নিষিদ্ধ স্বপ্ন
মৌসুমী চক্রবর্তী ষড়ঙ্গী
তালদিঘি পেরিয়ে সাঁকোর ওপর গাড়িটা দাঁড় করায় অনিরুদ্ধ। লুকিংগ্লাসে বার কয়েক নজর করে লাইট নিভিয়ে গাড়ির কাচ নামায়। পুরোপুরি নিরাপদ। শিশিরকণা ঝরে পড়ার টুপটুপ আওয়াজ। আর মাঝে মাঝে দূর থেকে ভেসে আসা কুকুরের ডাক।
গাড়ি থেকে নেমে তাড়াতাড়ি ডিকির দিকে এগিয়ে যায়। প্লাস্টিকের ভারী ব্যাগটা বার করে নীচে নামায় ও। মনে হল একটা চ্যাটচ্যাটে তরল পদার্থ ওর হাতে লেগেছে। সেটা যে রক্ত বুঝতে আর বাকি রইল না। দ্রুত পায়ে ব্যাগটা টানতে টানতে বেশ খানিকটা দূরে নিয়ে গেল। তারপর সাঁকোর ওপর থেকে সোজা নীচে ফেলে দেয়। তৎক্ষণাৎ নীচ থেকে উঠে আসা আওয়াজটা যেন সজোরে ধাক্কা দেয় ওকে। বুকের ভেতর কেমন একটা শূন্যতার অনুভূতি। গলাটা শুকিয়ে একেবারে কাঠ। হ্যান্ড টাওয়েলে হাতটা মুছে স্টিয়ারিং ধরল অনিরুদ্ধ। কাঁপা কাঁপা হাতে জলের বোতলটা তুলে নিয়ে কিছুটা জল শুকনো গলায় ঢেলে ঢক ঢক শব্দ করে গিলে নিল। মনে মনে ভাবল, আপদ বিদায় হল। ওর মনে আবার ভেসে উঠল প্রিয়ার ফর্সা থাইয়ে লাল আঁচড়ের দাগ।
কটা বাজে তখন? রাত আটটা হবে, পাশের ঘর থেকে টিভিতে সিরিয়ালের আওয়াজ ভেসে আসছে। মা দেখছে। মালদা থেকে আচমকা সন্ধ্যায় বাড়ি ফিরে আসাতে প্রিয়াও খুব খুশি। দু-হাতে প্রিয়াকে জড়িয়ে বিছানায় গড়িয়ে পড়েছিল ও। আদর করতে গিয়ে প্রিয়ার নাইটি উঠে গিয়েছিল অনেকটাই। এবং হঠাৎ অনিরুদ্ধর নজরে পড়ে হাঁটুর ওপরে থাইয়ের ভেতরের দিকে লাল আঁচড়ের দাগ। থমকে গিয়েছিল ও, “এটা কী? এখানে নখের আঁচড়…!”
“আমায় ছাড়ো, লাইট নিভিয়ে দিয়ে আসি। কতবার বলেছি আলো জ্বালিয়ে আমাকে আদর করতে আসবে না, খালি ড্যাব ড্যাব করে সব দেখা…” কৃত্রিম ক্রোধে প্রিয়া উঠে লাইট নিভিয়ে দিয়ে আসে।
“আমার প্রশ্নের জবাব পেলাম না কিন্তু,” অনিরুদ্ধ বলে।
“বলব কেন?” খিলখিল করে হেসে ওঠে প্রিয়া। তারপর আদুরে গলায় বলে, “হিংসুটে, সন্দেহবাতিক কোথাকার। এটা জুলির কাজ।”
অন্ধকারে অনিরুদ্ধর মুখে খেলে যাওয়া ভাব সম্বন্ধে ধারণাও করতে পারে না প্রিয়া। সহসা অনিরুদ্ধকে যেন ক্লান্তি গ্রাস করে। ও উঠে বসে বলে, “আলোটা জ্বালিয়ে দাও। খুব ক্লান্ত লাগছে। এতটা পথ আসা, খুব ধকল গেছে।”
কাজ এখনও শেষ হয়নি তাই একটুও সময় নষ্ট না করে সোজা বাড়ির উদ্দেশ্যে গাড়ি চালায় অনিরুদ্ধ।
মেন গেটের সামনে গাড়িটা রেখে খুব সন্তর্পণে গ্রিলের দরজা খুলে ওপরে উঠে যায় অনিরুদ্ধ। নীচে বসার ঘর, কিচেন আর ডাইনিং। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে ঘরের মৃদু আলোতে স্ত্রী অলিপ্রিয়ার নিজের হাতে আঁকা, বাঁধানো সব ছবি দিয়ে সাজানো দেওয়ালটা নজরে পড়ে। এ বাড়িতে সবাই ওকে প্রিয়া বলেই ডাকে। অলিপ্রিয়া মাস্টার অফ ফাইন আর্টস করেছে। অলিপ্রিয়ার তো গুণের অভাব নেই, তাহলে কেন এই বিকৃত মানসিকতা! অনিরুদ্ধ সোজা চলে যায় বেডরুমে। তখনও অলিপ্রিয়ার নিথর শরীরটা গোলাপি রঙের সাটিনের ফুলকারি চাদরের ওপর চিৎ হয়ে পড়ে আছে। গড়িয়ে যাওয়া রক্তটা জমাট বেঁধে অনেকটা কালচে দেখাচ্ছে। গাঢ় নীল রঙের রাত-পোশাকে অপরূপ দেখালেও ও যেন আঁশটে গন্ধ পাচ্ছে। এবার এর ব্যবস্থা করতে হবে।
ঘৃণায় গা গুলিয়ে উঠছে অনিরুদ্ধর। ওয়াক ওয়াক করে জোর করে বমি করার চেষ্টা করে খানিকটা। দরদর করে গড়িয়ে পড়া ঘামে ভিজতে থাকে শরীর। মোবাইলটা তুলে কাঁপা আঙুলে তিনটে নম্বর কোনও রকমে ডায়াল করে অনিরুদ্ধ। মাথার চুলগুলো দু-হাতের মুঠোয় চেপে মেঝের ওপর বসে পড়ে অপেক্ষা করতে থাকে সে। সাইরেন বাজিয়ে যেন ধেয়ে আসছে পুলিশের গাড়ি। ওদের জুতোর শক্তপোক্ত ভারী আওয়াজ ক্রমশ নীচ থেকে সিঁড়ি দিয়ে ওপরে উঠে আসছে। অনিরুদ্ধ চিৎকার করে বলতে চায়, অফিসার! আমাকে অ্যারেস্ট করুন! আমি স্বীকার করছি প্রিয়াকে আমিই… জুলিকেও আমিই মেরে ফেলে এসেছি… কিন্তু ও যেন কথাও বলতে পারছে না…
হঠাৎ অনিরুদ্ধের ডাকনাম ধরে ডাকতে থাকেন ওর মা। খাটের ধারের সাইড-টেবিলে রাখা জলের বোতল থেকে জল নিয়ে সজোরে অনিরুদ্ধের মুখে ছিটে মারতে থাকেন। উদ্বিগ্ন স্বরে প্রশ্ন করেন, “বুকাই, এমন জোরে জোরে আওয়াজ করছিস কেন, বাবা? কী হয়েছে তোর? অ্যাই বুকাই, বুকাই, কোনও ভয়ের স্বপ্ন দেখেছিস কি? বোবায় ধরেছে?”
ধড়মড় করে নিজের খাটে উঠে বসে অনিরুদ্ধ।
অনিরুদ্ধ গতকালই তার কর্মস্থল মালদা থেকে হুগলির চন্দননগরে নিজের বাড়িতে ফিরেছে। মাস চারেক হল মালদায় ওর ট্রান্সফার হয়েছে। ঘরের ব্যবস্থা এখনও হয়নি, তাই ওখানে এক বৃদ্ধ নিঃসন্তান দম্পতির বাড়িতে পিজি হিসেবে থাকে। পরিবারপ্রিয় অনিরুদ্ধ তার কাছের মানুষদুটোর জন্য মাসে দুবার ঠিক ছুটে আসে। সুগারের রোগী বিধবা মাকে ফেলে এই মুহূর্তে প্রিয়াকে একা মালদায় নিয়ে যাওয়াও সম্ভব নয়। মা ওর কাছে এক গভীর আবেগের জায়গা।
জলের ঝাপটায়, সদ্য ঘুমভাঙা আবছা অন্ধকারে চোখ খুলতেই সামনে ঝুঁকে আসা মুখের পরিধিগুলো কেমন যেন বিশাল বড়ো বড়ো মনে হয়। উৎকণ্ঠার দৃষ্টিতে তাকিয়ে আছেন মা। আর পাশেই জুলিকে কোলে নিয়ে প্রিয়া। ওর চোখেও উদ্বেগ ও আতঙ্ক। অনিরুদ্ধ হঠাৎ চিৎকার করে উঠল,
“মা, কুকুরটাকে সরাতে বলো! আমি সহ্য করতে পারছি না!”
“কেন জুলি তোর কী ক্ষতি করল? ও তো বউমার কোলে রয়েছে! ও তো কোনও ঝামেলা করেনি, তুই ওঠ তো! উঠে বস আগে।”
“না না, তুমি জানো না…”
“কী জানি না! কীসব যা তা বলছিস, মাঝরাতে উঠে। তুই কি ওকে নিয়ে ভয়ের কোনও স্বপ্ন দেখেছিস?” হেসে ফেলেন ওর মা। বলেন, “স্বপ্নে তোকে কামড়াতে এসেছিল বুঝি? না রে, ও খুব শান্ত। শুধু স্নান করতে চায় না, তখন একটু চেঁচামেচি করে। এই তো সেদিন বউমাকে এত ভালোবাসে, সারাদিন গায়ের সঙ্গে লেপ্টে থাকে তাও কেমন আঁচড়ে দিয়েছে। তোকে যেমন ছোটবেলায় স্নান করানোর সময় আমাকে কাপড়চোপড় মালকোঁচা মেরে বসতে হত, একদম সাবান মাখতে চাইতিস না। বউমাও তেমনি করেই চেপে ধরে স্নান করাতে গেছে, বেচারার থাইয়ে আঁচড়ে দিয়েছে। আমি তারপর তাড়াতাড়ি বোরোলিন লাগিয়ে দিই।”
“তুমি! তোমার সামনে হয়েছে…”
“পাগল…” এতক্ষণে ফিক করে হেসে ফেলে প্রিয়া। ওর শাশুড়ি অবাক হয়ে প্রিয়ার মুখের দিকে তাকিয়ে থাকেন এক মুহূর্ত। তারপর কে জানে কী ভেবে বলেন, “আমারই ভুল। বউমা তুমি এখানেই শোও। আবার যদি ওকে বোবায় ধরে। জুলিকে আমার কাছে দাও। বুকাই-ই খেয়ে উঠে বলল ওর ভীষণ ক্লান্ত লাগছে, ক’রাত নাকি ভালো করে ঘুমাতে পারেনি, তাই আমি ভাবলাম আজকের রাতটা ও একাই ঘুমোক, তুমি না হয় জুলিকে নিয়ে আমার ঘরে…”
দরজাটা বন্ধ করে এসে প্রিয়া অনিরুদ্ধর পাশে বসে। মুখে তখনও কৌতুকের হাসি। বিছানার এক কোণাতে বসে অনিরুদ্ধ। বুকটা ভেতরে তখনও কেমন যেন ধড়ফড় করছে, একটা অপরাধবোধ কাজ করছে। মনে মনে ভাবে,
ঐ জুলিকে আমি মেরে ফেলেছিলাম? ইস, অলিপ্রিয়াকে নিয়ে কীসব ভেবে বসেছিলাম আমি। ছিঃ!
লজ্জাবতী গাছটাকে ছুঁয়ে দিলে যেমন মেলে ধরা পাতাগুলো ধীরে ধীরে গুটিয়ে যায় ঠিক তেমনি ধীরগতিতে নিজেকে গুটিয়ে নিচ্ছিল অনিরুদ্ধ। তখনও বেড সাইডের টেবিলে ম্যাগাজিনটা রাখা আছে। মালদা স্টেশন থেকে কেনা ম্যাগাজিনটা কাল পথে পড়ছিল। তাতে অনিরুদ্ধ একটা ইন্টারেস্টিং আর্টিকেল পড়েছিল। প্যারাফিলিয়া বা যৌনবিকৃতি অর্থাৎ অস্বাভাবিক যৌনমিলন বিষয়ে। আর সেখানেই জেনেছিল জুফিলিয়া বা অ্যানিমলের সঙ্গে সেক্স সম্পর্কে। আর এমনই কাকতালীয় যে বাড়ি ফিরে দেখে ফেললে প্রিয়ার থাইয়ে জুলির আঁচড়ের দাগ। ওর অবচেতন বোধহয় অঙ্ক কষতে বসে সহজেই দুইয়ে দুইয়ে চার করে ফেলে। ছিঃ! কী লজ্জা।
অলিপ্রিয়া অনিরুদ্ধর থুতনিটা ধরে মুখটা উঁচু করে ধরে বলে, “কী বীরপুরুষ, কিসের ভয়ে অমন ঘুমের ভেতরে আওয়াজ করছিলে? কোনও দুঃস্বপ্ন দেখেছ নিশ্চয়? কী গো? আর জুলিকেই বা সহ্য করতে পারছিলে না কেন? আমি জুলিকে নিয়ে মায়ের ঘরে শুয়েছিলাম বলে, একটা নিরীহ কুকুর, তাকেও, হিংসা! কী করব, মা-ই তো বলল…”
অনিরুদ্ধ বুঝতে পারে যে সরল, নিষ্পাপ প্রিয়ার পক্ষে কল্পনা করাও কঠিন গত সন্ধ্যায় কী ভয়ঙ্কর সন্দেহের বিষবাষ্প জমে উঠেছিল অনিরুদ্ধর মনে। দুই হাত বাড়িয়ে অনিরুদ্ধ এক ঝটকায় অলিপ্রিয়াকে কাছে টেনে নেয়, ওর কানে নিজের ঠোঁট রেখে ফিসফিস করে বলে, “আজকের স্বপ্নের কথা আর কোনওদিন তুলো না প্লিজ। আর মা বলল বলেই কি তোমাকে ওই ঘরে গিয়ে শুতে হবে? তুমি আমার পাশে থাকলে আমি কখনও কোনও দুঃস্বপ্নই দেখতাম না।”
জানলার নেটের পর্দা ভেদ করে পরের দিন ভোরে যখন একঝাঁক মিষ্টি রোদ ঝাঁপিয়ে পড়ল ওদের খাটে তখনও প্রিয়াকে জড়িয়ে পরম নিশ্চিন্তে ঘুমাচ্ছিল অনিরুদ্ধ।