বাস্তুচুম্বক
শ্যামল ভট্টাচার্য

বেঙ্গালুরুর পুরোনো এলাকা ফ্রেজার টাউনে রিচার্ডস পার্কের শতবর্ষী প্রাচীন রেইন ট্রিটার নীচে যখন সোমা এসে বসেন, তখন মাথার ওপর পাতার ঘন শামিয়ানা ভেদ করে সূর্যের আলোও সহজে মাটিতে পৌঁছাতে পারে না। ১৯০৬ সালে, সেই ব্রিটিশ আমলে মাদ্রাজ প্রেসিডেন্সির অধীনে থাকা ব্যাঙ্গালোর ক্যান্টনমেন্টের জনবহুল এলাকাগুলোর ভিড় কমানোর জন্য এটিকে যখন পরিকল্পিত উপশহর হিসেবে তৈরি করা হয়েছিল, তখন নাকি রাস্তাগুলোর দু-পাশে এবং পার্কগুলোতে প্রচুর ছায়াদানকারী গাছ লাগানো হয়েছিল। এর আগে এই এলাকাটি ছিল রাগি ফসলের খেত এবং ‘মুটোচেরি’ নামে পরিচিত। এখন এই বিশাল ও প্রাচীন গাছগুলো মূলত এলাকার দুটি প্রধান ঐতিহাসিক পার্কে দেখা যায়, এই রিচার্ডস পার্ক আর ১৯১৪ সালে প্রতিষ্ঠিত কোলেস পার্ক। পরবর্তীকালে রাজনৈতিক পরিবর্তনের সাথে সাথে এগুলির নাম বদলেছে, ১৯৮৮ সালে এলাকার নাম বদলে হয়েছে পুলাকেশী নগর। মহাপরাক্রমী হর্ষবর্ধনকে যুদ্ধে হারিয়ে দেওয়া মহাবীর দ্বিতীয় পুলকেশীর নামে এই নামকরণ। কিন্তু ডাকঘর আর থানার নাম ছেড়ে দিলে মানুষের মুখে মুখে এখনও ফ্রেজার টাউন। এখন মস্ক রোড ছেড়ে দিলে এই বহুভাষী বহুধর্ম ও সংস্কৃতির মানুষের আবাস এই ঘিঞ্জি এলাকায় গাছ নেই বললেই চলে। শুধু এই ছায়াশীতল পরিবেশে এসে সে একটু স্বস্তি পায়। কিন্তু আজ তার উল্টোডাঙ্গার সেই এক চিলতে ওয়ান-বিএইচকে এলআইজি ফ্ল্যাটটার জন্য মন কেমন করছে। 

সোমার বয়স চার বছর আগেই ষাট পেরিয়েছে। দীর্ঘ দুই দশক আগে যখন লম্পট স্বামীর ঘর ছেড়েছিলেন, তখন বিধবা মা কিংবা দুই দাদাও তাকে ঠাঁই দেয়নি। সঙ্গে তখন ক্লাস ফাইভে-পড়া জুগনু। সেই থেকে শুরু হয়েছিল একলা মায়ের এক মহাসংগ্রাম। নিজে পড়াশোনায় ভালো ছিলেন। তাই কলকাতার সম্ভ্রান্ত গুজরাটি, মাড়োয়ারি আর পাঞ্জাবি বাড়িগুলোতে ঘুরে ঘুরে তাদের ইংরেজি মিডিয়ামের ছেলেমেয়েদের পড়াতেন সোমা। নিজের পড়ালেখাও থামাননি; জার্নালিজমে স্নাতকোত্তর শেষ করে কয়েক বছর পেজ-থ্রি সাংবাদিকতাও করেছেন। সেই অনেক কষ্টে উপার্জিত পয়সা আর জমানো পুঁজি দিয়ে কেনা উল্টোডাঙ্গার বাড়িটি ছিল তার আজীবনের আত্মসম্মানের দলিল। পয়সা বাঁচাতে ছুটির দিনে মেয়েকে নিয়ে কত মন্দিরের লাইনে দাঁড়িয়ে প্রসাদ খেয়েছেন, তার হিসাব নেই। কিন্তু কনভেন্ট আর স্কটিশ চার্চ পার করে মেয়েকে উচ্চশিক্ষার জন্য পাঠিয়েছিলেন এই বেঙ্গালুরুতেই। মেয়ে এখন প্রতিষ্ঠিত, সংসারী। জামাইও ভালো, শিশুচিকিৎসক; নিজেদের নার্সিং হোম আছে। কিন্তু সংকট অন্য জায়গায়। পাঁচ বছরের নাতি নীলুর জন্মের দু-বছর পর জানা গেল যে সে এডিএইচডি-তে আক্রান্ত। অসম্ভব চঞ্চল, একমুহূর্ত স্থির থাকে না, কোনও কিছুতেই মন বসাতে পারে না। সব শোনে, অথচ কথা বলতে পারে না। মেয়ে-জামাইয়ের ব্যস্ত কর্পোরেট জীবনে নীলুকে সামলানো কঠিন হয়ে পড়ছিল। তাই তো সোমা নিজের চেনা শহর কলকাতা ছেড়ে চলে এসেছেন এই ফ্রেজার টাউনে। এখন তিনি মেয়ের কথামতো এখানেই ভাড়া থাকেন—যেখানে চারপাশটা ঘিঞ্জি হলেও এই প্রাচীন পার্কগুলোর সবুজ আর ইতিহাস সোমার পরিবেশসচেতন মনকে টানে। 

সংকটটা ঘনীভূত হল গত সপ্তাহে। মেয়ে আর জামাই একপ্রকার জোর করেই সোমাকে অনুরোধ করল, “মা, তুমি তো এখন এখানেই থাকবে। নীলুর তোমাকে দরকার। উল্টোডাঙ্গার ফ্ল্যাটটা শুধু শুধু ফেলে রেখে কী লাভ? ওটা বিক্রি করে দাও।” 

সোমা দোদুল্যমানতায় ভুগছিলেন। যে বাড়িটা নিজের রক্ত জল-করা শ্রমে গড়া, তা কি এভাবে হাতছাড়া করা যায়? আবার নাতি-নাতনির প্রতি তার যে অগাধ ভালোবাসা, তার টানেও তো পিছু হটা যাচ্ছে না। তাছাড়া কলকাতায় তার পরিচিত বন্ধুবান্ধবরা এখন সবাই প্রায় তারই বয়সি, বা তার থেকে বড়ো। অনেকেই অসুস্থ বা অশক্ত। আপদে-বিপদে ওরা যে এসে তার পাশে দাঁড়াবেন, তার নিশ্চয়তা নেই। আবার ভাবে পিসতুতো বোন বিধবা গোপাদির কথা। তিনি তার মেয়ে-জামাইয়ের কাছে হায়দরাবাদে ছিলেন প্রায় আঠেরো বছর। কিন্তু নাতি-নাতনি বড়ো হয়ে গেলে পরিস্থিতি এমন হয়েছে যে গোপাদিকে আবার কলকাতায় ফিরতে হয়েছে। এখন তিনি থাকেন এক বৃদ্ধাবাসে। 

মনের এই টানাপোড়েনের মাঝেই নাতনিকে নিয়ে পার্কে বসে আজকের খবরের কাগজ উলটাতে উলটাতে তার চোখ আটকে যায় একটা আশ্চর্য খবরে। খবরটা ছিল যুদ্ধক্ষেত্রের এক অদ্ভুত পাখির বাসার। ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধের ফ্রন্টলাইনে, যেখানে ড্রোনের আনাগোনা রুখতে ফাইবার অপটিক তারের জাল ছড়ানো রয়েছে, সেখানকার পাখিরা খড়কুটো না-পেয়ে সেই বিষাক্ত, ধারালো ফাইবার অপটিক তার দিয়েই বাসা বুনছে! কিইভের ওয়ার মিউজিয়ামের তরুণী ম্যানেজার ইয়ানা আর ডাচ জীববিজ্ঞানী হিমস্ট্রার সেই বাসা নিয়ে গবেষণা করছেন। হিমস্ট্রার একটা কথা সোমার বুকে তিরের মতো বিঁধল—তিনি আমস্টারডামের এক মিউজিয়ামের সামনে একটা পাখির বাসা পেয়েছিলেন, যার নীচে ছিল ১৯৯৪ সালের চকোলেট র‍্যাপার আর ওপরে কোভিড মাস্ক। প্রায় ৩০ বছর ধরে ১০ জোড়া পাখি ঘুরেফিরে ওই একই বাসায় এসেছে, ডিম পেড়েছে। বিজ্ঞানী এর নাম দিয়েছেন—’ইকোলজিক্যাল ম্যাগনেট’। এমন একটা আশ্রয়, যেখানে প্রাণীরা বারবার ফিরে আসে। 

খবরটা পড়তে পড়তে সোমার চোখের কোণ ভিজে উঠল। তিনি খবরের কাগজের পাতায় যেন নিজের জীবনের প্রতিচ্ছবি দেখতে পেলেন। যুদ্ধক্ষেত্রের বিষাক্ত পরিবেশেও পাখিরা যেমন নিজের স্বাভাবিক প্রবৃত্তি আর মাতৃত্বকে থামিয়ে রাখেনি, মারণাস্ত্রের তার দিয়েই জীবনের স্পন্দন টিকিয়ে রেখেছে; সোমাও তো তেমনই সমাজের নিষ্ঠুরতা, একাকিত্ব আর আরোপিত দারিদ্র্যের বিষাক্ত ফাইবার অপটিক তারগুলোকে ডিঙিয়েই উল্টোডাঙ্গায় নিজের বাসা বুনেছিলেন। ওই ফ্ল্যাটটি কোনও স্থাবর সম্পত্তি নয়, ওটি সোমার জীবনের ‘ইকোলজিক্যাল ম্যাগনেট’। যেখানে জীবনের সমস্ত ঝড়ঝাপটার শেষে তার আত্মা বারবার ফিরে যেতে চায়। পাশাপাশি, পরিবেশকর্মী সোমার মন কেঁদে ওঠে ওই পাখিদের জন্য। প্লাস্টিক আর ফাইবার অপটিক মানুষের তৈরি এমন এক আবর্জনা, যা প্রকৃতির ওপর গভীর ক্ষত তৈরি করছে। কিন্তু তবুও জীবন থেমে নেই। পাখিরা যেমন প্রকৃতির প্রতিকূলতার মধ্যেও নিজের ছানাদের বাঁচানোর জন্য মরিয়া হয়ে বাসা বাঁধে, সোমাও তো আজ এই বেঙ্গালুরুতে এসেছেন তার বিশেষ ক্ষমতাসম্পন্ন নাতি নীলুর জন্য। 

বিকেলের দিকে পার্কের বেঞ্চ ছেড়ে সোমা যখন ফ্ল্যাটে ফিরলেন, তার মন তখন একদম শান্ত, সিদ্ধান্ত স্থির। ড্রয়িংরুমে নীলু তখন একটা প্লাস্টিকের খেলনা গাড়ি নিয়ে ঘরের এমাথা-ওমাথা অবিরাম ছুটে বেড়াচ্ছে। সোমা আলতো করে ওকে কোলে টেনে নিলেন। অদ্ভুতভাবে, দিদিমার চুলে হাত বোলাতেই চঞ্চল নীলু শান্ত হয়ে সোমার কোলে মাথা রাখল। শিশুমন বোঝে, কোথায় আসল ওম লুকিয়ে আছে। সেদিন ওর পুরোনো পরিচিত এক নিউরো সাইকোলজিস্ট কর্নেল দেববর্মণ নীলুকে পার্কে দেখে বলেছে, “এই বয়সে কথা বলতে এতখানি দেরি হওয়াটা ডিএলডি বা ‘ডেভেলপমেন্টাল ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডার’ কিংবা এএসডি বা ‘অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার’, অথবা কোনও নির্দিষ্ট ‘স্পিচ অ্যাপ্রাক্সিয়া’-র দিকে ইঙ্গিত করে। ওর বাবা যেহেতু নিজে শিশুচিকিৎসক, তিনি নিশ্চয়ই শ্রবণশক্তি পরীক্ষা করিয়েছেন। কিন্তু কোনও ভালো স্পিচ-ল্যাঙ্গুয়েজ প্যাথলজিস্টকে কি দেখানো হয়েছে?” 

সোমা ভাবে কর্নেলের কথাগুলি মেয়ে-জামাইকে জানাবে। সেজন্যেই নাতনি পড়ার ঘরে চলে যাওয়ার পরেও সে অন্যদিনের মতন নিজের ভাড়াবাড়িতে ফিরে না-গিয়ে কিছুক্ষণ নীলুকে জড়িয়ে ধরে সোফায় বসে থাকে। নীলুও চুপচাপ দিদার আদর খায়। একটু পরেই মেয়ে আর জামাই কফি খেতে খেতে ড্রয়িংরুমে এসে বসে। তক্ষুনি বেল বাজে। জুগনু গিয়ে দরজা খুললে একজন উর্দি-পরা ডেলিভারি বয় এসে ডাইনিং টেবিলে এমএম রোডের বিখ্যাত রেস্তোরাঁ শিক কাবাব থেকে খাঁটি ইন্দো-পার্সিয়ান চেলো কাবাব আর তাওয়া চপস রেখে যায়। এগুলি সোমার প্রিয়। গন্ধে মম করতে থাকে চারপাশ। জামাই জিজ্ঞেস করে, “কী মা? কলকাতার ফ্ল্যাটের উকিলবাবুর সঙ্গে কথা বলব? বিক্রির কাগজটা রেডি করতে বলি?” 

সোমা নীলুর মাথায় হাত বোলাতে বোলাতে মৃদু হাসলেন। চশমার কাচটা মুছে বললেন, “না রে। উল্টোডাঙ্গার বাড়িটা আমি বিক্রি করব না।” 

মেয়ে অবাক হয়ে বলল, “কেন মা? তুমি তো এখানেই আমাদের কাছে থাকবে। ওই একা বাড়ি দিয়ে কী হবে?” 

সোমা নীলুর চোখের দিকে তাকিয়ে বললেন, “যুদ্ধক্ষেত্রে ড্রোন ওড়ানোর বিষাক্ত অপটিক্যাল ফাইবার তার দিয়েও পাখিরা বাসা বোনে রে। সেই বাসায় কখনও সেঁধিয়ে যায় চশমার ভাঙা ডাঁটি, সাপের খোলস, তো কখনও সিগারেটের বাট। চকোলেটের র‍্যাপার থেকে শুরু করে চুলের পাতলা ক্লিপ, প্লাস্টিকের নকল গাছপালা, আরও অজস্র হাবিজাবি। মানুষ তাদের জঙ্গল কেটে নেয়, পরিবেশ দূষিত করে, তবু ওরা ঠোঁট আর লালা দিয়ে বাসা না-ছাড়ার ইস্তাহার লেখে। কিংবা সংকল্পপত্র। উল্টোডাঙ্গার ওই এক চিলতে ঘরটা আমার জীবনের সেই খড়কুটো, যা দিয়ে আমি তোর শৈশব আর আমার আত্মসম্মান বুনেছিলাম। ওটা আমার শিকড়। আমি তোদের পাশে, এই নীলুসোনার কাছে ভাড়াবাড়িতেই থাকব—তোরা যতদিন আমাকে রাখবি! এই চঞ্চল শিশুটাকে আগলানোর দায়িত্ব আমার। কিন্তু আমার সেই আদি বাসাটা বিক্রি হবে না। পাখিরাও তো সব হারিয়ে নিজের পুরোনো বাসায় ফিরে আসে। জীবনের শেষ দিনটায় আমার মনটাও যেন ওই মুক্ত পাখিদের মতো নিজের তৈরি বাসায় ফিরে যাওয়ার একটা ঠিকানা খুঁজে পায়।” 

মেয়ে আর জামাই স্তব্ধ হয়ে মায়ের মুখের দিকে তাকিয়ে থাকে। সোমার পরিবেশসচেতন, সংবেদনশীল মন আর নাতি-নাতনির প্রতি নিঃশর্ত ভালোবাসা এক মুহূর্তের মধ্যে একটা কঠিন আর্থিক সিদ্ধান্তকে জীবনের শাশ্বত দর্শনে রূপান্তর করে দিয়েছে। তখুনি আজানের শব্দে ঘরের জানলা দিয়ে বাইরে তাকাতেই দেখা গেল, ফ্রেজার টাউনের আকাশে একঝাঁক পাখি গোধূলির আলোয় ডানা ঝাপটে নিজের নিজের বাসার দিকে উড়ে চলেছে। 

Write a Comment

Your email address will not be published. Required fields are marked *

loading...