এহি দস্তুর
চন্দ্রাণী গোস্বামী

আমি তো ঈশ্বরের নির্দেশেই ঘৃণা করতে শিখেছিলাম। 

বিশ্বাস না হলে নদীর মতো মেয়েটিকে 

জিজ্ঞাসা করো, যার ঠোঁট ছুঁয়ে, গ্রীবা ছুঁয়ে 

কণ্ঠার জেগে ওঠা হাড় ছুঁয়ে, অবশেষে স্তন ছুঁয়ে 

একদিন নখে মাংস খুঁটে লিখেছিলাম আমার শেষ 

অপ্রকাশিত উপন্যাস। তারপর দারুণ দহনবেলায় 

উইয়ে কাটা পাণ্ডুলিপির শরীরের মতো ঝুরঝুর করে 

উড়িয়ে দিয়েছিলাম ফেনা কাটা এক নদীর বুকে— 

—বহুকাল পর খবর পেয়েছি 

সেই নদীটার শরীরও মরণ রোগে কেটেছে, 

বিশ্বাস না হলে হাকিমকে জানতে চেও, 

এইসব মেয়েরা এইসব নদীরা কেন মোহনার কাছে 

পৌঁছনোর আগেই মারা যায়… 

আমার অপ্রকাশিত উপন্যাসের মতো। 

Write a Comment

Your email address will not be published. Required fields are marked *

loading...