তীর মেহরান
মেঘ অদিতি

মুখপাত
১
তখনও তো গান নিরবধি
ঢেউ থেকে ঢেউয়ে জাগে
মুগ্ধ প্রাণ উথালপাতাল
সুফলাসুজল, দেশমাতৃকা আহা মলয়জশীতলাম্…
তখন অবধি নাম, শুধু মেহরান
জলস্রোতে কলকল যেন বয় দুধের নহর
ধন্য রাই সাহিরাস চারদিকে ওঠে জয়ধ্বনি
২
তবু বিলয়, ক্ষয় যত
পাথরে ফুটেও ফুল
কিছুই থাকে না শেষে
বাতাসের ধূলিকণা বহুদূর যায়
নূপুরের মৃদু বোল হারায় যৌবন
আর কোথা হতে এক পার্সী ঘোড়ার
চিঁহি রবে কেঁপে ওঠো তুমি..
কী ভেবেছিলে?
ফুলস্পর্শী ত্বকের কতটুকু নিচে
প্রথম প্রেমের মধু-ক্ষার
আজও জমা আছে!
আলোর দুর্গের চূড়া ছুঁয়ে
রয়ে গেছে উদ্ভিন্ন উদাসীন আয়ু!
অকস্মাৎ, নিমরুজ সেনাদল
আলোর ঝলকে
নরম রোদের মাঝে গেঁথে দেয়
ঝকঝকে তরবারির ডগা
পশ্চিম আকাশে
সকরুণ ডাক যায় শোনা
রাই জাগো রাই জাগো, গো..
৩
যেন কোন মর্মে লাগে সুর..
নিজেদের ছায়া কেটে কেটে
একটি সরল রেখায় ভর করে
সূর্য, মঙ্গল আর পৃথিবী
আগুন সোনালি সে দুপুরে
ধীরে শান্ত হয় যখন আলোরের হাওয়া
সাহিরাস পুত্র ওঠে জেগে
সাহসী কন্ঠ তার বাজে চারপাশ
বর্ণে মিলে বর্ণমালা
মনে হয় পরস্পর মুখোমুখি দাঁড়াই
গোপন হাসিতে উড়ুক বিজয় নিশান
কথা কিছু থাকে বুঝি, সম্মোহনের অদৃশ্য তরলে!
৪
মুগ্ধতার মায়াজালে
তারপর পাথর গলে যায়
সুললিত কন্ঠের সিলাইজ পুত্র
হঠাৎ সামনে এসে দাঁড়ায়
৫
ধীরে বদলায় বাঁক..
বিকেলের কপিশ আলোয়
গন্তব্য কোথায় কার, কে জানে
কোন অভিপ্রায়ে আজ
ফের কেউ সাঁকো জুড়ে দাও
রানি সুহান্দি তার নাম
যার নরম দৃষ্টিতে ছড়িয়ে পড়ছে
চুণির লালের মতো আভা
এবং সে বিকেলে
হাত থেকে হাত সরে যাচ্ছে আমাদের…
*মেহরান: সিন্ধু নদ, *আলোর: সিন্ধের প্রাচীন রাজধানী
অলংকরণঃ কল্লোল রায়



Mausumi Chaudhuri
June 29, 2021 |অতীতের চিত্রকল্পের চূড়া ছুঁয়ে রয়ে গেছে উদ্ভিন্ন উদাসিন আয়ু….বেশ লাগল
অর্ঘ্য দে
July 1, 2021 |ইতিহাসকেন্দ্রিক একরি ঝকঝকে কবিতা।