উত্তর মেরুর বার্তা
দীপঙ্কর দাশগুপ্ত
অন্ধকারের খামে শুয়ে আছে আমাদের বিগত জীবন।
এখন এখানে একা তুষারের বুকে
পদচিহ্নে পায়ের মাপ মেলাতে মেলাতে
নিরুদ্দিষ্ট হয়ে যাচ্ছি,
নিভে যাওয়া আলো থেকে ঝরে পড়ে অশেষ করুণা।
গাছগুলো সব নিঃস্ব তাই কোনো তরঙ্গের অবকাশ নেই.
হাত দুটো পকেটে ঢোকানো।
বরফ সরানো গাড়ি কর্মরত ছোটোখাটো শৈত্যের পাহাড় বানাতে।
বহুদিন দেখা নেই, কোথায় রয়েছো?
পৃথিবীর কোন প্রান্তে অফুরন্ত সূর্যফলকে
ঢেকেছে তোমার অঙ্গ? ছুঁয়ে যাচ্ছে স্বর্ণাভ অলকা-তিলকা।
এখানে উত্তরের হাওয়া যেন ভেঙে দিচ্ছে যৌবনের স্পর্ধাকে।
আমার ঠিকানা আজও অপরিবর্ত, উত্তর মেরুর।
ভালো হতো, খুব ভালো হতো
আসন্ন বড়দিনে যদি,
ক্রিস্টমাস ট্রির নিচে সোনালী মোড়কে
রেখে দেব বলে,
নীরব প্রবাহ ভেঙে দু অক্ষরের
একটিমাত্র চিঠি আদপে পাঠাতে।



Anjanaa Chattopadhyay
January 2, 2022 |বাঃ!