খারওয়াস
সুপ্রিয় লাহিড়ী

১ 

লাতুরের মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ সুজিত জামদার অনেকদিন ধরেই বলছিল, “স্যার আমার টেরিটরিতে একবার ঘুরে যান।” 

জামদার পঁচিশ বছরের ওপরে কোম্পানিতে আছে। মাসে প্রায় কুড়ি লক্ষ টাকার সেল। 

২০০৮-এর মার্চে গিয়ে পড়লাম সুজিতের হেডকোয়ার্টারে। একদিনের কাজ। বছর পঞ্চাশের দোহারা চেহারার মিতবাক মানুষটির সঙ্গে আলাপ হয়েই ভালো লাগল। 

এখানকার মেডিক্যাল মহলে সুজিতের সুনাম ও পরিচিতি দুই-ই যথেষ্ট। ওর ব্যবস্থায় আমরা দুপুর তিনটের মধ্যে ফিল্ডের কাজ শেষ করে ফেললাম। 

লাঞ্চের পর সুজিত বলল, 

—স্যার চলুন আপনাকে তুকারাম আশ্রমে নিয়ে যাই। এখান থেকে পনেরো কিলোমিটার দূর। 

মন্দির, আশ্রম-টাশ্রমে আমার খুব উৎসাহ নেই। জামদার হয়তো আমার মুখ দেখেই বুঝতে পেরেছিল। বলল, 

—না স্যার, ওটা ঠাকুর দেবতার আশ্রম নয়, একটা দাতব্য মেডিক্যাল সেবা প্রতিষ্ঠান। একজন ডাক্তার, ডক্টর শ্রীকান্ত যাদব আশ্রমটা চালান। খুব সুন্দর জায়গা। 

একটু কৌতূহল হল। এও ভাবলাম, যদি হাসপাতাল গোছের কিছু হয়, তাহলে ভবিষ্যতে কিছু ওষুধপত্র বিক্রির আশাও থাকতে পারে। সুজিতেরও মনে হবে ওর হেডকোয়ার্টারে ভাইস প্রেসিডেন্টের ভিজিটটা ফালতু যায়নি। 

একর তিনেকের মতো জমির ওপরে তুকারাম আশ্রম। নিম, আম, শিরীষ, অশোক, কৃষ্ণচূড়া আরও কত নাম না জানা গাছ দিয়ে ঘেরা পুরো জায়গাটা। ঠিক তার মাঝখানে পশ্চিম মহারাষ্ট্রের গ্রামীণ স্থাপত্যে তৈরি একটা ছড়ানো দোতলা বাড়ি, মাটির দেওয়াল, ঢালু দিশি টালির চাল। ঝকঝক তকতক করছে চারিদিক। কিছু দূরে দূরে আরও কতকগুলো ছোটো বাড়ি রয়েছে। জামদার দেখিয়ে দিতে লাগল, মেন বিল্ডিংটা হল ক্লিনিক আর ডাক্তারের লিভিং কোয়ার্টার। একটা স্টোর হাউস, ফার্মেসি, নার্সদের থাকবার জায়গা, দুটো ইমারজেন্সি বেডওয়ালা একটা ছোট্ট ইনডোর ব্যবস্থা, এইসব। 

বাড়িগুলোর মাঝের জায়গাতে সবজি বাগান আর কিছু ফুলের গাছ। বিরাট একটা ইদারা, তাতে হ্যান্ডপাম্প আর ইলেকট্রিক পাম্প দুই-ই লাগানো আছে। 

গেটের কাছে গাড়ি পার্ক করে এইসব দেখতে দেখতে, হেঁটে ক্লিনিকের সামনে এসে উপস্থিত হলাম। 

বিশাল এক হলঘর, তার সামনে পাকা ছাউনি করে পেশেন্টদের বসবার জায়গা। 

বিকেল সাড়ে তিনটের সময়ও কম করে তিরিশজন পেশেন্ট বসে আছে। দেখলাম, সবই মহিলা পেশেন্ট। হয় সন্তানসম্ভবা অথবা সদ্যপ্রসূতি। সুজিত বলল, এখানে শুধু ওদেরই চিকিৎসা হয়। ওষুধও দেওয়া হয়, সম্পূর্ণ বিনামূল্যে। 

জামদার হয়তো মোবাইলে বলে রেখেছিল, কারণ আমরা পৌঁছতেই ভেতর থেকে যিনি এসে দাঁড়ালেন, তাঁকে দেখে চোখ ধাঁধিয়ে গেল। ছ ফুটের ওপরে লম্বা, কালো আবলুশ কাঠে কোঁদা মূর্তির মতো এক অসাধারণ সুপুরুষ। খুব বেশি হলে চল্লিশ বছর বয়স, অসম্ভব অমায়িক হাসিতে এক রাশ মুক্তো ঝরিয়ে দুহাতের মধ্যে আমার ডানহাতটা ধরে ডক্টর শ্রীকান্ত যাদব বললেন, 

—ভাদুড়িজি, আশ্রমের বড় সৌভাগ্য যে আপনার মতো ব্যস্ত মানুষ আজ এখানে এলেন। 

কুঁকড়ে গেলাম মনে মনে। করি তো কোম্পানির হয়ে ওষুধের ব্যবসা আর এই মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করা মানুষটা এভাবে বলছেন! পাপী মন নিজেকে এও জিজ্ঞাসা করে বসল—এ আবার কোনও ভান নয় তো? 

ডক্টর যাদব বললেন, 

—আপনারা এখানেই বসুন, চা-টা খান। এই কজন ‘মা’-কে ছেড়ে দিয়ে আপনাদের সঙ্গে কথা বলব। অনেক দূর থেকে এসেছেন মায়েরা সব। 

২ 

ওয়েটিং এরিয়াতে বসে চা বিস্কুট খেয়ে নিজেদের মধ্যে টুকটাক কথা বলছিলাম। হঠাৎ এক অদ্ভুত মানুষের দিকে নজর পড়ল। বছর সত্তর বয়স হবে, রোগা পাতলা চেহারা, মাথার চুল সব সাদা, মুখে অজস্র বলিরেখা। লোকটির পরনে মহারাষ্ট্রের গ্রামের পোশাক, সাদা ধবধবে পাজামা, লম্বা সাদা শার্ট আর মাথায় সাদা তেকোনা টুপি। এখানে ঢোকবার ঠিক মুখে, একটা কাঠের চেয়ারে বসে আছে। চেহারায় যত্নের ছাপ স্পষ্ট কিন্তু মুখের ভাবটা কেমন যেন স্বাভাবিক নয়। হাবভাবও তাই। সমানে নিজের মনেই হাত-পা নেড়ে বিড়বিড় করে কী সব বকছে। 

এমন সময়ে কোলে একটা ছোট্ট বাচ্চা নিয়ে বছর পঁচিশের এক পেশেন্ট, তার স্বামী আর খুব সম্ভবত শাশুড়ি, ওয়েটিং এরিয়ার দরজার কাছে এসে দাঁড়াল। আমি ভাবলাম, এখনও নতুন পেশেন্ট আসছে—তাহলে তো অনেক দেরি হবে। 

বয়স্ক লোকটা হঠাৎ উঠে দাঁড়াল, অদ্ভুত দ্রুতগতিতে এক কোণে রাখা একটা বিশাল মাটির জালা থেকে এক ঘটি জল নিয়ে ওদের কাছে গেল। এখানকার পেশেন্টরাও মনে হয় ব্যাপারটা জানে। তিনজনই দরজার বাইরে দাঁড়িয়ে পড়ল। লোকটা এবার নিচু হয়ে বসে ঘটির জল দিয়ে পরম যত্নে বউটির পা ধুইয়ে দিল, কাঁধে রাখা গামছা দিয়ে মুছিয়ে দিল আর ক্রমাগত কী সব বলে যেতে লাগল। তিনজনই হাতজোড় করে ওকে নমস্কার করে নিজেদের মাথায় হাত ছোঁয়াল। বয়স্ক লোকটা আবার এসে নিজের চেয়ারে বসল, নিজের মনে বকবক করেই চলেছে। 

সুজিত আমার কানের কাছে মুখ এনে বলল, 

—কোনও এক পাগল, ডাক্তারসাহেব ওকে নিজের বাড়িতে আশ্রয় দিয়েছেন। সারাদিন এখানে বসে থাকে, আর সব পেশেন্টদের পা ধুইয়ে দেয়। 

আমি লোকটাকে দেখতে দেখতে ভাবতে লাগলাম, কী অদ্ভুত ব্যাপার! 

ডক্টর যাদবের অনেক দেরি হচ্ছিল। ইতিমধ্যে আমরা গরম গরম পোহা আর তাজা ফল দিয়ে একপ্রস্থ টিফিন করেছি। পুরো কম্পাউন্ডটা ঘুরে দেখেছি। সুজিত সপ্তাহে একবার এসে ওখানকার ছোট্ট ফার্মেসিটায় ওষুধপত্রের স্টক মেলাতে, রেকর্ড রাখতে সাহায্য করে। ফার্মেসির সাইজ দেখে আমি বুঝলাম, আর যাই হোক ব্যবসার আশা এখানে নেই। তবে ভালো লাগছিল। 

প্রায় সন্ধে সাতটার সময়ে ডক্টর যাদব এলেন। স্নান করেছেন, সাদা পাজামা আর শার্ট পরেছেন। আমাদের অপেক্ষা করানোর জন্য বারবার ক্ষমা চাইতে লাগলেন আর বেশিক্ষণ আলাপের সুযোগ না পাওয়ায় আফসোস করতে লাগলেন। 

আমি বললাম, 

—ডক্টরসাব, আপনি আমাকে আর লজ্জা দেবেন না। আপনি এখানে মানুষের সেবা করছেন, আমি তো ফালতু ঘুরতে এসেছি—আপনার কাজে ডিস্টার্ব করলাম। 

হঠাৎ ওঁর মুখে একটা মৃদু হাসি খেলে গেল, সুজিতের দিকে ফিরে বললেন, 

—জামদার সাহেব তুমহি ভাদুড়ি সাহেবান সাঠি হোটেল বুক কেলে আহেত কা? 

অর্থাৎ, জামদার সাহেব, আপনি কি ভাদুড়ি সাহেবের জন্যে হোটেল বুক করেছেন? 

উত্তর এল, “হাও।” 

এবার আমাকে, 

—ভাদুড়ি সাহেব, আপনাকে যদি রিকোয়েস্ট করি, আজ রাতটা এই জঙ্গলে আমার সঙ্গে থেকে যান, থাকবেন কি? জামদার সাহেবের কাছে আপনার কথা অনেক শুনেছি। মনে হয় আপনার সঙ্গে গল্প করতে খুব ভালো লাগবে। রুটি, সবজি আর দুধ খাবেন, আর আমরা ওই নিম গাছের নিচে চারপাই পেতে শুয়ে পড়ব। আপনার কি খুব কষ্ট হবে? 

প্রথমটায় একটু অবাক হলেও, আইডিয়াটা বেশ লাগল আমার। মুম্বাইয়ের কংক্রিটের খাঁচা থেকে বেরিয়ে আবার হোটেলের খাঁচার মধ্যে রাত কাটানোর চেয়ে এ অনেক ভালো। আর এই ডাক্তার ভদ্রলোককেও খুব ইন্টারেস্টিং লাগছে। 

আমি বললাম, 

—কষ্ট? দারুণ লাগবে আমার। থ্যাংকিউ। সুজিত তুমি গাড়ি নিয়ে চলে যাও। কাল আমাকে উঠিয়ে নিও। 

৩ 

মার্চ মাসের প্রথমে এখনও গরম পড়েনি। ঝির ঝির করে হাওয়া দিচ্ছে। এক আকাশ তারার নিচে পাশাপাশি দুটো চারপাইতে শুয়ে গল্প করতে করতে কখন রাত একটা বেজে গেছে টেরই পাইনি। বড়বেলার গল্প থেকে ছোটবেলার গল্প। রামরাজাতলায় আমাদের বাড়ির কথা, কী করে এই ওষুধ বিক্রির পেশায় এলাম তার কথা, আরও কত কী…। 

উনিও বললেন লাতুর জেলার এক অখ্যাত গ্রামে ওঁর বড় হয়ে ওঠার কথা, স্কলারশিপের সামান্য টাকায় মুম্বাইতে কষ্ট করে মেডিক্যাল পড়ার কথা। কিন্তু তার মধ্যে না ছিল কোনও তিক্ততা, না কোনও নালিশ, না কোনও গর্ব। মানুষটিকে আমার সত্যিই ভালো লেগে গেল। 

অনেকক্ষণ ধরে মনে একটা প্রশ্ন উঁকি মারছিল, এবার সেটা করেই ফেললাম। 

—ডক্টর যাদব, কিছু যদি না মনে করেন, আপনার ক্লিনিকে একজন বয়স্ক ভদ্রলোককে দেখলাম, পেশেন্টদের পা ধুইয়ে দিচ্ছেন উনি… 

—উনি আমার বাবা। তুকারাম যাদব। 

আমি চুপ। উনিও চুপ। 

নিম গাছের পাতায় হাওয়ার সরসর আর মৃদু ঝিঁঝিঁর ঐকতান ছাড়া আর কোনও শব্দ নেই। 

ঘাড় ঘুরিয়ে ডক্টর যাদবের দিকে তাকালাম। আবছা তারার আলোয় মনে হল ওঁর মুখে মৃদু উদাস একটা হাসি। বললেন, 

—বাবা প্রায়শ্চিত্ত করছেন। আর আমি সেই প্রায়শ্চিত্তের পুণ্যের ফল ভোগ করছি। 

প্রায়শ্চিত্তের পুণ্যের ফল? ঠিক বুঝলাম না, কিন্তু কিছু বলা উচিত কি না ভেবে না পেয়ে চুপ করে রইলাম। 

একটা দীর্ঘশ্বাস, তারপর দীর্ঘ নীরবতা। 

চারপাইতে কিছু আওয়াজ পেলাম। ডক্টর যাদব উঠে বসেছেন। আমিও উঠে ওঁর মুখোমুখি বসলাম। 

—জানেন তো ভাদুড়িসাব, মায়ের প্রথম দুধের স্বাদ শিশুদের মনে থাকে না। তা সম্ভবও নয়। শিশুর যা মনে থাকে তা হল, স্তন্যধারার মধ্যে দিয়ে তার জীবনীশক্তি আহরণ, বেঁচে থাকা। মা আর শিশুর মধ্যে অবিচ্ছেদ্য গ্রন্থি বেঁধে দেয় ওই প্রাণরস। সেই বন্ধন আমার কাছে অনাস্বাদিত থেকে গেছে। কারণ আমাকে জন্ম দিতে গিয়েই আমার মায়ের মৃত্যু হয়। 

শ্রীকান্ত যাদব থামলেন এক মুহূর্ত। 

—আমার স্মৃতিতে প্রথম খাবারের স্বাদ হল খারওয়াস। অনেক ছোটবেলায় কোনও আত্মীয়ের বাড়িতে খেয়েছিলাম। 

আমি চুপ। 

—খারওয়াস কী জানেন? 

ঘাড় নাড়লাম। 

—খারওয়াস মহারাষ্ট্রের এক বিখ্যাত মিষ্টি। গরু বা মোষের বাচ্চা হবার পরে দুধের আগে তাদের বাঁট থেকে যে কলোস্ট্রাম সিক্রিট হয় তার থেকে তৈরি হয়। 

কলোস্ট্রাম কী তা অবশ্য জানি। শিশু জন্মানোর পরেই স্তনে দুধ আসে না। আসে প্রায় জলের মতো দেখতে ঘন এক রস। পৃথিবীতে যত রকম খাবার আছে, তার মধ্যে সবচেয়ে পুষ্টিকর সেই রস—প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, ভিটামিন, শিশুকে ইনফেকশন থেকে বাঁচানোর জন্যে অ্যান্টিবডি, কী না থাকে তাতে! জীবনদানের পরেই সেই জীবনকে ধারণ করবার জন্য নিজের দেহের প্রতিটি কোষকে নিংড়ে তৈরি সেই অমৃতরস, হল শিশুকে মায়ের প্রথম উপহার। 

কিন্তু গরু, মোষের কলোস্ট্রাম থেকে যে মিষ্টি তৈরি হয়, তা জানতাম না। 

ডক্টর যাদব বলে চললেন, 

—আমার দাদু ছিলেন লাতুরের বিখ্যাত খারওয়াস কারিগর। কারিগর না বলে শিল্পী বলাই ভালো। যে কোনও মিষ্টির কারিগর খারওয়াস তৈরি করতে পারে না। দাদুর কাছে খারওয়াসের বায়না আসত দূর-দূরান্ত থেকে। লোকে বলত, হাল্কা ঘি রঙের অনেকটা পুডিংয়ের মতো দেখতে, মৃদু এলাচের গন্ধের সেই খারওয়াস মুখে দিলে মায়ের দুধের স্বাদ মনে পড়ে যায়। আমার বাবাকে নিজের হাতে খারওয়াস তৈরি করতে শিখিয়েছিলেন দাদু। 

—তাঁর প্রথম পাঠ ছিল যে বাছুরকে আগে খেতে দিয়ে তবেই কলোস্ট্রাম নেওয়া যাবে। লক্ষ টাকার অর্ডার এলেও এই নিয়মের নড়চড় হবে না। 

—ধীরে ধীরে বাবার হাতের কাজের নাম ছড়াতে লাগল। লাতুর শহর, পুণে, শোলাপুর, ঔরঙ্গাবাদ এমনকি মুম্বই থেকেও ডাক আসতে লাগল। কিন্তু দাদুর ইচ্ছা ছিল না। 

একটু থামলেন ডক্টর যাদব। নিজের মনে যেন কথাগুলো গুছিয়ে নিচ্ছেন। 

—লাতুর বড় গরিব জায়গা জানেন তো? সে বছর এমন খরা হল যে শুধু যে চাষবাস কিছু হল না তাই নয়, আমাদের যত গরু, মোষ ছিল প্রায় সবই মারা গেল। দুবেলা খাবার জোটে না এমন অবস্থা। উপায় না দেখে দাদু, বাবাকে মুম্বাইতে গোকুলদাস মিঠাইওয়ালার দোকানে কাজ নেবার অনুমতি দিলেন। গোকুলদাস মিঠাইওয়ালার নাম শুনেছেন? 

শুনেছি। মুম্বাই জুড়ে ওদের কম সে কম কুড়িটা দোকান। বিরাট নাম। 

বললাম, হ্যাঁ জানি। 

আস্তে আস্তে কথা বলছিলেন ডক্টর যাদব। মাঝে মাঝে চুপ করে যাচ্ছিলেন। 

—বাবা প্রথমে একাই এসেছিলেন। চাকরি পাকা হতে, ঘাটকোপারে দু-কামরার খোলি ভাড়া করে মাকেও নিয়ে এলেন। বাবার কাজের সুনাম ছড়িয়ে পড়তে লাগল। শুধু খারওয়াস বিক্রি করেই গোকুলদাস মিঠাইওয়ালা, নতুন নতুন ব্র্যাঞ্চ খুলতে লাগল। ভাত-কাপড়ের সমস্যা আর না থাকলেও আমরা কিন্তু সেই গরিবই রয়ে গেলাম। 

—গোকুলদাস শেঠ নিজেও খুব গরিব অবস্থা থেকে নিজের বুদ্ধি আর পরিশ্রমে এই ব্যবসা গড়ে তুলেছিলেন। কিন্তু ভাদুড়িসাব, মুম্বইয়ের মতো শহরগুলো অনেক সময় মানুষের আত্মাকেও পচিয়ে দেয়। সেঠজি যেমন যেমন বড়লোক হতে থাকলেন, রইসি চালচলন ওঁকে পেয়ে বসল। পালি হিলসে বিরাট বাংলা, বড় বড় গাড়ি, নানারকম অদ্ভুত সব বিলাসিতার শখ… 

আবার বেশ কয়েক মুহূর্ত চুপ করে রইলেন ডক্টর যাদব। 

৪ 

—১৯৬৮ সাল। আমি তখন মার পেটে। প্রথম থেকেই মায়ের নানারকম কমপ্লিকেশন হচ্ছিল। গ্রাম থেকে দাদু আর দিদা চলে এল, দেখাশোনা করতে। ডিউ ডেটের দশদিন আগেই মাকে রাজাওয়াড়ি গভর্নমেন্ট হসপিটালে ভরতি করে দেওয়া হল। কমপ্লিকেশন কিন্তু বেড়েই চলল। তিনদিনের মাথায় সরকারি ডাক্তার বললেন, একমাত্র ইমারজেন্সি সিজারিয়ান অপারেশন করলেই মা আর শিশুকে বাঁচানো যেতে পারে, কিন্তু রাজাওয়াড়ি হাসপাতালে তা করা অসম্ভব। কোনও ভালো প্রাইভেট নার্সিং হোম বা হাসপাতালে নিয়ে যেতে হবে। ভাদুড়িসাব আপনি তো পাওয়াইতে থাকেন, রাজাওয়াড়ি হাসপাতাল দেখেছেন? 

আমাদের কাজই এমন যে যেখানেই রোগ, সেখানেই যেতে হয়। বললাম, 

—হ্যাঁ, দেখেছি। খুব খারাপ অবস্থা। 

—তাহলে ১৯৬৮-তে কেমন ছিল ভাবুন। পাগলের মতো ছোটাছুটি করে নামকরা এক গাইনোকলজিস্টের নার্সিং হোমে জায়গা পাওয়া গেল। কিন্তু সব মিলিয়ে খরচ হবে তিন হাজার টাকা! তখন আমাদের সর্বস্ব বিক্রি করলেও তিন হাজার টাকা হবে কি না সন্দেহ। বাবা কিছু চিন্তা না করেই মাকে সেখানে ভরতি করে দিলেন। ডাক্তার বললেন, তিনদিন অবজারভেশনে রাখবেন। মাঝে সমস্যা হলে, অপারেশন করে দেবেন। 

কিন্তু এত টাকা কোথায় পাওয়া যাবে? দাদুর পরামর্শে বাবা চললেন মালিক গোকুলদাস শেঠের কাছে ধার চাইতে। 

এই পর্যন্ত বলে ডক্টর যাদব বহুক্ষণ চুপ। আমি একটা শব্দও করিনি। বুঝেছি যে এসব কথা উনি আমাকে নয়, নিজের সঙ্গেই বলছেন। আবার শুরু করলেন। 

—বান্দ্রায় পালি হিলসে গোকুলদাস শেঠের বাংলো। শেঠজি যত্ন করে বাবাকে বসালেন। সব কথা শুনলেন। তারপর বললেন, 

—জরুর দেঙ্গে পয়সা। তুমি আমাদের নামকরা কারিগর, তোমার এমন বিপদে আমরা না দেখলে আর কে দেখবে? তবে তোমাকে এই টাকা ধার হিসেবে দেব না। তুমি নিজে রোজগার করে নিয়ে যাবে। 

বাবা নিজের কানকে বিশ্বাস করতে পারছিলেন না। এমন মানুষও হয়! 

শেঠজি বললেন, 

—তার জন্যে আমার একটা কাজ তোমাকে করে দিতে হবে। একবারই মাত্র। আর কোনোদিন এই কাজ আমি বলব না। আর আমি আর তুমি ছাড়া আর কেউ এ কথা জানবে না। রাজি থাকলে এখনই এক হাজার তোমার হাতে দিয়ে দেব। কাজ হয়ে গেলে বাকি। রাজি হো না তুকারাম? 

ডাক্তার আবার থামলেন। 

আমি ভাবলাম, ওহ এই আশ্রম তাহলে ডক্টর যাদবের বাবার নামে! কিন্তু প্রায়শ্চিত্ত কেন? 

—বাবার মনেও হয়তো একটু দ্বিধা হয়েছিল, একটা কাজের জন্যে এত টাকা দেবেন শেঠজি! কী সেই কাজ? 

—কাম কেয়া রহেগা শেঠজি? 

—তুকারাম, তুমি মুম্বই, না না, ইন্ডিয়ার বেস্ট খারওয়াস কারিগর। তিনদিন বাদে আমার বাড়িতে চার-পাঁচজন স্পেশ্যাল গেস্ট আসবেন। তাঁদের জন্য তোমায় একটা স্পেশ্যাল খারওয়াস বানিয়ে দিতে হবে—এমন জিনিস তাঁরা লাইফে কোনোদিন খাননি, আর কোনোদিন খেতেও পারবেন না। 

বাবার যেন ঘাম দিয়ে জ্বর ছাড়ল। এই কথা? খারওয়াস বানাতে হবে? বললেন, 

—বানাব মালিক। এমন সব স্পেশ্যাল মশলা দিয়ে বানাব যে আপনার গেস্টরা খেলে সারা জীবন আপনাকে মনে রাখবেন। 

শেঠ গোকুলদাস একটু চুপ করে রইলেন। তারপর বললেন, 

—এদিকে এসো। তোমার কানে কানে বলছি। এ কথা যেন আর কেউ কোনোমতেই জানতে না পারে। তোমার ফ্যামিলিতেও কেউ না। 

সেই স্পেশ্যাল খারওয়াস কেমন হবে শেঠজি কানে কানে বাবাকে বললেন। 

গোকুলদাসের আবদার শুনে বাবা পাথর হয়ে গেলেন। নিঃশ্বাসও বোধহয় পড়ছে না। শুধু দু-চোখ দিয়ে জলের ধারা নামছে। 

জিভে চুক চুক শব্দ করে শেঠজি বললেন, 

—আরে আরে তুকারাম, তুম তো একদম পেরেশান হো গয়ে। দেখো বাবা, কোনও জবরদস্তি নেই। তোমার বিবি বাচ্চা মরতে চলেছে, তাই ভাবলাম যদি একটু মদত করতে পারি। যদি তুমি করো, মিঠাই বানানোর সব সামান আমি এনে দেব আর তুমি এখানে, আমাদের কিচেনে বানাবে। বলো পারবে? 

—ভাদুড়িসাব, এসব কথা আমি বড় হয়ে দাদুর মুখে শুনেছি। কিন্তু সেই মুহূর্তে বাবার মনে কী হয়েছিল, তা কেউ জানে না। দাদু বলেছিলেন যে বাবা নাকি শেঠের বাড়ি থেকে উন্মাদপ্রায় অবস্থায় ফিরেছিলেন। ব্যাগে এক হাজার টাকার একটা কড়কড়ে নোট। 

—দুদিন কারও সঙ্গে কোনও কথা বলেননি। হাসপাতালে টাকা জমা দিয়ে শূন্যে তাকিয়ে থাকতেন আর নিজের মনে বিড়বিড় করতেন। 

—তৃতীয় দিন, অপারেশনের দিন সকালে শেঠজির বাড়িতে গিয়েছিলেন। চার ঘণ্টা বাদে ফিরে আসেন, সঙ্গে বাকি টাকা। 

—তখন আমার জন্ম হয়ে গেছে, আর মার মৃত্যু। 

—তখন থেকেই বাবা আমার পাগল বা দুনিয়ার সবচেয়ে সুস্থ মানুষ, যা বলেন। শেঠ গোকুলদাসের সেই স্পেশ্যাল খারওয়াস বানানোর প্রায়শ্চিত্ত এখনও করে চলেছেন। 

—ঠাকুরদা-ঠাকুমাই আমাকে বড় করেছেন। যেদিন মেডিক্যালে চান্স পেলাম, সেদিন দাদু আমাকে সব কথা জানিয়ে বললেন, 

—শ্রীকান্ত আতা তুঝ্যা বাবাঞ্চে আনি আপল্যা সম্পূর্ণ বংশ্যাচ্যা পাপ-পুণ্যাচি জবাবদারি তুঝ্যা হাতাত আহে। 

—শ্রীকান্ত, এখন তোর বাবার আর আমাদের পুরো বংশের পাপ-পুণ্যের ভার তোর হাতে। এখন তুই ঠিক কর, ডাক্তার হয়ে কী করবি? অনেক পয়সা কামাবি না আমাদের সবাইকে উদ্ধার করবি? 

৫ 

পুবের আকাশে গোলাপি আভা ফুটে উঠছে। ডাক্তারের আবলুশ কাঠে কোঁদা মুখটা একটু স্পষ্ট। সে মুখে অবর্ণনীয় এক যন্ত্রণা আর অনুশোচনা। 

কিন্তু হয়েছিল কী? আমাকে জানতেই হবে। মুখ খোলার আগে একটা বড় নিঃশ্বাস নিলাম। 

ডক্টর শ্রীকান্ত যাদব মুখ নিচু করে বসে আছেন। আমি কিছু বলার আগেই আস্তে আস্তে মুখ তুলে ভাঙা গলায় বললেন, 

—ভাদুড়িসাব, আমি জানি আপনি কী জিজ্ঞাসা করতে চাইছেন। সেদিন খারওয়াস বানানোর জন্যে কলোস্ট্রাম গরু বা মোষের ছিল না। 

—ধারাভির বস্তির গরিব মায়েদের বুক থেকে নিঃসৃত রসে শেঠ গোকুলদাসের স্পেশ্যাল খারওয়াস তৈরি করেছিলেন তুকারাম যাদব। বড়লোকদের কতরকম খেয়াল হয়! গরিব বাচ্চার তো অভাব নেই এই পোড়া দেশে। শেঠজির লাগানো দালালের পাল ওই অমৃত সংগ্রহ করেছিল। 

এরপর আমি আর কোনও কথা বলতে পারিনি। ডক্টর যাদবের মুখের দিকে তাকিয়ে স্থির হয়ে গিয়েছিলাম। ওঁর চোখও আমার চোখে। পুব আকাশের নবজাতক সূর্যের সোনালি আলোয় ডাক্তারের চোখের দু-ফোঁটা জল যেন দুটি স্বর্ণবিন্দু। 

Write a Comment

Your email address will not be published. Required fields are marked *

loading...