বুদ্ধপূর্ণিমা
অশোক দেব
মোহডুবডুব
চক্ষু তোমার, জরাজীর্ণ স্মৃতি।
এখানেই এলে, শেষাবধি?
যেখানে
বটের গাছের নিচে পড়ে থাকে সাপের খোলস।
জোছনার ভুলে
গ্রামান্তরে চলে যায় বিভাবতী মেয়ে।
বিরহচাষের খেতে জল দেবে তুমি?
কী এক প্রসন্ন মুখ জ্বলে আছে আমার উঠোনে—
তোমাকে স্মরণ করি।
সঙ্গমের অবশিষ্ট বিভা ফেলে চলে এলে?
স্মিতহাস্য কিনবে বলে
জগতে এসেছ?
মোহবৃষ্টি হচ্ছে— দেবতার কৌশলে
পূর্বজন্মের হাসি হাসবে বলে প্রভু
দুঃখের বাজারে এলে?