তিনটি কবিতা
চন্দ্রনাথ শেঠ

দণ্ডকাক

আকাশে টেস্টটিউব চাঁদ। ছুড়ে দেওয়া ফাগ ঝরে ঝরে পড়ে হাজার শালের ফুল…
ও চাঁদ দু-দণ্ড তোমার কোলে শুই… সারারাত বেহুলার পুতিগন্ধ নাঙ

ওই তো গাছের মেয়ে দুবেণি বেঁধেছে—পাতার সুগন্ধি সবুজ জাগিয়ে রেখেছে এতাবৎ।
খেচর ডোবাও শিকড় চুপিচুপি মনসার গাঙে

ডানা ঝাপটাও। মিলকিওয়েতে উড়ি দণ্ডকাক– হে পরিশ্রম

বেহুলার পায়ে খেলে গুজরিপঞ্চম

ইচ্ছে ধোয়া জল

ওই তো স্নানের ঘর। লুকোনো স্পর্শের ইচ্ছে হাওয়া পেলে ডানা মেলে তার
কপালের বিন্দি টিপ–ঘিরেছে দেয়াল। দখিণা হাওয়ায় তারা আসঙ্গ লিপ্সাটুকু উপহার দেয়

কলতলা জুড়ে বয় ইচ্ছে ধোয়া জল ; বেড়ে
ওঠে সাদা-লাল নয়নতারারা। ‘আজ এত বাসনের-তাড়া! কতক্ষণে মাজা…?’

টুয়েলভের ব্যাচ এসে পড়ে। বাড়িতে বিধবা-মা
দ্রুত হাতে বিছায় শতরঞ্জ। ক্রমশ বিবশ হাত কাজ সাবড়ায়

মেঘলা মেয়ে

একখানি ব্লেড হাওয়া বাড়ায় মেঘেরনলি কাটবে বলে
রক্ত তখন আবছা স্মৃতি শিরায় রেখে চলে যাচ্ছে

মুঠোয় ভরা তপ্ত তালু চিবুক ছোঁয়া আবছা তিল
গন্ধ ভাসায় বাদল দিনের কদম্বেরই স্পষ্ট স্মৃতি

‘মুছতে এসো’..ডাক দিয়ে যায় আকাশ ভাঙা মেঘের দল
‘অসম্ভব..’ সে রঙের দাগে দু-হাত দিয়েও বিফল হই…

তার চেয়ে থাক মেঘলা-মেয়ের সাক্ষ্য-সাকিন এক আকাশ
বজ্রপাতের আলোয় পোড়া..কাঁদায় সে মুখ– ‘আবার চাস!’

1 Comment

  • Sushil Pandey

    Reply January 12, 2022 |

    চন্দ্র নাথ তিন টি কবিতা ই ভালো লেগেছে।

Leave a Reply to Sushil Pandey Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

loading...