের কানে কানে ফিসফিস করে বলে, 

‘আমরা তো প্রেসে যাচ্ছিলাম। একে কাটাও।’ 

প্রমদার কানে গেল কথাটা। নিজের সময়ে সে রাতের কলকাতা শাসন করেছে। এখনও তার মধ্যে কী তেজের দীপ্তি। আগুনের মতো জ্বলে উঠে সে বলল, ‘তুই যে বড়ো নাক নাড়াচ্চিস লা! কার সামনে দাঁড়িয়ে কতা কইচিস খ্যাল আচে? কলকেতা তো বটেই, ফরাসডাঙ্গা, শ্রীপুর মোহনপুরের বাবুরা হত্যে দিয়ে পড়ে থাকত পায়ে। আর সেই সাহেব চিত্রকর, তার রূপ যদি দেকতিস, যেন সাদা কেষ্ট ঠাকুর।’ 

ফিক করে হেসে ফেলে পত্রলেখা। যখন ও আমার সঙ্গে হাঁটতে শুরু করে, তখন একটা ঝড় উঠল আর ঝড় থামতে থামতে ওরা এই গলিটায় ঢুকে পড়ে দেখল ওর নাম পালটে পাতানি হয়ে গেছে। 

শুধু হেসেই ক্ষান্ত হল না সে, আমার হাত ধরে টানতে লাগল। আর নিয়ে গেল একদম কোণের একটা বাড়িতে। ধসে পড়া চেহারার একটা বাড়ি, দেখে মনে হয় সাপ-শেয়ালের আড্ডাখানা। কিন্তু ওপরের বারান্দায় শাড়ি ঝুলছে, তা থেকে জলকণা আমাকে ভিজিয়ে দিয়ে গেল। কী অদ্ভুত একটা গন্ধ, শরীর ঝিমঝিম করা, আমি প্রায় পড়ে যাচ্ছিলাম, আমার সঙ্গিনী আমাকে ধরে ফেলল, তারপর নিয়ে চলল ভেতরে প্রেসে। সেখানে হোর্ডিংটা পড়ে আছে, লেখা কালিকা যন্ত্রালয় ১৮১৮। দেখে শিহরণ হয়। আহা। 

আমি ঢুকেই দেখি কাগজের রোল পাকানো পড়ে আছে মেঝেতে। দেখে মনে হচ্ছে কেউ প্রুফ দেখতে দেখতে উঠে গেছে। সত্যিই মেঝেটা এইখানে বেশ পরিষ্কার। একটা চেয়ার, দুটো টুল রাখা আছে, সেগুলো বেশ পরিষ্কার, আর মেঝেতে পোড়া বিড়ির টুকরো পড়ে। যেন কেউ বা কারা এখানে নিয়মিত বসে, ধূমপান করে, শুধু কি ধূমপান, ওই তো একটা বোতল লুকোনো দেখতে পাচ্ছি, তার মধ্যে একটু খয়েরি রঙের তরল পড়ে আছে। কে জানে কত বছর ধরে ওই তরল বন্ধ আছে। হয়তো খুললে বোতলের দৈত্য বেরিয়ে আসবে, এসে বলবে ‘হুকুম মেরি আকা।’ 

সত্যিই পেছন থেকে একজন গম্ভীর গলায় বলল, ‘বাবুরা কী চান? রাজামশাইয়ের সঙ্গে দেখা করতে চাইলে একটা কাগজে নাম লিখে দিন আপনাদের। আর মেয়েছেলে নিয়ে এসেছেন কেন? রাজামশাই দিনের বেলায় কোনও মেয়েছেলের সঙ্গে দেখা করেন না।’ 

এই কথায় রাগ করার বদলে আমার সঙ্গিনী হেসে গড়িয়ে পড়ল। ওর হাসি দেখে ভ্যাবাচ্যাকা খেয়ে দাঁড়িয়ে রইল সেই বেয়ারাটি। চেহারা তার বেশ জব্বর। আর পরেও আছে জব্বর পোশাক। তার ওপর মাথায় পাগড়ি। 

হাসি থামলে পত্রলেখা কিংবা পাতানি বলল, ‘তোমার রাজামশাইকে বলো গিয়ে তার পোমো এসেছে, প্রমদাসুন্দরী, যার নামে এই রাস্তা।’ 

বেয়ারাটির মুখ শক্ত হয়ে উঠল, কিন্তু বহু বছরের ট্রেনিং, তাই সে নিজেকে সামলে নিয়ে বলল, ‘বাবু, শুধু আপনি আপনার নাম লিখে দিন কাগজে।’ 

‘তা তোমার বাবু এত সকাল সকাল উঠেছেন? হয়তো এখনও খোয়ারি কাটেনি, ঢুলতে ঢুলতে পুজো করছেন, তারপর বিকেলে ইয়ার-দোস্তদের সঙ্গে বেরিয়ে যাবেন, সন্ধের আগে অব্দি স্ত্রী-ভূমিকা বর্জিত শুধু ওই মা রক্ষাকালী ছাড়া। এমনিতে তো রাধামাধবের পুজো চলে, এই রক্ষেকালীর পুজো প্রমদাসুন্দরীর কথায়, তাই না?’ 

একেবারে হাঁ হয়ে গেল লোকটি। হাতে সম্ভবত রুপোর একটি থালা ছিল, যাতে করে সে চিরকুট বা কার্ড পৌঁছতে যেত, সেটি ঝনঝন করে পড়ে গেল হাত থেকে আর সেই শব্দে এক আশ্চর্য ব্যাপার হল, জার্মানির রোটারি মেশিন আবার চলতে শুরু করল ঘটাংঘট করে। আর ছেপে বেরিয়ে আসতে লাগল— 

‘স্ত্রীলোকের বিদ্যাশিক্ষা’ 

পাতানি আমাকে কহিল, ‘আমি কি পড়িতে পারিব না?’ 

‘কেন পারিবে না? আমি তোমাকে শিখাইব। রোজ এই মন্দিরের পিছনের বাগানে আইস। দ্বিপ্রহরে আইসো, আমি শিখাইব।’ 

পোমো অমনি ভেতরে ঢুকে পড়ে বলল, ‘বলি ওরে ও মিনসে, আমাকে শেখাতে হবে কিন্তু। ও মাগি একা শিকবে কেন? আমি কতদিন আর এ কানাগলির রাস্তায় লোকের মোতার দাগ ধরা দেয়ালে খড়ির দাগ হয়ে থাকব?’ 

Write a Comment

Your email address will not be published. Required fields are marked *

loading...