দিনকাল
সুধাংশুরঞ্জন সাহা
আজকাল দিন এমন এসেছে
কোনও কিছু বোঝার আগেই,
এমনকি পাশাপাশি হাঁটতে হাঁটতে
হাত থেকে সরে যায় হাত।
কেউ কেউ গুছিয়ে এমন মিথ্যে বলে,
শুনে ভয়ংকর সত্যি বলে মনে হবে।
নিখুঁত বন্ধুও আড়ালে চরম শত্রুতার বীজ বুনে দেয়,
সময় এভাবেই কি হিংস্র হয়ে উঠছে ক্রমশ?
মাঝে মাঝে খুবই অস্থির লাগে।
তবুও, আমার চোখে একটা আস্ত নদীর স্বপ্ন…
আমাকে কিছুতেই ঘুমোতে দেয় না রাতের পর রাত।