গেরিলা-কবিতা
সুপ্রিয় দেওঘরিয়া
গেরিলার মতো শব্দগুলি ঝাঁপিয়ে পড়বে
যারা সব দেখেও ঝিমিয়ে আছে,
শীতের কুকুরের মতো যারা অসহায়,
শুকিয়ে গেছে যাদের নিলয় অলিন্দ—তাদের ওপর
কোনও গান হবে না, বাজনা হবে না,
শব্দের মোহ থেকে বেরিয়ে আসবে
কলিজা, রক্ত, রস, পুঁজ!
লাশের হিসেব নিয়ে বসে থাকবে
কলমের-তরবারি,
শাসনের ভয়ে লুকিয়ে থাকা শব্দগুলি উড়ে যাবে
বাতাসের ফুঁয়ে…
এই বাতাস পাহাড়ি ঘোড়ার দৌড়
আগুন নিয়ে ছুটবে, শব্দগুলি তার ঘোড়সওয়ার!
কবিতাও তখন গোপনে কোথাও কোনোমতে
নিঃশর্ত আত্মসমর্পণ করবে,
লক্ষ লক্ষ গেরিলা-শব্দের আহ্বানে…