শেষ চিঠি
অনির্বাণ চৌধুরী

কে যেন একটা বেড়াল ডাকল! মিঁয়াও! আরও একবার। আড়চোখে পিছনে তাকালেন নতুন ইংরেজি দিদিমণি। থার্ড বেঞ্চের মাঝের ছেলেটা। নামগুলো সব ঠিকঠাক মুখস্থ হয়নি এখনও। আর দু-চার দিন গেলে হয়তো হয়ে যাবে। নাম ধরে কথা না বলা গেলে পড়ানো ব্যাপারটা তেমন জমে না। আলগোছে জ্ঞান দিয়ে ঘণ্টা বাজলে উঠে আসা হয়ে যায়। ফসফস করে ফসকে হাতের বাইরে চলে যেতে চায় ক্লাস। ওই যে আবার! হুই হুই করে শব্দ। হাতে বক দেখাচ্ছে। এবার লাস্ট বেঞ্চ। বাঁ দিকের কোণের দিকে একজন। সময়মতো চোখ পিছনে ঘুরিয়েছেন দিদিমণি। এদের একটারও লেখাপড়ায় মতি নেই। মন দিয়ে নতুন নতুন জমকালো দুষ্টু বুদ্ধির ফন্দি এঁটে চলেছে। তক্কে তক্কে থাকে। সবকটা। দিদিমণি একবার পিছন ফিরে ব্ল্যাকবোর্ডে লিখতে নিলেই হল। শুরু। পুরো ক্লাস হরবোলা। দিদিমণি কখনও ভেবেছেন হঠাৎ ঘুরে দাঁড়িয়ে খুব রেগে যাবেন। বকে দেবেন। মাথার মধ্যে গনগন করে উঠেছে আগুন। ছোটোবেলা নিঃশব্দে সামনে এসে দাঁড়িয়েছে। পড়তে বসে নিজের দস্যিপনার ঊনকোটি ঘটনা। সে কয়েক শতাব্দী আগের কথা যেন। সামলে নিয়েছেন তিনি। রেগে ওঠা হয়নি। তাছাড়া প্রথম জীবনের এক শিক্ষক, যাঁর কাছ থেকে শিক্ষক হবার স্বপ্নের সলতে পাকানো শুরু, তাঁকেও চোখ বড়ো করতে দেখেননি কখনও। 

চাকরিটা হয়েছে বাড়ি থেকে বেশ দূরেই। রোজ যাতায়াতের সীমানা পার করে। ছোটো আধা-শহর। লেডিস হোস্টেলের নামগন্ধ নেই। অগত্যা বাসা ভাড়া নিতে হয়েছে। একচিলতে বাড়ি। শুরু থেকে শুরু করতে হচ্ছে জীবন। সবকিছু নতুন। মা, বড়োমা, কাকিমারা কেউ কাছে নেই। বিকেলে বাড়ি ফিরে এলে খাবার বেড়ে দেবার লোক নেই। আদর নেই, খুনসুটি নেই, ঝগড়া নেই। ঘুমচোখে নিজে হাতে মশারি টাঙানো। প্রতি সপ্তাহে বার দুয়েক থলে হাতে বাজার। আরও কত কী যে…। রাতে একা থাকেন, সারারাত আলো জ্বালিয়ে রাখেন দিদিমণি। অন্ধকারে দেওয়ালগুলো গিলে খেতে আসে। বাড়িওয়ালা কখনও টের পেয়ে জিজ্ঞেস করলে আলো নেভাতে ভুলে যাবার কথা বলতে হবে। ভেবে রাখা আছে। ভয় পাবার কথা বলা যাবে না। সে বড়ো অসম্মানের হবে। বাড়িতে এখন রাতের খাবার সময়। একসঙ্গে খলবল করছে চোদ্দো-পনেরোজন। সারাদিনের জমে থাকা কথার ঝাঁপি খালি করার সময়। এখানে অকৃপণ নৈঃশব্দ্য। নির্মম একাকিত্ব। মানুষজন আলাদা। ভাষার আদল অন্যরকম। বাংলা ভাষাই। তবু কেমন যেন অচেনা। অচেনা পথঘাট। জীবনের ধাঁচাতেই তফাত। অন্য খাত। মানিয়ে নেওয়া। নিতে হয়। পরীক্ষা ছাড়া জীবন আলুনি হয়। একমাত্র মরূদ্যান আলপনা। আলপনা রায়। বন্ধুত্বের চাকা রানওয়েতে গড়াতে লেগেছে সবে। এক পা দু-পা। সব বন্ধুত্বে টেক-অফ থাকে না। এক্ষেত্রে হয়তো হবে। নতুন দিদিমণির মন বলছে। একই দিনে জয়েনিং। এক স্কুল। এক জন্মসাল। বিষয় আলাদা। অঙ্ক। আলপনার বাড়ি কাছেই। চারটে স্টেশন। স্কুল ছুটি হলে আলপনার সাথে হাঁটতে হাঁটতে স্টেশন যাওয়াটা অভ্যেসের মতো হয়ে গেছে। মিনিট দশেকের পথ। হেমন্তের বিকেল। নরম হয়ে আসা রোদ। পথের দু-ধারে সবুজের সমারোহ। ছাতিম আর বকুল-গন্ধের গলা-জড়াজড়ি সখ্য। এক আশ্চর্য মায়াবী সুগন্ধের পৃথিবী। এ পৃথিবী নতুন দিদিমণির অচেনা। তাঁদের শহরে ছাতিম বিরল। ফেরার পথে ওই গন্ধটা বাড়ি অব্দি পায়ে পায়ে আসে। পৌঁছে দিয়ে যায়। ট্রেন এসে যাবার পরেও আর এক কিস্তি খুচরো আড্ডা। বন্ধুত্বের স্মুদ টেক-অফের আগে ভিতটা একটু মজবুত করে নেওয়া। বসার জায়গা না পাওয়া গেলে নতুন দিদিমণি জানলা দিয়ে খালি সিটের হদিস দেন বন্ধুকে। বন্ধুকে দরজার কাছে দাঁড়াতে দিতে খুব আপত্তি তাঁর। 

দুই 

— তোর ভাত পছন্দ না রুটি রে? 

— এ বাবা! নিজের দাদা জানে না, জানে না! 

— আরে, জানব না কেন আবার। এই একটু কনফার্ম হয়ে নিচ্ছিলাম আর কী। 

— ম্যানেজ করলে হবে না বড়দা। আমি এখন আর সেই ছোটো নেই। যা তা বুঝিয়ে দেবে, তা চলবে না। 

— তা ঠিক। গঙ্গারাম এখন বড়ো হয়েছে। কিন্তু এটা যে আবার বড়দার কিছুতেই মাথায় থাকে না। কেন যে! অবশ্য মাথায় রাখা উচিত। ক্লাস সিক্স কি আর একটা যে-সে ব্যাপার হল! যথেষ্ট বড়ো আর উঁচু ক্লাস। খুব ভুল হয়ে গেছে গঙ্গারাম। 

— আমাকে একদম গঙ্গারাম বলবে না বড়দা। তোমাকে অনেকবার সাবধান করেছি কিন্তু। এবার আমি রেগে যাব। আর রেগে গেলে কামড়েও দিতে পারি, এই বলে দিলাম। 

— সে অভিজ্ঞতা আমার আছে তো। বেশ ভালো রকমই আছে। সেসব আবার মনে করিয়ে দিয়ে খামোখা ভয় দেখাচ্ছিস কেন রে? আর রইল বাকি গঙ্গারাম। এমন ভালো নাম খুঁজলে ভূভারতে আর দ্বিতীয়টি পাওয়া যাবে না। বুঝলি গঙ্গারাম? গঙ্গা হল গিয়ে এক পবিত্র নদী আর রামচন্দ্রের স্কোর তো আরও বেশি। একাধারে অবতার, মহান রাজা, চ্যাম্পিয়ন তিরন্দাজ, পিতৃভক্তি…। কী দুর্দান্ত কম্বিনেশন ভেবে দ্যাখ! এর পাশে মোহর একদম ম্যাড়ম্যাড়ে। 

— আমি কিন্তু সব বুঝি বড়দা। ওই গঙ্গারামের আগে একটা লুকোনো হাঁদা আছে আর সে হাঁদাটা বলেই তুমি আমাকে ডাকো। 

হেসে ফেলে সুভাষ। 

— কিন্তু তোর পছন্দটা এবার বলে ফ্যাল দেখি। 

— চিকেন। 

— তোর মাথাটা হঠাৎ বিগড়ে গেল কেন রে গঙ্গারাম? আমাদের বংশে পাগলের হিস্ট্রি আছে বলে তো শুনিনি কখনও। 

— মাথা বিগড়োবে কেন? আমার ভাত রুটি মোটে ভালো লাগে না। না খেলে বড়োমা, ঠাম্মা বকবে তাই ভয়ে ভয়ে খেয়ে নিই। এদের মধ্যে কাকে পছন্দ বললে কী করে বলি বলো তো? পছন্দ বলতে হলে সে শুধু চিকেন। 

— আচ্ছা বাবা, মানলাম। তোর জন্য শুধু চিকেন। নানারকম। দেখব তুই কত চিকেন খেতে পারিস। 

— তা খাওয়াচ্ছ কবে বড়দা? মেনুটা একবার শুনি। 

— আরে দাঁড়া, দাঁড়া। একটু সবুর তো কর। প্রথম মাসের মাইনেটা হাতে পেতে দে। তারপর না মেনু। আর মেনু নির্ধারণ কমিটির চেয়ারপার্সন তো স্বয়ং বাবু গঙ্গারাম পেটুকদাস চক্রবর্তী। 

— মাইনে পাবার পর কিন্তু একদিন দেরিও সহ্য করব না। এই বলে দিলাম। নতুন কাকিমা, ঝিমলিদি, পল্টুদা আর আমি মিলে দল পাকিয়েছি। 

— না রে বাবা! দেরি হবে না। কিন্তু এই খাবার চক্করে বইটাই তো আজ খোলা হল না। শিগগির বই খোল। আজ কী পড়াব বলেছিলাম যেন? 

এই আমাদের বড়দা। শ্রী সুভাষ চক্রবর্তী। বাড়ির মধ্যমণি। ঠাম্মা এ বাড়ির বড়ো। আমি সবার ছোটো। বড়দা দুজনেরই বেস্ট ফ্রেন্ড। বাকি আঠেরোজনের সকলেরই প্রায় তাই। বড়দা আমাদের সবার চারপাশে নিরাপত্তার অদৃশ্য দেওয়াল। আমাদের মনের মধ্যে লুকোনো প্রাণভোমরা। বস্তা করে গুল কয়লা নিয়ে আসা বড়দা আর ছাই ফেলার কুলো বড়দা কিন্তু একই লোক। ভাঙা নয় মোটে। লম্বা, চওড়া, ঝকঝকে, নরম-সরম। সেই বড়দা আবার আমার ইংরেজির টিচার। সোম, বুধ, রবি সন্ধেবেলা নিয়ম করে আড়াই ঘণ্টা। সাতটা থেকে সাড়ে নটা। টেক্সট, গ্রামার, লেটার, প্যারাগ্রাফ, রিপোর্টিং…। বড়দাকে আমি ভয় পাই না একটুও। বড়দাই আমাকে ভয় পায়। যা দুষ্টুমি করি পড়ানোর সময়! সত্যিই কামড়ে দিয়েছি কতবার! তখন অবশ্য আমি আরও ছোটো। ক্লাস ওয়ান-টু হবে। তবু বড়দার পড়ানো ছেড়ে উঠতে পারি না। কোনও হোমওয়ার্ক দেয় না। সামনে বসেই সবটা পড়া হয়ে যায়। আমি বড়ো হলে বড়দার মতো ইংরেজির টিচার হব। হবই। এইম অব লাইফ। বড়দা একটা সরকারি স্কুলে টিচারের চাকরি পেয়েছে। এই কয়েকদিন হল। ট্রেনে করে যেতে হয়। আধ ঘণ্টার পথ। মা, কাকিমা, বড়োমাদের মাথায় আকাশ ভেঙে পড়েছে। বাড়ির সবার প্রদীপের জিন বড়দা। সে নতুন কাকিমার ঘরের খাট ঘোরানো হোক বা ঠাম্মার হাইপোগ্লাইসিমিয়া হয়ে চোখ উলটে ফেলা। বড়োমার হঠাৎ ফুরিয়ে যাওয়া গুন্ডি থেকে মায়ের রোজ তিনবার হারিয়ে ফেলা চশমা। মুশকিল আসান বড়দা। বাবা, জেঠু, কাকুদের ‘সুভাষ, সুভাষ…’ হাঁকাহাঁকি শুরু হয় সন্ধেবেলা। অফিস থেকে ফেরার পর। তাদের তেমন চিন্তা নেই। সন্ধেগুলো বড়দাকে পাওয়া যাবে। 

তিন 

নতুন জায়গার সঙ্গে বেশ ভাব হয়ে এসেছে নতুন দিদিমণির। প্রথম দিকের অসুবিধেগুলো সহনীয় মনে হয় আজকাল। প্রতি শনিবার বাড়ি ফেরার তাগিদটা থিতিয়ে এসেছে খানিক। বাড়ি বলে মন অত উড়ুউড়ু হয় না আর। আশেপাশে বেশ কয়েকটা পরিবারের সঙ্গে বেশ আলাপ হয়ে গেছে। কথাবার্তা হয়। প্রায়ই নিমন্ত্রণ থাকে কোনও না কোনও বাড়িতে। জন্মদিন, সত্যনারায়ণ, সাধভক্ষণ…। লেগেই আছে। স্কুল, ছাত্ররা, পাড়া-প্রতিবেশী, রবীন্দ্রজয়ন্তী, বিজয়া সম্মিলনী… জড়িয়ে যাচ্ছেন ক্রমশ। বাড়ি থেকে অনেকেই এসেছে। থেকেছে। সুরজ বরজাতিয়ার সিনেমার কায়দায় চক্রবর্তীদের ফার্মহাউসের জন্য পছন্দ করে গেছে জমি। বিশেষ করে পল্টন, সেন্টু আর নতুন কাকিমা। আজকাল আলপনাও থেকে যায় মাঝেসাঝে। দু-বন্ধুতে পিকনিক। দেশি মোরগ। রাত জেগে আড্ডা। রচনা বইতে পড়া বাংলার ঋতুবৈচিত্র্যের রূপ চাক্ষুষ করার সুযোগ হয় রোজ। জয়েন করার পরপরই হেমন্ত ফুরিয়ে গিয়ে শীত এসেছিল। শীতের সঙ্গে প্রথম আলাপ। কড়কড়ে ধারালো দাঁত। তবু প্রেম হল। শহরে যে শীত পছন্দ ছিল সে এর কাছে নিতান্ত ছেলেমানুষ। এই ঝলমলে শীতের কুয়াশাতুতো রোগা প্যাংলা ছোটোভাই। সকালে মেঘ-মেঘ কুয়াশা ঠেলে হাঁটতে বার হওয়া। কুয়াশা রোজ গালে মাখলে গাল লাল হয়। ঝিমলিদি বলত। দার্জিলিঙের মেয়েদের গালের অমন মোহিনী রঙের রহস্য উদ্‌ঘাটন করে ফেলেছিল ঝিমলিদি। রোজ হেঁটে ফিরে আয়নায় ক্লোজ-আপ চেক করে নেন দিদিমণি। শীত তার কামড়ের ধার বাড়িয়ে চলে। ভোর-ভোর সকালে কাঠের আগুনে চারকোনা ট্রের মতো প্রকাণ্ড লোহার কড়াইতে খেজুররস জ্বাল হয়। উনুনের ওমের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে ভুরভুরে সুগন্ধ। ঠায়। ছুট দেয় না এদিক-সেদিক। শীতকাতুরে সে। দিদিমণির শীতের বাতিক নেই। তবু তিনিও ঠায়। চলচ্ছক্তিহীন। খুন্তি বেচারা প্রবল জোরে ছুটে চলে। কড়াইয়ের এমাথা থেকে ওমাথা। চোখ সরাতে পারেন না দিদিমণি। ঘোর লেগে যায় তাঁর। চা-খাবার মাটির ভাঁড়ে জ্বাল দেওয়া গরম রস এনে দেয় নিকুঞ্জ। শীতের সকালে চট করে ঠান্ডা হয়ে আসে রস। অল্প ফুঁ দিয়ে গরম সইয়ে নেন দিদিমণি। এ স্বাদ বাড়ির সবার সাথে ভাগ করে নেবার সাধ হয়। বেশ চেনাজানা হয়ে গেছে এদের সঙ্গে। রাত তিনটের সময় গাছ থেকে হাঁড়ি পাড়া শুরু করে নিকুঞ্জের দলবল। ইজারা নেওয়া এলাকার মধ্যে প্রায় সাড়ে তিনশো গাছ। ছড়িয়ে-ছিটিয়ে। সব গাছ একদিনে কাটা হয় না। জিরিয়ে নেবার সুযোগ পায় গাছেরা। জিরেন। নিকুঞ্জর ছোটোবোন আরশি একদিন গোবিন্দভোগ খেজুর-রসে ফুটিয়ে পায়েস বানিয়ে দিয়েছিল। দুধ ছাড়া পায়েস। অমৃত। শহুরে কূপমণ্ডূকতার ঘেরাটোপে কত কী যে অদেখা থেকে গেছে! 

— আজ থার্ড পিরিয়ডে ক্লাস নাইনের লেটার রাইটিং আছে। ক্লাসটা একটু করে দিবি রে? তোর তো অফ দেখলাম। 

— যথা আজ্ঞা নতুন দিদিমণি। 

— তুই-ও শেষমেশ! তুই বলিস না প্লিজ। তাছাড়া তোর আমার তো একই দিনে জয়েনিং। আমি নতুন হলে তুই-ও নতুন। 

— ধুস…। আমি তো লোকাল। আধ ঘণ্টা দূরে বাড়ি। গঞ্জের লোক। গেঁয়ো। তোর মতো কুলীন শহুরে থোড়াই! বুঝলেন নতুন দিদিমণি? 

— খেলব না যা। 

হেসে ফেলে দুই বন্ধু। এমন খুনসুটি, পা টানাটানি চলতেই থাকে। অহরহ। ডালপালা মেলে বন্ধুত্ব। ইদানীং বাড়ি গেলে আলপনার অভাবটা বড়ো বেশি টের পান দিদিমণি। বাড়িতে কথা বলার লোকের অভাব। সবাই নিজের নিজের মতো করে ব্যস্ত। সেই খলবল করে কথা বলার পরিবেশটা বদলে গেছে। তাছাড়া নিয়মিত কথা না হলে বিষয়ের অভাব হয়। অল্পেই কথা ফুরিয়ে আসতে চায়। দিদিমণি কর্মক্ষেত্রে ফেরার তোড়জোড় শুরু করেন। মা একটু বাধা দিতে নেয়। চলে আসার সময় চোখের কোল উপচে দু-ফোঁটা। রিকশায় ওঠেন দিদিমণি। 

আলপনা মুগ্ধ হয়ে দেখেন বন্ধুর কেরামতি। অমন দুরন্ত ছেলের দল কী করে যে এমন বশ হয়ে গেল এই ক-দিনে! কেমন মুখিয়ে থাকে নতুন ইংরেজি দিদিমণির ক্লাসটার জন্য! শিখে নিতে পারলে বেশ হত। কলিগের ক্লাসে বসে তো আর শেখা যায় না। তা সে যতই বন্ধু হোক। তাছাড়া সবকিছু শিখে হয় না। আলপনা জানেন। তাঁর ক্লাসে সেই বেড়াল, কুকুর ডেকে চলেছে ছেলেরা। দল বেঁধে। অবিরাম। এতে যে আলপনা খুব বিব্রত হন, তা নয়। বন্ধুর প্রতি ঈর্ষাও নয়। বন্ধুর কৃতিত্বে গর্বিত হবার স্বাভাবিক উদারতা তাঁর আছে। শুধু ওই একটা ব্যাপারে খটকা। একটা গিঁটের মতো। খুলতে পারছেন না কিছুতেই। তেমন চেষ্টা যে করেছেন তাও নয়। তবু খচখচটা থেকেই যায়। বন্ধুত্বে রাখঢাক, আলো-আঁধারি থাকবে কেন? আজকাল অবশ্য সম্পর্কের মধ্যে একটা স্পেসের কনসেপ্ট বাজারে এসেছে। জানেন আলপনা। সমস্যাটা হল এত ভালো একজন ইংরেজির শিক্ষক কিছুতেই লেটার রাইটিংয়ের ক্লাসটা নিতে চান না। কাছের বন্ধু বলে তাঁকে ধরিয়ে দেন। নানা ছুতোয়। এই নিয়ে ছ-মাসে পাঁচবার হল। বন্ধুর কাছে এটুকু দাবি করাই যায়। তবু অযথা অন্যের কাঁধে বোঝা চাপাবার মেয়ে সে নয়। একটা অন্ধকার ঘর। দরজা বন্ধ। চাবি নেই। প্রথম প্রথম তেমন গা করেননি আলপনা। ইদানীং বেশ বুঝতে পারেন। স্পষ্ট হচ্ছে ক্রমশ। জানতে চাননি কখনও। লুকোনো জায়গায় হাত দিতে নেই। সে পরিমিতিবোধ তাঁর আছে। 

চার  

— সুভাষ… এই সুভাষ… — যাই মেজোকাকু। গঙ্গারাম, তুই চিঠিটা লিখতে থাক। আমি মেজোকাকুকে সামলে আসি। 

আমি পেন খাতা বাগিয়ে মনোযোগ দিয়ে চিঠি লেখার পোজ দিই। বড়দা দৌড়োয় বাবার ঘরে। নির্ঘাত কিছু হারিয়েছে আবার। — ওরে সুভাষ গলা যে চিরে গেল! — এই এসে গেছি মেজোকাকু। আসামি হাজির। বলো কী হুকুম? — আরে আমার নস্যির কৌটোটা কিছুতেই পাচ্ছি না রে। সেই কখন থেকে হন্যে হয়ে খুঁজছি। খাট, আলমারি, পড়ার টেবিল সব ওলটপালট করে ফেললাম। তবু সে বান্দার দেখা নেই। কোথায় যে ফেললাম! — শেষ কখন নস্যি নিয়েছ, মেজোকাকু? — সে তো আর মনে নেই রে। না, না মনে পড়েছে… পড়েছে। অফিস থেকে বার হবার ঠিক আগে। বাবাকে অবাক করে দিয়ে বড়দা অবলীলায় নস্যির কৌটো খুঁজে নিয়ে এল। পলক ফেলার আগেই। — আজকাল জাদু-টাদু শিখছিস নাকি রে? — কী যে বলো! — তবে এ নির্ঘাত ঝিমলি, পল্টন, মোহরের কাজ। মোক্ষম লুকিয়েছিল কিন্তু! — আরে না না। খামোখা ওরা তোমার নস্যির কৌটো লুকোতে যাবে কেন? তুমি অফিস থেকে ফিরে চান করার সময় নস্যির কৌটো সমেত অফিসের জামা কাচার বালতিতে দিয়ে দিয়েছিলে। তারপর ভুলে গেছ। লাফাতে লাফাতে ফিরে এল বড়দা। যেন সামান্য কোনও কাজ করেছে। আর একটু হলেই ধুন্ধুমার বেধে যেত বাড়িতে। দাউদাউ আগুন। আমরা বাড়ির সবাই জানি। নেশা ডাক দিলে বাবা অন্য মানুষ। হৈচৈ পড়ে যাবে বাড়িতে। কী যে মজা পায় ওই অখাদ্য জিনিসটাতে! আমি একবার লুকিয়ে ট্রাই করেছিলাম। এই এত্তটুকু। ব্যাস! হাঁচি শুরু হয়ে গেল। লাগাতার। থামে আর না। হাঁচির পিছনে নস্যির অবদান আর লুকিয়ে রাখা গেল না। বাবা ঠিক টের পেয়ে গেল। মনে হল হাঁচির যা দমক তাতে টেঁসে না যাই। আমার ভবলীলা এত তাড়াতাড়ি সাঙ্গ হয়ে গেলে মা, নতুন কাকিমা আর বড়দা খুব কাঁদবে যে! নন-স্টপ হাঁচিতে ওয়ার্ল্ড রেকর্ড কার? গিনেস বুকে নাম আছে? এসব ভেবে মনটাকে একটু ডাইভার্ট করতে নিলাম। তাতে যদি একটু কমে। সুবিধে হল না। বাবা সাঁই সাঁই রাগ করছিল নিজের ঘরে বসে। ব্যাঘ্রগর্জন। বাবা রাগলে আমার কাঁপুনি হয়। বেশ বুঝতে পারছিলাম লাঠিতে তেল মাখানোর পর্ব শুরু হয়ে গেছে। যে কোনও সময় শুরু হয়ে যেতে পারে। পিঠ-ব্যাটাকে সাবধানবাণী দিলাম। মুশকিল আসান নেমে পড়ল মাঠে। সাইকেলের সামনে আমাকে বসিয়ে বেরিয়ে পড়ল রাস্তায়। সেটা ছিল এক গনগনে গ্রীষ্মের ফুরফুরে সন্ধে। বড়দা অনর্গল বকে যেতে লাগল। তাল মেলাতে হচ্ছিল আমাকেও। অগত্যা। বিরক্তি লাগছিল। একে হাঁচির দাপটে নাজেহাল। তাতে বড়দার এন্তার এলোমেলো প্রশ্ন। শোনো রে, ভাবো রে, উত্তর দাও রে। কিন্তু এই চক্করে হাঁচি-ব্যাটা কখন যে রণে ভঙ্গ দিয়েছে, খেয়ালই করিনি। সে বাইরের খোলা হাওয়ার জন্যই হোক বা প্রশ্নবাণে জর্জরিত হয়ে হাঁচি-ব্যাটার আউট অফ ফোকাস হয়ে যাওয়াই হোক। বড়দার সেদিনের কথাগুলো মনে আছে আজও। 

— তোর গরমকাল পছন্দ না শীতকাল রে গঙ্গারাম? 

— গরম। — কেন? — কারণ গরমে এসি চলে শীতে চলে না। — যাহ্ বাবা! শীতকালে তো অটোমেটিক এসি। তোর কিন্তু বল্টুতে জং ধরতে শুরু করেছে। — রাগাবে না কিন্তু বড়দা। আমার মোটেও মাথার গোলমাল নেই। — তা তো নেই-ই। কিন্তু না রাগালে মন তো হাঁচিকে আঁকড়ে থেকে যাবে। সরবে না তো। দ্যাখ কেমন হাঁচি বন্ধ হয়ে গেছে। — তুমি তো ম্যাজিসিয়ান, বড়দা! — আচ্ছা বুঝলাম। ওই দ্যাখ, ভজন ময়রার দোকানে উনুন থেকে গরম রসগোল্লার কড়াই নামল। চল আজ তোর পেট ভরে রসগোল্লা খাবার দিন। বড্ড ধকল গেছে। — বড়দা ইজ গ্রেট। — বড়দাকে আর তোল্লা দিতে হবে না। এবার আর একটা প্রশ্নের উত্তর দে তো দেখি। ভেবেচিন্তে বলবি কিন্তু। — তুমি তো রীতিমতো পরীক্ষা নেওয়া শুরু করলে আমার। — আরে না না। এগুলো তো মজার খেলা। বল তো মানুষ কখন খুশি হয়? — এ বাবা! এটা তো খুব সোজা প্রশ্ন। গরম রসগোল্লা খেতে পেলে। — আর কখন? — বাড়িতে চিকেন রান্না হলে। — তার মানে আসলে আমরা পছন্দের কিছু পেলে খুশি হই। কী তাই তো রে? — ঠিক তাই বড়দা। — কেউ কেউ আছে যারা নিজেরা পেলে খুশি হয়। আবার অন্যরা না পেলেও। এরকম একদম হবি না। বুঝলি? প্রথমটাতে কিন্তু কোনও দোষ নেই। সেটুকু না হলে মানুষ তো মুনিঋষি হয়ে যাবে। কমণ্ডলু হাতে হিমালয়ের পথে হাঁটা দেবে। — বুঝে ফেলেছি বড়দা। ঘাট হয়েছে আমার। গরমকাল পছন্দ বলা খুব ভুল হয়েছিল। আমারও শীতকালই পছন্দ। সবাই মিলে একসঙ্গে শীতের আরাম! আহা! কী, খুশি তো এবার? 

— বাঃ! দারুণ! স্ক্রুতে জং ধরার অপবাদ আর দেওয়া যাবে না। চল, এবার ফেরা যাক। রসগোল্লাও শেষ। বাড়িতেও সবাই চিন্তা করছে। 

নস্যির গল্প বলতে গিয়ে কত দূর চলে এসেছি! নস্যির কৌটো খুঁজে দিয়ে ফিরে এসে আবার আমাকে নিয়ে পড়াতে বসল বড়দা। আমি যথারীতি ঘেঁটে দেবার চেষ্টা করলাম। বড়দা রাগল না… — সকালে তো উঠতে পারবি না, এই সময়টুকুই তো বইয়ের সঙ্গে সম্পর্ক। বল তো সূর্য ক-টায় ওঠে? — কী করে বলব বড়দা? আমার ঘরের দরজা-জানলা বন্ধ থাকে যে। তাই তো ঠিক বুঝতে পারি না। 

বড়দাকে এতেও নিরস্ত করা গেল না। খাতা খুলে ফেলল। আমি তখন বেগতিক দেখে বললাম… — ‘মেঘের কোলে রোদ উঠেছে বাদল গেছে টুটি’ এর পরের লাইনটা মনে আছে বড়দা? — ধুর, সে কি আর আমার মনে আছে? কবে ভুলে মেরে দিয়েছি। তুই-ই বল। — বাঘের কোলে মোষ উঠেছে আজকে মোষের ছুটি। বড়দা খুব হাসল। আমিও। কিন্তু ছেড়ে দিল না। — শোন, আজ যা পড়াব, খুব মন দিয়ে শিখে নিবি। আমাদের চিঠি লেখার ক্লাস তো তিন দিন হবে আজ নিয়ে। আজ শেষ করব কিন্তু। পরীক্ষায় লাগবে। সারাজীবন লাগবে। কখন কোন চিঠি লেখার দরকার হয় সে কি কেউ বলতে পারে? বুঝলি হাঁদা গঙ্গারাম? 

যত্ন করে আমাকে চিঠি লেখা শেখাল সেদিন। নিজে লিখল। আমাকে দিয়ে লেখাল। পড়ল। পুরোনো সব চিঠি। আশ্চর্য সুন্দর। আমার বাবার লেখা। বিলেত থেকে। ইংরেজিতে। বড়দাকে। সে চিঠির বয়স তখন প্রায় পনেরো বছর। কী যত্নে রাখা! পরিবারে আরও অনেকের লেখা দামি দামি সব চিঠি। চিঠির আবেগ বড়দার গলায় কী সুন্দর ফুটে উঠছিল! আমি মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম। এরপর চিঠি লেখার নিয়মকানুন শেখাল। হাতে ধরে। — ফরম্যাটটা ঠিকমতো ভরতে পারলে কিন্তু অর্ধেক নম্বর এমনিই পাওয়া যাবে। — সেটা কী বড়দা? — এই যেমন ধর সম্বোধন, ইংরেজিতে স্যালুটেশন, ডেট, অ্যাড্রেস, ক্লোজিং স্যালুটেশন… এইসব। আর ফর্ম্যাল চিঠিতে সাবজেক্ট আর রেফারেন্স। তোকে বানিয়ে দিচ্ছি। চোখ বুলিয়ে নে। এরপর বড়দা ফর্ম্যাল চিঠির ব্যাপারটা বোঝাল। ছবির মতো। এই ক্লাসের সময়টুকুতে অলৌকিক কিছু একটা হল। মনে হল এই ক্লাসটা আমি সারাজীবন ভুলতে পারব না। ক্লাসটা আমার জীবনের সাথে মিশে গেল যেন! 

পাঁচ 

আজ খুব সকালে স্কুলে এসেছেন নতুন দিদিমণি। তাঁর শরীরে সময়ের স্বাক্ষর। কালের নিয়মে শ্লথ হয়েছেন তিনি। রুপোলি চুলে হঠাৎ কালোর আভাস। লু-বওয়া গ্রীষ্মের দুপুরের মতো খাঁ-খাঁ স্কুলবাড়ি। মন খারাপ হয় দিদিমণির। ছাত্র, শিক্ষক, বড়োবাবু, কানাই… কেউ আসেনি। আসতে এখনও ঢের দেরি। নাইট গার্ড তারককে গতকাল বলে রেখেছিলেন। সব ঘর খুলে দিয়ে গেছে। স্কুলের চার পাশে ধীর পায়ে এক চক্কর দিয়ে এলেন। যজ্ঞাগ্নি প্রদক্ষিণের মতো। এ গাঁটছড়া যেন কখনও না খোলে। খেলার মাঠের ধারের বড়ো আদরের ছাতিম গাছটার গায়ে হাত বুলিয়ে দিলেন। পরম মমতায়। ছাতিমের চোখে কি জল? ভেজা ভেজা ঠেকল যেন হাতে! আজ তো বৃষ্টি হয়নি। তবে কি মনের ভুল? মনকে প্রিয় ছাত্রের মতো আদর করে বোঝান দিদিমণি। বড়ো মায়া। শক্ত বাঁধন। আজ বাঁধন খোলার দিন। আর আসা হবে না। দরজা বন্ধ হবে। চিরতরে। না না… আসা যাবে না কেন? যাবে তো। সে আসা অন্য। অন্যরকম। প্রতিটা ঘর একবার করে ঘুরে এলেন। শিক্ষকের চেয়ার, ছাত্রদের বেঞ্চ, চক-ব্ল্যাকবোর্ড…। সবাইকে একবার ছুঁয়ে আসা। বিদায় জানানো। একবার টিচার্স রুম। এত বছরের সঙ্গী চেয়ারখানা। চোখের পাতা কি ঈষৎ ভিজল? সামলে নিলেন তিনি। আবেগ আড়ালে রাখার ব্যাপারে সুনাম আছে তাঁর। সুনামে হাত পড়তে দেওয়া যাবে না। এই এতগুলো বছর! কত নতুন শিক্ষক, শিক্ষিকা! ধীমান, তাজা ছেলেমেয়ে। তবু তাঁর নামের পাশ থেকে নতুন দিদিমণি মোছেনি। নামটা সত্তার সাথে জড়িয়ে গেছে। আষ্টেপৃষ্ঠে। নতুন নন তবু নতুন। ডাকটা অনেক দিন কানে বাজবে। বিরক্ত করবে। জানেন তিনি। 

ফেয়ারওয়েলের অনুষ্ঠান শুরু হল নিয়ম মেনে। শশাঙ্ক স্যার প্রধান শিক্ষকের নাম সভাপতি হিসেবে প্রস্তাব করলেন। আলপনা দিদিমণি প্রস্তাব সমর্থন করলেন। সকলেই নতুন দিদিমণি সম্বন্ধে ভালো ভালো কথা বললেন। বিদায়বেলায় এমনটা বলাই রীতি বলে শুধু নয়। এ প্রশংসা তাঁর প্রাপ্য। অনেক ভালোবাসা, শ্রম, নিষ্ঠার বিনিময়ে এ অর্জন। অনেকে বক্তব্যের মাঝে চোখ মুছলেন। আলপনা দিদিমণি ছাড়া আরও পাঁচজন বক্তব্য শেষ করতে পারলেন না। ভেঙে পড়লেন আগেই। অবশেষে শেষ বক্তার নাম ঘোষণা হল। 

— এবার আমাদের সামনে তাঁর মূল্যবান বক্তব্য রাখবেন আমাদের সবার প্রিয় নতুন দিদিমণি, শ্রীমতি মোহর চক্রবর্তী ঘোষাল। — আমার প্রিয় বন্ধুরা, ছাত্ররা। সবাইকে ভালোবাসা। অনিঃশেষ। এত দীর্ঘ দিন ধরে আমাকে সয়ে নেবার জন্য কৃতজ্ঞতা। ঋণ। আজ আমি সবার কাছে একটু সময় চেয়ে নেব। আজ আমি একটা গল্প শোনাব। আমার জীবনের গল্প। স্বীকারোক্তি। পাপস্খালনের চেষ্টা। তাই না বললেই নয়। 

আমি একটা বড়ো পরিবারে বড়ো হয়েছি। অনেকগুলো পরিবার জোড়াতালি দিয়ে তৈরি জয়েন্ট ফ্যামিলি নয় কিন্তু। একটাই পরিবার। একান্নবর্তী। বাবারা চার ভাই। আমাদের সবার খুব আদরের অসময়ে স্বামীহারা পিসি। আমরা দশ ভাই-বোন। মামাবাড়ি বেড়াতে গিয়ে মামির এক আত্মীয়াকে আমরা দশ ভাই-বোন বলাতে তিনি ভয়ানক চমকে গেছিলেন। বাড়ির মধ্যমণি ছিল আমার বড়দা। সুভাষ চক্রবর্তী। আমার জেঠুর বড়ো ছেলে। পরিবারের বড়ো ছেলে। একটা সরকারি স্কুলে ইংরেজি পড়াত। ট্রেনে অল্প পথ। সবার খুব আদরের। নিজের দাদা বলেই জানতাম। জেঠতুতো, খুড়তুতো, পিসতুতো এসব ভাগাভাগি বাড়িতে ঢোকেনি। বড়দা আবার আমার ইংরেজির টিচার ছিল। খুব যত্ন করে পড়াত আমায়। 

সেটা ছিল আজ থেকে আটচল্লিশ বছর আগের একটা অভিশপ্ত দিন। মে মাসের আট তারিখ। সোমবার। স্পষ্ট মনে আছে। আজও। সন্ধেবেলা আমাকে নিয়ে পড়াতে বসল বড়দা। কাকতালীয়ভাবে সেদিন লেটার রাইটিংয়ের শেষ ক্লাস। হ্যাঁ, সেদিনই। ব্যক্তিগত চিঠি, ফর্ম্যাল চিঠি… সবরকম। নানা খুঁটিনাটি। পরীক্ষার জন্য। জীবনের জন্যেও। পরদিন সকালে দাদা স্কুলে গেল। ভাত খেয়ে। ব্যাগে টিফিন নিয়ে। নিয়মমতো। রোজ পাঁচটার মধ্যে ফিরে আসত। সেদিন এল না। দেরি হচ্ছিল। অনেকে মিলে একসঙ্গে থাকলে দুশ্চিন্তা কম হয়। সাতটা নাগাদ বড়োদের কপালে ভাঁজ পড়ল। ফোনটা এল এর পরপরই। থানা থেকে। বাড়ির ল্যান্ডলাইনে। তখনও মোবাইল আসেনি। বড়দার শরীর খারাপ। একবার থানায় যেতে হবে। দুই কাকু সাইকেল নিয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড়োল। বড়দাকে পাওয়া যায়নি। বড়দার শরীরটা থানায় শোয়ানো ছিল। স্কুল থেকে ফেরার পথে বড়দা ট্রেন থেকে পড়ে গিয়েছিল। হেড ইনজুরি। শরীরটা আমাদের ফিরিয়ে দেবার জন্য একটা চিঠি দিতে বললেন ওঁরা। থানার ওসি-কে অ্যাড্রেস করে। 

বাড়ি-ভর্তি শিক্ষিত লোক। চিঠি লেখার জন্য কারও হাত উঠছিল না। আমি লিখেছিলাম চিঠিটা। জেঠুর হয়ে। ফর্ম্যাল চিঠি। সাবজেক্ট, রেফারেন্স… মাথায় ছিল আমার। সবকিছু ঠিকঠাক করেছিলাম। ডেট, অ্যাড্রেস, স্যালুটেশন, ক্লোজিং স্যালুটেশন সব। ঠিক বড়দার শেখানো মতো। জেঠু সইটা শুধু করেছিল। তারপর তিনি এলেন। ড্যাংড্যাং করে। গাড়ি চেপে। রাজার মতো। দেখে মনে হচ্ছিল এক্ষুনি উঠে বসে আমাদের চোখ মুছিয়ে দেবে। বাবা চিৎকার করে উঠল… — সুভাষ… এই সুভাষ… ফুল, মালা লাগবে তো, শিগগির নিয়ে আয়। গলা বুজে আসে। আবেগের দমক। নতুন দিদিমণি এক ঢোঁক জল খান। একটু সামলে নিতে চান। 

চিঠি। এক চিঠিতে বড়দার নামের আগের শ্রী মুছে গিয়ে ঈশ্বর বসে গেল। সেই আমার প্রথম চিঠি। সেই শেষ। আর লিখিনি। বিজয়া, নববর্ষ কখনও না। বড়োরা বলেছে। শুনিনি। তাই লেটার রাইটিংয়ের ক্লাসগুলো আমি নিতে চাইতাম না। পারতাম না আসলে। আমার বন্ধু আলপনা দিদিমণি বারবার সে ক্লাসগুলো নিয়ে আমাকে বাঁচিয়ে দিয়েছে। কখনও বা সহকর্মী বন্ধুদের অন্য কেউ। কারণ জানতে চাননি। প্রধান শিক্ষকেরাও বিব্রত করেননি আমাকে। সকলের কাছে ঋণ। আকণ্ঠ। আজ আসি। আজ আর কথা বলতে পারছি না। আমাকে ক্ষমা করবেন। সকলে ভালো থাকবেন। আমার স্নেহের ছাত্ররা, সবাই আমার আদর নিও। 

হাত জোড় করেন নতুন দিদিমণি। শেষবারের মতো। 

Write a Comment

Your email address will not be published. Required fields are marked *

loading...