সম্পাদকীয়
অরিন্দম গঙ্গোপাধ্যায় এবং অর্ঘ্য দত্ত
দেখতে দেখতে বম্বেDuck পত্রিকার দশ বছর পূর্ণ হল। আত্মপ্রকাশ সংখ্যা প্রকাশিত হয়েছিল ২০১৬-সালের আগস্ট মাসে। নিয়মিত পত্রিকা প্রকাশের পাশাপাশি ২০১৯ সাল থেকে শুরু হয়ে ছিল বম্বেDuck সম্মাননা প্রদান; সংঘমিত্র সাহিত্য পুরস্কার যার মধ্যে অন্যতম।
এবছর বম্বেDuck তার বার্ষিক সাহিত্য সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানটির আয়োজন করেছিল কলকাতা ট্রানস্লেটর্স ফোরাম-কে সঙ্গে নিয়ে। ফলে বম্বেDuck-এর এবারের বার্ষিক অনুষ্ঠানে মৌলিক সাহিত্যকৃতির জন্য পুরস্কার ও সম্মাননার আয়োজন থাকলেও তার সঙ্গে বাংলা ভাষার সঙ্গে অন্যান্য ভাষার, বিশেষ করে বাকি ভারতীয় ভাষাগুলির সেতুবন্ধনের গুরুত্ব অভ্যাগতদের বক্তব্যে এবং আলোচনায় ধরা পড়েছিল। বাংলা ও মালয়ালাম ভাষার মধ্যে জীবনভ’র এই কাজটি করার জন্য স্বীকৃতি পেলেন নবতিপর শ্রীমতী লীলা সরকার। মুম্বইকর হিসেবে এ আমাদের গর্ব।
বস্তুত, অনুবাদকে মৌলিক সাহিত্যের থেকে বিশ্লিষ্ট করে দেখা ঠিক যায় না। বরং মৌলিক সাহিত্য যদি চারশ মিটার দৌড় হয়, তাহলে তার অনুবাদ একই দৈর্ঘ্যের হার্ডলস দৌড়। তাকে মূলের যথাসম্ভব বিশ্বস্ত থাকতে হয়, আবার লক্ষভাষার নাড়িজ্ঞান সমঝে চলতে হয়। সর্বোপরি তাকে সাহিত্যপদবাচ্য হয়ে উঠতে হয়। সরাসরি এই চ্যালেঞ্জগুলির কথা না বললেও বক্তাদের বিভিন্ন উদাহরণ থেকে ব্যপারটা স্পষ্ট হয় বৈকি!
এবছরের সংঘমিত্র সাহিত্য পুরস্কার এবং বম্বেDuck সম্মাননা জ্ঞাপন করা হয় যথাক্রমে প্রখ্যাত কথাকার প্রতিভা সরকার এবং যৌথভাবে বরিষ্ঠ লেখক শ্যামল ঘোষ ও নবীন কবি শুভদীপ মাইতিকে।
মুম্বাইয়ের সাহিত্যরসিক সুধীজনদের জানাই আন্তরিক কৃতজ্ঞতা এই সাহিত্যসভায় উপস্থিত থেকে আমাদের উৎসাহিত করার জন্য। এবং অবশ্যই কৃতজ্ঞতা জানাই ‘সৃষ্টিসুখ প্রকাশনা’ তথা রোহণ কুদ্দুসকে বম্বেDuck পত্রিকা প্রকাশে কারিগরি সহায়তার জন্য।
সমস্ত পাঠকের প্রতি রইল আসন্ন শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। সবাই ভাল থাকবেন।