রসকলি
সৌমী আচার্য্য

ঝরে-যাওয়া পাতার অস্ফুট শব্দ, শিশিরের মন-খারাপি দীর্ঘশ্বাস আর ওই হরিনাম সংকীর্তনে উতল হয়ে-ওঠা প্রতিটা মনের ভিন্ন ভিন্ন সুর শুনতে পায় জগন্নাথ। ওর তেলচিটে জামার বাঁ-পকেটে সরু করে কাটা খাতার পাতা আছে। মেয়েদের পুরোনো খাতা থেকে কেটে রেখে দেয়। আছে সস্তার অগ্নি জেল পেন। অবসরমতো লেখা চলে। নগেন সমাদ্দার কাগজগুলো দেখে অবাক হয়েছিল। 

—তুই কি ল্যাখক! এসব ছাপাবি নাকি? 

—কী যে কন! আপনার গোডাউনে হিসাব করা ছাড়া আমার আর কোনো গতি নাই। ওসব সন্দ্যায় পড়ি সুকনা বিলের ধারে। ঘরে-ফেরা পাখি, ঝিঁঝিঁ আর চুমকি পাগলি শোনে। বাড়িতে সবাই পাগলছাগল ভাবে। 

—আর রাস্তার লোক? 

বোকার মতো হাসে জগন্নাথ। নগেন সমাদ্দারের হিসেবি চোখে শুধু টাকার গন্ধ। জগন্নাথের মন বোঝার মতো ইচ্ছে নেই। অবশ্য তাতে কিছু যায় আসে না। কেবল মেনকা জামাকাপড় কাচতে গিয়ে একবার অনেকগুলো কাগজ সার্ফে চুবিয়ে দিয়েছিল। সেদিন নিজের মাথার চুল ধরে টেনে টেনে খুব কেঁদেছিল জগন্নাথ। 

—কী কল্লি? ওরে তুই কী কল্লি? আমার সাধন-ভজন সব রসাতলে দিলি? ওরে আমার কী হল রে? 

মেনকা শান্ত মানুষ। এসব আবেগের পিছনে সময় দেবার সময় নেই তার। সোজা কলপাড় থেকে উঠে গরুর জাবনা কাটতে বসে গিয়েছিল। বড়ো মেয়ে বাবার মড়াকান্নায় বিরক্ত হয়ে বাইরে বেরিয়ে জোর ধাতানি দিতেই জগন্নাথ, ‘গোবিন্দ, গোবিন্দ’ বলে চুপ হয়ে গিয়েছিল। সংসারে উচ্ছিষ্ট হয়ে থাকাই তার স্বভাব। দুই মেয়ের কেউই তাকে বিশেষ পাত্তা দেয় না, তাদের যত আবদার মায়ের কাছে। আজ সে এসেছে রতনলাল বিশ্বাসের বাড়ি। তুমুল বড়োলোক রতনলাল হঠাৎ করে কীর্তন গাইতে হরেরামপল্লীর গৌরদাসের দলকে ডাকল কেন? তাদের বাঁধাধরা টিভি স্টার সুন্দরী নেকুনেকু কীর্তন গাইয়েটা আজ বাতিল কেন, একথা জগন্নাথ ভালো বোঝেনি। তবে আগেভাগে এসে ভালো জায়গায় বসে গিয়েছে। প্রথম থেকে সবাইকে দেখতে পারলে ওর শান্তি। একজন মানুষকে যখন প্রথম দেখে তখন থেকেই মনের ভিতর কথাগুলো শুরু হয়। 

—কী হে জগন্নাথ! তুমি কেত্তন করো নাকি? 

—আজ্ঞে না, শুনি। 

—ও! তা একটু পিছনে গিয়ে বসো। বাবুর অতিথিরা এখানে বসবে। 

—পিছন থেকে ভালো দেখা যায় না। 

—দেখার দরকার কী? কেত্তন শুনতে হয়। যাও যাও পিছনে যাও। 

বেজার মুখে বসে থাকল জগন্নাথ। বাতাসে মুগডাল ভাজার সুবাস, মালা-চন্দনের মায়া। সময়ের হাত ধরে এসে উপস্থিত হয় সকলেই। ধুঁয়ো ধরে মন্দিরা, অনিমা, হরেন, সুভদ্ররা। জগন্নাথ একমনে দেখে গৌরদাসকে। ষাটের উপর বয়স, পরনের ধুতি, ফতুয়া, চাদর সব সাদা। তিলক-কাটা গলায় গাঁদার মালা পরা ফর্সা ধবধবে গৌরদাস যেন সদ্যফোটা কুন্দ। ওর চোখের তলায় তবে এত বিষাদ কেন? গান গাওয়া শুরু করতে না-করতেই চোখ ভিজে ওঠে কেন? 

—জগন্নাথ, যারে ছাইড়া আইসি হেয় কি অহনো বয়া আছে? সেই যে ধলি নদীর কিনারে নাওয়ের ভিতর হাতে হাত রাইখ্যা হেয় কইলো, ‘গৌরদা আর কি দেখা হইব?’ আমি তিন সত্তি করলাম, ‘হইব, হইব, হইব’ সময় যে বয়া যায়! আর কি দেখা হইব? আমি যে আর ফিরতি পারি না জগন্নাথ। 

আহা গো, কেঁদে কেঁদে ফুলে ফুলে উঠছে। খাতার ভেতর সংলাপটা লিখে নেয় জগন্নাথ, এইমাত্র যেটা গৌর ওকে বলল। তখুনি চোখ পড়ে তপার মায়ের প্রায় পাথরের মতো মুখের উপর। তিলককাটা মুখ এত কুৎসিত হয় কী করে কে জানে! ওর বাবার নাকি চোরাই কারবার ছিল। রানাঘাটের মেয়ে। চূর্ণির জলে বস্তা-বাঁধা ওর বাবার শরীর ভেসে ওঠার পর সেই যে ওর ভেতরটা পুড়ে ছাই হল, সেই থেকে এখনও জ্বলছে। 

—মিতথা কথা সব। আমার বাবার মতো মানুষ তুমি দুটো পাবা না জগন্নাথ। সারাজীবন কষ্ট করে ছাঁট মালের ব্যবসা করে পাড়ার গরিব লোকদের সাহায্য করেছে। আর তার কিনা অমন মিত্তু! ওই পাথরের মুত্তির সামনে বসে রোজ গালাগাল করি। নেই নেই কোনো ভগবান নেই। মুখে নাম করি আর মনে মনে গাল দিই সকলের সামনে। ওই মুত্তি মিতথা। 

কানে আঙুল দেয় জগন্নাথ। উফ বিষ বিষ! এই মহিলা বিষ! 

—কেন? সত্তি বলি বলে? আমার মেয়ে তপা এম.এ কচ্চে। ওর বাপের সুনার দুকান। আমার বাড়ির লোকের তো কুনো কষ্ট নাই আমার সাতে। তারা তো আমায় ভালোবাসে, তালে বিষ কেন বলবা? 

জগন্নাথ চোখ সরিয়ে নেয়। এমন ভাবসাগরের সামনে দাঁড়িয়ে এই আগুনে মহিলার সাথে কথা বলতে ইচ্ছা জাগে না। কী অপূর্ব সুর উঠেছে গৌরদাসের গলায়! আহা, কে যাও গো বৃন্দাবনের পথের কিনারে? বৃন্দাদ্যূতি গো শুধাও, ওরে কানু কি ডাকবে মোরে? গৌরদাস কোন কানুর ডাক খোঁজে, এমন পাগল হয়ে? খোলের গায়ে চটাস চটাস শব্দে তাল মেলায় হরেন। ওর গাল ভেঙে ঢুকে গেছে ভেতরে। বিরাট খোঁদল যেন গলায়। চন্দন ধেবড়ে হাঁ-মুখ রচনা হয়েছে। 

—আমার আবার চেহারা জগন্নাথ! আছি তো ভাইপোদের গলগ্রহ হয়ে। এই কীর্তনে এলে অন্তত একবেলার খাওয়া বাঁচে ওদের। বাঁ-পা অকেজো হবার পর আর তো সেন্টারিং-এর কাজে যেতে পারি না। এর-তার বেড়া বুনে আর কীর্তন গেয়েই কাটিয়ে দিই। 

হরেনের দুঃখটা বড্ড চেনা। এইসব চেনা দুঃখ হাতড়াতে ভালো লাগে না। মনে হয় একটু অন্য কিছু যদি শোনা যেত। এদিক-ওদিক তাকাতেই গেটের কাছে আস্ত সূর্যমুখী দেখতে পেল। মেয়েটার অতি সাহসী যৌবন আর বিপজ্জনক বয়স আশেপাশের সব ইরেজারে ঘষে ঘষে ঝাপসা করে দিল মুহূর্তে। 

—একটা নয় দুটো অথবা তিনটে গোটা পুরুষ আমার ছবির অ্যালবামে হাসিমুখে দাঁড়িয়ে আছে নিজেদের মৃত্যু-পরোয়ানা যেচে নিয়ে। আমি শিশুগাছের বড়ো ডালে দোলনা বেঁধে পিছনের দিকে হু হু করে ছুটে যাই। তাদের দেখি আবার হু হু করে সামনে ভাসতেই তাদের ভুলে যাই। জগন্নাথ আপনি বলুন তো আমি কী খুঁজি? 

হরেকৃষ্ণ হরেকৃষ্ণ। পিছন থেকে একে-তাকে পারিয়ে সুতোকাটা ঘুড়ির মতো লাট খেতে খেতে মেয়েটার কাছে গিয়ে দাঁড়ায়। আরও কাছ থেকে ওর কথাগুলো শুনতে হবে। কী বলে এই মেয়ে? 

—এতেই ঘাবড়ে গেলেন? আমার ন-কাকির গুড়মুড়ির ভাগ কোনোদিন আমি পাইনি জানেন? সবাই খেত কিন্তু জানি না আমায় কেন সহ্যই করতে পারত না। আমার বোনকে কোলে নিয়ে মুখে তুলে দিত। আমি পেনসিল শার্পনারে গুঁজে রাগের চোকলা উঠিয়ে যেতাম, উঠিয়েই যেতাম। এসব কীর্তন শুনলে আমার কষ্টগুলো বিনিয়ে ওঠে আর আমি কাঁদি। যা হয়েছে তার জন্য আর যা হয়নি তার জন্যেও। 

সূর্যমুখীর কি অনেক প্রেমিক? ওর কি মাথায় ছিট আছে? জগন্নাথ ঠিক বোঝে না। যা হয়নি তার জন্য মানুষ কাঁদে নাকি? ওর বউ মেনকা তো কাঁদতেও জানে না। হাসতেও না। ঠান্ডা মানুষ। 

—সব মানুষ তো সমান না জগন্নাথ। আমি খুঁজি হেরে-যাওয়া সময়, তুমি খোঁজো গল্প আর মেনকা খোঁজে নিশ্চিন্ত জীবন। সবাই আলাদা। 

সেও তো সত্যি! সবাই কি আর এক! ওই যে রতনলালবাবু গম্ভীর মুখে বসে আছে, মনে মনে তো এখন কাঁদছে। ক্ষমা চাইছে গোবিন্দর কাছে। 

—মাকে শেষ সময় কষ্ট দিয়েছি গোবিন্দ, ক্ষমা করো। অকারণে টাকা খরচ হবে ভেবে ভালো ডাক্তারের কাছে নিইনি। রাতে দেখার কেউ ছিল না ঘরে। আমি থাকতে পারতাম। তাহলে হয়তো বাথরুমে একা যেতে গিয়ে শেষ হয়ে যেত না। উফ আমার আজকাল বুকে বড়ো চাপ ধরে। ক্ষমা করো গোবিন্দ। আমি মরতে চাই না। 

মনে মনে হাসে জগন্নাথ। কে বা মরতে চায়? তাপসের দেহটা দড়ি থেকে নামানোর পর বলেছিল, জগন্নাথ ভীষণ বাঁচতে ইচ্ছা করছিল রে, ভীষণ। গলায় যত চাপ পড়ে শ্বাস বন্ধ হচ্ছিল তত মনে হচ্ছিল যদি বাঁচি তো একদিন বারের পুজোর সিন্নি খেতে ঝুমুরদের পাড়ায় যাব। ও খুব সুন্দর সিন্নি মাখাত। আর একদিন সাইকেলে করে জবাপিসিকে দেখে আসব। পিসি আমাকে খুব ভালোবাসত রে জগন্নাথ। 

এদিকে সূর্যমুখী পিছন দিকে হাঁটা লাগিয়েছে। কী কাণ্ড, ওদিকে যে বাথরুম! থাক বাইরে বেরোলে নয় বাকিটা শোনা যাবে। হঠাৎ চিৎকারে সম্বিৎ ফেরে জগন্নাথের। কে যেন ওর গালে ঠাসিয়ে চড় গুঁজে দিল। 

—ইতর লোক! তখন থেকে পিছন পিছন ঘুরছে। এখন সোজা বাথরুমে এসে উঁকিঝুঁকি মারছে। এ্যাই ভাই, হাঁ করে দেখছিস কী? মেরে সোজা করে দে‌। 

জগন্নাথ ভ্যাবলার মতো চেয়ে থাকে। কে যেন আচ্ছাসে চুল ধরে নাড়িয়ে দেয়। আর কে যেন বলে, ‘ছিঃ ছিঃ কীর্তনের বাড়িতে মারধোর! বন্ধ করো। এই বয়সে একটু ভীমরতি হয়। কচি মেয়ে দেখলে লালা ঝরে-টরে। ছেড়ে দাও, ছেড়ে দাও।’ কারা যেন বাড়ি থেকে ঘাড় ধরে বের করে দেয়। মেনকাকে কতবার টোটো-চালানো তারক বলেছে, ‘মালটাকে বের করে দাও না বাড়ি থেকে। কী দেয় ও তোমায়? সারাদিন ঢপের চপ ভাজছে। মানুষের মনের কথা শুনতে পায়? আজ অব্দি তোমার মনের কথা শুনেছে? দুই মেয়ের মা তুমি, তবু যেন ললি-পলিরের বড়োদি। আমার ডার্লিং তুমি। জানে সেটা?’ তারকের আদর মেনকা ভালোবাসে। ওর হাতে খুব জোর। জগন্নাথ জানে তার হাতে-গায়ে জোর বড়ো কম। তাই হয়তো কোনোদিন মরতে সাধ হয়নি। তবে আজ বড্ড মরে যেতে ইচ্ছে করছে। 

শীতলার থান দিয়ে বাঁ-হাতে মোচড় খেয়ে ঢোকে। আরেকটু এগোলেই সুকনার বিল। ওখানে দিনেও কেউ আসে না। ঠিক বিলের মাঝখানে নাকি কুয়ো! ওখান অবধি গেলেই নিশ্চিন্তে টুপ করে… এই সন্ধ্যায় কেউ আসবে না। কিন্তু মরে গেলে কি আর মানুষের গল্প জানা যাবে? ভূতেরা কি গল্প ভালোবাসে? নাহ, বড়ো দোটানায় পড়ে গেল জগন্নাথ। ওই যে চুমকি পাগলি হাতে বাটি নিয়ে এদিকেই আসছে। ওর সাথে কথা বলতে ইচ্ছা করছে তারপর না-হয় ভাবা যাবে। 

—এই জগন্নাথ, দুখি মানুষ! এইখানে কী করিস? মরবি মরবি? আয় রসকলি এঁকে দিই, নইলে যাত্রা করতে পারবি না। 

মুখে এত কথা বলে যে ওর মন পড়া যায় না। জগন্নাথ বিরক্ত হয়। মাছি তাড়ানোর মতো কিছু তাড়ায়। মুখে বলে, ‘যা নয়, চুপ কর।’ 

—ওরে জগন্নাথ ঠুঁটো হয়ে রইলি যে। তোর ভাবনায় কথা বলব এমন বোকা পাসনি আমায়। 

এই বলে জবরদস্তি মাথায় ফোঁটা আঁকে। ওর ড্যানা চেপে ধরে জগন্নাথ। 

—কী বললি? আমার ভাবনায় লোকে কথা বলে? আমি যা শুনতে পাই সে তালে কী? 

চুমকি দু-হাত নেড়ে নেচে নেচে হেসে-কুঁদে এগিয়ে যায় অন্ধকার হয়ে-আসা মাঠের কাগজের ভিতর। ছবিটা ঝাপসা হতেই জগন্নাথ চমকে ওঠে। নাহ, এভাবে তো মরে যাওয়া যাবে না! সত্যিটা তাকে জানতেই হবে। কথা কে বলে? তার ভাবনা? নাকি সামনে থাকা মানুষগুলোর মন? সবার আগে মেনকার কাছেই যাবে বলে পা বাড়ায় কিন্তু বিলের জলের ভিতর থেকে কে যেন ফিসফিস করে ওঠে। 

—ও জগন্নাথ আমার ভিতর এসো! দেখো শান্তি পাবে এসো এসো। 

জোরে পা চালাল জগন্নাথ, কিছুতেই এসব শুনবে না সে। সত্যিটা জানতেই হবে তাকে। রসকলি চড়বড়িয়ে ওঠে নতুন যাত্রাপথে। 

Write a Comment

Your email address will not be published. Required fields are marked *

loading...