আত্মহত্যা
শাশ্বত গঙ্গোপাধ্যায়
টেলিগ্রাম বন্ধ হয়ে গেছে
ধ্বংসপ্রাপ্ত হয়ে এল চিঠি
রাজনীতির কথা বলে যারা
প্রায় প্রত্যেকেই গিরগিটি
তুমিও তো বুঝে গেছ সব
ক্রমে ক্রমে সবই গেছ জেনে
মাথার ভেতরে গ্রহ তারা
রক্তে বেজে ওঠা সাইরেনে
যে ঢেউ ছলকে ওঠে, তার
নিচে এক জ্বরের প্রলাপ
যখন জীবন মনে হবে
মৃত কোনও শঙ্খলাগা সাপ
গাছেরাও বাকল খসিয়ে
নতুন পোশাক পরে আজ
কলকাতায় বন্ধ হল ট্রাম
নিভে গেল ঘন্টির আওয়াজ
আমিও সেভাবে নিভে যাব
ছুঁয়ে যাব মৃত্যু পরিধিকে
ঝাটিংগার পাখিদের মতো
ঝাঁপ দেব আগুনের দিকে