দ্বিধাগ্রস্তদের ক্লাব
অনুবাদ : জয়া চৌধুরী

লেখক পরিচিতি: ক্রিস্তিনা পেরি রসি

ক্রিস্তিনা পেরি রসি (Cristina Peri Rossi) উরুগুয়ের অন্যতম বিশিষ্ট সমকালীন লেখক, কবি ও অনুবাদক। তিনি ১৯৪১ সালের ১২ নভেম্বর উরুগুয়ের মন্টেভিদেও শহরে জন্মগ্রহণ করেন। তাঁর লেখায় প্রেম, নির্বাসন, একাকিত্ব, রাজনৈতিক নিপীড়ন, নারী-অভিজ্ঞতা এবং মানবিক স্বাধীনতার মতো বিষয় বিশেষ গুরুত্ব পেয়েছে। ১৯৭২ সালে রাজনৈতিক পরিস্থিতির কারণে তিনি উরুগুয়ে ছেড়ে স্পেনে চলে যান এবং পরবর্তীকালে স্পেনের নাগরিকত্ব লাভ করেন। তাঁর উল্লেখযোগ্য রচনার মধ্যে রয়েছে La nave de los locos, Solitario de amor এবং La última noche de Dostoievski। কবিতা ও কথাসাহিত্য—উভয় ক্ষেত্রেই তাঁর ভাষা তীক্ষ্ণ, ব্যঙ্গাত্মক ও গভীরভাবে মানবিক। ২০২১ সালে তিনি Cervantes Prize লাভ করেন।

দ্বিধাগ্রস্তরা সবাই জানে তাদের যে-কোনও সিদ্ধান্তই আংশিক ভুল হয়। না, সেটা আক্ষরিক অর্থে নয়। বরং সেটা স্রেফ বাছাই করবার ভুল থেকেই হয়ে থাকে। সব ক্ষেত্রেই এটা খুব নগ্নভাবেই হয়ে থাকে। এই যেমন কোথাও বেরোনো কিংবা না-বেরোনোর ক্ষেত্রে, একজন মানুষ ঠিক কোন পদ্ধতিতে দরজাটা খুলবে, চৌকাঠ মাড়াবে, অথবা শহরে ঘুরে বেড়ানো একগাদা অজানা লোকজনের মধ্যে কাউকে অন্যের সঙ্গে গুলিয়ে না ফেলেই মিশবে, বাড়ি থেকে বের হবে না স্রেফ কৌচে বসেই থাকবে ইত্যাদি সমস্ত কিছু নিয়েই দ্বিধাগ্রস্ত। এটা-ওটা সিদ্ধান্ত, আপাতদৃষ্টিতে মনে হবে একটা অন্যটার ঠিক উলটো, শুধু কোনও একটা জায়গায় গিয়ে তারা এক হয়ে যাচ্ছে। বাস্তবের মুখোমুখি হয়ে পড়ছে। অপ্রত্যাশিত ঘটনার স্রোতের কোনও বাঁধন যদি খুলে যায়, কিংবা একরকম অনিয়ন্ত্রিত পদ্ধতিতে অন্য কিছু স্থির করে ফেলে, যেখানে কোনও একক দায়িত্বই বাড়তি নয়। কোনও কিছুই কাপুরুষোচিত নয়। ব্যাপারটা ঠিক একজন নারীর মতো যার প্রেমিকের সঙ্গে দেখা করবার জন্য স্রোত ডিঙোনোর কথা ছিল, অথচ ব্যবসার মধ্যে ডুবে গিয়ে তার সে বাসনার সমাধি ঘটে যায়। 

এই নারীর গল্পটা ভালো করে বোঝায় অন্য যে-কোনও কিছুর চেয়ে কীভাবে একটা নির্দিষ্ট সিদ্ধান্ত এতখানি ভুল হতে পারে অথবা একটা দৃশ্যত নির্বিষ হ্যাঁ কিংবা না, জীবনের কী পরিমাণ ক্ষতি করে দিতে পারে যে, কাছের লোক হয়ে কখনও কখনও আমরা সেটা পরিপূরণ করে ফেলতেও পারি বটে, তবুও আমাদের চোখের বাইরে পরপর অনেক ঢেউ ওঠে, সেসব সূক্ষ্ম অদৃশ্যপ্রায় বলে নয়, সেগুলো অকিঞ্চিৎকর বলেই তা ঘটে দূরের মানুষের চোখের সামনে। 

বাড়িটা একটা নদীর ধারে ছিল। আর নদীটার চারপাশে যেসব কাঁটা ঝোপঝাড় দিয়ে একেবারে ঘেরা ছিল, তা ছিল সবুজ। 

জলগুলো স্বপ্ন দেখাত। জল ঈষৎ ঘোলা বটে কিন্তু জলই স্বপ্ন জোগাত। দূরের কোনও উৎস থেকে মাটি ফুঁড়ে বয়ে আসত, শিরার জালি কেটে কেটে, পলি পড়ে থাকত নদীর বুকে (হয়তো বয়ে আনত কারও স্মৃতি, যেসব স্মৃতিরা অন্য কোনও হারিয়ে যাওয়া সময়ের ঘটনা ছিল, অপরিবর্তনীয়)। যেন কুয়াশায় আঁকা ছবি, ভাঙা হাড়ের মতো ঝুরঝুর হয়ে পড়া শুকনো পাতার প্রতিধ্বনি। স্থানচ্যুত। আকাঙ্ক্ষার কালো রাতে জল যেন অস্পষ্ট ইচ্ছের অতৃপ্ত চিন্তায় এক বিভ্রমের জন্ম দেয়। জলের সবুজ বিছানায়, মিশ্র শিরার সরু সরু ধারায়, তার ভঙ্গুর জেগে ওঠার বাষ্পের ভিতরে নারী, নদী ও স্বপ্ন একসাথে বয়ে চলে। মেয়েটার একজন প্রেমিক ছিল। নদীতীরে উইলো পাতারা আলতো কোমলতায় নুয়ে পড়ে মাটি ঝাঁট দিয়ে সব জঞ্জাল বাতাসে উড়িয়ে দিত। আর প্রেমিকটি থাকত নদীর অন্য পাশে। একই রকম কোনও প্রাসাদে থাকত সে, তবে একা থাকত। আর রাতের বেলায় বাতি জ্বালিয়ে মেয়েটির জন্য অপেক্ষা করত। রাতের অন্ধকারে আলো পড়ে নদীর গায়ে, নদীর নাক ডাকে গুড়গুড় শব্দে। অন্য প্রান্তে শূন্যে ভাসমান সংকেত বাতি, ঝুলন্ত উল্কা, একখানি জাহাজ যে কথা দিয়েছিল জলে ভাসবে। মেয়েটিকে তার বাতি দুলিয়ে সে ডেকেছিল, কিছু চাওয়া মিটিয়ে দেবার শপথ পূরণ হয়েছিল। কিছু কামনা ধীরে ধীরে তৃপ্ত হয়েছিল। 

বহু বছর আগে, বহু বহু বছর আগে এ নদীর দু-প্রান্তই জোড়া ছিল একটা কাঠের সেতু দিয়ে। এরপর দুটি সীমাকে জুড়ে দিলে সেতুটা গাঢ় স্বপ্ন দেখার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াত। নদীর অন্য প্রান্তে যাবার রাস্তা জুড়ে জীর্ণ আকাঙ্ক্ষারা। বহুদিন আগে প্রবল স্রোত এ সেতু টেনে নিয়ে গিয়েছিল। এত, এতদিন আগে যে তখন সেখানে কোনও বাড়ি ছিল না, নারী ছিল না, এমনকি কোনও ঈর্ষাকাতর স্বামীও না। ছিল এক অগম্য নদীতীর, বন্য কামনা, এক জরুরি তাগিদ, এক কামনাতুর নারী আর একজন প্রতীক্ষারত প্রেমিক। 

সেতুর অনুপস্থিতি পূরণ করে দিয়েছিল একটি নৌকো ও তার মাঝি, নরকের দ্বারী। সেখানে সে ওত পেতে থাকত। পথিকদের স্বপ্ন পূরণের জন্য চড়া মূল্য হাঁকত। রাতে আকাশ বেয়ে জল ঝরত আর সেই বৃষ্টিভেজা ঝোপ তখন সবুজ আভায় রঞ্জিত হয়ে উঠত। জানলার আড়াল থেকে নারী তাকিয়ে দেখত ফুলে ওঠা নদী ও বাড়িটিকে। সে বাড়িতে আলো জ্বলত। মনে হত ঠিক যেন নোয়ার নৌকো হয়ে জেগে আছে। 

‘আমি যাব’—ব্যাকুল প্রেমিক বলেছিল। রাত, ঝড়, নৌকো ও তার মাঝি সেই প্রতিজ্ঞার কথা ওকে মনে করিয়ে দিয়েছিল। 

কিন্তু মেয়েটির স্বামী এতে সায় দেয়নি। ঈর্ষাজর্জর স্বামী দরজার আড়াল থেকে চেয়ে থাকত। দূরের সেই আলোর দিকে তাকিয়ে থাকতে থাকতে সে ঘেন্না করত সেই আকাঙ্ক্ষাকে, যা রাতের অন্ধকারে আলো জ্বালিয়ে রাখে। ঘেন্না করত সেই তীব্র বাসনাকে, যা অন্ধকারের মধ্যে একটি নৌকাকেও এগিয়ে নিয়ে যেতে পারে। 

স্বামীটি তার টাকা জোগানোর থলের মুখ বন্ধ করে দিত। সেতু না থাকলে, টাকাও থাকবে না—তাহলে নারীর সেই চাওয়াটি হয়ে থাকবে এমন এক চাওয়া, যার কোনও সমাধানের উপায় নেই। থাকবে না ভাসমান কাঠের টুকরো, থাকবে না পৌঁছনোর মতো কোনও ঘর। অভিমানের লতাগুল্মের ভিতর ডুবে-মরা এক চাওয়া। 

সেখান থেকে খুব দূরে নয়, নৌকোটা যেন নিজের একাকিত্ব নিয়ে গভীর ভাবনায় ডুবে যেত। সেখানে খুব একটা ভুক্তভোগী নেই অথচ এমন এক যাত্রায় সে রত যা কিনা শুরুই হয়নি। সে নৌকোটা হালকা দুলিয়ে দিত, আর মাঝি নিজেকে গুছিয়ে নিয়ে ফের গভীর কাজে মন দিত। দেখত বাড়িটার মধ্যে স্বামী-স্ত্রী ঝগড়া করছে। যন্ত্রণাদীর্ণ এক হৃদয় শুনত জলের আঘাত। 

মেয়েটা স্বামীর কাছ থেকে পালায়। নৌকোয় পা রাখে। দূর থেকে অন্য বাড়ির আলোরা ওকে ডাকতে থাকে জরুরি ভিত্তিতে। গুজব ও স্যাঁতসেঁতে বাতাসে ভরা জনাকীর্ণ রাতে সেই আলো আগুনের ডানার মতো কাঁপতে থাকে। মেয়েটি উত্তর দেয় জ্বলন্ত মনের আকুলতায়। সে এমন প্রবল বাসনায় যাতে মুখ ভরে জল উঠে আসে। মাঝিকে এমন মিথ্যে পারিশ্রমিক দেবার প্রতিশ্রুতি দেয় যা আসলে তার পক্ষে দেওয়া সম্ভবই নয়। কামনার সেই উত্তুঙ্গ তাড়নায় নিজেকে দেবতাদের হাতে সঁপে দেয়। মাঝিকে পারিশ্রমিক দেওয়ার আর কোনও উপায় সে খুঁজে পায় না। মাঝিটিকে যতখানি কঠোর বা অশুভ বলে মনে হয়েছিল হয়তো সে তার চেয়ে বেশি দয়ালু। সে হয়তো এই ঋণ মেনে নেবে—যে ঋণের জন্ম হয়েছে এই প্রবল আকুলতা থেকে। 

যাত্রাটি ছিল অস্বস্তিকর ও বিষণ্ণ। ঝড়ে-উত্তাল নিঃসঙ্গ রাতে শুনতে পায় দুর্বোধ্য সব আওয়াজ। ভেঙে পড়া ডালের আওয়াজ, নদী তীরে থাকা পাথরের গায়ে শুষ্ক আঘাতের শব্দ। মাঝি একদৃষ্টে তাকিয়ে থাকে, আর তার শীতল চোখের দিকে তাকিয়ে বুঝতে পারে, সেখানে লুকিয়ে আছে অন্য এক ধরনের আবেগ। সেই আবেগও তার মতোই নির্মম। সেই কামনা তাকে নিরাপদ তীর ছেড়ে নদীর উন্মুক্ত, অনিরাপদ বিস্তারে টেনে এনেছে। 

অন্ধকারে সে বুঝতে পারে, এ দুই আবেগ একে অপরের প্রতি কোনও দয়া দেখায় না। যাত্রার শেষে সেই ভয়ংকর পরিণতি ঘটবেই, যখন ওপারের তীর আর জ্বরগ্রস্ত স্বপ্নের মতো থাকবে না, বরং নৌকার কিনারায় তা স্পষ্ট হয়ে ধরা দেবে। 

তবু সে পিছিয়ে আসার চেষ্টা করে না, কিংবা অন্য কোনও প্রতিশ্রুতির প্রলোভন দেখিয়ে মাঝিকেও ঠকায় না। কেবল দয়াই তাকে রক্ষা করতে পারে—সেই দয়া, যা তার স্বামী কিংবা তার প্রেমিক—কেউই অনুভব করতে পারে না। এমনকি সে নিজেও নয়। (কারণ, সে যদি তার প্রতিশ্রুতি থেকে সরে আসে, তবে রাতের অন্ধকারে তার আকাঙ্ক্ষা এক বিকৃত, দুর্বিষহ টিউমারের মতো ক্রমশ বেড়ে উঠবে। দূরের সে আলোর কাঁপুনি তাকে আরও উত্তেজিত করে তুলবে—যেন একটানা বাজতে থাকা ঢাক।) 

মাঝির নির্মম হাত যখন তার গলা চেপে ধরে, তখনও সে দেখতে পায় ওপারে বেড়ে ওঠা কিছু নলখাগড়া, আর অবাক হয়—সেগুলো আরও লম্বা নয় কেন। তীরের কাছে কাদামাটি দেখতে পায় এবং বিস্মিত হয়—এর রংও তো একই। জলের শব্দ শোনে—জল ঘাস, গাছের গুঁড়ি, পাথর বয়ে নিয়ে তীরের কাছে এসে লাগছে—সেই একই শব্দ। 

তবু, সে জানে, অন্য যে-কোনও সিদ্ধান্ত নিলেও সেটিও ভুলই হত। 

যারা সিদ্ধান্তহীন, তাদের জন্য সবসময়ই একটি নদী পার হওয়ার থাকে, আর থাকে একজন অধীর প্রেমিক, এক ঈর্ষাপরায়ণ স্বামী এবং একজন খুনি মাঝি। আর যে সিদ্ধান্তই নেওয়া হোক না কেন, বিপর্যয় ঘটবেই। এমন কিছু কোনও বিকল্প বেছে নেওয়া হয়েছে, তার ওপর তার নিজের কোনও নির্ভরতাই নেই। 

শুধু আকাঙ্ক্ষার অনুপস্থিতিই দায়মুক্ত থাকার নিশ্চয়তা দিতে পারে, যদিও কিছুটা, এবং যদিও তা সবসময় পারেও না। 

সিদ্ধান্তহীন মানুষরা সবচেয়ে তুচ্ছ বিষয়েও সিদ্ধান্ত নিতে অস্বীকার করে। তারা রেস্তোরাঁর মেনু বেছে নেয় না (নির্দিষ্ট কয়েকটি পদ দেওয়া থাকে এমন মেনুই তারা পছন্দ করে), অন্য কাউকে দিয়ে স্যালাড আর ডেজার্টের অর্ডার দিতে দেয়। তারা কখনও স্বীকার করে না যে তাদের কিছু চাই। আর যখন কোনও ধরনের গান শুনতে ইচ্ছে করে, তখন পাশের লোকেদের জিজ্ঞেস করে—তারা অপেরা পছন্দ করে, নাকি জ্যাজ। একা থাকলে তারা আকাশে মুদ্রা ছুড়ে সিদ্ধান্ত নেয়। 

সিদ্ধান্তহীন মানুষদের চেনা যায় তাদের অসাধারণ ভদ্রতার জন্য। তারা সবসময় অন্যদেরই সিনেমা বেছে নিতে দেয়, পোশাকের রং বেছে নিতে দেয় এবং ভ্রমণের গন্তব্য ঠিক করতে দেয়। তাদের শহর, সমুদ্রসৈকত কিংবা গ্রামাঞ্চল সম্পর্কে জিজ্ঞেস করে কোনও লাভ নেই। কারণ, তারা প্রতিটি নির্বাচনকেই এক ধরনের হারিয়ে ফেলা বলে মনে করে এবং জানে যে, শেষ পর্যন্ত সব পথই অনিবার্যভাবে মৃত্যুর দিকে নিয়ে যায়। 

লেখক পরিচিতি: ক্রিস্তিনা পেরি রসি 

ক্রিস্তিনা পেরি রসি (Cristina Peri Rossi) উরুগুয়ের অন্যতম বিশিষ্ট সমকালীন লেখক, কবি ও অনুবাদক। তিনি ১৯৪১ সালের ১২ নভেম্বর উরুগুয়ের মন্টেভিদেও শহরে জন্মগ্রহণ করেন। তাঁর লেখায় প্রেম, নির্বাসন, একাকিত্ব, রাজনৈতিক নিপীড়ন, নারী-অভিজ্ঞতা এবং মানবিক স্বাধীনতার মতো বিষয় বিশেষ গুরুত্ব পেয়েছে। ১৯৭২ সালে রাজনৈতিক পরিস্থিতির কারণে তিনি উরুগুয়ে ছেড়ে স্পেনে চলে যান এবং পরবর্তীকালে স্পেনের নাগরিকত্ব লাভ করেন। তাঁর উল্লেখযোগ্য রচনার মধ্যে রয়েছে La nave de los locos, Solitario de amor এবং La última noche de Dostoievski। কবিতা ও কথাসাহিত্য—উভয় ক্ষেত্রেই তাঁর ভাষা তীক্ষ্ণ, ব্যঙ্গাত্মক ও গভীরভাবে মানবিক। ২০২১ সালে তিনি Cervantes Prize লাভ করেন। 

Write a Comment

Your email address will not be published. Required fields are marked *

loading...