আমি সীতা বলছি
বিতস্তা ঘোষাল
আমি সীতা আপনারা আমাকে আদর করে
মৈথিলী, বৈদেহী, মিথিলা যে নামেই ডেকেছেন
সে নাম নির্ধারণে আমার কোনও ভূমিকা ছিল না
যেমন ছিল না আমার জন্মের ওপরও।
জনকদুহিতা বলে পরিচিতি পেলেও
পালিতা কন্যা শব্দটা একদিনও ভুলতে দেননি আমাকে
হ্যাঁ, আপনি ও আপনারা।
আজীবন তাই আমি বাবাকে খুঁজেছি,
সেই বাবা, যিনি কাজ শেষ করে ঘরে ফিরে
আদর করে ডাকবেন, মা…
আচ্ছা আমার জন্মদাতা কী নামে ডাকতেন আমাকে?
সোনা মনা হীরা জাহ্নবী যমুনা লক্ষ্মী সুভদ্রা…
যা কিছু হতে পারত
কিন্তু সীতা নিশ্চয়ই নয়।
জনকরাজ আমাকে ভালোবাসতেন বাবার মতোই,
সত্যিকারের বাবারা কেমন ভালোবাসে জানিনি কখনও
একবার মনে হয়েছিল সুনয়না নয়
আমার জন্মদাত্রী হতে পারতেন মন্দোদরী
না, না, এ কথা বাল্মীকি তুলসীদাস কৃত্তিবাস কেউ লেখেননি
এ আমার ইচ্ছে-কথা মাত্র,
মেয়েদের কোনও কথাই বা ধরতে আছে!
যুদ্ধের পর জেনেছি অশুদ্ধ আমি, অসতী।
লঙ্কেশ্বর আমাকে স্পর্শ করেছেন
লজ্জায় মুখ নিচু করে শুদ্ধ-স্নানে
আমাকে হেঁটে আসতে হয়েছিল রামের কাছে।
সেদিন আমি ভেবেছিলাম রাবণ যদি আমার পিতা হত!
বোনের জন্য যিনি এত শোক পেলেন, এত রক্ত,
এত বিশ্বাসঘাতকতা সহ্য করলেন
আমি তাঁর কন্যা হলে বদলে যেত সব
একমাত্র তিনিই পারতেন আমার অপমানের প্রতিশোধ নিতে।
অথচ দেখুন আমিই,
হ্যাঁ, এই আমিই অশোককাননে বসে
তাঁর মৃত্যুকামনায় শিবমন্ত্র জপেছি নিশিদিন
রাম অকালবোধন করলেন দুর্গার অস্ত্রে দশগ্রীব বধের জন্য
আমি কেন শিবের কাছে দশাস্যর অমরত্ব চাইলাম না!
পরজন্ম বলে কিছু থাকলে,
দশানন, আপনি আমার পিতা হবেন?