পদ্মপাতা, জল ইত্যাদি
রাজেশ গঙ্গোপাধ্যায়
টসটসে চাঁদের দুধ উপচে যখন চতুর্দিক ভেসে যায়, ওর খুব আনন্দ হয়। কুচকুচে অমাবস্যার রাতে থোকা থোকা জোনাকিবাহার দেখেও ও মোহিত না হয়ে পারে না। দিনের বেলা সবকিছু যেন বড়ো বেশি দেখা যায়। না চাইতেও চোখে পড়ে যায় কত কিছু। কিন্তু সরীসৃপ রাতের সখীরূপ… আহা! অন্ধকারের ভেতর থেকে যে আলো চুঁইয়ে আসে, তার খোঁজ পায় কজন। ঢেউ ঠেলে ঠেলে যেন সমুদ্রটাই এগিয়ে আসে দেদার বালিয়ারির দিকে, আবার সরেও যায়, আংশিক দৃশ্যমান হওয়ার অন্তঃস্থলে গড়ে ওঠে এক আশ্চর্য রঙিন মিনার, যেখান থেকে নিচের চারপাশকে দেখে যেন এক মায়াপুরী মনে হয়। এই অচিনলোকের বাসিন্দা হতে পেরে ওর উচ্ছ্বাস আর ধরে না। ও হাঁফিয়ে ওঠে… আবার নতুন উদ্যমে মরিয়া হয়ে ঝাঁপ দেয় উঁচু থেকে… তলিয়ে যায়… ভেসে ওঠে… অনুপম এক স্নিগ্ধ স্পর্শে যেন সব হারিয়ে ফেলতে ইচ্ছে করে নিমেষে… সব…
একদিন শীতের সকালে ঘুম ভেঙে উঠে ও দেখল জানলার ফাটল দিয়ে সাদা কুয়াশা দেখা যাচ্ছে, অথচ মা তখনও ঘুম থেকে জাগেনি। আশ্চর্য! মা কি আজ রোজকার মতো ফুল কুড়িয়ে নিয়ে রেল বস্তির হাটে বিক্রি করতে যাবে না! সকালবেলা ফুল কুড়োতে গিয়ে কখনও ফুলের সাথে এক-আধটা নারকেল, কয়েতবেল, দুধমানকচু, কাঁচকলা পেয়ে গেলে বিক্রিবাটা ভালোই হয়। সেদিন দুপুরবেলা ডিম পড়ে পাতে। একটা সুতো দিয়ে মা যখন সিদ্ধ ডিমটাকে দু-ভাগ করে কেটে ফেলে, সে যে কী ভালোলাগা, বলে বোঝানোর নয়। রাতে আলুসিদ্ধ দিয়ে গরম ভাত খেতে খেতে ও অমৃতের স্বাদ পায়। কিন্তু মায়ের গা যে বরফের মতো ঠান্ডা! প্রথমে মনে হয়েছিল ছেঁড়া কাঁথাটায় মাঘের শীত মানেনি। কিন্তু অনেক ডাকাডাকির পরও মায়ের ঘুম যখন ভাঙল না, ও পাশেই জ্যেঠুর বাড়িতে গেল জানাতে। ঘটনাটা শোনামাত্রই জ্যেঠু বিড়বিড় করে বলেছিল, যাক এতদিনে সুদিন এল তাহলে! ও এর মানে বোঝেনি। যদিও জ্যেঠু স্পষ্ট করে বলেছিল, ঠিক আছে তুই যা। দেখছি।
এরপর কয়েকজন পাড়ার ছেলে এল। খই ছড়াতে ছড়াতে ওরা মাকে নিয়ে চলে গেল। বিকৃত হরিধ্বনি দিচ্ছিল ওরা। অনেকটা পেছনে ও আস্তে আস্তে হেঁটেছিল দলটার সঙ্গে। ওকে কেউই খোঁজেনি। শুধু যখন ওকে পাটকাঠিটা ধরিয়ে দিয়ে ওরা বলেছিল, নে মুখাগ্নি কর। ও একছুটে পালিয়ে গিয়েছিল ওখান থেকে। ছুটতে ছুটতে অনেক দূরে গিয়ে থমকে দাঁড়িয়ে পড়েছিল এক অবাক করা দৃশ্যের সামনে। একটা অমলতাস গাছের ঝুলন্ত ডাল হলুদ ফুলে ছেয়ে আছে। তারই একটা গুচ্ছের ওপর বসে আছে কয়েকটা প্রজাপতি। অল্প অল্প হাওয়ায় ডালটা দুলছে আস্তে আস্তে। দেখে মনে হচ্ছে যেন প্রজাপতিরা দোল খাচ্ছে মনের সুখে। ও যে কতক্ষণ তাকিয়ে ছিল সেদিকে নিজেই জানে না। অনেকক্ষণ পর ওর ঘোর ছিঁড়ে গেল, বেশ খিদে খিদে পেয়েছে। সামনে তাকিয়ে দেখে একটা কুলগাছ পাকা রসালো ফলে ভরে আছে। গাছটা ধরে ঝাঁকাতেই নিচটা ভরে গেল কুলে। ও পেট ভরে খেয়ে নিল বেশ কয়েকটা। খিদের চোটে বুঝতে পারেনি বিষ টক। সারাদিন খালি পেটে থেকে এত টক খাওয়ার পর আর সামলাতে পারল না। হড়হড় করে বমি হয়ে গেল। খুব দুর্বল লাগছিল ওর। শুয়ে পড়তে ইচ্ছে করছিল ওখানেই। বাড়ি ফেরার কথা মনে পড়তেই ও হাঁটতে শুরু করল।
ঘুটঘুটে অন্ধকার ঘরটায় ঢুকে ও বুঝতে পারল আজ একটা অন্যরকম রাত। বারান্দার এককোণে উনুন জ্বলছে না, তোবড়ানো হাঁড়িটায় টগবগ করে ভাত ফোটার অমর্ত্য শব্দ নেই, সবচেয়ে বড়ো কথা মায়ের উপস্থিতিই যে গন্ধ বুনে রাখত, আজ তা নেই… এই প্রথমবার ওর কান্না পেল। ও হাউহাউ করে কেঁদে ফেলল। আর হাপুস নয়নে কাঁদতে কাঁদতে ও বলছিল, “আমি এখন কী করব? রাত্রিবেলা ছোটো বাইরে গেলে কে দাঁড়াবে আমার সাথে?” হঠাৎ ও খেয়াল করল কে যেন দরজায় এসে দাঁড়িয়েছে। ওর কান্না থেমে গেল। গোটা ঘরে নিস্তব্ধতা।
“কাঁদছিস কেন? খেতে আয় ও বাড়িতে।” জ্যেঠু! ও এত অবাক হয়েছে যে কিছুই বলল না।
“কী রে, শুনতে পেলি আমার কথা?” আবার জ্যেঠুর কণ্ঠস্বর শোনা গেল। ও ফিক করে হেসেও ফেলল। জ্যেঠু যে কী বোকা! অন্ধকারে কি কথাদের দেখতে পাওয়া যাচ্ছে না নাকি!
— যাচ্ছি।
— আসার সময় জ্যেঠিমার কাছ থেকে একটা হ্যারিকেন নিয়ে আসিস। আচ্ছা, এক কাজ কর। তুই আজ ও বাড়িতেই থাক। একা এখানে থাকবিই বা কীভাবে?
“আচ্ছা।” ও জ্যেঠুর সাথে হাঁটতে শুরু করল।
“আবার এখানে জোটালে যে বড়ো?” জ্যেঠিমার কথার ঝাঁঝে ও বুঝে গেল ওর আসাটা জ্যেঠিমাকে খুশি করেনি।
— আঃ! বড়ো বেশি কথা বলো। কাজটা মিটতে দাও। ততদিন ও এখানেই থাকুক। তারপর দ্যাখোই না কী হয়…
রান্নাঘরের পাশ দিয়ে যে গলি দিয়ে কলতলার দিকে যেতে হয়, সেখানে একটা চৌকিতে ওকে শুতে দেওয়া হল। মেঝেতে তালপাতার চাটাইয়ে মায়ের পাশে শুলেই ওর ঘুম এসে যেত। আজ এই অনাদরের চৌকিতে ওর আর ঘুম আসতেই চায় না। ও শুধু বুঝতে পারল, মা কাজটা ঠিক করল না। আর এটাও ভেবে নিল, যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যেতে হবে দূরে কোথাও। মা-ই যখন নেই, তখন এই পোড়া গাঁয়ে থেকে কী-ই বা হবে!
ন্যাড়া হওয়ার সময় ওর মাথায় সুড়সুড়ি লেগেছিল। নতুন পাজামা আর পাঞ্জাবি পরে ও তো যারপরনাই অবাক। যদিও কড়কড়ে নতুন পোশাকে ওর আরাম হচ্ছিল না। ওর সেই ছেঁড়া হাফপ্যান্ট, বোতাম-না-থাকা জামার ভেতর মায়ের করে দেওয়া সেলাইয়ে যে মমতার ফোঁড়, তা তো এসবে নেই! সবাই ওর দিকে তাকিয়ে যত দুঃখপ্রকাশ করে গেল, তা সব জমাতে পারলে বোধহয় বিলেদের শুকিয়ে আসা ডোবাটা ভরে যেত! মায়ের ফটোয় অনেক মালা ঝুলছে, সামনে রাখা ছোটো একটা থালায় কয়েকটা মিষ্টি সাজিয়ে দেওয়া। ও দেখতে পেল একটা টিকটিকি এসে মিষ্টি চাটছে। ও মনে মনে বলল, খা, পেট ভরে খা। তোর খিদে মিটলে যেন মায়ের পেট ভরে যায়। বেলা তো অনেক হল। কাজের শেষে মিষ্টিগুলো ফেলে দেওয়া হল পুকুর পাড়ে, সঙ্গে আরও বেশ কিছু খাবার। একটা কুকুর ও কয়েকটা কাক এসে সেসব খাবার খেতে থাকল। মায়ের সত্যিই খুব খিদে পেয়েছিল!
— শোন, কাজ তো মিটে গেল। এবার ভাবছি আমরা কদিন তীর্থ করে আসি। তদ্দিন তুই এখানেই থাক। ফিরে এসে তোকে কিছু দরকারি কথা বলব। এভাবে তো আর দিন যাবে না। ভবিষ্যতের কথা তো ভাবতে হবে, নাকি?
জ্যেঠুর কথায় ও মাথা নাড়ল। কিছুই বলল না। কী যে বলতে হয়, ও তো জানেই না।
কয়েক দিন পর সকালবেলা জ্যেঠুদের গাড়িটা যখন ধোঁয়া উড়িয়ে চলে গেল, ওর একটুও খারাপ লাগল না। শুধু ও ভাবছিল, এবার ও কী করবে! সারা বাড়িটা তালা দিয়ে ওদের কুঁড়েঘরেই ওর থাকার বন্দোবস্ত করে সবাই চলে গেল। একটা ব্যাগ দিয়ে যাওয়া হয়েছিল ওকে। ও দেখল এর ভেতর কয়েকটা বিস্কুটের প্যাকেট, এক প্যাকেট মুড়ি আর মায়ের সেই ছবিটা, যেটা কাজের দিন মালা দিয়ে সাজিয়ে রাখা হয়েছিল। ও মায়ের ছবিটা জড়িয়ে ধরল বুকে। আঃ কী শান্তি! জানো মা, ওরা আমাকে খেতে দিয়েছে, নতুন পাজামা-পাঞ্জাবি দিয়েছে। শুধু রাতে শোয়ার সময় একা একা আমার ঘুম আসে না মা। তুমি এত তাড়াহুড়ো করে চলে গেলে কেন মা?
শিবমন্দিরের পুরোহিত দাদু ওকে বলেন, “তোর দুচোখে এত মায়া… কিন্তু তুই কখনোই কারও হতে পারবি না রে, বন্ধনে জড়ানো তোর নিয়তি নয়।” দাদু কী যে বলে ও বুঝে উঠতে পারে না। কিন্তু দাদুকে ওর ভালো লাগে। ফাইফরমাশ খেটে দেয়। দাদুর দেওয়া প্রসাদের ফলের টুকরোগুলো খেতে ওর ভালো লাগে। জ্যেঠুদের চলে যাওয়ার কথা শুনে পুরোহিত দাদু বলল, “এই কদিন আমার কাছেই থাকিস।” শুনে ওর খুব আনন্দ হল। সেদিন রাতে ও দেখল বিরাট এক শিবলিঙ্গকে পেঁচিয়ে থাকা একটা সাপ। ও শিবলিঙ্গকে পরিষ্কার করতে গিয়েও পারছে না, অথচ সাপটার নড়ার কোনও লক্ষণই নেই। ওর ঘুম ভেঙে গেল। পরদিন শুনে দাদু কিছুই না বলে ওর চুলগুলো ঘেঁটে দিল শুধু।
পাড়ার সব লোক জড়ো হয়েছে বাড়ির সামনে। জ্যেঠুরা তীর্থে গিয়ে নাকি সাংঘাতিক এক অ্যাক্সিডেন্টে তিনজনেই… গ্রামসুদ্ধ সমবেদনা প্রকাশ করছে। ও শুনতে পেল সবাই বলাবলি করছে, “বডি আসতে দেরি হবে।”, “যাত্রা শুভ ছিল না।”, “কত বড়ো পুণ্য ভেবে দ্যাখ, ঈশ্বরক্ষেত্রে গিয়ে সরাসরি ঈশ্বরেই লীন হয়ে গেল!” ওর এসব শুনতে ভালো লাগছিল না। মা চলে যাওয়ার পরও তো কেউ ছিল, এখন তাও রইল না। জ্যেঠুর বিশাল দোতলা বাড়ির ফাঁকা ছাদে পায়রাদের একটানা ডাকে ঘন হয়ে উঠছে এক বিধুর মনখারাপ রঙের আবছায়া। ওর মনে পড়ল, জ্যেঠু বলেছিল, ফিরে এসে কী যেন দরকারি কথা আছে ওর সাথে। আরও মনে পড়ল জ্যেঠু কী যেন একটা হওয়ার জন্য অপেক্ষা করতে বলেছিল জ্যেঠিমাকে।
পুরোহিত দাদু স্মিত হেসে ওকে বলল, “তুই তো সব হারিয়েও সবই পেয়ে গেলি রে! কিন্তু তুই কি রাখতে পারবি এত কিছু!” পুরোহিত দাদু মাঝেমাঝেই এমন সব কথা বলে, যার মানে ও বুঝতে পারে না। জিজ্ঞাসা করলেও দাদু শুধু হাসে। কিছু বলে না। সবাই ঘুরে ঘুরে কেন যে ওকেই দেখছিল। ও আবার ভিড় থেকে দূরে সরে যাওয়ার ডাকটা শুনতে পাচ্ছে… সর্ষেখেতের হলুদে মিশে যাওয়া ছোট্ট হলুদ প্রজাপতিটাকে ঠাহর করে ওর পেছনে ছুটতে ছুটতে দমছুট হয়ে পড়ার যে সুখ, ও জানে কীভাবে সে অতলে তলিয়ে যেতে হয়… ও আরও অনেক কিছুই জানে। এসব জানাশোনা নিয়ে কেজো জগতের কোনও লেনাদেনা নেই।
“শোন, মন দিয়ে।” পুরোহিত দাদুর বলার ধরনে ও বেশ অবাক হয়ে গেল। যেন এক গোপন রহস্যভেদ হতে চলেছে।
— এই সম্পত্তির একমাত্র ওয়ারিশন এখন একমাত্র তুই। এবার তোর কদর হবে খুব। তুই কিন্তু এসবে জড়াবি না। খুব জোর করলে আমার সাথে কথা বলতে বলিস না হয়। নাঃ, আমাকেও এর মধ্যে জড়াস না। বলে দিস যে তুই এসবের কিছুই জানিস না। মনে থাকবে তো?
ও কিছুই বুঝল না। ওর চোখ ততক্ষণে চলে গেছে জানলা দিয়ে দেখতে পাওয়া পেয়ারা গাছটার দিকে। একটা ছোটো পাখি ঠুকরে ঠুকরে খেয়ে চলেছে একটা পাকা পেয়ারা। বেশ অনেকটা খাওয়া হয়ে গেছে। আধখাওয়া পেয়ারাটা টুক করে খসে পড়ে গেল। যাঃ! ওর খাওয়া শেষ হল না যে! তুলতুলে পাকা পেয়ারাটা এত জোরে ঝাঁকালে ছিঁড়বেই তো! এরপর কোত্থেকে একটা কাক এসে মাটিতে থেঁতলে পড়া পেয়ারাটা মুখে করে নিয়ে উড়ে চলে গেল। তোরা সবাই এভাবে মিলেমিশেই থাক।
— কী যে দেখছিস জানলা দিয়ে! যা বললাম মাথায় ঢুকল?
ও আস্তে মাথা নেড়ে উঠে পড়ল। অনাত্মীয় এ আবহে ওর দম বন্ধ হয়ে আসে। ঘর থেকে বেরিয়ে এসে ও দেখল সামনের ঘাসজমিটায় একফালি রোদের চৌকোনার ভেতর একটা ঘাসের ডগায় বসে আছে একটা ফড়িং, তার ডানায় রোদ্দুরের বাটি উলটে তৈরি হয়েছে যেন হিরের ঝালর! চোখ ধাঁধিয়ে যাচ্ছে। ও দেখতে দেখতে ভুলে গেল পেছনের সব কথা… সব…
এরপর আবার শুরু হবে আরেকটা আখ্যানের পুনরাবৃত্তি… টসটসে চাঁদের দুধ উপচে যখন চতুর্দিক ভেসে যায়, ওর খুব আনন্দ হয়। কুচকুচে অমাবস্যার রাতে থোকা থোকা জোনাকিবাহার দেখেও ও মোহিত না হয়ে পারে না।