দীর্ঘ সেই চুলের গল্প
সরোজ দরবার
পঞ্চম মুদ্রণের ভূমিকা
‘চুলের লেখক’ হিসেবে অবশেষে যে কিঞ্চিৎ পরিচিতি পেয়েছি, জেনে যারপরনাই খুশি হলুম। একটা বড়ো আবাসনে বইমেলা বসেছিল। সেখান থেকে প্রকাশক ফোন করে জানিয়েছিলেন, আপনার বই ক’টা বাচ্চা ছেলেমেয়ে হাতে তুলে নিয়েছে, পাতা উলটে দেখছে। মনটা ডগমগ করে উঠল। তবে — প্রকাশকের সংযোজন — ওরাই বলাবলি করছিল যে, এ তো চুলের বই। আর একজন তখন বলল, তার মানে যিনি লিখেছেন তিনি চুলের লেখক। বলে নাকি ওরা খানিক হাসাহাসি করেছিল। প্রকাশকের বলা শেষ হলে আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম। তারপর মনে হল, তাও তো কেউ লেখক হিসেবে স্বীকৃতি দিয়েছে। তার উপর আবার তরুণেরা। এ-ও কি কম প্রাপ্তি! একদিন পরেই ফোন করে অনুরোধ করলাম, আরও এক লট ছাপা হোক। পাক্কা পঁচিশ কপি। সেন্টার স্টিচ। ৩৬ পাতা। ঝামেলা কম।
প্রকাশক কিন্তু কিন্তু করে বললেন, এখনও তো আগের মুদ্রণের গোটাদশেক পড়েই আছে। আর এভাবে সংস্করণ বাড়ালে লোকে কী ভালো বলবে! আমি বললাম, লিখছি তো মুদ্রণ। মুদ্রণ আর সংস্করণের পার্থক্য কি পাঠক বোঝে না! বাংলা বই পড়া পাঠককে এত অশিক্ষিত ভাবা নেহাত উচ্চবর্গীয় মানসিকতা। যুক্তি ধোপে টিকল না। নাছোড় প্রকাশক বললেন, কিছু একটু সংযোজন করুন।
কী আর সংযোজন করব! গল্পটা কিছুই ছিল না। দীর্ঘ এক চুল আমার ঘেমো গলায় এসে সেঁটে বসেছিল একদিন। কখন, কী করে কে জানে! যখন টের পেলাম, তুলে ফেলে দেবার চেষ্টা করলাম। তা তো হলই না। উলটে সেই দীর্ঘ চুল আমার সঙ্গে গল্প জুড়ে দিল। এই নিয়েই ইনিয়ে-বিনিয়ে একটি লেখা নামিয়েছিলাম। আমার সৌভাগ্য, বর্তমান প্রকাশক রাজি হয়েছিলেন তা ছাপতে। সে-ও বছর তিনেক আগের কথা। প্রথমবার পনেরো কপি। বন্ধুবান্ধবেরাই মূলত কিনেছিল।
পরেরবার ছাপতে গিয়ে খানিকটা অংশ বাদ দিয়ে দিই। তার পরেরবার আরও খানিকটা। এই রকম করে প্রতি সংস্করণেই কিছু না কিছু যোগ-বিয়োগ হয়েছে। এযাবৎ সর্বমোট ষাট কপি। ষাটে এসে এই চুলের লেখক উপাধি পেলাম। মন্দ কী! এবার তাই বেশি করে ছাপতে দিয়েছি। সত্যি বলতে দীর্ঘ সেই রমণী-চুলটিকে আমি আবার টের পেলাম। প্রথম দিনকার যে গন্ধ — আমি জানতে চেয়েছিলাম, শ্যাম্পু করেছিলেন বুঝি মালকিন, তো তাকে ছেড়ে এলে কেন? চুল বলেছিল, কে আমার মালকিন, তুমি কি তাঁকে মনে করতে পারো? নিশ্চয়ই কাছাকাছি এসেছিলে, নইলে আর আমি তোমার কাছ অব্দি পৌঁছোলাম কী করে? সেই শুনে আমি চুপ করে গিয়েছিলাম। এ হেঁয়ালির উত্তর না খোঁজাই ভালো। — তো সেই প্রথম দিনকার গন্ধ আজও আমার আশেপাশে এসে ঘোরাঘুরি করতে থাকে। যখন সে আসে, আমি জানি কিছু একটা ঘটবেই। এবার আমি তাকে শুধোই— চুল, তুমি কোথা হইতে আসিয়াছ? এই প্রথমবার সে আমাকে অবাক করে দিয়ে বলে, চিনতে পারছ না!
দীর্ঘ সে চুল যে চাবুক মারতে পারে, আমি জানতাম না। আমি কী করে চিনব! বস্তুত, কার যে চুল তা চিনি না বলেই তো গল্পটা শুরু হয়েছিল। মানছি, বিগত কয়েক বছরে অনেকবার বদল হয়েছে। সেটা কথা নয়। চুল এতদিন পরে আমাকে ঘা দিচ্ছে। স্মৃতিতে লাথি মেরে বলছে, চেনো না, নাকি চিনতে চাও না! যাকে চিনতে তাকে না-চেনার ভান করে ইনিয়ে-বিনিয়ে এত রাস্তা হাঁটার কোনও মানে হয়!
আমি বলি, দেখো আমি শুধু একটা গল্পই চেয়েছিলাম। কোনও এক নারীর উড়ে যাওয়া দীর্ঘ এক চুলের গল্প। সে বলে, এতদিনের গল্প তো বাইরে থেকে আমদানি করোনি। যেখান থেকে নিয়েছ, সেগুলোকে চিনেও না চেনার উপেক্ষায় পেরিয়ে এসেছ। ভেবেছ গল্প লিখে পার পেয়ে যাবে। চিনতে না চাওয়াটা তোমার কী রোগ?
কী বলি! বেশ কয়েক বছর ধরেই এই চুলের বা চুলের গল্পের সঙ্গে কাটছে। চুলের সঙ্গে ঘনিষ্ঠতাও হয়েছে। ফলত আমি খানিক মেজাজ দেখিয়েই বললাম, কী বলতে চাইছ খুলে বলো দেখি! চুল বলে, আমায় চোখ রাঙিয়ে লাভ নেই। ঠিক সময়ে ঠিক জিনিস চিনতে চাওনি বলেই, এবার তোমার গল্প তোমার হাত ছাড়িয়ে অন্য খাতে বইতে শুরু করবে। তুমি আর নাগাল পাবে না। যা হবে, যা ভবিতব্য তা আটকাতেও পারবে না। বলি, কী রকম? চুল তখন আমাকে দেখায় একজন মাঝবয়সি মহিলাকে। এযাবৎ আমি তাঁকে খেয়াল করিনি। স্টেশনের পাশে ভাঙা পড়া এক দোকানের সামনে দু-হাত মাথায় দিয়ে রুক্ষ চুল আঁকড়ে বসে আছেন তিনি।
চুল বলে, যেদিন প্রথম আমার সঙ্গে তোমার দেখা, যেদিন আমাকে নিয়ে ফালতু ফেনা তোলা গল্প ফেঁদেছিলে, সেদিন এই দৃশ্যটি যে বাস্তব হতে পারে তুমি কল্পনা করোনি। তোমার চুলের কল্পনার দৌড় এতদূর গড়ায়নি।
আমি তা স্বীকার করি। চুল তখন বলে, সেদিন ভাবতে পারলে এই মাঝবয়সি মহিলার খাঁ-খাঁ চোখের গল্পটা তোমায় এখন আর লিখতে হত না।
বলতে বলতে চুল, আমার বহুদিনের সঙ্গী উড়ো চুল গিয়ে বসল সেই মহিলার পাশে।
কাতর আমি বলি, আবার লিখব? সে বলে, না লিখলে অপরাধ হবে না? অতএব চুলের গল্পটা, হে পাঠক, পুনরায় নতুন করে লিখতে হল।
প্রকাশককে কৃতজ্ঞতা। তিনি এই নিয়ে পঞ্চমবার আমার আবদার স্বীকার করলেন। লাভ-ক্ষতির কথা ভাবেননি। আর ভাববেনই বা কী! বাংলা বই প্রকাশ করে ক’তলা বাড়িই বা তুলবেন! যাই হোক, সেই অনামা তরুণ-তরুণীকেও আমার কৃতজ্ঞতা। যাঁরা এই পঞ্চমবার চুলের কিস্সা নিয়ে বসতে আমায় বাধ্য করলেন।
পাতা বাড়ল না। বই যা ছিল একই। প্রচ্ছদের রং একটু বদলেছে এই যা। তবে, এবার তিরিশ কপি ছাপা হচ্ছে। চুলের লেখা হয়তো এই শেষবার, পাঠক, আপনি পড়বেন তো?
চুলের লেখক
রথযাত্রা, ২০২৬
চতুর্থ মুদ্রণের ভূমিকা
জনপ্রিয়, বহুজনপঠিত লেখকেরা বিষয়টিকে পাত্তা দেন না। এই চতুর্থ মুদ্রণের মুখে এসে বলতে বাধ্য হচ্ছি, জনপ্রিয়তা একটি কঠিন জিনিস। যা অর্জন করতে না পেরে জনপ্রিয়তা-বিরোধী প্রতিষ্ঠান বেশ জনপ্রিয় হয়ে ওঠে। এই তো দেখুন, ভেবেছিলাম আমার এই বইটি বহু লোকের পছন্দ হবে। হল কই! জনপ্রিয়তা যাকে বলে তা থেকে আলোকবর্ষ দূরে।
তাহলে এই মুদ্রণ কেন? চুলের কারণেই। সত্যি বলতে এই গল্পটিকে নিয়ে আর কাটাছেঁড়া করার কোনও ইচ্ছে আমার ছিল না। একটা সামান্য চুল। সে ক’বছর ধরে যেভাবে আমাকে ঘুরিয়ে ফিরিয়ে তাড়িয়ে মারছে, তা আর বলার মতো নয়। আর কোনও লেখা লিখতে পারছি না। কোনও দিকে মনও দিতে পারছি না। শুধু মনে হচ্ছে, চুল থেকে আমি রেহাই পাচ্ছি না কেন! খেলাটা আমিই শুরু করেছিলাম। একটা হালকা-পোলকা কাহিনি, মাঝে মাঝে রাজনীতি, একটু ঘোরপ্যাঁচালো তত্ত্ব এইসব। খেলাটা ঘুরে যাবে বুঝতে পারিনি। খুলে বলি।
সরকারি একটা অনুষ্ঠানে ক’বছর হল ডাক পড়ছে। কী করে গল্প লিখি তা বলতে হয় প্রতিবার। এবার চুলের গল্পকথা বললাম। সামনে লোক বিশেষ ছিল না। আমার পরে যাঁরা বলবেন সেরকম দু-তিনজন। আর দূরে টয়লেট থেকে বেরিয়ে বা টয়লেটে যেতে গিয়ে দাঁড়িয়ে হাতে গোনা পাঁচজন। তাঁদের শুনিয়েই যা বলার বলেছিলাম। চুলের গল্পটা যে কতটা বদলেছে তা তো আপনারা আগের মুদ্রণে দেখেইছিলেন, অবশ্য যদি পড়ে থাকেন। যদিও পুরোটাই আমার গল্পের ব্যাপার। হঠাৎ একদিন এক উড়ো ফোন এসে বলল, সরকারি মঞ্চে দাঁড়িয়ে সরকারকে চমকাচ্ছেন মশাই! আপনার তো দারুণ সাহস! দারু আর দারুণ— দুটোই এমন ব্যাপার যে প্রথম শোনায় ভালো লেগে যাবেই। আমারও তাই-ই হল। পরে সেই ফোনের ওপার বললেন, এবার একটু মুখ খুলুন। আর কতদিন চুপ মেরে বসে থাকবেন? চেঞ্জ-ফেঞ্জ তো কনস্ট্যান্ট, জানেন তো, নতুন করে আর কী বলব! আমি বলি, কী বিষয়ে মুখ খুলব? তিনি বললেন, কেন আপনি যে গল্প লিখেছেন সে বিষয়েই। আপনি তো আর মিথ্যে লেখেননি। আমতা আমতা করে বলি, মিথ্যে নয়! তবে গল্প তো, কল্পনা—। আমায় থামিয়ে দিয়ে ফোনের ওপার বলেন, ‘দেখুন, গা বাঁচিয়ে চলে লাভ নেই। মানে, চলতেই পারেন, তাতে আপনার চারপাশটা পালটাবে না। অথচ আপনি কি গল্প লিখতে লিখতেই টের পাননি যে, এই আমাদের বেঁচে থাকার ধরনটা পালটে দেওয়া কতটা জরুরি হয়ে পড়েছে!’
স্বীকার করি, পালটানো জরুরি। কিন্তু কীভাবে কী যে পালটাবে ঠাহর করতে পারি না। তখন ঘাড়ের কাছে আবার চুলের ওড়াউড়ি টের পাই। আমি তাকে বলি, এই এত প্যাঁচের জিলিপি রাজনীতি। এ তুমি আমায় কোথায় টেনে আনলে বলো দিকি? এখানে আমাকে আনলে কেন, ফিরিয়ে নাও! দীর্ঘ সে চুল আমায় বলে, ফেরার পথ কি আর নিজে রেখেছ! এখন তুমি নিজেই নিজেকে প্রশ্ন করো, যাদের মাথায় তুমি আমাকে এতদিন বসিয়েছ, বসিয়ে গল্প ফেঁদেছ, বইপাড়ায় ব্যাগ কাঁধে ঘুরে বেড়িয়েছ, তারা কি বৈধ না অবৈধ! না হলে তুমি তাদের কাঁটাতারের ওপারে ওই বাংলায় এক ঠেলা দিয়ে পাঠিয়ে দাও। আমি বলি, এ আবার হয় নাকি! চুল বলে, আলবাত হয়।
বলতে বলতে সেই দীর্ঘ রমণী-চুল আমার চোখের সামনে উড়তে শুরু করে। তারপর সত্যিই চলে যায় কাঁটাতারের দিকে। আমিও পিছু পিছু যাই। দেখি, কাঁটাতারের ওপারে দুজন লোক ছিপ ফেলে মাছ ধরছে। আর এপারে একজন সেনা বন্দুক হাতে দাঁড়িয়ে আছে। সেনা আমাকে বলেন, কী চাই! এখানে যে! আমি বলি, উড়ো চুল! তিনি বলেন, ভাগ শালা!
আমি ভেগে যাই। আমার এটুকুই বলার যে, এই চুলের রাজনীতি আমি কিছুই বুঝতে পারছি না। আমি জাস্ট ফেঁসে গেছি।
কথাটা গুছিয়ে বলার আর কোনও উপায় নেই। তাই পুরোনো গল্পটার সঙ্গেই কিছু কিছু নতুন অংশ যোগ করতে হল। পাঠক, কেন যে পড়বেন আমি জানি না। না পড়লেও আমার কিছু বলার নেই।
জুন, ২০২৫
(অন্তঃসত্ত্বা সুনালী খাতুনকে বাংলাদেশে পুশব্যাক মনে রেখে)
তৃতীয় মুদ্রণের ভূমিকা
আশ্চর্য ব্যাপার! মিলন সামন্তকে আমি চিনতাম না। কী করে যেন এই বই তিনি পড়েছেন। বিক্রি তেমন উল্লেখযোগ্য কিছু হয়েছে বলে তো শুনিনি। মিলনবাবু আমার সঙ্গে ফেসবুকে যোগাযোগ করে ফোন নম্বর নিয়ে কথা বলে দেখা করতে এলেন একদিন। বললেন, একটা জিনিস আপনাকে দেখাব বলে এনেছিলাম। লেখক হিসেবে আমার তখন বেশ গর্বই হচ্ছিল। পাঠক যেচে দেখা করতে এসেছেন। আমার মতো ফাতরা লোকের কপালে এই মুহূর্ত জুটেছে, ভাবা যায়!
‘করোনা এসে সব চৌপাট করে দিয়েছে বুঝলেন’ — মিলনবাবু বলছিলেন — ‘একটা ছোটো দোকান ছিল। গেছে, মেয়েটাও গেছে।’ গেছে মানে কোথায় গেছে? আমি জানতে চাইলে নিরুত্তাপ তিনি বললেন, ‘হারিয়ে গেছে।’ তারপর হাত তুলে বললেন, ‘থানা-পুলিশ করেছিলাম, খোঁজ মেলেনি। বেঁচে আছে কিনা তাও জানি না।’ কী সাংঘাতিক কাণ্ড! ভয়াবহ কিছুও তো ঘটতে পারে। মিলন মণ্ডল বলেন, ‘পারে। পারে কেন? হয়তো হয়েইছে।’ আমি তখন একটু চিৎকার করেই বলে ফেলেছিলাম, আপনি এসব এত নির্লিপ্তভাবে বলছেন কী করে! মিলন সেই এক বিকারহীনভাবে হাতের একটা খাতা খুলে বললেন, ‘এটা আমার মেয়ের গানের খাতা। করোনায় সব বন্ধ হয়ে গেল। গান শেখাও। তারপর তো এই ঘটনা। ও হারিয়ে যাওয়ার পর একদিন ওর জিনিসপত্রে হাত বোলাচ্ছিলাম। তখন খাতাটা খুলে দেখতে দেখতে পাতা ওলটাতে গিয়ে দেখলাম, দুই পাতার মাঝে ওর একটা চুল আমার দিকে তাকিয়ে বসে আছে। যেন থম মেরে আছে কিছু বলবে বলে। কেমন জানেন, কুয়াশার দিকে তাকিয়ে বুড়ো মানুষ যেমন বসে থাকে, ঠিক সেরকম। যেন অনেক কথা ভাবছে, কিছু বলছে না।’
পুরোটাই আমার কাছে গল্পের মতো ঠেকছে। বললাম, ‘আমার কাছে কেন এসেছেন?’ তখন তিনি আবদার করে বললেন, ‘আমার মেয়েটাকে নিয়ে কোনও গল্প লেখা যায় না! অন্তত গল্পে হলেও সে কোথাও একটা থাকত! এই চুলটার দিকে তাকান, ওই-ই আমার মেয়ের গল্প সব আপনাকে বলে দেবে।’
কথা শুনতে শুনতে ঘোর লেগে যায়। মিলন সামন্ত কি ছদ্মবেশে অন্য কেউ, আমাকে পরীক্ষা করতে এসেছেন! বলতে চাইছেন, লিখে দেখাও কেমন গল্প লিখতে পারো! নাকি মিলন সামন্ত আমাকে মনে করিয়ে দিচ্ছেন যে, চুলের গল্পটিকে এই আগের মুদ্রণ পর্যন্ত আমি আদতে ধরতেই পারিনি।
এ কথা ঠিক, চাট্টি গল্প লিখি। কতটুকু আর বিচলিত হই! আহু দরিয়াই এখন কোথায়, আমি জানি না। খোঁজও নিইনি। রুমা হারিয়ে গেল কেন, সে খোঁজও নিইনি। হয়তো কাগজে বেরিয়েছিল, খেয়াল করিনি। সেরকম হইচই হয়নি। হইচই হলেও যে হারিয়ে যাওয়া মেয়ে ফিরে আসবে তা তো নয়। মেয়েগুলো সব হারিয়ে যাচ্ছে। আমি তো বেশ গল্পে, প্রবন্ধে, দু-একটা সভায় বাকতাল্লি করে কাটিয়ে দিচ্ছি। রাজনীতি করি চা-দোকানে। ফেসবুকে নীতিকথা লিখি অবসরে। মিলনের নির্বিকার থাকায় রাগ হয়েছিল, কিন্তু আমার এই স্বরচিত নির্লিপ্তি নিয়ে এখন আমি কী করব! যৌনগন্ধী প্যাঁচাল পাড়া চুলের গল্প লেখা ছাড়া আমার আর কী কাজ!
মিলন বলেছিলেন, ওঁর মেয়ের নাম রুমা। শুধু রুমার জন্য এই গল্পটিকে আমি নতুন করে লিখলাম। পাঠক, পড়লে পড়বেন, না পড়লে পড়বেন না। বাংলা গল্প ক’জনই বা আর পড়েন!
৯ অগস্ট, ২০২৪
(রুমা সামন্তের জন্মদিনে)
দ্বিতীয় মুদ্রণের ভূমিকা
দ্রুত দ্বিতীয় মুদ্রণের কথা ভাবতে হল। তুমুল বিক্রিবাটার কারণে নয়। দীর্ঘ সেই চুল আমাকে নিস্তার দিচ্ছে না কিছুতেই।
প্রথমবার যখন সে তার অস্তিত্ব জানান দিয়েছিল, তার সঙ্গে প্রমোদ-আলাপ খানিকটা বেশিই চলেছিল। কে তার মালকিন যখন বোঝা সম্ভব নয়, এবং সে বলতেও চায় না, তখন আমি সিদ্ধান্ত নিই যে অচেনা সেই রমণীটিকে আমি নানাজন হিসেবে কল্পনা করে নেব। নেহাত অচেনা পথচারী বলুন বা বাস থেকে দেখা বাইকে বসা স্বল্পবাস সিগারেটপায়ী তরুণী— নানাজনের সঙ্গে তাঁকে কল্পনা করি। চুলের খাতিরেই আমি সেই রমণীদের কাছে পৌঁছোই এবং আলটপকা খেজুর করি। কেউ দীর্ঘ চুল সামনে টেনে আনেন, চুলের ঢেউ বুকের উপর দিয়ে গড়িয়ে যায়। কেউ কথার ফাঁকে চুল ঠিক করেন, মন্দিরগাত্রের ভাস্কর্যের মতো সেই বিভঙ্গ ফুটে ওঠে। তাঁরা অবশ্য সে সব খেয়াল না করেই গল্প করেন। কিন্তু আমি খেয়াল করি। খেয়াল না করার ভান করে।
তবে, চুল— দীর্ঘ সেই রমণী-চুল সবটাই জানত। সে আমাকে সতর্ক করে বলেছিল, আমি যেটা করছি তাকে ভয়েরিজম বলে। মেয়েরা সারাদিন এসবের শিকার। সুতরাং গল্পের ভেতর তারা ফের একই জিনিস পড়তে মোটেই পছন্দ করবে না। তা ছাড়া, চুলের যুক্তি, এগুলো লেখারই বা কী দরকার! আমি পালটা যুক্তি দিয়ে বলেছিলাম, তাহলে তো বাংলা লেখালিখির বহুত অংশ ছেঁটে ফেলে দিতে হবে। এটা তো গল্প। আমি তো আর সত্যি তাকিয়ে তাকিয়ে দেখতে যাচ্ছি না। চুল ফিনফিনে হাওয়ায় উড়ে অনেকটা যেন শ্রাগ করেই বলেছিল, যা ভালো বোঝো!
আমি অবশ্য চুলের কথাটা একেবারে ফেলে দিতে পারিনি। বস্তুত গল্পটা তো তারই। তাই প্রথম মুদ্রণে, সাপ না মরে লাঠি না ভাঙে করে শেষ পাতায় বলেছিলাম, ওহে কথকঠাকুরানি রমণী-চুল তুমি এলেও তো পারতে! যেন সে আসেনি। শেষ লাইনটি এরকম ছিল— ঘাড়ে, গলায়, কাঁধে হাত বুলোই। না, চুল বলে তো কিছু নেই। এতক্ষণ তবে কার সঙ্গে কথা বললাম। জানি না। সন্ধে-আকাশে আরও ঝিমধরা সন্ধে নেমে আসে।
সেই চুল তবু আমাকে ছাড়ে না। পাকড়াও করে। বলে, আমায় ভ্যানিস করে দিলে? আমি বলি, ওই আর কি! গল্পে, ও সত্যি কিছু না! আমার প্রবোধে সে ভোলে না। বলে, রমণী নিখোঁজ হলে রমণী-চুলও হারিয়ে যায়।
শিউরে উঠি।
চুল আমাকে নিস্তার দেয় না। বুঝতে পারি, একটা নিশানের মতো চুল ফিরে এসেছে। আসতে চাইছে।
গল্পটা অতএব আবার লিখতে হল। ছাপাও হচ্ছে, প্রকাশককে ধন্যবাদ। যাঁরা কিনেছিলেন, তাঁরা কি আবার কিনবেন? বোধহয় না। দুঃখ প্রকাশ করছি আমার সেই প্রণম্য পাঠকের কাছে, কিন্তু আমি নিরুপায়।
১৬ সেপ্টেম্বর, ২০২৩
(মৃত্যুবার্ষিকীতে মাহসা আমিনিকে স্মরণ করে)
প্রথম মুদ্রণের ভূমিকা
ভাঁড়ের হ্যান্ডেল কিংবা পালংশাকের ক্যাশমেমো। ছত্রিশ পাতার বইয়ের আবার ভূমিকা! তবু লিখতেই হল। এটুকু বলতে যে, সেন্টার স্টিচ পাতলা কভার এই শীর্ণ বইটির কোনও বিশেষ উদ্দেশ্য নেই।
সেদিন গোলপার্কের ফুটপাতে বই দেখে একা একা হাঁটছিলাম। হঠাৎ ঘাড়ের কাছে সুড়সুড়ি। বারকয়েক হাত চালিয়েও মালুম হল না। পরে দেখলাম পাঞ্জাবির কলারের উপরে গলার পাশের দিকে একটি লম্বা-চুল আটকে আছে। আন্দাজ করলাম, মাতিস, ভ্যান গখ আর রঘু রাইয়ের তিনখানা পুরোনো বই নিয়ে যখন দরদাম করছিলাম, তখন ঠিক পাশেই দাঁড়িয়েছিলেন এক তরুণী। তিনিও তিনটে বই-ই নেবেন। এবং আমার দরদামের জন্য অপেক্ষা করছেন। তাহলে ওই দামেই তিনিও সওদা করবেন। হয়তো অস্থিরভাবে চুলে হাত চালিয়েছিলেন। চুল উড়ে এসে জুড়ে বসেছে আমার ঘাড়ে। জানি না। না-ও হতে পারে। তবে এইটেই ভাবতে ভালো লাগল।
ভাবার আনন্দে দু-কাপ চা আর বড়ো সিগারেট খেলাম। সেই তোড়েই ভাবনাতে মোর লেগে গেল ঝড়ের হাওয়া। আরও পাঁচটা জিনিস জড়িয়ে জড়িয়ে ভাবনা এগোল। এই চুলটিকে আমি এখন এক মাঝবয়সি মহিলার বলে ভাবতে পারি। যিনি শপিংমলের এলিভেটরে দাঁড়িয়ে সতৃষ্ণ দেখছেন, পাশের এলিভেটরে একজোড়া তরুণ-তরুণী নিজেদের সাপটে জড়িয়ে ধরে নামছে। হয়তো চুমুও খাচ্ছে। মাঝবয়সি মহিলাটি তা দেখে কাতর হচ্ছেন। দৃশ্য কি তবে আশ্লেষের সুখ দিতে পারে! এরকম ভাবা যায়। ভাবা যায়, যে ‘এ কী অসভ্যতা’ বলে তিনি রেগে উঠছেন। অথবা তিনি ভাবছেন, যদি তাঁর যৌবনে এতটা খোলামোলা ভালোবাসা প্রকাশের সুযোগ থাকত! ঠিক সেই মুহূর্তে কোন পুরুষের কথা তাঁর মাথায় এল! সেই পুরুষ— যাঁকে তিনি একদিন ফিরিয়ে দিয়েছিলেন। না কি সেই পুরুষ, যাঁকে তিনি কেবলই দূর হতে দেখেছেন, কোনওদিন কাছে যাননি।
কিন্তু শুধু ঠান্ডা-ঘরের দৃষ্টিতে যদি চুলটিকে আটকে রাখি কীরকম একটা লাগে না! খুবই একটেরে উচ্চবিত্তের ব্যাপার। গল্পের তাই আড় ভাঙানো দরকার। অতএব চুলটিকে এবার ভিখিরি রমণীর মাথায় বসাতে পারি। তাঁর গোটা মুখ ফোড়ায় ভরতি। চুলটিকে তাহলে আমাকে আরও খরখরে তেল না-পড়া করতে হবে। চুলটিতে তখন আমি আমার এই মধ্যবিত্ত শ্রেণিচেতনার জায়গা থেকে ঘেন্নাও করতে পারি। ভিখিরি মেয়ের কেশের দিকে কে কবে সপ্রেম তাকিয়েছে! কোন বিজ্ঞাপনের তেল তাঁদের চুল মোলায়েম করতে পারে দেখি! চুলের শ্রেণিবদল, অতএব। এমনকী চুলের রেশমিপনা ও চুল বাঁধার দিকে খেয়াল রাখলে বোঝা যেতে পারে, শ্রেণিবৈষম্যের চরিত্র। হাতখোঁপা খেটে খাওয়া, মূলত বিত্তে নিম্ন বা মধ্য। স্ট্রেট চুল বিত্তে উচ্চ না হলেও হোয়াইট কলার জব— এভাবে ভাবা যায়। কোনও তথ্য নেই, সমাজবিজ্ঞান-ফিজ্ঞান নিয়ে আমার বিন্দুমাত্র ফান্ডা নেই। স্রেফ চুলের কল্পনা। তবে, এই সাত-পাঁচ গাঁজাখুরি ভাবনার মধ্যে একটা কথাই শুধু খাঁটি, উড়ে আসা চুলটিকে আমি যার কাছেই নিয়ে গেছি চিনতে পেরেছি গুমরে ওঠা রাত। অসহ, কখনও বীভৎস। অথচ গোপন। এই অসহায়তার কোনও শ্রেণিবৈষম্য ছিল না। চুলটিকে সেই কারণেই নানা চরিত্রের কাছে নিয়ে যেতে হল।
তো এই মোটামুটি। বিরাট গভীর কিছু নয়। ব্যাপকতর অর্থ খুঁজতে কেউ যাবেন না। অচেনা রমণী-চুলের সঙ্গে কিছুক্ষণ থাকা ছাড়া কাহিনি বিলকুল বেকার।
ভেবেছিলাম, প্রচ্ছদের কথা হিরণ মিত্রকে গিয়ে বলব। সাহসে কুলিয়ে উঠতে পারিনি। যদিও পরে ওঁর পরিচিত একজন বলেছিলেন, গিয়ে বলতে পারতে, হিরণদা না করতেন না। যাই হোক, যাওয়া যখন হয়নি তখন আর কী করা যাবে! তিনজন শিল্পী আলাদা করে চুলের ছবি আঁকার চেষ্টা করেছিলেন। সে চুলোচুলি পাঠকের জন্য অসহ হবে আঁচ করে আমি আর প্রকাশক মিলে সিম্পল সাদা কভারের উপর আঁকাবাঁকা পেন-থ্রু করে দিয়েছি। এই আমাদের প্রচ্ছদ। আর এই রইল গল্প।
পাঠক, পড়বেন প্লিজ়। আর, গোলপার্কের পুরোনো বইয়ের দোকানের সেই তরুণী, আপনি? পড়বেন? আপনাকে চিনি না, কিন্তু দেখুন দিকি, দীর্ঘ সেই চুল কেমন আষ্টেপৃষ্ঠে আমাদের জড়িয়ে ধরেছে। যতই তুলে নিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করি, পারছি কই!
১ জানুয়ারি, ২০২৩
কল্পতরু উৎসব