বুদ্ধ ও দুঃখ
অঞ্জনা চট্টোপাধ্যায়

জীবন দুঃখময়—সবাই বলে। কিন্তু দুঃখ মানে কী? সে কি শুধু অভাব, রোগ, মৃত্যু? নাকি সুখের উজ্জ্বল মুহূর্তের ভেতরেও লুকিয়ে থাকে দুঃখ? দুঃখ থেকে নিস্তার পাওয়ার কি কোনও উপায় নেই? 

মানবজীবনে দুঃখের অমোঘ অস্তিত্বের কথা জেনে বহু বছর আগে সিদ্ধার্থ নামে এক রাজপুত্রের অন্তর বেদনায় উদ্বেল হয়ে উঠেছিল। দুঃখ নিয়ে অজস্র প্রশ্ন সিদ্ধার্থকে ব্যাকুল করে তুলেছিল। সেসবের উত্তর খুঁজে বের করার দৃঢ় সংকল্প নিয়ে একদিন রাজকুমার সিদ্ধার্থ রাজপ্রাসাদের ঐশ্বর্যসুখ ত্যাগ করে পথে বেরিয়ে পড়লেন। বহু বছরের নিরলস সাধনার শেষে তিনি তাঁর অভীষ্ট সিদ্ধ করলেন, দুঃখের স্বরূপ উদ্ঘাটন করলেন, দুঃখ অতিক্রম করার কৌশল আবিষ্কার করলেন এবং নির্বাণ লাভ করে ‘সম্যক সম্বুদ্ধ’ নামে পরিচিত হলেন। 

বুদ্ধের শিক্ষার কেন্দ্রে ‘দুঃখ’ বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত। দুঃখকে তিনি যে গভীরতা ও সূক্ষ্মতার সঙ্গে নিরীক্ষণ ও বিশ্লেষণ করেছিলেন, তা মানবচিন্তার ইতিহাসে এক অসাধারণ দৃষ্টান্ত। এক অনুসন্ধিৎসু গবেষকের মতো তিনি জানতে চান—দুঃখ মানে কী, তা কোথায় কীভাবে জন্মায়, তার প্রকৃতি কী এবং তাকে নিবারণ করার পথই বা কী। মনে রাখতে হবে, বুদ্ধের গবেষণা ও তার ফলাফল কোনও সম্প্রদায়বিশেষের আওতায় পড়ে না এবং তা অন্ধবিশ্বাস বা কল্পনাপ্রসূতও নয়। সত্যকে আশ্রয় করে, যুক্তি দিয়ে বিচার করে এবং নিজের শরীর ও মন দিয়ে প্রত্যক্ষ উপলব্ধির মাধ্যমে তিনি প্রতিটি সিদ্ধান্তে উপনীত হন। এই কারণে তাঁর শিক্ষাকে কোনও সংকীর্ণ গণ্ডিতে আবদ্ধ করা যায় না; তা সর্বজনীন, সমগ্র মানবজাতির ক্ষেত্রে প্রযোজ্য। দুঃখ আজও মানুষের জীবনের এক অমোঘ সত্য। হিংসা, বিদ্বেষ, যুদ্ধ, অনিশ্চয়তায় বিধ্বস্ত আজকের পৃথিবীতে দুঃখকে অতিক্রম করার আকুতিও আগের মতোই প্রবল। এই প্রেক্ষিতে, দুঃখ প্রসঙ্গে বুদ্ধ কী বলেছিলেন, সেটা আরেকবার জেনে নেওয়া যেতে পারে। 

দুঃখ নিয়ে অনুসন্ধান করতে গিয়ে বুদ্ধ চারটি সত্যে উপনীত হন, যা ‘চার আর্য সত্য’ নামে পরিচিত। 

প্রথমত, দুঃখ মানবজীবনের এক অনিবার্য সত্য। 

দ্বিতীয়ত, প্রতিটি দুঃখের পেছনে একটা কারণ আছে। কারণ ছাড়া কোনও কিছু ঘটে না। 

তৃতীয়ত, দুঃখের নিরোধ সম্ভব। অর্থাৎ দুঃখ থেকে মুক্তি পাওয়া সম্ভব। 

এবং চতুর্থত, দুঃখ থেকে মুক্তির একটি পথ রয়েছে। 

দুঃখকে প্রতিষ্ঠিত করার পর তিনি দুঃখের পরিচয় দেন এভাবে—”জাতিপি দুক্খা, জরাপি দুক্খা, ব্যাধিপি দুক্খা, মরণম্পি দুক্খং।”—অর্থাৎ জন্ম দুঃখ, বার্ধক্য দুঃখ, রোগ দুঃখ এবং মৃত্যু দুঃখ। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ কেবল দুঃখ সংগ্রহ করতে করতে ছুটে চলে। 

এরপর তিনি দুঃখ কাকে বলে ব্যাখ্যা করেন—দুঃখ মানে নিছক কষ্ট বা যন্ত্রণা নয়; এর অর্থ আরও গভীর—অতৃপ্তি, অস্থিরতা এবং স্থায়ী তৃপ্তির অভাবই দুঃখ। প্রিয়জনকে হারানোর বেদনা, অসুস্থতার কষ্ট, অনিশ্চয়তার ভয়, এমনকি সবকিছু ঠিকঠাক চললেও মনের গভীরে থেকে যাওয়া অপূর্ণতার অনুভূতি, এরা সবাই দুঃখ। এছাড়া, অপছন্দের ঘটনা বা অপ্রিয় মানুষের সঙ্গ তো দুঃখ বটেই, কিন্তু সুখকর অভিজ্ঞতাও আদতে দুঃখ কারণ সব অনিত্য, আজ যা আনন্দ দিচ্ছে, কাল তা নাও থাকতে পারে। তাই প্রতিটি সুখের মধ্যে বিচ্ছেদের সম্ভাবনা নিহিত, যার পরিণাম দুঃখই। আবার, আমরা যা চাই তা সবসময় ঘটে না; আর যা চাই না, তা প্রায়ই ঘটে। সেটাও দুঃখ। দুঃখ সম্বন্ধে বুদ্ধের এই ধরনের বক্তব্য থেকে অনেকে মনে করেন যে তিনি নৈরাশ্যবাদী। কিন্তু বুদ্ধের বাণী গভীরভাবে অনুধাবন করলে দেখা যাবে, তিনি দুঃখের অনিবার্যতার কথা বলে থেমে যাননি, একজন অনুসন্ধায়ী বিজ্ঞানীর মতো খোঁজ করতে করতে দুঃখের একেবারে শিকড়ে পৌঁছে দুঃখের কারণ ও প্রকৃতিকে উদ্ঘাটন করেন এবং দুঃখ অতিক্রম করার পথ আবিষ্কার করেন। মানুষকে যিনি দুঃখমুক্তির দিশা দেন, তাঁকে কোনওভাবেই নৈরাশ্যবাদী বলা যায় না। 

দুঃখকে গভীরভাবে নিরীক্ষণ করতে করতে বুদ্ধ এক বিস্ময়কর সত্য উপলব্ধি করেন—দুঃখের উৎস বাইরে নয়, আছে আমাদের ভিতরে। সুখকর বা দুঃখকর অভিজ্ঞতার প্রতি তৃষ্ণা ও বিদ্বেষের যে প্রতিক্রিয়া আমরা বারবার করি, তা মনের গভীরে এক ধরনের অভ্যাস বা সংস্কার তৈরি করে, পালি ভাষায় যাকে বলে ‘সংখার’। সময়ের সঙ্গে সঙ্গে এই অভ্যাস ক্রমশ দৃঢ় হতে থাকে এবং আমাদের চিন্তা, অনুভূতি ও আচরণকে প্রভাবিত করে। আপাতদৃষ্টিতে মনে হয় বাইরের মানুষ, বস্তু বা ঘটনাই বুঝি আমাদের দুঃখের কারণ। কিন্তু প্রকৃতপক্ষে, সেইসব অভিজ্ঞতার প্রতি আমাদের প্রতিক্রিয়ার অভ্যাসই দুঃখকে অস্তিত্ব দেয়। অর্থাৎ দুঃখের স্রষ্টা বাইরের কেউ বা কিছু নয়, আমরাই আমাদের দুঃখের স্রষ্টা। 

আরেকটু বুঝিয়ে বলা যাক। চোখ, কান, নাক, জিহ্বা ও ত্বক—এই পাঁচ ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা প্রতিনিয়ত বাইরের জগতের সংস্পর্শে আসি। মন—যাকে ষষ্ঠ ইন্দ্রিয় বলা হয়—সেও অবিরাম চিন্তা, স্মৃতি ও কল্পনার জন্ম দেয়। এর ফলে শরীরের মধ্যে নানা ধরনের সংবেদনা বা সেনসেশন সৃষ্টি হয়। কোনোটি সুখকর, কোনোটি দুঃখকর। সুখকর সংবেদনা উঠতেই মন বলে, “এটা ভালো লাগছে, আরও চাই।” দুঃখকর সংবেদনা উঠতেই মন বলে, “এটা ভালো লাগছে না, এটা চলে যাক।” এইভাবে তৃষ্ণা ও বিদ্বেষের অন্তহীন খেলা চলতে থাকে। একটি প্রিয় শব্দ কানে এল। সুখকর সংবেদনা জাগে। সঙ্গে সঙ্গে মন সেই অভিজ্ঞতার প্রতি আকৃষ্ট হয়, আসক্তি জন্মায়। আবার কোনও রূঢ় শব্দের অভিজ্ঞতা হল যা দুঃখকর সংবেদনা জাগায় আর মন তৎক্ষণাৎ বিরূপ প্রতিক্রিয়া করে, বিদ্বেষ তৈরি হয়। বুদ্ধ দেখান, তৃষ্ণা ও বিদ্বেষের এই নিরন্তর প্রতিক্রিয়া মনের উপর ছাপ ফেলে আর এদের পুনরাবৃত্তি থেকে গড়ে ওঠে সংস্কার। যত তীব্র প্রতিক্রিয়া তত গভীর সংস্কার। সময়ের সঙ্গে সঙ্গে এরা অভ্যাস হয়ে মনে গেঁথে বসে আর আমাদের চিন্তা, বাচন ও কর্মকে প্রভাবিত করে। এইভাবে সংস্কারের সঞ্চয় বাড়ে আর দুঃখের চক্র অব্যাহত থাকে। 

দুঃখের সঙ্গে কর্মফলেরও ঘনিষ্ঠ যোগ আছে। বুদ্ধের মতে, কর্ম শুধু কাজ নয়, তার স্বাভাবিক পরিণতির সঙ্গেও যুক্ত। শারীরিক, মৌখিক বা মানসিক—আমাদের প্রতিটি ইচ্ছা, কথা ও কাজ মনের ওপর একটি ছাপ ফেলে এবং ভবিষ্যতের অভিজ্ঞতাকে প্রভাবিত করে। তাই কর্মফল কোনও অদৃশ্য শক্তির দেওয়া পুরস্কার বা শাস্তি নয়; তা আমাদের কর্ম ও মানসিক প্রবণতার স্বাভাবিক পরিণতি। কঠোর বাক্য, অসদাচরণ বা অশুভ কামনা নিজের ও অন্যের দুঃখের কারণ হয়। আবার দয়া, উদারতা ও কল্যাণকামনা নিজের ও অন্যের মনে সুখ ও শান্তির বোধ জাগায়। অর্থাৎ আমরা কীভাবে ভাবি, বলি ও কাজ করি, তার প্রভাব আমাদের মনে ও জীবনে ফিরে আসে। 

বুদ্ধ এই সত্যে পৌঁছান প্রত্যক্ষ অভিজ্ঞতার মাধ্যমে, কোনও বিশেষ মতাদর্শে বিশ্বাস করে বা কোনও কল্পনাকে আশ্রয় করে নয়। নিজের শরীর ও মনে প্রতিনিয়ত উদ্ভূত সংবেদনা বা সেনসেশন এবং তাদের প্রতি মনের প্রতিক্রিয়াকে গভীরভাবে পর্যবেক্ষণ করতে করতে তিনি উপনীত হন এক সহজ সত্যে—যদি প্রতিক্রিয়া বন্ধ করা যায়, তবে দুঃখের কোনও কারণ থাকবে না; আর কারণ না থাকলে দুঃখও থাকবে না। মানুষের দুঃখ নিবারণের এই পথ আবিষ্কার মানবজাতির প্রতি বুদ্ধের অন্যতম শ্রেষ্ঠ অবদান। 

বুদ্ধের দুঃখ-বিষয়ক শিক্ষার সবচেয়ে তাৎপর্যপূর্ণ পাঠ, দুঃখ থেকে মুক্তি পাওয়া নির্ভর করে মানুষের নিজের ওপর। বুদ্ধ মানুষকে অদৃশ্য শক্তির হাতে অসহায় পুতুল হয়ে থাকার অভ্যাস থেকে বের করে আত্মপ্রত্যয়ী হওয়ার দিকে ফেরান। তিনি বলেন, প্রত্যেকের হাতে রয়েছে নিজের মনকে নিয়ন্ত্রণ করার এবং নিজের জীবনকে রূপান্তরিত করার দুর্লভ ক্ষমতা। সেযুগের পালি ভাষায় তিনি বলেন— 

“অত্তা হি অত্তনো নাথো” — তুমি নিজেই নিজের আশ্রয়। 

“অত্তা হি অত্তনো গতি” — তুমি নিজেই নিজের ভবিষ্যতের নির্মাতা। 

অতীতের কর্ম বদলানো যায় না, কিন্তু বর্তমানের কর্মের স্বাধীনতা মানুষের হাতে রয়েছে। তাই অতীত মানুষকে প্রভাবিত করতে পারলেও তার ভবিষ্যৎকে সম্পূর্ণরূপে নির্ধারণ করে না। এভাবে দেখলে জীবনের প্রতিটি মুহূর্ত নতুনতর সম্ভাবনার দ্বার খুলে দেয়। জন্মান্তরে বিশ্বাস না করলেও, এই জন্মের সুকর্মের ফল যে এই জন্মেই হাতেনাতে পাওয়া যাবে, সে-সম্বন্ধে সন্দেহ থাকে না। সচেতন থাকলে বোঝা যাবে, দুষ্কর্মের ফল প্রথমে নিজের মনে অনুভূত হয়—অশান্তি, অপরাধবোধ বা অস্থিরতা হিসেবে; আর সৎকর্ম অনিবার্যভাবে মনে শান্তি ও আনন্দের বোধ জাগায়। কাজেই অতীতের কর্মফল যত দুঃখভারই নিয়ে আসুক, বর্তমানের সৎকর্ম দ্বারা সুখের বীজ বপন করে যে-কেউ নিজের জীবনকে বদলে দিতে পারে। তাই ইতিহাসে দেখা যায় নির্মম হত্যাকারী অঙ্গুলিমাল নিজেকে বদলে বৌদ্ধ সন্ন্যাসী হয়ে ওঠেন। আর সম্রাট অশোক, যিনি চণ্ডাশোক নামে পরিচিত ছিলেন, তিনি কলিঙ্গযুদ্ধের রক্তক্ষয়ী অভিজ্ঞতার পর গভীরভাবে পরিবর্তিত হন এবং পরবর্তীকালে ধর্মাশোক নামে করুণা, ন্যায় ও মানবিক শাসনের জন্য স্মরণীয় হয়ে থাকেন। এই জন্যই বুদ্ধের দর্শন নৈরাশ্যবাদী তো নয়ই, বরং গভীরভাবে আশাবাদী। 

বুদ্ধ যুক্তির আলোকে বিচার করে ও উপলব্ধির কষ্টিপাথরে যাচাই করে দুঃখ অতিক্রম করার যে পথ আবিষ্কার করেছিলেন, তা বাইরে কিছু বদলানোর কথা বলে না, বলে নিজের মনকে দেখতে আর মনের প্রতিক্রিয়া করার দৃঢ়প্রোথিত অভ্যাসকে পরিবর্তন করতে। এই অনুশীলনের মাধ্যমে মানুষ দুঃখ পেরিয়ে নির্বাণ পর্যন্ত পৌঁছে যেতে পারে। 

ছাব্বিশ শতাব্দীরও বেশি সময় কেটে গেছে। এখনও মানুষ জন্ম থেকে মৃত্যু অবধি দুঃখের দ্বারা তাড়িত। আজও সে বাইরের ঘটনার প্রতিক্রিয়ায় সংস্কার সঞ্চয় করে দুঃখ সৃষ্টি করে। আর তারপর দুঃখের সখাতসলিলে নিমজ্জিত হয়ে কাঁদে। দুঃখের মৌলিক কারণ ও মানুষের মানসিক প্রতিক্রিয়া করার অভ্যাস আজও একই রয়ে গেছে। দুঃখ থেকে মুক্তির জন্য বুদ্ধ-নির্দিষ্ট পথটি তাই একবার নিজেদের জীবনে পরীক্ষা করে দেখা যেতেই পারে—সময়ের ব্যবধান পেরিয়েও তার ফল একই থাকে কি না। 

Write a Comment

Your email address will not be published. Required fields are marked *

loading...