উৎসব
বৈশাখী রায় চৌধুরী
কাঙ্ক্ষিত চরণ ছুঁয়ে ছুঁয়ে ঘুরে বেড়াচ্ছে উৎসব
মাথায় গুঁজছে নীল অপরাজিতা
গায়ে জড়িয়েছে মাধবীলতার চাদর
ধুলো পায়ে উৎসব হেঁটে যাচ্ছে দরজা অবধি
বাড়ি বলতে তো তার কিছু নেই
দুটো বন্ধ কপাট প্রাণপণে আগলে চলেছে তার সংসার
বিসর্জন দুলতে দুলতে এসে দাঁড়িয়েছে সামনে
বাড়িয়ে দিয়েছে ভিক্ষার ভঙ্গিমাখা দুহাত
কিন্তু উৎসবের তো কিছু দেওয়ার নেই তাকে
বিসর্জন ফিরে যায় খালি হাতে,
উৎসব ও বিসর্জনের দূরত্বে
পৃথিবী উপুড় করে রাখে তার শূন্য ভাঁড়ার।