বোধি
মোহর ভট্টাচার্য
পুরোনো প্রেমিকের মৃত্যু, কাছে এসে এমন বসেছ
শ্বাসের সম্পাত গুণে কেটে গেল নির্ঘুম বছর
এখন কানের মধ্যে অতি দূর সমুদ্রের
গহন সার্কাসে
ক্ষুধার বাঁদরগুলি সং সাজে, ওঠে কলরোল
কোথায় টিকিট ঘর? একটু পিছনের দিকে, দরজার মুখে
পাশ ফিরে বসার মতন
এর বেশি সঙ্গতি ছিল না
এখান থেকেও ভালোই দেখা যাচ্ছে কিন্তু
বাপ-মায়ের দান এই ভগবতীদেহ, এতেও কত দাগ পড়ে গেল
ইতিমধ্যে ধারালো ভোরের ক্ল্যারিওনেট
সমুদ্রের কাছে কেমন আলাদাই সূর্য ওঠে, না?
কৈশোরের অন্যমনস্ক ব্রণের মতো
নাছোড়
পাথরে রেখেছি পদ্ম, জানুতে ঈশ্বরী
সুচন্দ্রপরাগ দিয়ে ভাত রান্না করি
ভাতের ধোঁয়ায় বসে খান ধূমাবতী
আপন কক্ষের জলে আপন আহুতি
দেবী, খাও
গতে গতে পারগতে পারসঙ্গতে, হায় দিন