কয়েকটি কবিতা
সিদ্ধার্থ মিত্র

অনুশোচনা 

প্রার্থনার সময় 

সবাই মাথা নত করে 

শুধু একটি শিশু 

বিশ্বাসে মাথা তুলে দেখে 

ঈশ্বর তখনও 

লজ্জায় মাটির দিকে তাকিয়ে 

সেলাই 

গলির প্রান্তে বসা এক বৃদ্ধা মহিলা 

ছেঁড়া কাপড় সেলাই করছিলেন 

তাঁর শূন্যে ছোড়া হাতের দিকে তাকিয়ে 

মনে হল 

যেন পৃথিবীর সব ক্ষত 

জুড়ে দিচ্ছেন সবার অলক্ষ্যেই 

গন্তব্য 

শহরের শেষ ট্রামটা 

আজও ধীর গতিতে ফিরে যায় 

যেন শহরটা পুরোনো এক স্মৃতিতে 

নিজেকে বহন করে নিয়ে চলেছে 

ট্রামের ভিতরে তিনজন মানুষ বসে 

একটি পাগল 

একজন বৃদ্ধ কবি 

ও আরেকজন সদ্যযৌবনা নারী 

যাঁরা প্রতিদিন ভুল স্টপে নেমে যান 

শহর ভাবে 

তিনজন মানুষ ভিন্ন 

ওঁরা আসলে 

একই নিঃসঙ্গতার তিনটি বয়স 

Write a Comment

Your email address will not be published. Required fields are marked *

loading...