বেহায়াপনা
মৌ সেন

                                 

হাজার বছর ধরে হাসিনি তো,
যা দেখেছো তা হাসি নয়।
মুখমণ্ডল সুন্দর দেখানোর প্রচেষ্টা।

যে হাসিতে কলজের তৃষ্ণা মেটে,
গরম হয়ে ওঠে কর্ণ যুগল,
দমকে দমকে বুক ওঠে নামে,
একে ওকে ঠেলে গড়িয়ে পড়া যায়,
চোখ একবার মাটি ছুঁয়ে পরমুহূর্তে ছুঁতে চায় আকাশ,
প্রাণ খোলা সেই হাসি কে ‘বেহায়া’ বলেন, রাঙামাসিমা।

শীতের দুপুরে রাস্তার ধারের সিঁড়িগুলোতে বসে
ওরা যখন কাস্টমারের বদ গুণগুলোর কথা
আলোচনা করতে করতে হা হা হাসিতে
পরস্পরকে ঠেলাঠেলি করতে থাকে,
বুঝতে পারি,
স্বাধীনতার মত বেহায়াপনাও অর্জন করতে হয় –

আমার ম্লান মুখ দেখে –
‘নিজেকে সভ্যতার কাছে বন্ধক রেখেছি বহুদিন’ –
এ কথা চুপি চুপি বলে যান, বনলতা সেন।

3 Comments

  • Prativa Sarker

    Reply April 16, 2021 |

    স্বাধীনতার আর নাম বুঝি বেহায়াপনাই তবে। একেবারে ঠিক জায়গায় ঘা দেওয়া হয়েছে।

  • Subrata Sengupta

    Reply July 10, 2021 |

    অসাধারণ

    • Chirasree Debnath

      Reply July 16, 2021 |

      অসাধারণ

Leave a Reply to Prativa Sarker Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

loading...