খদিরবনের তারা ও অন্যান্য কাহিনি
অরিন্দম গঙ্গোপাধ্যায়
যে বইপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিয়ে এই বইটি খরিদ করি, তাতে লেখক স্বয়ং উপস্থিত থাকবেন জানতাম না। সত্যি কথা বলতে কী, জয়ঢাকের অমায়িক প্রকাশক বইয়ের গ্রুপে জায়গা দিয়েছেন, প্রত্যেক অনুষ্ঠানে নিমন্ত্রণ করেন, কিন্তু নানা ছোটো-বড়ো ঘনঘটায় হোঁচট খেতে খেতে আমার আর কলেজ স্ট্রিট অবধি যাওয়া হয়ে ওঠে না, তাই এবার ঢের হয়েছে, আর না গেলেই নয়, এইরকম ভেবে সটান চলে যাওয়া। কী কী বই প্রকাশ হচ্ছে, লেখক কারা, কোন কোন খ্যাতিমানরা আসছেন ওখানে, এইসব তথ্যে যাবার আগে খুব মন দিইনি।
কিন্তু গিয়ে দুটো লাভ হয়েছে। অসাধারণ সব গান শুনেছি আর “খদিরবনের তারা” হাতে পেয়েছি৷ আঠারোটি গল্পের এই সংকলনটি হাতে নিলেই ভালো লাগে, এমন চমৎকার এর বাঁধাই, প্রচ্ছদ পরিকল্পনা, ছাপা এবং গল্পগুলো নিজেরা। শুরুতেই খুঁজেপেতে পড়ে নিলাম “খদিরবনের তারা।” নাম ভূমিকায় থাকলেও এ গল্প একেবারে শুরুতেই রাখেননি লেখক। সেখানে রাখা আছে আর-একটি চমৎকার গল্প, “মাজু’’। সুইমিং পুলে সাঁতার কাটতে কাটতে এক নারীর অনন্তে হারিয়ে যাওয়ার কাহিনি। যে গল্পের পরতে পরতে লুকিয়ে আছে জলকন্যা, ওডিসি মহাকাব্যের পাতা থেকে উঠে আসা সাইরেনদের কণ্ঠ আর প্রাচীন সমুদ্রের আঁশটে বাতাসে জলচারী বিহ্বল পুরুষদের বিহ্বলতর করে দিয়ে যাওয়া আশ্চর্য গানের সুর।
“মাজু” এক আশ্চর্য আখ্যান। বুলু অথবা স্বর্ণ, জেদি এবং নিজের ইচ্ছেয় চলা এক স্বাধীনচেতা মেয়ে যার পরিণতি সম্বন্ধে কোনও ধারণাই নেই তার গুণমুগ্ধদের! সে কাউকে ভালোবেসেছিল কি না, এ প্রশ্ন অবান্তর, সত্য শুধু এই যে তাকে ভোলা যায় না, এড়ানো যায় না তার স্মৃতি, সাইরেনদের অপার্থিব সুরের মতোই সে সতত বহমান তার সান্নিধ্যে আসা পুরুষদের রক্তস্রোতে! “এতদিনে সে হয়তো সিঙ্গাপুর ছাড়িয়ে, ভিয়েতনামের তটরেখা পার হয়ে সে ভেসে চলেছে আরও উত্তরে, মহাচিনের দিকে। আমি জানি সে ঠিক বেছে নেবে একটি নিজস্ব দ্বীপ, সেখানে একটি পাথরের ওপর বসে তার চুল শুকিয়ে নেবে… ঝিনুকের মালা দুলতে থাকবে তার শঙ্খের মতো বুকদুটির ওপর দিয়ে। কে জানে বাংলার এক গণ্ডগ্রামের কথা তার মনে পড়বে কি না, সেখানে এক কিশোরের নির্নিমেষ তাকিয়ে থাকা কি একটুও পোড়াবে না তার বুক? আরেক বন্দরশহরে এক যুবকের সংরাগরক্ত মিনতিও কি তাকে করুণায় আর্দ্র করে তুলবে না?”
মূর্তের মধ্যে বিমূর্ত, ব্যক্তের মধ্যে অব্যক্তকে নিয়ে যে খেলা লেখক শুরু করেছেন প্রথম গল্পেই, তা প্রবহমান অন্যগুলোতেও। “মধ্যমান” গল্পে উন্মোচিত জীবনের নানা পরত, ‘এ পরবাসে রবে কে’-র সুর আর তালের মধ্যকার পৃথক চলনের মতোই। পৃথক তবু সংলগ্ন নিবিড়ভাবে, চলতে চলতে হাত ছেড়ে দেওয়া নেই, বরং প্রতি আবর্তনের সমে তাদের মধ্যে অবধারিত দেখা হয়। সাবিত্রী মাসির কথায়, “দেখো বউদি, এ গানের সঙ্গে তালটা যেন লাফিয়ে লাফিয়ে চলছে। গানের সঙ্গে সঙ্গে আছে, তবুও যেন ঠিক একসঙ্গে নয়। ঠিক যেন সেকালের স্বামী-স্ত্রী চলল ম্যাটিনি শো-এ, রাস্তায় দুজনে কথা কইবেন না। রাস্তা পার হতে গিয়ে কর্তা একটু দাঁড়াবেন, গিন্নি কতটা পিছিয়ে আছেন একবার দেখে নেবেন।” এইভাবে শেষ সমে অবধারিত দেখা হওয়ার যে প্রশান্তি, তা কখনও কখনও মানুষের জীবনে অনুভূত হয়! গল্পটি যেন সেই প্রশান্তিতে মন পূর্ণ করে দিয়ে যায়।
কঠিন অনুভূতি বা জটিল ঘটনার অভিঘাতকে বড়ো সহজ করে প্রকাশ করতে পারেন মরমি এই লেখক। যেমন “আমরুল শাক অথবা চুম্বকের গল্প” অথবা “খেলা” নামে গল্পটি। দুটিই দুজন বর্ষীয়সীর দৃষ্টিকোণ থেকে দেখা, জীবনের জটিলতার জট যাঁরা কাটিয়ে দেন মায়া আর মমতার আনন্দ-ছোঁয়ায়।
এ বছরটা অজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সার্ধশতবর্ষ। এক অর্থে মহেশ বা অভাগীর স্বর্গ গল্পদুটিরও দেড়শো বছর বয়স হয়ে গেল। বাংলা ছোটো গল্পকে ফিরে দেখার এ-ই মাহেন্দ্রক্ষণ। এই দীর্ঘ পথযাত্রায় পালটেছে কি ছোটো গল্পের ধরনধারণ? তার অন্তরলোক এবং প্রকাশভঙ্গি? “খদিরবনের তারা” পড়তে গিয়ে বারবার এই প্রশ্নগুলো জ্বালাতন করে। মেলোড্রামা নয়, শুধু বাস্তবতা নয়, ক্যামেরার সমধর্মী কলম নয়, নয় অর্থহীন ব্যক্তিগত ব্লা ব্লা, এই গল্পগুলো পড়লে টের পাই, আধুনিক ছোটো গল্পে আরও তো কিছু আছে যা আমাদের অন্তর্গত রক্তের ভিতরে অদ্ভুত খেলা করে। মনে পড়ে ক্যালভিনোর কথা, তিনি যে কারণগুলোর জন্য ছোটো গল্পকে সমস্ত আর্ট ফর্মের মধ্যে সেরা জায়গাটি দিয়ে রাখেন, তারা হল স্থিতিস্থাপকতা, সমান্তরাল বাস্তবতাকে অক্লেশে তুলে ধরার ক্ষমতা, অন্তর্দৃষ্টি আর কথকতার নির্মল আনন্দ! এই সব ক’টি রয়েছে “বর্ষারাতের শেষে” গল্পটিতে এবং আরও অনেক গল্পে। “বর্ষারাতের শেষে”-তে সমান্তরাল বাস্তবতা একে অপরের পাশ কাটিয়ে অতি চমৎকারভাবে উঁকিঝুঁকি দিয়ে গেছে। নমিতা ও অবিনাশের সন্তানহীনতা, তার জন্য দুজনের দু-রকম প্রতিক্রিয়া, ডুবন্ত বাসে সহযাত্রী এক অসুস্থ তরুণকে উদ্ধার করা শুধু নয়, তার ভালো থাকার ব্যবস্থা করতে পেরে স্বস্তির নিশ্বাস ফেলা, এইসবের মাঝখানে পুরোনো প্রেমিকার সঙ্গে হঠাৎ দেখা হওয়া সোচ্চারে পাঠককে জানিয়ে দিয়ে যায় যে অবিনাশ শারীরিকভাবে অক্ষম নয়। কিন্তু প্রেমিকা নীলা, এখন তার নাম বনলক্ষ্মী, সে অন্যের স্ত্রী, সপাটে অবিনাশের মুখের ওপর বন্ধ করে দেয় দরজা। অপমানিত অপরাধী অতীত আর প্রতিশ্রুতিহীন ভবিষ্যতের মাঝখানে কম্বলের মতো ভারী বর্তমানের চাপ সরিয়ে নিরালম্ব বায়ুভূত অবিনাশ এখন কোথায় যাবে!
লেখকের কাছে মৃদু অনুযোগের সুরে আবেদন এই যে কুহক এবং রহস্যের টানে তিনি যেন পথচ্যুত না হন। অলৌকিকের বাতাবরণ তৈরিতে তিনি অতি সফল, কিন্তু তাঁর যুক্তিবাদী মন নিজের হাতেই সরিয়ে দেয় সৃষ্ট কুয়াশা, তিনি তো আর কাপালিক-তাড়িত ভূত-প্রেতের গল্প লিখতে বসেননি। নামভূমিকার গল্পটিতে এই চেষ্টা ঠিকঠাক ফল দেয়নি। বড়ো বেশি ঘটনা, অনেক চরিত্র, বিপুল রহস্যের ভার গল্পটির পরিণতির প্রতি খুব সুবিচার করতে পারেনি। আসলে লেখকের লেখার ধরন এমনিই, কুহক আর রহস্য সর্বদাই ওঁর দুই পা জড়িয়ে ধরে রাখে, যেমন দেখেছি শ্রবণবেলগোলার লতাচ্ছাদিত গোমতেশ্বরের বিশাল পদযুগলে! গল্পের শেষে তারা আবছা হলেও অদৃশ্য হয় না। রেশ থেকে যায়। কিন্তু “খদিরবনের তারা”-য় কর্ণের এই কবচকুণ্ডল যেন সহজাত হয়ে ওঠার বদলে চেষ্টাকৃত হয়ে উঠেছে। আমার মতো যাঁরা প্রচ্ছদে নামাঙ্কিত গল্পটিকে বেশি গুরুত্ব দিয়ে বসেন, তাঁদের বলব অরিন্দম গঙ্গোপাধ্যায়ের এই সংকলনের সব গল্পগুলো পড়ুন। তবে হয়তো ওঁর “ক্রাফট”-কে বোঝা সহজ হবে।
আর-একটি ব্যাপার। আমাদের রাজ্যে লেখক এবং কবির বড়ো ভিড় আর সেটাই স্বাভাবিক। মাছের ঝাঁক তো অনুকূল স্বাদু প্রবাহেই স্বাভাবিক সন্তরণে মশগুল থাকবে। কিন্তু বাংলার বাইরে যাঁরা মাতৃভাষায় প্রতিনিয়ত লেখালিখি করে চলেছেন, তাঁদের সম্বন্ধে কতটুকু খোঁজ রাখি আমরা? পড়ি কি তাঁদের? কত প্রতিকূলতার সঙ্গে লড়াই করে তাঁদের সংস্কৃতি চর্চা, তা জানি কি আমরা? তাঁদের অনুষ্ঠিত বইমেলায় যোগ দিতে পারলে বা বাংলার কাউকে সংবর্ধনা জ্ঞাপন করতে দেখলে হৃদয়ের একূল-ওকূল ভাসে, তারপরেই আবার তেমন উদাসীন হয়ে পড়ি, যেমনটি আগে ছিলাম। অথচ ধানবাদ, শিলচর এবং মুম্বাইতে প্রত্যক্ষ অভিজ্ঞতার ভিত্তিতে জানি প্রবাসী প্রতিভাবানদের কী আশ্চর্য লেখনী! কথাবার্তার সুবাদে তাঁদের মনেও এই ক্ষোভ দেখেছি, স্বভূমির বাইরে থাকার কারণেই হয়তো তাঁরা তেমন স্বীকৃতি পেলেন না। আর সত্যি কথাই তো সরকারি, বেসরকারি ক’টি অনুষ্ঠানে আমরা তাঁদের আমন্ত্রণ জানাই, পুরস্কৃত করি? অথচ তাঁদের অনেকেই মূলধারা, সমান্তরাল ধারা, সবেতেই মাঝে মাঝে চমকে দেন। সতীনাথ ভাদুড়ী, বনফুল, এঁরা কিন্তু প্রবাসী সাহিত্যিকই ছিলেন।
জয়ঢাক প্রকাশনকে তাই ধন্যবাদ এই বইটি প্রকাশের জন্য। যোগ্যকে যোগ্য স্থান দেবার জন্য। তবে ছাপার ভুল যে একেবারে দেখিনি তা নয়, (মিলি গাছে জল দিতে দিতে একটু নরম স্বরে বলল, “আজ একটু তাড়াতাড়ি এসে কিন্ত।” অপরাহ্নে, পৃষ্ঠা ৫৪), যদিও তা খুবই নগণ্য!
এতক্ষণ যা লিখলাম তা কোনও গ্রন্থ সমালোচনা নয়, তাত্ত্বিক আলোচনাও নয়, নিজের ভালো-লাগাটুকু জানানো শুধু। নিবিড় পাঠক ক্রমশ ডোডো পাখির মতোই বিরল হয়ে পড়ছেন। তাঁদের জন্য একটি অসাধারণ গল্প সংকলনের খোঁজ দিয়ে গেলাম, এইটুকুই আমার আনন্দ।