মায়াপ্রপঞ্চ
নূপুর রায়

তবু কেন,
রাত বাড়লে
ঘুম থেকে বিচ্ছিন্ন আমি আবার গেঁথে যেতে যেতে
হাতড়ে বেড়াই লেখার খাতাটা!

দেখি মাথার ওপর ছাদ নেই

মাছগুলো এমন হলুদ মেখেছে যেন গায়েহলুদ

তেলের মধ্যে পিঁয়াজ, আদা, মরিচ, জানলা দিয়ে গড়িয়ে আসা ভাঙা রোদ, পাশের বাড়ির ছাদের
মরসুমি ফুল সব একসঙ্গে ঘুরপাক খেয়ে
মিশে যাচ্ছে

আমাকে ঢেকে দিচ্ছে ঘন নীল অন্ধকার…

রান্নাঘরটা দলা পাকিয়ে খাতাটাকে অতল খাদে
ছুড়ে দিল

ঝরোকার আলো আঁধারি ঠেলে
মরা স্রোতের শেষ জ্যোৎস্নাদাগটুকু ধুয়ে গেছে
কবে যেন,
কোনও বাঁকে কনামাত্র চাঁদচিহ্ন নেই

শুধু মৃত মাছেদের আঁশ, হলুদগোলা রক্তজলের
ছিটে আর অবেলার ঢেকুরের ঝাঁঝ নিয়ে ওটা
তলিয়ে যাচ্ছে
একটু একটু করে

প্রতিদিন

যেমন যায় আর কি!

যাক গে,
এই গাঁটছড়া, এই চক্রব্যূহ, এই লেখার খাতা সবই
তো আসলে
মায়াপ্রপঞ্চ!

1 Comment

  • সুব্রত মণ্ডল

    Reply March 18, 2021 |

    “এই গাঁটছড়া, এই চক্রব্যূহ, এই লেখার খাতা সবই তো আসলে মায়াপ্রপঞ্চ” মুগ্ধ হয়ে গেলাম ❤️❤️

Leave a Reply to সুব্রত মণ্ডল Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

loading...